আলমার বাক্য, এবং আমূলেকের বাক্য, যা আম্মোনীহা ভূমির জনগণের কাছে ঘোষণা করা হয়েছিলো। এবং আলমার নথি অনুসারে, তাদেরকে কারাগারেও নিক্ষেপ করা হয়, এবং ঈশ্বরের অলৌকিক শক্তি দ্বারা উদ্ধার করা হয় যা তাদের মধ্যে ছিলো।
অধ্যায় ৯ থেকে ১৪এ অন্তর্ভূক্ত রয়েছে।
অধ্যায় ৯
আলমা অম্মোনীহার লোকদের অনুতাপ করার আদেশ দেন—প্রভু শেষকালে লামানীয়দের প্রতি করুণা করবেন—যদি নেফীয়রা আলো পরিত্যাগ করে, তবে তারা লামানীয়দের দ্বারা ধ্বংস হয়ে যাবে—ঈশ্বরের পুত্র শীঘ্রই আসবেন—যারা অনুতাপ করে, বাপ্তিস্ম নেয় এবং তাঁর নামে বিশ্বাস করে তিনি তাদের মুক্ত করবেন। প্রায় ৮২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং আবার, আমি, আলমা, ঈশ্বরের কাছ থেকে আজ্ঞা পেয়েছি যেন আমি আমূলেককে নেই এবং এই লোকদের কাছে, বা অম্মোনীহা নগরে যারা ছিলো তাদের কাছে আবার প্রচার করতে এগিয়ে যাই, এটা ঘটলো যে আমি তাদের কাছে প্রচার করতে শুরু করলাম, তারা আমার সাথে তর্ক করতে শুরু করলো, বললো:
২ আপনি কে? আপনি মনে করেন যে আমরা একজন মানুষের সাক্ষ্য বিশ্বাস করবো, যদিও তিনি আমাদের কাছে প্রচার করবেন যে পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে?
৩ এখন তাঁরা যে কথাগুলো বলেছিলো তা তারা বুঝতে পারলো না; কারণ তারা জানতো না যে পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে।
৪ এবং তারা আরও বললো: আমরা আপনার কথায় বিশ্বাস করবো না যদি আপনি ভবিষ্যদ্বাণী করেন যে এই মহান নগরী একদিনে ধ্বংস হয়ে যাবে।
৫ এখন তারা জানতো না যে ঈশ্বর এইরকম বিস্ময়কর কাজ করতে পারেন, কারণ তারা ছিলো কঠোর হৃদয়ের ও একটা জেদী জাতি।
৬ এবং তারা বললো: ঈশ্বর কে, যিনি এই লোকদের মধ্যে একজন ব্যতিত অন্য কাউকে ক্ষমতা দিয়ে পাঠাননি, এতো মহান ও বিস্ময়কর বিষয়ের সত্যতা তাদের কাছে ঘোষণা করতে?
৭ এবং তারা আমাকে আঁকড়ে ধরার জন্য দাঁড়িয়ে পড়েছিলো; কিন্তু দেখো, তারা তা করলো না। আর আমি সাহসের সঙ্গে দাঁড়িয়ে তাদের কাছে ঘোষণা করলাম, হ্যাঁ, আমি সাহসের সঙ্গে তাদের কাছে সাক্ষ্য দিয়েছিলাম, বললাম:
৮ দেখো, হে দুষ্ট ও বিপথগামী প্রজন্ম, কিভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের রীতিনীতি ভুলে গেছো; হ্যাঁ, কতো শীঘ্রই তোমরা ঈশ্বরের আজ্ঞাগুলো ভুলে গেছো?
৯ তোমাদের কি মনে পড়ে না যে আমাদের পিতা, লেহীকে, ঈশ্বরের হাত দ্বারা যিরূশালেম থেকে বের করে আনা হয়েছিলো? তোমাদের কি মনে পড়ে না যে তারা সকলেই প্রান্তরে তাঁর দ্বারা পরিচালিত হয়েছিলো?
