অধ্যায় ৪৩
আলমা ও তাঁর পুত্ররা সুসমাচারের বার্তা প্রচার করেন—সোরমীয়রা ও অন্যান্য নেফীয় বিরোধিতাকারীরা লামানীয় হয়ে ওঠে—লামানীয়রা নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধে আসে—মরনী নেফীয়দের প্রতিরক্ষামূলক বর্ম দিয়ে সজ্জিত করেন—প্রভু আলমার কাছে লামানীয়দের যুদ্ধের পরিকল্পনা প্রকাশ করেন—নেফীয়রা তাদের গৃহ, স্বাধীনতা, পরিবার এবং ধর্ম রক্ষা করে—মরনী এবং লেহীর সৈন্যরা লামানীয়দের ঘিরে ফেলেন। প্রায় ৭৪ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন এটা ঘটলো যে আলমার পুত্ররা জনগণের মধ্যে এগিয়ে গিয়েছিলেন, তাদের কাছে সুসমাচারের বার্তা ঘোষণা করতে। এবং আলমা নিজেও, বিশ্রাম নিতে পারেননি, এবং তিনিও এগিয়ে গেলেন।
২ এখন আমরা তাদের প্রচারের বিষয়ে আর কিছু বলবো না, ভবিষ্যদ্বাণী ও দৈববানীর আধ্যাত্মিক উপহার অনুসারে, তাঁরা যে সুসমাচারের বার্তা এবং সত্যের বিষয়ে প্রচার করেছিলেন তা ছাড়া; এবং তাঁরা ঈশ্বরের পবিত্র রীতি অনুসারে প্রচার করেছিলেন যার দ্বারা তাঁদেরকে আহ্বান করা হয়েছিলো।
৩ এবং এখন আমি বিচারকদের রাজত্বকালের আঠেরোতম বছরে, নেফীয় এবং লামানীয়দের মধ্যে যুদ্ধের একটা বিবরণ আবার শুরু করছি।
৪ কারণ দেখো, এটা ঘটলো যে সোরমীয়রা লামানীয় হয়ে গেলো; অতএব, আঠারোতম বছরের প্রারম্ভে নেফীয়দের লোকেরা দেখতে পেলো যে লামানীয়রা তাদের উপর আক্রমণ করতে আসছে; তাই তারা যুদ্ধের প্রস্তুতি নিলো; হ্যাঁ, তারা যেরশনে তাদের সৈন্যদল একত্র করেছিলো।
৫ এবং এটা ঘটলো যে লামানীয়রা তাদের সাথে সহস্রজনকে নিয়ে এসেছিলো; এবং তারা আন্তিয়নামের ভূমিতে প্রবেশ করেছিলো, যেটা সোরমীয়দের একটা ভূমি ছিলো; এবং সেরহমনাহ নামক একজন ব্যক্তি তাদের দলনেতা ছিলো।
৬ এবং এখন, যেহেতু অমালেকীয়রা নিজেরাই লামানীয়দের চেয়ে আরও বেশি দুষ্ট এবং হত্যাকারী স্বভাবের ছিলো, অতএব, সেরহমনাহ লামানীয়দের উপর প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলো, এবং তারা সকলেই অমালেকীয় এবং সোরমীয় ছিলো।
৭ এখন সে এটা করেছিলো যাতে সে নেফীয়দের প্রতি তাদের ঘৃণা বজায় রাখতে পারে, যাতে সে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য তাদের নিয়ন্ত্রণে আনতে পারে।
৮ কারণ দেখো, তার পরিকল্পনা ছিলো নেফীয়দের বিরুদ্ধে লামানীয়দেরকে রাগে উত্তেজিত করা; এটা সে করেছিলো যাতে সে তাদের উপরে অন্যায়ভাবে মহান ক্ষমতা দখল করতে পারে, এবং আরও যাতে নেফীয়দের দাসত্বের মধ্যে এনে তাদের উপর ক্ষমতা অর্জন করতে পারে।
