ধর্মশাস্ত্র
আলমা ২৩


অধ্যায় ২৩

ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করা হয়েছে—সাতটা ভূমিতে এবং শহরে লামানীয়রা ধর্মান্তরিত হয়েছে—তারা নিজেদেরকে অ্যান্টি-নেফী-লেহীয় বলে ডাকতো এবং তারা অভিশাপ থেকে মুক্ত হয়—অমালেকীয় এবং আমূলনীয়রা সত্যকে প্রত্যাখ্যান করে। প্রায় ৯০–৭৭ খ্রীষ্টপূর্বাব্দে

দেখো, এখন লামানীয়দের রাজা তাঁর সমস্ত লোকের মধ্যে এই ঘোষণা পাঠালেন যে, তারা যেনো অম্মোন, হারোণ, ওমনার, বা হিমনীর উপরে হাত না দেয়, অথবা তাঁদের ভাইদের উপরেও না, তাঁরা ঈশ্বরের বাক্য প্রচার করতে যে কোনো জায়গায় এবং তাদের ভূমির যে কোনো অংশে যাক না কেনো।

হ্যাঁ, তিনি তাদের মধ্যে একটা আদেশ পাঠালেন, যেনো তারা তাঁদের বেঁধে রাখার জন্য তাদের উপর হাত না দেয়, এবং তাঁদের কারাগারে নিক্ষেপ না করে; তারা তাঁদের উপর থুথুও ফেলবে না, তাঁদের আঘাত করবে না, তাঁদের উপাসনালয় থেকে বের করে দেবে না, চাবুক মারবে না; তারা তাঁদের উপর পাথর নিক্ষেপ করবে না, বরং তাদের গৃহে, তাদের ধর্মধামে, এবং তাদের পবিত্র স্থানগুলোতে তাঁদের অবাধ প্রবেশাধিকার থাকবে।

এবং এইভাবে তাঁরা বের হয়ে তাঁদের ইচ্ছানুসারে বাক্য প্রচার করতে পারতো, কারণ রাজা এবং তাঁর গৃহের সকলেই প্রভুতে পরিবর্তিত হয়েছিলো; তাই তিনি সমস্ত ভূমিতে তাঁর লোকদের কাছে তাঁর ঘোষণা পাঠালেন, যেনো ঈশ্বরের বাক্য প্রচারে কোনো বাধা না থাকে, কিন্তু তা যেনো সমস্ত ভূমিতে ছড়িয়ে পড়ে, যেনো তাঁর লোকেরা তাদের পূর্বপুরুষদের মন্দ রীতিনীতি সম্পর্কে বুঝতে পারে, এবং তারা যাতে বুঝতে পারে যে তারা সকলেই ভাই, এবং তাদের হত্যা করা, লু্ঠ করা, চুরি করা, ব্যভিচার করা, কোনো ধরনের মন্দ কাজও করা উচিত নয়।

এবং এখন এটা ঘটলো যে যখন রাজা এই ঘোষণা পাঠালেন, তখন হারোণ ও তাঁর ভ্রাতৃগণ শহর থেকে শহরে, এবং এক আরাধনার গৃহ থেকে অন্য আরাধনার গৃহে গেলেন, মন্ডলী স্থাপন করলেন, এবং লামানীয়দের মধ্যে সমস্ত ভূমিতে যাজক ও শিক্ষকদের নিযুক্ত করলেন, তাদের মধ্যে প্রচার করতে ও ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার জন্য; এবং এইভাবেই তাঁরা ব্যাপক সফলতা পেতে শুরু করলো।

এবং হাজার হাজার লোককে প্রভুর জ্ঞানে আনা হয়েছিলো, হ্যাঁ, হাজার হাজার লোক নেফীয়দের রীতিনীতিতে বিশ্বাস করেছিলো; এবং তাদেরকে সেই সব নথি ও ভবিষ্যদ্বাণী শেখানো হয়েছিলো যা এমনকি বর্তমান সময় পর্যন্ত হস্তান্তর করা হয়েছিলো।

