অধ্যায় ২০
প্রভু অম্মোনকে মিদ্দোনীতে পাঠান তাঁর বন্দী ভাইদের উদ্ধার করার জন্য—অম্মোন এবং লামোনী লামোনীর পিতার সাথে দেখা করেন, যিনি সমস্ত ভূমির উপরে রাজা—অম্মোন বৃদ্ধ রাজাকে তাঁর ভাইদের মুক্তির জন্য অনুমোদন দিতে বাধ্য করেন। প্রায় ৯০ খ্রীষ্টপূর্বে
১ এবং এটা ঘটলো যে, যখন তাঁরা সেই ভূমিতে একটা মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন, তখন রাজা লামোনী চেয়েছিলেন যে অম্মোন তাঁর সাথে নেফীর ভূমিতে যাবেন, যাতে তিনি তাঁকে তাঁর পিতার কাছে দেখাতে পারেন।
২ এবং প্রভুর কণ্ঠস্বর অম্মোনের কাছে এলো, বললেন: তুমি নেফীর ভূমিতে যাবে না, কারণ দেখো, রাজা তোমাকে হত্যা করতে চাইবেন; কিন্তু তুমি মিদ্দোনীর ভূমিতে যাবে; কারণ দেখো, তোমার ভাই হারোণ, মূলোকী ও অম্মা কারাগারে রয়েছে।
৩ এখন এটা ঘটলো যে, অম্মোন যখন এই কথা শুনেছিলেন, তখন তিনি লামোনীকে বললেন: দেখুন, আমার নিজের ভাই এবং সহধর্মী ভাইয়েরা মিদ্দোনীতে কারাগারে আছে, এবং আমি তাদের উদ্ধার করতে যাচ্ছি।
৪ এখন লামোনী অম্মোনকে বললেন: আমি জানি, প্রভুর শক্তিতে আপনি সবকিছু করতে পারেন। কিন্তু দেখুন, আমি আপনার সঙ্গে মিদ্দোনীর ভূমিতে যাবো; কারণ মিদ্দোনীর ভূমির রাজা, যার নাম আন্তিয়ম্নো, তিনি আমার বন্ধু; তাই আমি মিদ্দোনীর ভূমিতে যাচ্ছি, যাতে আমি সেই ভূমির রাজার অত্যধিক প্রশংসা করতে পারি এবং তিনি আপনার ভাইদের কারাগার থেকে বের করে দেবেন। এখন লামোনী তাঁকে বললেন: কে আপনাকে বলেছে যে আপনার ভাইয়েরা কারাগারে ছিলো?
৫ এবং অম্মোন তাঁকে বললেন: ঈশ্বর ছাড়া কেউ আমাকে বলেননি; এবং তিনি আমাকে বললেন—যাও এবং তোমার ভাইদের উদ্ধার করো, কারণ তারা মিদ্দোনীর ভূমিতে কারাগারে রয়েছে।
৬ লামোনী যখন এই কথা শুনেছিলেন তখন তিনি তাঁর দাসদের তাঁর ঘোড়া ও রথগুলো প্রস্তুত করতে বলেছিলেন।
৭ এবং তিনি অম্মোনকে বললেন: আসুন, আমি আপনার সাথে মিদ্দোনীর ভূমিতে যাবো এবং সেখানে আমি রাজার কাছে অনুরোধ করবো যেনো তিনি আপনার ভাইদের কারাগার থেকে বের করে দেন।
৮ এবং এটা ঘটলো যে, অম্মোন এবং লামোনী যখন সেখানে যাত্রা করছিলেন, তখন তাঁরা লামোনীর পিতার সাথে দেখা করলেন, যিনি সমস্ত ভূমির উপর রাজা ছিলেন।
৯ এবং দেখো, লামোনীর পিতা তাঁকে বললেন: তুমি কেনো সেই মহান দিনে উৎসবে আসোনি যখন আমি আমার পুত্রদের এবং আমার লোকেদের জন্য একটা ভোজের আয়োজন করেছিলাম?
১০ এবং তিনি আরও বললেন: তুমি এই নেফীয়ের সাথে কোথায় যাচ্ছো, যিনি মিথ্যাবাদী সন্তানদের একজন?
