ধর্মশাস্ত্র
আলমা ৩


অধ্যায় ৩

আমলাছীয়রা ভবিষ্যদ্বাণীর বাক্য অনুসারে নিজেদের চিহ্নিত করেছিলো—লামানীয়রা তাদের বিদ্রোহের জন্য অভিশপ্ত হয়েছিলো—মানুষেরা তাদের নিজস্ব অভিশাপ নিজেদের উপর নিয়ে আসলো—নেফীয়রা আর এক দল লামানীয় সেনাবাহিনীকে পরাজিত করলো। প্রায় ৮৭–৮৬ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে, নেফীয়দের মধ্যে যারা যুদ্ধের অস্ত্র দ্বারা নিহত হয়নি, যাদেরকে হত্যা করা হয়েছিলো, তাদের সমাধি দেবার পর—এখন নিহতদের সংখ্যা গণনা করা হয়নি, কারণ তাদের সংখ্যা অনেক ছিলো—তাদের নিহতদের সমাধি দেওয়া শেষ করার পরে সকলে নিজের ভূমিতে, এবং নিজের গৃহে, এবং তাদের স্ত্রীদের, এবং তাদের সন্তানদের কাছে ফিরে গিয়েছিলো।

এখন অনেক নারী ও শিশু তরবারির আঘাতে নিহত হয়েছিলো, এবং তাদের অনেক মেষপাল ও তাদের পশুপালও; এবং তাদের অনেক শস্যক্ষেতও ধ্বংস করা হয়েছিলো, কারণ তারা বড় এক বাহিনীর দ্বারা পদদলিত হয়েছিলো।

এবং এখন সীদোন নদীর তীরে যতজন লামানীয় ও আমলাছীয়দের হত্যা করা হয়েছিলো তাদেরকে সীদোনের জলে নিক্ষেপ করা হয়েছিলো; এবং দেখো, তাদের হাড়গোড় সমুদ্রের গভীরে রয়েছে এবং সেগুলো অনেক।

এবং আমলাছীয়রা নেফীয়দের থেকে আলাদা ছিলো, কারণ তারা লামানীয়দের মতো করে তাদের কপালে লাল রঙের চিহ্ন ধারণ করেছিলো; তবুও তারা লামানীয়দের মতো করে মাথা কামায়নি।

এখন লামানীয়দের মাথা কামানো হলো; এবং তারা নগ্ন ছিলো, কেবল তাদের কটিদেশে চামড়ার আবরণ ছিলো, এবং তাদের বর্ম, এবং তাদের ধনুক, তীর, তাদের পাথর, এবং তাদের গুলতি, এবং আরও অনেক কিছু, যেগুলো তাদের সাথে ছিলো।

এবং তাদের পূর্বপুরুষদের উপরে যে চিহ্ন স্থাপন করা হয়েছিলো সেই অনুসারে লামানীয়দের গায়ের চামড়া শ্যাম বর্ণ ছিলো, যা তাদের ভাইদের বিরুদ্ধে অপরাধ এবং বিদ্রোহ করার জন্য তাদের উপর একটা অভিশাপ ছিলো, যার মধ্যে অর্ন্তভুক্ত ছিলেন নেফী, যাকোব, এবং যোষেফ, এবং সাম, যারা ন্যায়পরায়ণ ও পবিত্র লোক ছিলেন।

এবং তাঁদের ভাইয়েরা তাঁদের ধ্বংস করতে চেয়েছিলো, তাই তারা অভিশপ্ত হয়েছিলো; এবং প্রভু ঈশ্বর তাদের উপর চিহ্ন স্থাপন করলেন, হ্যাঁ, লামান ও লেমুয়েল, এবং ইশ্মায়েলের পুত্রদের, এবং ইশ্মায়েলীয়দের নারীদের উপরও।

এবং এটা করা হয়েছিলো যাতে তাদের বংশধর তাদের ভাইদের বংশধর থেকে পৃথক হয়, যাতে প্রভু ঈশ্বর এইভাবে তাঁর লোকদের রক্ষা করতে পারেন, যাতে তারা তাদের ভাইদের সাথে মিশে না যায় এবং ভুল ঐতিহ্যে বিশ্বাস না করে যা তাদের ধ্বংস বয়ে আনবে।

এবং এটা ঘটলো যে, যে কেউ তার বংশধরকে লামানীয়দের বংশধরদের সাথে মিশ্রিত করেছে সে তার বংশের উপর একই অভিশাপ নিয়ে এসেছে।

১০ অতএব, যে কেউ লামানীয়দের দ্বারা নিজেকে পরিচালিত করার জন্য সম্মতি দিয়েছিলো তাকে একই শ্রেনী ভুক্ত বলা হতো, এবং তার উপর একটা চিহ্ন স্থাপন করা হয়েছিলো।

১১ এবং এটা ঘটলো যে, যারা লামানীয়দের রীতিনীতিতে বিশ্বাস করবে না, কিন্তু যিরূশালেমের ভূমি থেকে আনা সেই নথিগুলোতে এবং তাদের পূর্বপুরুষদের রীতিনীতিতে বিশ্বাস করেছিলো, যা ছিলো সঠিক, যারা ঈশ্বরের আজ্ঞায় বিশ্বাস করেছিলো এবং সেগুলো পালন করেছিলো, সেই সময় থেকে তাদেরকে নেফীয়, বা নেফীর লোক বলা হতো—