এবং জীবন্ত প্রভুর দিব্যি, নিশ্চিতভাবে যতজন তাঁকে বিশ্বাস করে, অথবা যতজনকে সত্যের জ্ঞানে আনা হয়েছে, অম্মোন ও তাঁর ভাইদের প্রচারের মাধ্যমে, দৈববানীর অধ্যাত্মিক উপহার ও ভবিষ্যদ্বাণীর অধ্যাত্মিক উপহার অনুসারে, এবং তাঁদের মধ্যে ঈশ্বরের শক্তি অলৌকিক ভাবে কাজ করেছে—হ্যাঁ, আমি তোমাদের বলছি, জীবন্ত প্রভুর দিব্যি, যতোজন লামানীয়রা তাঁদের প্রচারে বিশ্বাস করেছিলো, এবং প্রভুতে পরিবর্তিত হয়েছিলো, তাদের আর কখনো পতন হয়নি।

কারণ তারা ধার্মিক জাতি হয়ে উঠেছিলো; তারা তাদের বিদ্রোহের অস্ত্র ফেলে দিয়েছিলো, যাতে তারা আর কখনো ঈশ্বরের বিরুদ্ধে, না তাদের কোনো ভাইয়ের বিরুদ্ধেও যুদ্ধ করে।

এখন, এরাই তারা যারা প্রভুতে পরিবর্তিত হয়েছিলো:

সেই লামানীয় লোকেরা যারা ইশ্মায়েলের ভূমিতে ছিলো;

১০ এবং আরও সেই লামানীয় লোকেরা যারা মিদ্দোনীর ভূমিতে ছিলো;

১১ এবং আরও সেই লামানীয় লোকেরা যারা নেফীর শহরে ছিলো;

১২ এবং আরও সেই লামানীয় লোকেরা যারা শীলোমের ভূমিতে ছিলো, এবং যারা শেমলোনের ভূমিতে ছিলো, লেমুয়েল শহরে ও শীমনীলোম শহরে ছিলো।

১৩ এবং এগুলো হলো লামানীয়দের শহরগুলোর নাম যেগুলো প্রভুতে পরিবর্তিত হয়েছিলো; এবং এরাই তারা যারা বিদ্রোহের অস্ত্র ফেলে দিয়েছিলো, হ্যাঁ, তাদের যুদ্ধের সকল অস্ত্র; এবং তারা সকলেই লামানীয় ছিলো।

১৪ এবং অমালেকীয়রা পরিবর্তিত হয়নি, কেবল একজন ছাড়া; আমূলনীয়দের মধ্যে একজনও না; কিন্তু তারা তাদের হৃদয় কঠোর করেছিলো, তারা যেখানেই বাস করতো সেখানের কিছু অংশে লামানীয়দের হৃদয়কেও কঠোর করে তুলেছিলো, হ্যাঁ, এবং তাদের সমস্ত গ্রাম ও তাদের সমস্ত শহরগুলোতে।

১৫ অতএব, আমরা লামানীয়দের সমস্ত শহরের নাম উল্লেখ করেছি যেখানে তারা অনুতাপ করেছিলো এবং সত্যের জ্ঞানে এসেছিলো, এবং পরিবর্তিত হয়েছিলো।

১৬ এবং এখন এটা ঘটলো যে রাজা এবং যারা পরিবর্তিত হয়েছিলো তারা চেয়েছিলো যেনো তাদের একটা নাম থাকুক, যাতে তাদের ভাইদের থেকে তাদের পৃথক করা যায়; তাই রাজা, হারোণ এবং তাদের অনেকজন যাজকের সাথে পরামর্শ করলেন, নামের প্রসঙ্গে যা তাদের গ্রহণ করা উচিত, যাতে তারা পৃথক হতে পারে।

১৭ এবং এটা ঘটলো যে, তারা তাদের নাম ‌অ্যান্টি-নেফী-লেহী রাখলো; এবং তাদের এই নামেই ডাকা হতো এবং তাদেরকে আর লামানীয় বলা হতো না।

১৮ এবং তারা খুবই পরিশ্রমী জাতি হতে শুরু করেছিলো; হ্যাঁ, এবং তারা নেফীয়দের সাথে বন্ধুত্বপূর্ণ ছিলো; অতএব, তারা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু করলো, এবং তাদের উপর আর ঈশ্বরের অভিশাপ থাকলো না।