১০ এবং তোমরা কি এতো শীঘ্রই ভুলে গিয়েছো কতোবার তিনি আমাদের পূর্বপুরুষদের শত্রুদের হাত থেকে উদ্ধার করেছিলেন, এবং তাদেরকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছিলেন, এমনকি তাদের নিজেদের ভাইদের হাত থেকেও?
১১ হ্যাঁ, এবং যদি তাঁর অতুলনীয় ক্ষমতা, তাঁর করুণা, এবং আমাদের প্রতি তাঁর দীর্ঘসহিষ্ণুতা না থাকতো, তবে আমরা এই সময়ের অনেক আগেই ভূমণ্ডল থেকে অনিবার্যভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তাম, এবং সম্ভবত সীমাহীন দুর্দশা ও দুঃখের অবস্থায় নিক্ষিপ্ত হতাম।
১২ দেখো, আবারও আমি তোমাদেরকে বলছি যে তিনি তোমাদের অনুতাপ করতে আদেশ দিয়েছেন; এবং অনুতাপ করা ছাড়া, তোমরা কোনভাবেই ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না। কিন্তু দেখো, এটাই সব নয়—তিনি তোমাদেরকে অনুতাপ করতে আদেশ দিয়েছেন, নতুবা তিনি ভূমণ্ডল থেকে তোমাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবেন; হ্যাঁ, তিনি ক্রোধে তোমাদের উপর আসবেন এবং তাঁর প্রচণ্ড ক্রোধ তিনি আর প্রত্যাহার করবেন না।
১৩ দেখো, লেহীকে যে কথাগুলো তিনি বলেছিলেন তোমাদের কি তা মনে পড়ে না, বলেছিলেন যে: যদি তোমরা আমার আজ্ঞা পালন করো, তোমরা এই ভূমিতে সমৃদ্ধি লাভ করবে? এবং আবার এটাও বলা হয়েছিলো যে: যদি তোমরা আমার আদেশ পালন না করো তোমরা প্রভুর উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
১৪ এখন আমি চাই যে তোমরা অবশ্যই স্মরণে রাখো যে, যখন লামানীয়রা ঈশ্বরের আজ্ঞা পালন করেনি, তারা প্রভুর উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়েছিলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রভুর বাক্য এই বিষয়ে সত্য প্রমাণিত হয়েছে, এবং লামানীয়রা এই ভূমিতে তাদের অপরাধের শুরু থেকে তাঁর উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১৫ তথাপি আমি তোমাদেরকে বলছি যে, বিচারের দিনে তাদের জন্য তোমাদের অপেক্ষা অধিক সহনীয় হবে, যদি তোমরা তোমাদের পাপের মধ্যে থাকো, হ্যাঁ, এবং এমনকি তোমাদের অপেক্ষা এই জীবনে তাদের জন্য অধিক সহনীয় হবে, যদি তোমরা অনুতাপ না করো।
১৬ কারণ লামানীয়দের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে; কারণ তাদের পূর্বপুরুষদের রীতিনীতির কারণেই তারা তাদের অজ্ঞতার অবস্থায় রয়ে গেছে; অতএব প্রভু তাদের প্রতি করুণা করবেন এবং এই ভূমিতে তাদের অস্তিত্বকে দীর্ঘায়িত করবেন।
১৭ এবং কোনো এক সময়ে তাদেরকে তাঁর বাক্যের বিশ্বাসে আনা হবে, এবং তাদের পূর্বপুরুষদের ত্রুটিপূর্ণ রীতিনীতির সম্পর্কে জানতে পারবে; এবং অনেকেই রক্ষা পাবে, কারণ যারা তাঁর নামে ডাকে, প্রভু তাদের সকলের প্রতি করুণা করবেন।