১২ এবং এরা হলো তারা যারা তাদের লোকদের এবং লামানীয় লোকদের সত্য নথিগুলো রেখেছে।

১৩ এখন আমরা আবার আমলাছীয়দের কাছে ফিরে যাই, কারণ তাদের উপরও একটা চিহ্ন স্থাপন করা হয়েছিলো; হ্যাঁ, তারা নিজেদের উপর চিহ্ন স্থাপন করেছিলো, হ্যাঁ, এমনকি তাদের কপালে একটা লাল রঙের চিহ্ন।

১৪ এইভাবে ঈশ্বরের বাক্য পরিপূর্ণ হলো, কারণ এই বাক্যগুলো যা তিনি নেফীকে বলেছিলেন: দেখো, লামানীয়দের আমি অভিশাপ দিয়েছি, এবং আমি তাদের উপর একটা চিহ্ন স্থাপন করবো যাতে তারা এবং তাদের বংশধর, এই সময় থেকে এবং চিরকালের জন্য, তোমার এবং তোমার বংশধরদের থেকে পৃথক হয়, যদি না তারা তাদের মন্দতার জন্য অনুতাপ করে এবং আমার কাছে ফিরে আসে যাতে আমি তাদের প্রতি করুণা করতে পারি।

১৫ এবং আবার: আমি তার উপর একটা চিহ্ন স্থাপন করবো, যে তার বংশধরদের তোমার ভাইদের সাথে মিশ্রিত করবে, যাতে তারাও অভিশপ্ত হয়।

১৬ এবং আবার: আমি তার উপর একটা চিহ্ন স্থাপন করবো, যে তোমার এবং তোমার বংশধরদের বিরুদ্ধে বিবাদ করবে।

১৭ এবং আবার, আমি বলছি সে, যে তোমার কাছ থেকে চলে যায়, তাকে আর তোমার বংশধর বলা হবে না; এবং আমি তোমাকে আশীর্বাদ করবো, এবং যাকে তোমার বংশধর বলা হবে, এই সময় থেকে এবং চিরকালের জন্য; এবং নেফী ও তাঁর বংশধরদের কাছে প্রভুর এই প্রতিশ্রুতি ছিলো।

১৮ এখন আমলাছীয়রা জানতো না যে, তারা ঈশ্বরের বাণী পূর্ণ করেছে যখন তারা নিজেরা তাদের কপালে চিহ্ন স্থাপন শুরু করেছিলো; তবুও তারা ঈশ্বরের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহে বেরিয়ে এসেছিলো; সুতরাং তাদের উপর অভিশাপ নেমে আসবে এটা সমীচীন ছিলো।

১৯ এখন আমি চাই যে, তোমরা দেখো যে, তারা নিজেদের উপর অভিশাপ নিয়ে এসেছে; এবং এরূপ প্রত্যেক অভিশপ্ত ব্যক্তি নিজের দোষ নিজের উপর নিয়ে আসে।

২০ এখন এটা ঘটলো যে, সেরহমলার ভূমিতে লামানীয়দের ও আমলাছীয়দের দ্বারা যে যুদ্ধ হয়েছিলো তার অল্প দিন পরেই লামানীয়দের আরেকটা সৈন্যবাহিনী নেফীর জনগণের উপর এসেছিলো, একই জায়গায় যেখানে প্রথম সৈন্যবাহিনী আমলাছীয়দের বিরুদ্ধে লড়াই করেছিলো।

২১ এবং এটা ঘটলো যে, একদল সৈন্যবাহিনী পাঠানো হয়েছিলো তাদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করার জন্য।

২২ এখন আলমা নিজেই ক্ষত দ্বারা দুর্দশাগ্রস্ত হয়ে লামানীয়দের বিরুদ্ধে এই সময়ে যুদ্ধে যাননি;

২৩ কিন্তু তিনি তাদের বিরুদ্ধে অসংখ্য সৈন্য প্রেরণ করলেন; এবং তারা উপরে গিয়ে অনেক লামানীয়দের হত্যা করলো, এবং অবশিষ্টাংশদের তাদের ভূমির সীমানা থেকে তাড়িয়ে দিয়েছিলো।

২৪ এবং তারপর তারা আবার ফিরে এলো এবং ভূমিতে শান্তি প্রতিষ্ঠা করতে লাগলো, কিছু সময়ের জন্য তাদের শত্রুদের দ্বারা আর যন্ত্রণাগ্রস্ত হলো না।

২৫ এখন এই সমস্ত কাজ করা হয়েছিলো, হ্যাঁ, এই সমস্ত যুদ্ধ এবং বিবাদ বিচারকদের রাজত্বকালের পঞ্চম বছরে শুরু এবং শেষ হয়েছিলো।

২৬ এবং এক বছরের মধ্যে হাজার ও দশ হাজারেরও বেশি আত্মাকে অনন্ত জগতে পাঠানো হয়েছিলো, যাতে তারা তাদের কাজ অনুসারে তাদের পুরষ্কার পেতে পারে, তারা ভালো হোক বা মন্দ হোক, অনন্ত সুখ বা অনন্ত দুঃখের পুরষ্কার পাওয়ার জন্য, তারা যে আত্মাকে মান্য করার জন্য তালিকাভুক্ত হয়েছিলো সেই অনুসারে, তা ভালো আত্মা হোক বা মন্দ হোক।

২৭ কারণ প্রত্যেক মানুষ যাকে মান্য করতে চায় তার কাছ থেকে মজুরি পায়, এবং এটা ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার অনুসারে হয়; অতএব এটা সত্য অনুসারে হোক। এবং এভাবেই শেষ হয় বিচারকদের রাজত্বকালের পঞ্চম বছর।