৯ এবং এখন নেফীয়দের পরিকল্পনা ছিলো তাদের জমি, তাদের ঘরবাড়ি, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের সহায়তা করা, যাতে তারা তাদের শত্রুদের হাত থেকে তাদের রক্ষা করতে পারে; এবং আরও যাতে তারা তাদের অধিকার এবং তাদের বিশেষাধিকার সংরক্ষণ করতে পারে, হ্যাঁ, এবং তাদের স্বাধীনতাও, যাতে তারা তাদের ইচ্ছা অনুযায়ী ঈশ্বরের আরাধনা করতে পারে।
১০ কারণ তারা জানতো যে, যদি তারা লামানীয়দের হাতে পড়ে, যে কেউ আত্মায় এবং সত্যে, সত্য ও জীবন্ত ঈশ্বরের আরাধনা করবে, তাদের লামানীয়রা ধ্বংস করবে।
১১ হ্যাঁ, এবং তারা তাদের ভাইদের প্রতি লামানীয়দের চরম ঘৃণা সম্পর্কেও জানতো, যারা অ্যান্টি-নেফী-লেহীর লোক ছিলো, যাদেরকে অম্মোনের লোক বলা হতো—এবং তারা অস্ত্র ধরবে না, হ্যাঁ, তারা একটা চুক্তি করেছিলো এবং তারা এটা ভঙ্গ করবে না—তাই, যদি তারা লামানীয়দের হাতে পড়ে তবে তারা ধ্বংস হয়ে যাবে।
১২ এবং নেফীয়রা এটা হতে দেবে না যে তারা ধ্বংস হয়ে যাক; অতএব তারা তাদের উত্তরাধিকারের ভূমি তাদেরকে দিয়েছিলো।
১৩ এবং অম্মোনের লোকেরা তাদের সৈন্যবাহিনীকে সহায়তা করার জন্য নেফীয়দেরকে তাদের সম্পদের একটা বড় অংশ দিয়েছিলো; এবং এইভাবে নেফীয়রা বাধ্য হয়েছিলো, একা, লামানীয়দের বিরুদ্ধে বিরোধিতা করতে, যারা লামান এবং লেমুয়েলের বংশধরদের মিশ্রণ ছিলো এবং ইশ্মায়েলের পুত্রদের এবং যারা নেফীয়দের থেকে ভিন্নমত পোষণ করেছিলো, যারা ছিলো অমালেকীয় এবং সোরমীয় এবং নোহের যাজকদের বংশধর।
১৪ এখন সেই বংশধরেরা সংখ্যায় ছিলো, প্রায়, নেফীয়দের মতো; এবং এইভাবে নেফীয়রা তাদের ভাইদের সাথে লড়াই করতে বাধ্য হয়েছিলো, এমনকি রক্তপাত করা পর্যন্ত।
১৫ এবং এটা ঘটলো যখন লামানীয়দের সৈন্যরা আন্তিয়নামের ভূমিতে এসে একত্রিত হয়েছিলো, দেখো, নেফীয়দের সৈন্যরা তাদের সাথে যেরশনের ভূমিতে লড়াই করার জন্য প্রস্তুত ছিলো।
১৬ এখন, নেফীয়দের দলনেতা, বা যে ব্যক্তিকে নেফীয়দের প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিলো—এখন প্রধান সেনাপতি নেফীয়দের সমস্ত সেনাবাহিনীর কর্তৃত্ব গ্রহণ করেছিলেন—এবং তাঁর নাম ছিলো মরনী;
১৭ এবং মরনী সমস্ত কর্তৃত্ব এবং তাদের যুদ্ধ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং তাঁর মাত্র পঁচিশ বছর বয়স ছিলো যখন তিনি নেফীয়দের সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন।
