অধ্যায় ৫৭
হেলামান আন্তিপাারাহ শহর দখল এবং আত্মসমর্পণ এবং পরে কিউমেনীর প্রতিরক্ষার কথা বর্ণনা করেন—তাঁর অম্মোনীয় যুবকেরা বীরত্বের সাথে লড়াই করে; সকলেই আহত হয়েছে, তবে কেউই নিহত হয়নি—গিদ লামানীয় বন্দীদের হত্যা এবং পলায়নের খবর জানায়। প্রায় ৬৩ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন এটা ঘটলো যে আমি রাজা অম্মোরনের কাছ থেকে একটা পত্র পেয়েছিলাম, যেখানে বলা হয়েছে যে আমি যদি সেই যুদ্ধবন্দীদের মুক্তি দিই যাদেরকে আমরা বন্দি করেছিলাম তবে তিনি আন্তিপাারাহ শহরটা আমাদের হাতে তুলে দেবেন।
২ কিন্তু আমি রাজার কাছে একটা পত্র পাঠালাম যে, আমরা নিশ্চিত আমাদের সৈন্যবাহিনী শক্তির প্রয়োগ করে আন্তিপাারাহ শহরটা দখল করার জন্য যথেষ্ট; এবং বন্দীদের ঐ শহরের জন্য হস্তান্তর করলে আমরা নিজেদেরকে মূর্খ বলে মনে করবো, এবং আমরা কেবল নেফীয় বন্দীদের বিনিময়ের জন্য আমাদের বন্দীদের মুক্তি দেবো।
৩ এবং রাজা অম্মোরোন আমার পত্র প্রত্যাখান করলেন, কারণ তিনি বন্দীদের বিনিময় করবেন না; তাই আমরা প্রস্তুতি নিতে শুরু করেছিলাম আন্তিপাারাহ শহরের বিরুদ্ধে যাওয়ার জন্য।
৪ কিন্তু আন্তিপাারাহের লোকেরা শহর ছেড়ে চলে গেলো, এবং তাদের অন্যান্য শহরে পালিয়ে গেলো, যেগুলো তাদের দখলে ছিলো, তাদের সুরক্ষিত করার জন্য; এবং এভাবেই আন্তিপাারাহ শহর আমাদের হাতে চলে আসে।
৫ এবং এভাবেই বিচারকদের রাজত্বকালের আটাশতম বছর সমাপ্ত হয়।
৬ এবং এটা ঘটলো যে ঊনত্রিশতম বছরের শুরুতে, সেরহমলার ভূমি থেকে এবং আশেপাশের ভূমি থেকে, আমরা একটা খাদ্যের যোগান পেয়েছিলাম, এবং আমাদের সেনাবাহিনীতে অতিরিক্ত কিছু সৈন্য পেয়েছিলাম, যার সংখ্যা ছিলো ছয় হাজারজন, এছাড়াও অম্মোনীয়দের ষাট জন পুত্র, যারা তাদের ভাইদের, আমার ছোট দুই হাজার সৈন্যদলের সাথে যোগ দিতে এসেছিলো। এবং এখন দেখো, আমরা শক্তিশালী ছিলাম, হ্যাঁ, এবং আমাদের জন্য প্রচুর খাদ্যের যোগানও আনা হয়েছিলো।
৭ এবং এটা ঘটলো যে আমাদের ইচ্ছা ছিলো কিউমেনী শহর রক্ষার্থে যে সৈন্যবাহিনী নিযুক্ত করা হয়েছিলো তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার।
৮ এবং এখন দেখো, আমি তোমাদেরকে দেখাবো যে, আমরা দ্রুতই আমাদের ইচ্ছা পূরণ করেছিলাম; হ্যাঁ, তারা খাদ্যের যোগান পাওয়ার কিছুটা আগে, আমাদের শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে, অথবা আমাদের শক্তিশালী সৈন্যবাহিনীর একটা অংশ নিয়ে, রাতের বেলা আমরা কিউমেনী শহর ঘিরে ফেলেছিলাম।
