যেরোমের পুস্তক
অধ্যায় ১
নেফীয়রা মোশির আইন মেনে চলে, খ্রীষ্টের আগমনের প্রত্যাশা করে, এবং সেই ভূমিতে সমৃদ্ধি লাভ করে—অনেক ভাববাদীরা জনগণদের সত্যের পথে রাখতে পরিশ্রম করেন। প্রায় ৩৯৯–৩৬১ খ্রীষ্টপূর্বাব্দে
১ এখন দেখো, আমি, যেরোম, আমার পিতা ইনোশের আজ্ঞা অনুসারে কিছু কথা লিখছি, যাতে আমাদের বংশবৃতান্ত পর্যায়ক্রমে রাখতে পারা যায়।
২ এবং যেহেতু এই ফলকগুলো ছোট, এবং যেহেতু এই বিষয়গুলো আমাদের ভাই সেই লামানীয়দের সুবিধার উদ্দেশ্যে লেখা হয়েছে, সেইজন্য, এটা অবশ্যই প্রয়োজন যে আমি সামান্য কিছু লিখি; কিন্তু আমি আমার ভবিষ্যদ্বাণীর কিংবা আমার দৈববানীর সম্পর্কে কিছুই লিখবো না। কারণ আমি আমার পিতৃপুরুষদের লেখার থেকে আর বেশি কি লিখতে পারি? কারণ তাঁরা কি পরিত্রাণের পরিকল্পনা সম্পর্কে প্রকাশ করেননি? আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ; এবং এটাই আমার কাছে যথেষ্ট।
৩ দেখো, তাদের হৃদয়ের কঠোরতা, এবং তাদের কানের বধিরতা, এবং তাদের অন্তরের অন্ধত্ব, এবং তাদের জেদী ব্যবহারের জন্য, এটা প্রয়োজন যে এই মানুষদের মধ্যে অনেক কিছু করতে হবে; কিন্তু, ঈশ্বর তাদের প্রতি অত্যন্ত করুণাময়, এবং এখনো তাদের ভূমণ্ডল থেকে মুছে ফেলেননি।
৪ এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক দৈববানী পেয়েছে, কারণ তারা সবাই জেদী নয়। এবং যতজন জেদী নয় এবং বিশ্বাস রাখে, পবিত্র আত্মার সাথে যোগাযোগ রয়েছে, যিনি মনুষ্য সন্তানদের কাছে তাদের বিশ্বাস অনুসারে বিষয়গুলো প্রকাশ করবেন।
৫ এবং এখন, দেখো, দুইশত বছর পার হয়ে গিয়েছিলো, এবং নেফীর লোকেরা সেই ভূমিতে শক্তিশালী হয়ে উঠেছিলো। তারা প্রভুর উদ্দেশ্যে মোশির আইন এবং বিশ্রামবার পবিত্র রাখার চেষ্টা করেছিলো। এবং তারা ধর্মনিন্দা করেনি; তারা ঈশ্বরনিন্দাও করেনি। এবং সেই ভূমিতে আইনগুলো অত্যন্ত সুনির্দিষ্ট ছিলো।
৬ এবং তারা বেশিরভাগ ভূমণ্ডলের উপরে বিক্ষিপ্ত অবস্থায় ছিলো, এবং লামানীয়রাও। এবং তারা নেফীয়দের থেকেও সংখ্যায় অত্যন্ত বেশি ছিলো; এবং তারা হত্যা করতে ভালবাসতো এবং পশুর রক্ত পান করতো।
৭ এবং এটা ঘটলো যে, তারা অনেকবার আমাদের, নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলো। কিন্তু আমাদের রাজারা এবং আমাদের দলনেতারা প্রভুর প্রতি বিশ্বাসে শক্তিশালী ছিলেন; এবং তাঁরা জনগণদের প্রভুর নীতিগুলোর সম্বন্ধে শিখিয়েছিলেন; অতএব, আমরা লামানীয়দের প্রতিরোধ করেছিলাম এবং আমাদের ভূমির বাইরে তাদেরকে বিতাড়িত করেছিলাম, এবং আমাদের শহরগুলো কিংবা আমাদের উত্তরাধিকারের সকল জায়গা শক্তিশালী করতে শুরু করেছিলাম।