১৮ এখন এটা ঘটলো যে তিনি যেরশনের সীমানায় লামানীয়দের সাথে লড়াই করলেন, এবং তাঁর লোকেরা তরবারি, ছুরি এবং যুদ্ধের সমস্ত ধরনের অস্ত্রে সজ্জিত ছিলো।
১৯ এবং যখন লামানীয়দের সেনাবাহিনী দেখলো যে নেফীর লোকেরা, বা সেই মরনী, তাঁর লোকদের বুকপাটা এবং বাহু-ঢাল দিয়ে প্রস্তুত করেছিলেন, হ্যাঁ, এবং তাদের মাথা রক্ষা করার জন্য ঢালও ছিলো, এবং আরও তারা মোটা পোশাক পরেছিলো—
২০ এখন সেরহমনাহের সৈন্যরা এমন কোনো কিছুর জন্য প্রস্তুত ছিলো না; তাদের ছিলো শুধু তাদের তরবারি এবং তাদের ছুরি, তাদের ধনুক এবং তাদের তীর, তাদের পাথর এবং তাদের গুল্তি ছোড়া; এবং তারা নগ্ন ছিলো, কেবল তাদের কোমরে বেঁধে রাখা চামড়া ছাড়া; হ্যাঁ, সকলে নগ্ন ছিলো, সোরমীয়রা ও অমালেকীয়রা ছাড়া;
২১ কিন্তু তারা বুকপাটা দ্বারা সজ্জিত ছিলো না, ঢালও ছিলো না—তাই, তারা সংখ্যায় নেফীয়দের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও তাদের বর্মের কারণে নেফীয়দের সেনাবাহিনীকে খুব ভয় পেয়েছিলো।
২২ দেখো, এখন এটা ঘটলো যে তারা যেরশনের সীমানায় নেফীয়দের বিরুদ্ধে আসতে সাহস করেনি; তাই তারা আন্তিয়নামের ভূমি ছেড়ে প্রান্তরে চলে গেলো, এবং প্রান্তরের চারপাশে, দূরে সীদোন নদীর উৎসের কাছে তাদের যাত্রা শুরু করলো, যাতে তারা ম্যানটীর ভূমিতে এসে জমি দখল করতে পারে; কারণ তারা ভাবেনি যে মরনীর সৈন্যরা জানবে তারা কোথায় গেছে।
২৩ কিন্তু এটা ঘটলো, তারা প্রান্তরে চলে যাওয়া মাত্রই মরনী তাদের শিবির লক্ষ্য করার জন্য প্রান্তরে গুপ্তচরদের পাঠালেন; এবং মরনী, এছাড়াও, আলমার ভবিষ্যদ্বাণীগুলো জেনে, কিছু লোককে তাঁর কাছে পাঠিয়েছিলেন, তাঁর কাছে এই কামনা করেছিলেন যাতে তিনি প্রভুর কাছে জানতে চান যে নেফীয়দের সেনাবাহিনী লামানীয়দের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য কোথায় যাবে।
২৪ এবং এটা ঘটলো যে প্রভুর বাণী আলমার কাছে এসেছিলো, এবং আলমা মরনীর বার্তাবাহকদের জানিয়েছিলেন যে লামানীয়দের সৈন্যরা প্রান্তরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যাতে তারা ম্যানটীর ভূমিতে আসতে পারে, যাতে তারা জনগণের দুর্বল অংশের উপর আক্রমণ শুরু করতে পারে। এবং সেই বার্তাবাহকরা গিয়ে মরনীর কাছে বার্তা পৌঁছে দিলো।
২৫ এখন মরনী, তাঁর সেনাবাহিনীর একটা অংশ যেরশনের ভূমিতে রেখে গেলেন, পাছে কোনোভাবে লামানীয়দের একটা অংশ সেই ভূমিতে এসে শহরটা দখল করে নিতে পারে, তাঁর সেনাবাহিনীর অবশিষ্ট অংশ নিয়ে চলে যান এবং ম্যানটীর ভূমির দিকে অগ্রসর হন।
