ধর্মশাস্ত্র
আলমা ৫৪


অধ্যায় ৫৪

অম্মোরোন এবং মরনী বন্দী বিনিময় করা নিয়ে আলোচনা করেন—মরনী দাবি করেন যে লামানীয়রা তাদের হত্যাকারী আক্রমণ প্রত্যাহার করে এবং বন্ধ করে দেয়—অম্মোরোন দাবি করে যে নেফীয়রা তাদের অস্ত্র ফেলে দেয় এবং লামানীয়দের অধীনস্থ হোক। প্রায় ৬৩ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন এটা ঘটলো যে বিচারকদের ঊনত্রিশতম বছরের শুরুতে, অম্মোরোন মরনীকে বার্তা পাঠালো যে সে বন্দীদের বিনিময় করবে।

এবং এটা ঘটলো যে মরনী এই অনুরোধে অত্যন্ত আনন্দিত বোধ করেছিলেন, কারণ লামানীয় বন্দীদের ভরণপোষণের জন্য যে খাদ্যসামগ্রীগুলো দান করা হয়েছিলো তা তিনি তাঁর নিজের লোকেদের ভরণপোষণের জন্য চেয়েছিলেন; এবং তিনি এটাও চেয়েছিলেন তাঁর নিজের লোকদের দ্বারা তাঁর সৈন্যবাহিনীকে শক্তিশালী করতে।

এখন লামানীয়রা অনেক মহিলা ও শিশুকে বন্দী করে নিয়ে গিয়েছিলো, এবং মরনীর সমস্ত বন্দীদের মধ্যে, বা মরনী যাদেরকে বন্দী করেছিলেন তাদের মধ্যে কোনো মহিলা বা শিশু ছিলো না; তাই মরনী লামানীয়দের কাছ থেকে যতটা সম্ভব নেফীয় বন্দীদের পাওয়ার জন্য একটা কৌশল সাব্যস্ত করেছিলেন।

তাই তিনি একটা পত্র লিখেছিলেন, এবং সেটা পাঠিয়েছিলেন অম্মোরোনের দাসকে দিয়ে, সেই একই ব্যক্তি যে মরনীর কাছে একটা পত্র নিয়ে এসেছিলো। এখন এই হলো সেই বাক্য যা তিনি অম্মোরোনের কাছে লিখেছিলেন:

দেখো, অম্মোরোন, আমি তোমার কাছে এই যুদ্ধ সম্পর্কে কিছু লিখেছি যা তোমরা আমার লোকদের বিরুদ্ধে করেছিলে, বা বরং যা তোমার ভাই তাদের বিরুদ্ধে চালিয়েছিলো, এবং যা তোমরা তার মৃত্যুর পরেও চালিয়ে যেতে মনস্থ করেছো।

দেখো, আমি তোমাকে ঈশ্বরের ন্যায়বিচার সম্পর্কে, এবং তাঁর সর্বশক্তিমান ক্রোধের তরবারি সম্পর্কে কিছু বলতে চাই, যা তোমাদের উপর ঝুলছে, যদি তোমরা অনুতাপ না করো এবং তোমাদের সৈন্যবাহিনীকে নিজেদের ভূমিতে ফিরিয়ে না নাও, বা তোমাদের দখল করা ভূমিতে, যা হলো নেফীর ভূমি।

হ্যাঁ, আমি তোমাকে এই বিষয়গুলো বলতাম যদি তোমার এগুলো শোনার যোগ্যতা থাকতো; হ্যাঁ, আমি তোমাকে সেই ভয়ঙ্কর নরক সম্পর্কে বলতাম যা তোমার এবং তোমার ভাইয়ের মতো হত্যাকারীদের জন্য অপেক্ষা করছে, যদি তোমরা অনুতাপ না করো এবং তোমাদের হত্যাকারী উদ্দেশ্য প্রত্যাহার না করো, এবং নিজেদের সৈন্যবাহিনী নিয়ে তোমাদের নিজের ভূমিতে ফিরে না যাও।

কিন্তু যেহেতু তোমরা যেমন একবার এই সব বিষয় প্রত্যাখ্যান করেছিলে, এবং প্রভুর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করেছো, তাই আমি আশা করতে পারি তোমরা সেটা আবারও করবে।

এবং এখন দেখো, আমরা তোমাদের যুদ্ধে মুখোমুখি হতে প্রস্তুত আছি; হ্যাঁ, এবং যদি তুমি তোমার উদ্দেশ্য প্রত্যাহার না করো, দেখো, তোমরা ঈশ্বরের সেই ক্রোধকে নিয়ে আসতে বাধ্য করবে যাকে তোমরা তোমাদের থেকে প্রত্যাখ্যান করেছো, এমনকি তোমাদের সম্পূর্ণ ধ্বংস পর্যন্ত।

১০ কিন্তু, প্রভু যেহেতু জীবিত আছেন, আমাদের সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করতে আসবে, যদি তোমরা প্রত্যাহার না করো, এবং শীঘ্রই তোমাদের মৃত্যু ঘটবে, কারণ আমরা আমাদের শহর ও আমাদের ভূমিগুলো ধরে রাখবো; হ্যাঁ, এবং আমরা আমাদের ধর্ম এবং আমাদের ঈশ্বরের কারণকে বজায় রাখবো।

১১ কিন্তু দেখো, আমার মনে হচ্ছে আমি তোমার সাথে এসব নিয়ে বৃথা কথা বলছি; অথবা আমার মনে হয় তুমি নরকের সন্তান; তাই আমি তোমাকে এই বলে আমার পত্রটা শেষ করছি যে আমি বন্দীদের বিনিময় করবো না, তবে এই শর্তে করবো যে একজন বন্দীর বিনিময়ে, তোমরা একজন পুরুষ ও তার স্ত্রী ও তার সন্তানদের প্রদান করবে; যদি এমনটাতে তোমরা রাজি হও, আমি বিনিময় করবো।