১৮ কিন্তু দেখো, আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা মন্দতায় অবিচল থাকো তবে এই ভূমিতে তোমাদের আয়ু দীর্ঘায়িত হবে না, কারণ তোমাদের উপর লামানীয়দের পাঠানো হবে; এবং যদি তোমরা অনুতাপ না করো তবে তারা এমন এক সময়ে আসবে যখন তোমরা জানবে না, এবং তোমরা সম্পূর্ণরুপে ধ্বংসের মুখোমুখি হবে; এবং তা প্রভুর প্রচণ্ড ক্রোধ অনুসারে হবে।
১৯ কারণ তিনি তোমাদের অনুমতি দেবেন না যে তোমরা তোমাদের অন্যায়ের মধ্যে বাস করবে, তাঁর লোকদের ধ্বংস করার জন্য। আমি তোমাদেরকে বলছি, না; বরং তিনি অনুমতি দেবেন যে লামানীয়রা তাঁর সমস্ত লোককে ধ্বংস করুক যাদের নেফীর লোক বলা হয়, যদি এটা সম্ভব হয় যে তারা তাদের প্রভু ঈশ্বর সম্পর্কে এতো আলো এবং এতো জ্ঞান পাওয়ার পরেও, অপরাধে ও পাপে পতিত হতে পারে;
২০ হ্যাঁ, প্রভুর এতো বেশি আশীর্বাদিত লোক হওয়ার পরেও; হ্যাঁ, সমস্ত জাতি, সম্প্রদায়, ভাষা, বা মানুষের চেয়ে বেশি আশীর্বাদ লাভ করার পরেও; তাদের আকাঙ্ক্ষা, তাদের বিশ্বাস, এবং প্রার্থনা অনুসারে, যা ছিলো, এবং যা আছে এবং যা ঘটবে সে সম্পর্কে তাদের সবকিছু জানানোর পরেও;
২১ ঈশ্বরের আত্মা দ্বারা পরিদর্শিত হওয়ার পরেও; স্বর্গদূতদের সঙ্গে কথা বলার পরেও, এবং প্রভুর কণ্ঠস্বর দ্বারা কথা বলার পরেও; এবং ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার এবং দৈববানীর আধ্যাত্মিক উপহার, এবং আরো অনেক উপহার, বিশেষ ভাষায় কথা বলার উপহার, এবং প্রচারের উপহার, এবং পবিত্র আত্মা উপহার, এবং অনুবাদের উপহার পাওয়ার পরেও;
২২ হ্যাঁ, এবং প্রভুর হাত দ্বারা, যিরূশালেমের ভূমি থেকে ঈশ্বরের দ্বারা উদ্ধার পাওয়ার পরে; দুর্ভিক্ষ, অসুস্থতা, এবং সর্বপ্রকার রোগ থেকে তারা রক্ষা পাওয়ার পরে; এবং তারা যুদ্ধে শক্তিশালী হয়ে উঠার পর, যেনো তারা ধ্বংস না হয়; বারবার দাসত্ব থেকে বের করে আনার পরে, এবং এখনও পর্যন্ত রক্ষা এবং সংরক্ষণ করা হয়েছে; এবং তাদের সমৃদ্ধ করা হয়েছে যতক্ষণ না তারা সর্বপ্রকার বিষয়ে সমৃদ্ধ হয়—
২৩ এবং এখন দেখো, আমি তোমাদেরকে বলছি যে, যদি এই লোকেরা, যারা প্রভুর হাত থেকে প্রচুর আশীর্বাদ লাভ করেছে, তাদের যে আলো এবং জ্ঞান আছে তার বিপরীতে কি তারা অন্যায় করবে, আমি তোমাদেরকে বলছি যে, যদি তা হয়, যদি তারা পাপে পতিত হয়, তা হলে তাদের অপেক্ষা লামানীয়দের পক্ষে তা অনেক বেশী সহনীয় হবে।
২৪ কারণ দেখো, প্রভুর প্রতিশ্রুতি লামানীয়দের কাছে প্রসারিত করা হয়েছে, কিন্তু তা তোমাদের কাছে করা হবে না যদি তোমরা অপরাধ করো; কারণ প্রভু কি স্পষ্টভাবে প্রতিশ্রুতি এবং দৃঢ়ভাবে ঘোষণা দেননি যে, যদি তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করো তবে ভূমণ্ডল থেকে তোমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে?