১১ এবং এটা ঘটলো যে, লামোনী তাঁকে বিস্তারিতভাবে জানিয়েছিলেন যে তিনি কোথায় যাচ্ছেন, কারণ তিনি তাঁকে অসন্তুষ্ট করাতে ভয় পেয়েছিলেন।
১২ এবং তিনি তাঁর নিজের রাজ্যে বিলম্বের সমস্ত কারণও তাঁকে বললেন, তাই তিনি তাঁর পিতার উৎসবে যাননি যা তিনি প্রস্তুত করেছিলেন।
১৩ এবং এখন যখন লামোনী তাঁর কাছে এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে বলেছিলেন, দেখো, তাঁর বিস্ময়ে, তাঁর পিতা তাঁর উপর রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন: লামোনী, তুমি এই নেফীয়দের উদ্ধার করতে যাচ্ছো, যারা মিথ্যাবাদীর সন্তান। দেখো, তিনি আমাদের পিতৃপুরুষদের লুট করেছেন; এবং এখন তাঁর সন্তানেরাও আমাদের মধ্যে এসেছে যাতে তারা তাদের ধূর্ততা এবং তাদের মিথ্যা দ্বারা আমাদেরকে প্রতারিত করতে পারে এবং তারা আবার আমাদের সম্পত্তি লুট করতে পারে।
১৪ এখন লামোনীর পিতা তাঁকে আদেশ দিয়েছিলেন যে তিনি যেনো তরবারি দিয়ে অম্মোনকে হত্যা করেন। এবং তিনি তাঁকে এই আদেশও দিয়েছিলেন যে, তিনি যেনো মিদ্দোনীর ভূমিতে না যান, তবে তিনি যেনো তাঁর সাথে ইশ্মায়েলের ভূমিতে ফিরে যান।
১৫ কিন্তু লামোনী তাঁকে বললেন: আমি অম্মোনকে হত্যা করবো না, আমি ইশ্মায়েলের ভূমিতেও ফিরে যাবো না, কিন্তু আমি মিদ্দোনীর ভূমিতে যাচ্ছি যাতে আমি অম্মোনের ভাইদের মুক্ত করতে পারি, কারণ আমি জানি যে, তারা ন্যায়পরায়ণ পুরুষ এবং সত্যময় ঈশ্বরের পবিত্র ভাববাদী।
১৬ তাঁর পিতা এই কথাগুলো শুনে তাঁর উপর রেগে গেলেন এবং তিনি তাঁর তরবারি বের করেছিলেন যাতে তিনি তাঁকে আঘাত করে মাটিতে ফেলে দিতে পারেন।
১৭ কিন্তু অম্মোন সামনে দাঁড়িয়ে তাঁকে বললেন: দেখুন, আপনি আপনার পুত্রকে বধ করবেন না; যদিও, আপনার চেয়ে তাঁর মরে যাওয়াই ভালো ছিলো, কারণ দেখুন, তিনি তাঁর পাপের জন্য অনুতপ্ত হয়েছেন; কিন্তু এই সময়ে যদি আপনি মরে যান, আপনার ক্রোধের কারণে, আপনার আত্মা রক্ষা পাবে না।
১৮ এবং আবার, এটা উপযুক্ত হবে যে আপনি বিরত থাকুন; কারণ যদি আপনি আপনার পুত্রকে হত্যা করেন, তিনি একজন নির্দোষ মানুষ, তাঁর রক্ত মাটি থেকে তাঁর ঈশ্বর প্রভুর কাছে মিনতি করবে, আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য; এবং সম্ভবত আপনি আপনার আত্মা হারাবেন।
১৯ অম্মোন যখন তাঁকে এই কথাগুলো বলছিলেন, তখন তিনি তাঁকে উত্তর দিলেন: আমি জানি যে আমি যদি আমার পুত্রকে হত্যা করি তবে আমি নির্দোষের রক্তপাত করবো; কারণ আপনিই তাকে ধ্বংস করতে চেয়েছিলেন।
২০ এবং তিনি অম্মোনকে হত্যা করার জন্য তাঁর হাত প্রসারিত করলেন। কিন্তু অম্মোন তাঁর আঘাত প্রতিহত করেছিলেন এবং তাঁর বাহুতে আঘাত করেছিলেন যাতে তিনি এটা ব্যবহার করতে না পারেন।
২১ এখন যখন রাজা দেখলেন যে অম্মোন তাঁকে হত্যা করতে পারেন, তখন তিনি অম্মোনের কাছে অনুরোধ করতে লাগলেন যেনো তিনি তাঁর জীবন রক্ষা করেন।
২২ কিন্তু অম্মোন তাঁর তরবারি তুলে তাঁকে বললেন: দেখুন, আমি আপনাকে আঘাত করবো যদি আপনি আমাকে অনুমতি না দেন যে আমার ভাইদের কারাগার থেকে বের করে দেওয়া হবে।