৮ এবং আমরা সংখ্যায় অত্যন্তভাবে বৃদ্ধি পেয়েছিলাম, এবং ভূমণ্ডলের উপরে ছড়িয়ে পড়েছিলাম, এবং সোনায়, এবং রূপায়, এবং মূল্যবান জিনিসে, এবং কাঠের দক্ষ কারিগরে, এবং ভবনে, এবং যন্ত্রে, এবং লোহা ও তামায়, এবং পিতল ও ইস্পাতে ধনী হয়ে উঠেছিলাম, এবং মাটি চাষের জন্য সকল ধরনের সব রকমের যন্ত্রপাতি, এবং যুদ্ধের অস্ত্র—হ্যাঁ, তীক্ষ্ণ প্রান্ত তীর, এবং তূণীর, এবং বাণ, এবং বর্শা তৈরি করেছি, এবং যুদ্ধের জন্য সকল প্রস্তুতি নিয়েছিলাম।
৯ এবং এইভাবে আমরা লামানীয়দের বিরুদ্ধে প্রস্তুত থাকার কারণে, তারা আমাদের বিরুদ্ধে সফল হতে পারেনি। কিন্তু প্রভুর বাক্যের সত্যতা প্রমাণিত হয়েছিলো, যা তিনি আমাদের পিতৃপুরুষদেরকে বলেছিলেন, এটা বলেছিলেন যে: যদি তোমরা আমার আজ্ঞা পালন করো তোমরা ভূমিতে সমৃদ্ধি লাভ করতে পারবে।
১০ এবং এটা ঘটলো যে, প্রভুর ভাববাদীগণ নেফীর লোকেদেরকে প্রভুর বাক্য অনুসারে সতর্ক করেছিলেন যে, যদি তারা আজ্ঞা পালন না করে, বরং পাপে পতিত হয়, তারা ভূমণ্ডল থেকে ধ্বংস হয়ে যাবে।
১১ অতএব, ভাববাদীগণ, এবং যাজকগণ, শিক্ষকেরা, অধ্যবসায়ের সাথে পরিশ্রম করেছেন, সমস্ত দীর্ঘ-সহিষ্ণুতা দিয়ে জনগণদের অধ্যবসায়ী হতে পরামর্শ দিয়েছেন; সেই মোশির আইন, এবং যে উদ্দেশ্যের জন্য এটা দেওয়া হয়েছিলো তা শিখিয়েছেন; মশীহের জন্য প্রত্যাশা করতে এবং তাঁর প্রতি বিশ্বাস করতে বুঝিয়েছিলেন যেনো তিনি ইতিপূর্বে ছিলেন। এবং এই প্রকারে তাঁরা তাদের শিখিয়েছিলেন।
১২ এবং এটা ঘটলো যে, এইভাবে তাঁরা তাদের সেই ভূমণ্ডল থেকে ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করেছিলেন; যেহেতু তাঁরা বাক্য দ্বারা তাদের হৃদয় বিদ্ধ করেছিলেন, ক্রমাগতভাবে তাদেরকে অনুতাপ করতে উদ্বুদ্ধ করেছিলেন।
১৩ এবং এটা ঘটলো যে, দুইশত আটত্রিশ বছর পার হয়ে গিয়েছিলো—বহু সময়কাল ধরে এই প্রকারের যুদ্ধ, এবং বিবাদ, এবং বিরোধের জন্য।
১৪ এবং আমি, যেরোম, আর কিছু লিখবো না, কারণ ফলকগুলো ছোট। কিন্তু দেখো, আমার ভাইয়েরা, নেফীর অন্য ফলকগুলো দেখতে পারো; কারণ দেখো, রাজাদের লেখা অনুসারে, এগুলোর উপরে আমাদের যুদ্ধের সেই নথি খোদাই করা আছে, অথবা সেগুলো যা তাদের লিখতে আজ্ঞা দেওয়া হয়েছিলো।
১৫ এবং আমি এই ফলকগুলো আমার পুত্র ওমনীর হাতে হস্তান্তর করলাম, যাতে এগুলো আমার পিতৃপুরুষদের আদেশ অনুসারে পর্যায়ক্রমে লেখা হয়।