৯ এবং এটা ঘটলো যে আমরা অনেক রাত ধরে শহরের চতুর্দিকে সেনা-শিবির স্থাপন করেছিলাম; কিন্তু আমরা আমাদের তরবারির উপর ঘুমিয়ে ছিলাম, এবং পাহারা দিয়েছিলাম, যেনো লামানীয়রা রাতের বেলা আমাদের উপর এসে আমাদের হত্যা করতে না পারে, যা তারা বহুবার চেষ্টা করেছিলো; কিন্তু যতবার তারা এটা করার চেষ্টা করেছে ততবারই তাদের রক্ত ঝরেছে।
১০ অবশেষে তাদের খাদ্যের যোগান এসে পৌঁছালো, এবং রাতের বেলা তারা শহরে প্রবেশ করতে যাচ্ছিলো। এবং লামানীয়দের পরিবর্তে আমরা, নেফীয়রা ছিলাম; অতএব, আমরা তাদেরকে বন্দী করলাম এবং তাদের খাদ্যের যোগান নিয়ে নিলাম।
১১ এবং এই পদ্ধতিতে লামানীয়রা তাদের ভরণপোষণ থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও, তারা তখনো শহরটা রক্ষার্থে দৃঢ়প্রতিজ্ঞ ছিলো; অতএব ঐ সমস্ত খাদ্যের যোগান নিয়ে যিহূদায় পাঠানো, এবং আমাদের বন্দীদের সেরহমলা ভূমিতে পাঠানো প্রয়োজনীয় হয়ে উঠলো।
১২ এবং এটা ঘটলো যে খুব বেশি দিন অতিবাহিত হয়নি, লামানীয়রা সাহায্যের সমস্ত আশা হারাতে শুরু করেছিলো; তাই তারা শহরটাকে আমাদের হাতে সমর্পণ করেছিলো; এবং এভাবেই আমরা কিউমেনী শহর দখল করে আমাদের পরিকল্পনা সম্পন্ন করেছিলাম।
১৩ কিন্তু এটা ঘটলো যে আমাদের বন্দীদের সংখ্যা এতো বেশি ছিলো যে, আমাদের সংখ্যার বিশালতা সত্ত্বেও, আমরা তাদের রাখার জন্য আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করতে বাধ্য ছিলাম, অথবা তাদের হত্যা করতে বাধ্য ছিলাম।
১৪ কারণ দেখো, তারা প্রচুর সংখ্যায় বেরিয়ে পরতো, এবং পাথর দিয়ে, লাঠি দিয়ে, অথবা তাদের হাতে যা কিছু পেতো তা নিয়ে যুদ্ধ করতো, এতটাই যে, তারা যুদ্ধবন্দী হিসেবে আত্মসমর্পণ করার পর আমরা তাদের দুই হাজারেরও বেশি লোককে হত্যা করেছিলাম।
১৫ অতএব এটা আমাদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠলো যেনো, আমরা তাদের প্রাণের অবসান ঘটাই, অথবা তরবারি হাতে তাদেরকে পাহারা দিই, সেরহমলা ভূমি অবধি; এবং লামানীয়দের কাছ থেকে আমরা যা নিয়েছিলাম তা সত্ত্বেও আমাদের খাদ্যের যোগান আমাদের নিজেদের লোকদের জন্য যথেষ্ট ছিলো না।
১৬ এবং এখন, সেই সংকটময় পরিস্থিতিতে, এই যুদ্ধবন্দীদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিলো; তবুও, আমরা তাদের সেরহমলার ভূমিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম; তাই আমরা আমাদের সৈন্যদের মধ্য থেকে একাংশ বাছাই করলাম, এবং তাদেরকে আমাদের বন্দীদের উপর দায়িত্ব দিলাম যেনো তারা সেরহমলার ভূমিতে চলে যায়।