২৫ এবং এখন এই কারণে, যাতে তোমরা ধ্বংস না হও, প্রভু তাঁর স্বর্গদূতকে পাঠিয়েছেন তাঁর লোকদের মধ্যে অনেকের সাথে দেখা করতে, তাঁদের কাছে ঘোষণা করতে যে তাঁদের অবশ্যই এগিয়ে যেতে হবে এবং এই লোকদের কাছে প্রবলভাবে প্রচার করতে হবে, বলবে: তোমরা অনুতাপ করো, কারণ স্বর্গ রাজ্য সন্নিকটে;
২৬ এবং বেশি দিন বাকি নেই ঈশ্বরের পুত্র তাঁর মহিমায় আসবেন; এবং তাঁর মহিমা হবে পিতার একমাত্র পুত্রের মহিমা, অনুগ্রহ, ন্যায়, এবং সত্যে পূর্ণ, ধৈর্য, করুণা এবং সহনশীলতায় পূর্ণ, তাঁর লোকদের মিনতি শুনতে এবং তাদের প্রার্থনার দ্রুত উত্তর দিতে।
২৭ এবং দেখো, তিনি তাদের মুক্ত করতে আসছেন যারা তাঁর নামের উপর বিশ্বাস করে, অনুতাপের জন্য বাপ্তিস্ম নেবে।
২৮ অতএব, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, কারণ সময় খুবই সন্নিকটে যে সমস্ত মানুষ তাদের কাজের পুরস্কার পাবে, সেই অনুসারে যা তারা করেছে—যদি তারা ধার্মিক হয় তবে তারা তাদের আত্মার পরিত্রাণের পুরস্কার পাবে, যীশু খ্রীষ্টের ক্ষমতা এবং মুক্তি অনুসারে; এবং যদি তারা মন্দ হয়ে থাকে তবে তারা শয়তানের শক্তি এবং বন্দীদশা অনুসারে তাদের আত্মা নরক যাতনা পাবে।
২৯ এখন দেখো, এই হলো স্বর্গদূতের কণ্ঠস্বর, মানুষের কাছে উচ্চস্বরে বলছে।
৩০ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, কারণ তোমরা আমার ভাই, এবং তোমাদের প্রিয় হওয়া উচিত, এবং অনুতাপের জন্য উপযুক্ত কাজগুলোকে তোমাদেরকে অবশ্যই সামনে আনতে হবে, কারণ দেখো তোমাদের হৃদয় ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে প্রচন্ড কঠোর হয়েছে, এবং দেখো যে তোমরা একটা পথভ্রষ্ট ও পতিত জাতিতে পরিণত হয়েছো।
৩১ এখন এটা ঘটলো যে, যখন আমি, আলমা এই বাক্যগুলো বলেছিলাম, দেখো জনতা আমার বিরুদ্ধে ক্রুদ্ধ হয়েছিলো কারণ আমি তাদের বলেছিলাম যে তারা একটা কঠোর হৃদয়ের এবং একটা জেদী জাতি ছিলো।
৩২ এবং আরো কারণ আমি তাদের বলেছিলাম যে তারা পথভ্রষ্ট ও পতিত জাতিতে পরিণত হয়েছে তাই তারা আমার উপর ক্রুদ্ধ হয়েছিলো, এবং আমাকে আঁকড়ে ধরতে চেয়েছিলো, যাতে তারা আমাকে কারাগারে নিক্ষেপ করতে পারে।
৩৩ কিন্তু এটা ঘটলো যে, প্রভু চাইলেন না যে সেই সময় তারা আমাকে ধরে নিয়ে যাক এবং কারাগারে নিক্ষেপ করুক।
৩৪ এবং এটা ঘটলো যে, আমূলেক এগিয়ে গেলেন এবং সামনে দাঁড়ালেন, এবং তাদের কাছে প্রচার করতে শুরু করলেন। এবং এখন আমূলেকের বাক্যগুলো সব লেখা হয়নি, তবুও তাঁর বাক্যগুলোর একটা অংশ এই পুস্তকে লেখা আছে।