২৬ এবং তিনি আদেশ করেন যে ভূমির সেই অংশের সমস্ত জনগণকে তাদের ভূমি এবং তাদের দেশ, তাদের অধিকার এবং তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজেদেরকে একত্রিত হতে হবে; অতএব তারা লামানীয়দের আগমনের সময়ের জন্য প্রস্তুত ছিলো।
২৭ এবং এটা ঘটলো যে মরনী তাঁর সৈন্যবাহিনীকে সীদোন নদীর তীরের নিকটবর্তী উপত্যকায় লুকিয়ে থাকতে আদেশ করেছিলেন, যা প্রান্তরে সীদোন নদীর পশ্চিমে ছিলো।
২৮ এবং মরনী চারদিকে গুপ্তচর স্থাপন করেছিলেন, যাতে তিনি জানতে পারেন কখন লামানীয়দের সৈন্যবাহিনীর দল তাদের সরঞ্জাম নিয়ে আসবে।
২৯ এবং এখন, মরনী লামানীয়দের উদ্দেশ্য জানতে পেরেছিলেন যে, তাদের উদ্দেশ্য ছিলো তাদের ভাইদের ধ্বংস করা, অথবা তাদের নিয়ন্ত্রণ করা এবং তাদের দাসত্বে আনা যাতে তারা সমস্ত ভূমির উপর নিজেদের জন্য একটা রাজ্য প্রতিষ্ঠা করতে পারে;
৩০ এবং তিনি এটাও জানতেন যে নেফীয়দের একমাত্র ইচ্ছা ছিলো তাদের ভূমি, তাদের স্বাধীনতা, এবং তাদের মণ্ডলী রক্ষা করা, তাই এগুলোকে তিনি কৌশলে রক্ষা করাকে পাপ বলে মনে করেন না; অতএব, তিনি তাঁর গুপ্তচরদের দ্বারা খুঁজে পেয়েছিলেন যে লামানীয়রা কোন পথে যেতে চলেছে।
৩১ অতএব, তিনি তাঁর সৈন্যদলকে ভাগ করে একটা অংশ উপত্যকায় নিয়ে এসেছিলেন এবং উপত্যকার পূর্বে এবং রিপলা পাহাড়ের দক্ষিণে তাদের লুকিয়ে রেখেছিলেন;
৩২ এবং বাকিদের তিনি পশ্চিম উপত্যকায় লুকিয়ে রাখলেন, সীদোন নদীর পশ্চিমে, এবং নিচে ম্যানটীর ভূমির সীমানায়।
৩৩ এবং এইভাবে তাঁর ইচ্ছানুযায়ী তাঁর সৈন্যবাহিনী স্থাপন করেন, তিনি তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হলেন।
৩৪ এবং এটা ঘটলো যে লামানীয়রা পাহাড়ের উত্তরে উঠে আসে, যেখানে মরনীর সেনাবাহিনীর একটা অংশ লুকিয়ে ছিলো।
৩৫ এবং যখন লামানীয়রা রিপলা পাহাড় পার হয়ে উপত্যকায় এসে সীদোন নদী পার হতে শুরু করলো, সেই সৈন্যদল যারা পাহাড়ের দক্ষিণে লুকিয়ে ছিলো, যাদের নেতৃত্বে ছিলেন লেহী নামে একজন, এবং তিনি নেতৃত্ব দিয়েছিলেন ও তাঁর সৈন্যবাহিনী বের হয়ে পূর্ব দিকে লামানীয়দের পিছন দিক থেকে ঘিরে ফেলে।
৩৬ এবং এটা ঘটলো যে লামানীয়রা, যখন নেফীয়দেরকে পিছন দিক থেকে তাদের উপর আসতে দেখেছিলো, তখন তারা ঘুরে দাঁড়ায় এবং লেহীর সেনাবাহিনীর সাথে লড়াই করতে শুরু করেছিলো।
৩৭ এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধের কার্যক্রম শুরু হয়েছিলো যার ফলে মৃত্যু হয়, কিন্তু লামানীয়দের পক্ষের দিকে এটা আরও ভয়ঙ্কর ছিলো, কারণ নেফীয়দের তরবারি এবং তাদের ছুরির প্রচণ্ড আঘাতে তাদের নগ্নতা উন্মোচিত হয়েছিলো, যা প্রায় প্রতিটা আঘাতে মৃত্যু এনেছিলো।