২৩ এখন রাজা, তাঁর প্রাণ হারানোর ভয়ে, বললেন: আপনি যদি আমাকে রক্ষা করেন তবে আপনি যা চাইবেন আমি তাই দেবো, এমনকি রাজ্যের অর্ধেক পর্যন্ত।
২৪ এখন যখন অম্মোন দেখলেন যে তিনি তাঁর ইচ্ছানুসারে বৃদ্ধ রাজার উপর প্রভাব বিস্তার করেছেন, তখন তিনি তাঁকে বললেন: আপনি যদি অনুমতি দেন যে, আমার ভাইদের কারাগার থেকে বের করে দেওয়া হবে এবং লামোনী তাঁর রাজ্য ধরে রাখতে পারেন, এবং আপনি তাঁর প্রতি অসন্তুষ্ট হবেন না, কিন্তু তিনি যা কিছু মনে করেন তাঁর নিজের ইচ্ছানুসারে করার অনুমতি দেবেন, তাহলে আমি আপনাকে রক্ষা করবো; অন্যথায় আমি আপনাকে আঘাত করে মাটিতে ফেলবো।
২৫ এখন অম্মোন যখন এই কথাগুলো বললেন, রাজা তাঁর জীবনের জন্য আনন্দ করতে লাগলেন।
২৬ এবং যখন তিনি দেখলেন যে, অম্মোনের তাঁকে ধ্বংস করার কোনো ইচ্ছা নেই, এবং যখন তিনি তাঁর পুত্র লামোনীর প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসাও দেখেছিলেন, তখন তিনি অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন এবং বলেছিলেন: যেহেতু আপনি এই সব কিছু চেয়েছিলেন তাই আমি আপনার ভাইদের মুক্তি দেবো, এবং আমার পুত্র লামোনীকে তাঁর রাজ্য ধরে রাখার অনুমতি দেবো, দেখুন, আমি আপনাকে অনুমতি দেবো যে আমার পুত্র এই সময় থেকে এবং চিরকালের জন্য তাঁর রাজ্য ধরে রাখতে পারবে; এবং আমি তাঁর উপর আর কর্তৃত্ব করবো না—
২৭ এবং আমি আপনাকে অনুমতি প্রদান করবো যে আপনার ভাইদের কারাগার থেকে বের করা হবে, এবং আপনি এবং আপনার ভাইয়েরা আমার রাজ্যে আমার কাছে আসতে পারেন; কারণ আমি আন্তরিকভাবে আপনাদের সাথে দেখা করতে চাই। কারণ রাজা তাঁর কথা শুনে এবং তাঁর পুত্র লামোনীর কথাগুলো শুনে অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন, তাই তিনি সেগুলো শিখতে আগ্রহী হয়েছিলেন।
২৮ এবং এটা ঘটলো যে, অম্মোন এবং লামোনী মিদ্দোনীর ভূমির দিকে তাঁদের যাত্রা শুরু করলেন। এবং লামোনী সেই ভূমির রাজার দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছিলেন; তাই অম্মোনের ভাইদের কারাগার থেকে বের করে আনা হয়েছিলো।
২৯ এবং যখন অম্মোন তাদের সাথে দেখা করেছিলেন তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, কারণ দেখো তারা উলঙ্গ ছিলো এবং শক্ত দড়ি দিয়ে আবদ্ধ থাকার কারণে তাদের চামড়ায় অত্যধিক ক্ষত সৃষ্টি হয়েছিলো। এবং তারা ক্ষুধা, তৃষ্ণা এবং সব ধরনের কষ্ট ভোগ করেছিলো; তা সত্ত্বেও তারা তাদের সকল কষ্টভোগে ধৈর্যশীল ছিলো।
৩০ এবং, এটা যেভাবে ঘটেছিলো, এটা তাদের ভাগ্যে ছিলো যে তারা আরও কঠোর এবং আরও জেদী মানুষদের হাতে পড়েছিলো; তাই তারা তাদের বাক্য শোনেনি, এবং তারা তাদের বিতাড়িত করেছিলো এবং তাদের আঘাত করেছিলো এবং তাদের ঘর থেকে ঘরে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়িয়ে দিয়েছিলো, এমনকি তারা মিদ্দোনীর ভূমিতে পৌঁছানো পর্যন্ত; এবং সেখানে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিলো এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছিলো, এবং শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিলো, এবং অনেক দিন কারাগারে রাখা হয়েছিলো, এবং লামোনী এবং অম্মোনের দ্বারা উদ্ধার করা হয়েছিলো।