১২ এবং দেখো, তোমরা যদি তা না করো, তবে আমি আমার সৈন্যবাহিনী নিয়ে তোমাদের বিরুদ্ধে আসবো; হ্যাঁ, এমনকি আমি আমাদের মহিলাদের ও আমাদের সন্তানদের সশস্ত্র করবো, এবং আমি তোমাদের বিরুদ্ধে আসবো, এবং আমি এমনকি তোমাদের নিজেদের ভূমিতেও যাবো যেটা হলো আমাদের প্রথম উত্তরাধিকারের ভূমি; হ্যাঁ, এবং রক্তের বদলে রক্তপাত ​​হবে, হ্যাঁ, জীবনের বদলে জীবন নেওয়া হবে; যতক্ষণ না তোমরা ভূমণ্ডল থেকে ধ্বংস না হচ্ছো ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো।

১৩ দেখো, আমি, এবং আমার লোকেরাও ক্রুদ্ধ হয়ে আছে; তোমরা আমাদের হত্যা করতে চেয়েছো, এবং আমরা কেবল নিজেদের রক্ষা করতে চেয়েছি। কিন্তু দেখো, যদি তোমরা আমাদের আরও ধ্বংস করতে চাও তবে আমরা তোমাদের ধ্বংস করতে চাইবো; হ্যাঁ, এবং আমরা আমাদের ভূমি, আমাদের প্রথম উত্তরাধিকারের ভূমি নেওয়ার চেষ্টা করবো।

১৪ এখন আমি আমার পত্র শেষ করছি। আমি মরনী; আমি হলাম নেফীয় লোকেদের একজন দলনেতা।

১৫ এখন এটা ঘটলো যে অম্মোরোন, যখন এই পত্রটা পেলো, সে রেগে গিয়েছিলো; এবং সে মরনীর কাছে আরেকটা পত্র লিখেছিলো, এবং এই বাক্যগুলো সে লিখেছিলো:

১৬ আমি অম্মোরোন, লামানীয়দের রাজা; আমি অমালিকীয়ার ভাই যাকে তোমরা হত্যা করেছো। দেখো, আমি তোমাদের থেকে তার রক্তের প্রতিশোধ নেবো, হ্যাঁ, এবং আমি আমার সৈন্যবাহিনী নিয়ে তোমাদের বিরুদ্ধে আসবো, কারণ আমি তোমার হুমকিকে ভয় করি না।

১৭ কেননা দেখো, তোমাদের পূর্বপুরুষেরা তাদের ভাইদের বিরুদ্ধে এতোটাই অন্যায় করেছিলো, যে তারা তাদের শাসনের অধিকার কেড়ে নিয়েছিলো যখন সেটা তাদের অধিকার ছিলো।

১৮ এবং এখন দেখো, যদি তোমরা তোমাদের অস্ত্র নামিয়ে রাখো, এবং নিজেদেরকে তাদের দ্বারা শাসিত হতে দাও যাদের কাছে সরকার সঠিকভাবে অধিকারভুক্ত, তাহলে আমি আমার লোকেদের আদেশ করবো তাদের অস্ত্র ত্যাগ করতে এবং তারা যুদ্ধে আর যাবে না।

১৯ দেখো, তুমি আমার ও আমার লোকদের বিরুদ্ধে অনেক হুমকি দিয়েছো; কিন্তু দেখো, আমরা তোমার হুমকিতে ভয় পাই না।

২০ তবুও, আমি আনন্দের সাথে, তোমার অনুরোধ অনুসারে বন্দীদের বিনিময় করার অনুমতি দেবো, যাতে আমি আমার সৈন্যদের জন্য আমার খাদ্য সংরক্ষণ করতে পারি; এবং আমরা একটা যুদ্ধ চালিয়ে যাবো যা চিরন্তন থাকবে, হয় নেফীয়দেরকে আমাদের কর্তৃত্বের অধীনে আনার জন্য বা তাদের চিরন্তন বিনাশের জন্য।

২১ এবং সেই ঈশ্বর সম্বন্ধে তুমি যাকে বলছো আমরা প্রত্যাখ্যান করেছি, দেখো, আমরা এমন কোনো সত্তাকে জানি না; তোমরাও জানো না; কিন্তু যদি এমন হয় যে এমন কোনো সত্তা আছে, যা আমরা জানি না তবে তিনি আমাদেরকেও তোমাদের মতো করেই সৃষ্টি করেছেন।

২২ এবং যদি এমন হয় যে একটা শয়তান এবং একটা নরক আছে, দেখো সে কি তোমাকে আমার ভাইয়ের সাথে বাস করতে পাঠাবে না যাকে তোমরা হত্যা করেছো, যাকে তোমরা ইঙ্গিত দিয়েছো যে সে এমন জায়গায় গেছে? কিন্তু দেখো এই জিনিসগুলো কোনো ব্যাপার না।

২৩ আমি অম্মোরোন, এবং সোরমের একজন বংশধর, যাকে তোমার পূর্বপুরুষেরা যিরূশালেম থেকে জোড় করে বের করে এনেছিলো।

২৪ এবং এখন দেখো, আমি একজন সাহসী লামানীয়; দেখো, এই যুদ্ধ চালিয়ে যাওয়া হয়েছে তাদের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য, এবং তাদের শাসনের অধিকার বজায় রাখতে এবং অর্জন করার জন্য; এবং আমি মরনীর কাছে আমার পত্র লেখা শেষ করছি।