৩৮ যখন অন্যদিকে, মাঝে মধ্যে নেফীয়দের মধ্যে একজন লোকের তাদের তরবারির আঘাতে এবং রক্তক্ষরণের কারণে পতন ঘটছিলো, যেহেতু তারা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো হতে সুরক্ষিত ছিলো বা তাদের বুকপাটা, এবং তাদের বাহুঢাল, এবং তাদের শিরস্ত্রাণ দ্বারা, তাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোকে লামানীয়দের আঘাত থেকে সুরক্ষিত করা হয়েছিলো; এবং এইভাবে নেফীয়রা লামানীয়দের মধ্যে যুদ্ধের কার্যক্রম চালিয়ে গিয়েছিলো।
৩৯ এবং এটা ঘটলো যে তাদের মধ্যে বিরাট ধ্বংসের কারণে, লামানীয়রা ভীত হয়ে পড়েছিলো, এমনকি তারা সীদোন নদীর দিকে পালাতে শুরু করেছিলো।
৪০ লেহী ও তাঁর লোকরা তাদের তাড়া করলো; এবং লেহী তাদের সীদোনের জলে তাড়িয়ে দিলেন এবং তারা সীদোনের জল পার হলো। এবং লেহী সীদোন নদীর তীরে তাঁর সৈন্যবাহিনীকে ধরে রাখলেন যাতে তারা পার না হয়।
৪১ এবং এটা ঘটলো যে মরনী ও তাঁর সৈন্যবাহিনীর সীদোন নদীর ওপারের উপত্যকায় লামানীয়দের সাথে লড়াই হয়েছিলো এবং তাদের উপর আক্রমণ করা শুরু করেছিলো এবং তাদের হত্যা করা শুরু করেছিলো।
৪২ এবং লামানীয়রা আবার তাদের সামনে থেকে ম্যানটীর ভূমির দিকে পালিয়ে গেলো; এবং তাদের আবার মরনীর সেনাবাহিনীর সাথে লড়াই হয়েছিলো।
৪৩ এখন এই পরিস্থিতিতে লামানীয়রা প্রচণ্ডভাবে লড়াই করেছিলো; হ্যাঁ, লামানীয়রা কখনোই এতো বেশি শক্তি এবং সাহসের সাথে লড়াই করতে জানতো না, না, এমনকি শুরু থেকেও নয়।
৪৪ এবং তারা সোরমীয়দের এবং অমালেকীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলো, যারা তাদের প্রধান সেনাপতি এবং দলনেতা ছিলেন এবং সেরহমনাহ, যিনি তাদের প্রধান সেনাপতি বা তাদের প্রধান দলনেতা এবং অধিনায়ক ছিলেন; হ্যাঁ, তারা ড্রাগনের মতো লড়াই করেছিলো, এবং অনেক নেফীয়কে তাদের হাত দ্বারা হত্যা করা হয়েছিলো, হ্যাঁ, কারণ তারা তাদের অনেকের শিরস্ত্রাণে আঘাত করে দুই ভাগ করেছিলো এবং তারা তাদের অনেকের বুকপাটা ছিদ্র করেছিলো এবং তারা অনেকের বাহুগুলো কেটে ফেলেছিলো; এবং এইভাবে লামানীয়রা তাদের প্রচণ্ড ক্রোধে আঘাত করেছিলো।
৪৫ তবুও, নেফীয়রা ভালো কারণের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলো, কারণ তারা রাজতন্ত্র বা ক্ষমতার জন্য লড়াই করছিলো না বরং তারা তাদের গৃহ এবং তাদের স্বাধীনতা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের এবং তাদের সমস্ত কিছু, হ্যাঁ, তাদের আরাধনা করার অধিকার এবং তাদের মণ্ডলীর জন্য লড়াই করছিলো।