১৭ এবং এটা ঘটলো যে, পরের দিন তারা ফিরে আসলো। এবং এখন দেখো, আমরা বন্দীদের সম্বন্ধে তাদেরকে জিজ্ঞাসা করিনি; কারণ দেখো, লামানীয়রা আমাদের আক্রমণ করেছিলো, এবং তারা সঠিক সময়ে ফিরে এসেছিলো আমাদেরকে তাদের হাতে পড়া থেকে রক্ষা করতে। কারণ দেখো, অম্মোরোন তাদের সাহায্যের জন্য একটা নতুন খাদ্যের যোগান এবং অসংখ্য পুরুষ সৈন্যবাহিনী পাঠিয়েছিলো।
১৮ এবং এটা ঘটলো যে সেই সৈন্যগুলো যাদের আমরা বন্দীদেরসাথে পাঠিয়েছিলাম তারা সঠিক সময়ে এসেছিলো তাদেরকে থামানের জন্য, যেহেতু তারা আমাদের প্রায় পরাজিত করতে যাচ্ছিলো।
১৯ কিন্তু দেখো, আমার দুই হাজার ষাট জনের ছোট সৈন্যদল অত্যন্ত মরিয়া হয়ে যুদ্ধ করেছিলো; হ্যাঁ, তারা লামানীয়দের সামনে দৃঢ় ছিলো, এবং যারা তাদের বিরোধিতা করেছিলো তাদের সকলকে হত্যা করেছিলো।
২০ এবং যখন আমাদের সৈন্যবাহিনীর অবশিষ্টাংশ লামানীয়দের সামনে পথ ছেড়ে দিতে যাচ্ছিলো, তখন দেখো, সেই দুই হাজার ষাট জন দৃঢ় ও অবিচল ছিলো।
২১ হ্যাঁ, এবং তারা আদেশের প্রতিটা শব্দ যথাযথভাবে পালন করেছিলো এবং তা সম্পন্ন করার জন্য অধ্যবসায়ী ছিলো; হ্যাঁ, এবং এমনকি সত্যই তাদের বিশ্বাস অনুসারে এটা তাদের প্রতি করা হয়েছিলো; এবং তারা আমাকে যে কথাগুলো বলেছিলো তা আমি মনে রেখেছিলাম যা তাদের মায়েরা তাদের শিখিয়েছিলেন।
২২ এবং এখন দেখো, এরাই ছিলো আমার পুত্রেরা, এবং সেই সৈন্যেরা যারা বন্দীদের বহন করার জন্য নির্বাচিত হয়েছিলো, যাদের কাছে আমরা এই মহান বিজয়ের জন্য ঋণী; কারণ তারাই লামানীয়দের পরাজিত করেছিলো; তাই তাদের ম্যানটী শহরে ফিরিয়ে আনা হয়েছিলো।
২৩ এবং আমরা আমাদের শহর কিউমেনী ধরে রেখেছিলাম, এবং তরবারির আঘাতে সকলে ধ্বংস হইনি; তবুও, আমাদের অনেক ক্ষতি হয়েছিলো।
২৪ এবং এটা ঘটলো যে লামানীয়রা পালিয়ে যাওয়ার পরে, আমি তৎক্ষনাৎ আদেশ দিয়েছিলাম যে আমার আহত সৈন্যদের মৃতদের মধ্য থেকে নিয়ে যাওয়া হোক, এবং তাদের ক্ষতস্থানের চিকিৎসা করার ব্যবস্থা করা হোক।
২৫ এবং এটা ঘটলো যে, আমার দুই হাজার ষাট জনের মধ্যে দুইশত লোক ছিলো যারা রক্তপাতের কারণে অজ্ঞান হয়ে পড়েছিলো; তবুও, ঈশ্বরের সদগুন অনুসারে এবং অত্যন্ত আশ্চর্যের সাথে, আমাদের সমস্ত সৈন্যবাহিনী আনন্দিত হয়েছিলো, কারণ তাদের মধ্যে একজনও ধ্বংস হয়নি; হ্যাঁ, এবং তাদের মধ্যে এমন একজনও ছিলো না যে অনেক আঘাত পেয়েছিলো।
২৬ এবং এখন, তাদের রক্ষা পাওয়াটা আমাদের পুরো সৈন্যবাহিনীর কাছে বিস্ময়কর ছিলো, হ্যাঁ, আমাদের এক হাজার ভাই নিহত হওয়ার পরেও তাদের রক্ষা করা হয়েছিলো। এবং আমরা ন্যায়পরায়ণভাবে ঈশ্বরের অলৌকিক শক্তির একটা বর্ণনা দিয়েছিলাম, কারণ তাদের যা বিশ্বাস করতে শেখানো হয়েছিলো সেগুলোর প্রতি তাদের অত্যধিক বিশ্বাস ছিলো—যে একজন ন্যায়পরায়ণ ঈশ্বর আছেন, এবং যারা সন্দেহ করেনি, তাদের যেনো তাঁর আশ্চর্য শক্তির দ্বারা রক্ষা করা হয়।