৪৬ এবং তারা সেই কাজটা করছিলো যা তারা তাদের ঈশ্বরের কাছে কর্তব্য বলে মনে করেছিলো; কারণ প্রভু তাদের এবং তাদের পিতৃপুরুষদেরও বলেছিলেন, যে: যদি তোমরা যুদ্ধের কারণ হওয়ার প্রথম অপরাধের জন্য দোষী না হও, দ্বিতীয়টাও না হও, তাহলে তোমাদের নিজেদেরকে শত্রুদের হাত দ্বারা নিহত হতে হবে না।
৪৭ এবং আবার, প্রভু বলেছেন যে: তোমরা তোমাদের পরিবারকে এমনকি রক্তপাত করা পর্যন্ত রক্ষা করবে। অতএব এই কারণে নেফীয়রা নিজেদেরকে, তাদের পরিবার, এবং তাদের জমি, তাদের দেশ, তাদের অধিকার এবং তাদের ধর্মকে রক্ষা করার জন্য লামানীয়দের সাথে লড়াই করছিলো।
৪৮ এবং এটা ঘটলো যে মরনীর লোকেরা যখন লামানীয়দের উগ্রতা এবং ক্রোধ দেখেছিলো, তখন তারা তাদের কাছ থেকে সরে যেতে এবং পালিয়ে যেতে চাইছিলো। এবং মরনী, তাদের অভিপ্রায় বুঝতে পেরে, তাঁর কথাগুলো প্রেরণ করেছিলেন এবং এই চিন্তাগুলোর সাথে তাদের হৃদয়কে অনুপ্রাণিত করেছিলেন—হ্যাঁ, তাদের জমির, তাদের স্বাধীনতা, হ্যাঁ, দাসত্ব থেকে তাদের স্বাধীনতার চিন্তাভাবনা।
৪৯ এবং এটা ঘটলো যে তারা লামানীয়দের দিকে ফিরলো এবং আক্রমণ করলো এবং তারা তাদের স্বাধীনতা এবং দাসত্ব থেকে তাদের মুক্তির জন্য প্রভু তাদের ঈশ্বরের কাছে এক কণ্ঠে মিনতি করলো।
৫০ এবং তারা শক্তির সাথে লামানীয়দের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে; এবং সেই একই সময়ে যখন তারা প্রভুর কাছে তাদের স্বাধীনতার জন্য মিনতি করেছিলো, লামানীয়রা তাদের সামনে থেকে পালিয়ে যেতে শুরু করেছিলো; এবং তারা সীদোনের জলে পালিয়ে গেলো।
৫১ এখন, লামানীয়রা সংখ্যায় অনেক বেশি ছিলো, হ্যাঁ, নেফীয়দের সংখ্যার দ্বিগুণেরও বেশি; তবুও, তারা এমনভাবে পিছু হাঁটতে বাধ্য হয়েছিলো যে তারা সীদোন নদীর তীরে উপত্যকায় এক দেহে একত্রিত হয়েছিলো।
৫২ অতএব মরনীর সৈন্যরা তাদের ঘিরে ফেললো, হ্যাঁ, এমনকি নদীর দুইপাশ দিয়ে, কারণ দেখো, পূর্বদিকে লেহীর লোকেরা ছিলো।
৫৩ অতএব যখন সেরহমনাহ সীদোন নদীর পূর্বে লেহীর লোকদের এবং সীদোন নদীর পশ্চিমে মরনীর সৈন্যদের দেখেছিলো যে তারা নেফীয়দের দ্বারা বেষ্টিত ছিলো, তখন তারা আতঙ্কে তাড়িত হলো।
৫৪ এখন মরনী, যখন তিনি তাদের আতঙ্ক দেখেছিলেন, তখন তাঁর লোকদের আদেশ করেছিলেন যে তারা যেনো তাদের রক্তপাত করা বন্ধ করে দেয়।