২৭ এখন এই ছিলো তাদের বিশ্বাস যাদের সম্পর্কে আমি বলেছিলাম; তারা যুবক, এবং তাদের মন দৃঢ়, এবং তারা সবসময় ঈশ্বরের উপর তাদের বিশ্বাস রাখে।
২৮ এবং এখন এটা ঘটলো যে আমরা এইরূপে আমাদের আহত লোকদের যত্ন নেওয়ার পরে, এবং আমাদের মৃতদের ও লামানীয়দের মৃতদেরও সমাধি দেওয়ার পরে, যারা অনেক ছিলো, তখন দেখো, আমরা সেই বন্দীদের সম্বন্ধে গিদকে জিজ্ঞাসাবাদ করলাম, কাদের সাথে তারা সেরহমলার ভূমিতে যেতে শুরু করেছিলো।
২৯ এখন গিদ দলের প্রধান সেনাপতি ছিলেন, যাকে ভূমি পর্যন্ত তাদের পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিলো।
৩০ এবং এখন, এই বাক্যগুলো গিদ আমাকে বলেছিলো: দেখো, আমরা আমাদের বন্দীদের সাথে সেরহমলার ভূমিতে নেমে যেতে শুরু করেছিলাম। এবং এটা ঘটলো যে আমরা আমাদের সৈন্যবাহিনীর গুপ্তচরের সাথে দেখা করলাম, যাদেরকে বাইরে পাঠানেো হয়েছিলো লামানীয়দের সৈন্য-শিবির পর্যবেক্ষণ করার জন্য।
৩১ তারা আমাদেরকে চিৎকার করে বললো—দেখো, লামানীয়দের সৈন্যবাহিনী কিউমেনী শহরের দিকে অগ্রসর হচ্ছে; এবং দেখো, তারা তাদের উপর আক্রমণ করবে, হ্যাঁ, এবং আমাদের লোকদের ধ্বংস করবে।
৩২ এবং এটা ঘটলো যে আমাদের বন্দীরা তাদের চিৎকার শুনতে পেলো, যা তাদেরকে সাহস যুগিয়েছিলো; এবং তারা উঠে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো।
৩৩ এবং এটা ঘটলো তাদের বিদ্রোহের কারণে আমাদের তরবারি তাদের উপর এসেছিলো। এবং এটা ঘটলো যে তারা একদল হয়ে আমাদের তরবারির উপর ঝাঁপিয়ে পড়লো, সেই সময়ে, তাদের একটা বড়ো সংখ্যা নিহত হয়েছিলো; এবং তাদের অবশিষ্টাংশরক্ষীদের পরিবেষ্টনী ভেদ করে আমাদের কাছ থেকে পালিয়ে যায়।
৩৪ এবং দেখো, যখন তারা পালিয়ে গিয়েছিলো এবং আমরা তাদের ধরতে পারিনি, তখন আমরা দ্রুত কিউমেনী শহরের দিকে যাত্রা করলাম; এবং দেখো, আমরা যথাসময়ে পৌঁছেছিলাম, যেনো আমরা আমাদের ভাইদের শহর সংরক্ষণে সাহায্য করতে পারি।
৩৫ এবং দেখো, আমরা আবার আমাদের শত্রুদের হাত থেকে উদ্ধার পেলাম। এবং ধন্য আমাদের ঈশ্বরের নাম; কারণ দেখো, ইনিই তিনি যিনি আমাদেরকে উদ্ধার করেছেন; হ্যাঁ, তিনিই আমাদের জন্য এই মহৎ কাজ করেছেন।
৩৬ এখন এটা ঘটলো যে আমি, হেলামান, যখন গিদের এই কথাগুলো শুনেছিলাম, আমাদের রক্ষার্থে ঈশ্বরের সদগুণের কারণে আমি অত্যন্ত আনন্দে পরিপূর্ণ হলাম, যে আমরা সকলে ধ্বংস হবো না; হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি যে যাদের হত্যা করা হয়েছে তাদের আত্মা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করেছে।