অধ্যায় ৪
আলমা সহস্র ধর্মান্তরিত ব্যক্তিদের বাপ্তিস্ম দেন—মন্ডলীতে অন্যায় প্রবেশ করে এবং মন্ডলীর অগ্রগতি বাধাগ্রস্ত হয়—নেফীহাকে প্রধান বিচারক নিযুক্ত করা হয়—আলমা, মহাযাজক হিসাবে, পরিচর্যা কাজে নিজেকে উৎসর্গ করেন। প্রায় ৮৬–৮৩ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এটা ঘটলো নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের ষষ্ঠ বছরে, সেরহমলার ভূমিতে কোন যুদ্ধ বিবাদ ছিলো না;
২ কিন্তু জনগণ কষ্ট পেয়েছিলো, হ্যাঁ, তাদের ভাইদের হারানোর জন্য, এবং তাদের মেষপাল ও পশুপাল হারানোর জন্যও, এবং তাদের শস্যের ক্ষেতগুলো হারানোর জন্যও প্রচন্ড কষ্ট পেয়েছিলো, যা লামানীয়দের দ্বারা পদদলিত হয়েছিলো এবং ধ্বংস হয়েছিলো।
৩ এবং তাদের কষ্ট এতো বেশি ছিলো যে, প্রত্যেক আত্মা শোক প্রকাশ করেছিলো; এবং তারা বিশ্বাস করেছিলো যে, তাদের মন্দতা ও জঘন্যতার জন্য এটা তাদের উপর পাঠানো ঈশ্বরের বিচার; তাই তারা তাদের কর্তব্য স্মরণ করার জন্য জাগ্রত হয়েছিলো।
৪ এবং তারা আরও সম্পূর্ণরূপে মন্ডলী প্রতিষ্ঠা করতে শুরু করেছিলো; হ্যাঁ, এবং অনেকেই সীদোনের জলে বাপ্তিস্ম নিয়েছিলো এবং ঈশ্বরের মন্ডলীর সাথে যুক্ত হয়েছিলো; হ্যাঁ, তারা আলমার হাতে বাপ্তিস্ম নিয়েছিলো, যিনি তাঁর পিতা আলমার হাত দ্বারা মন্ডলীর জনগণের উপরে প্রধান যাজক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
৫ এবং এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের সপ্তম বছরে প্রায় তিন হাজার পাঁচশত ব্যক্তি ঈশ্বরের মন্ডলীতে একত্রিত হয়েছিলো এবং বাপ্তিস্ম নিয়েছিলো। এবং এভাবে নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের সপ্তম বছর শেষ হলো; এবং সেই সমস্ত সময় জুড়ে অবিরাম শান্তি ছিলো।
৬ এবং এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের অষ্টম বছরে, সেই মণ্ডলীর জনগণ অহংকারী হতে শুরু করেছিলো, কারণ তাদের অত্যাধিক ধনসম্পদ, এবং তাদের সূক্ষ্ম রেশম বস্ত্র, এবং তাদের সূক্ষ্মভাবে পাকানো লিনেন বস্ত্র, এবং তাদের বহু মেষপাল ও পশুপাল, তাদের সোনা, রুপা এবং সমস্ত প্রকার বহুমূল্যবান জিনিস, যা তারা তাদের শিল্প দ্বারা অর্জন করেছিলো; এবং এই সমস্ত বিষয়ে তারা নিজেদের চোখে অহংকারী হয়ে উঠেছিলো, এই কারণে তারা অতি দামী বস্ত্র পরিধান করতে লাগলো।
৭ এখন আলমার জন্য এটা অনেক কষ্টের কারণ ছিলো, হ্যাঁ, এবং আলমা যাদের শিক্ষক, এবং যাজক এবং মন্ডলীর উপর এলডার হিসেবে নিযুক্ত করেছিলেন তাদের অনেকের জন্য; হ্যাঁ, তাঁদের মধ্যে অনেকেই তাঁদের লোকদের মধ্যে যে মন্দতা আসতে শুরু করেছে সেটা দেখে তাঁরা অত্যন্ত দুঃখ পেয়েছিলেন।
৮ কারণ তাঁরা লক্ষ্য করলেন এবং অত্যন্ত দুঃখের সাথে দেখেছিলেন যে, মন্ডলীর মানুষেরা নিজেদের চোখে অহংকারে উত্তোলিত হতে শুরু করেছিলো, এবং ধনসম্পদ ও জগতের নিরর্থক বিষয়ের প্রতি তাদের হৃদয় স্থির করেছিলো, তাই তারা পরস্পরকে ঘৃণা করতে লাগলো, এবং যারা তাদের নিজের ইচ্ছা ও সন্তুষ্টি অনুসারে বিশ্বাস করেনি, তারা তাদেরকে নির্যাতন করতে শুরু করেছিলো।
৯ এবং এইভাবে, বিচারকদের রাজত্বকালের এই অষ্টম বছরে, মন্ডলীর জনগণের মধ্যে অত্যাধিক বিবাদ শুরু হয়েছিলো; হ্যাঁ, সেখানে ছিলো ঈর্ষা, এবং দ্বন্দ্ব, এবং বিদ্বেষ, এবং নির্যাতন, এবং অহংকার, এমনকি যারা ঈশ্বরের মন্ডলীর অন্তর্ভুক্ত নয় তাদের অহংকারকেও ছাড়িয়ে গিয়েছিলো।
১০ এবং এইভাবে বিচারকদের রাজত্বকালের অষ্টম বছরের সমাপ্তি ঘটে; এবং যারা মন্ডলীর অন্তর্ভুক্ত ছিলো না তাদের জন্য মন্ডলীর মন্দতা একটা বড় বাধা ছিলো; এবং এইভাবে মন্ডলী তার অগ্রগতিতে ব্যর্থ হতে শুরু করে।
১১ এবং নবম বছরের শুরুতে এটা ঘটলো, আলমা মন্ডলীর মন্দতা দেখেছিলেন, এবং তিনি আরও দেখেছিলেন যে মন্ডলীর সদস্যদের ব্যবহার যারা অবিশ্বাসী ছিলো তাদের একটা থেকে আরেকটা পাপের দিকে পরিচালিত করতে শুরু করেছিলো, এভাবে জনগণের উপর ধ্বংস নিয়ে আসছিলো।
১২ হ্যাঁ, তিনি জনগণের মধ্যে অত্যাধিক বৈষম্য দেখেছিলেন, কিছু সংখ্যক অহংকারের সাথে অন্যদেরকে তুচ্ছ করে নিজেদেরকে উত্তোলিত করেছিলো, অভাবী ও বস্ত্রহীন এবং যারা ক্ষুধার্ত ছিলো এবং যারা তৃষ্ণার্ত ছিলো এবং যারা অসুস্থ ও পীড়িত ছিলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো।
১৩ এখন এটা জনগণের মধ্যে বিলাপের একটা প্রধান কারণ ছিলো, যখন অন্যেরা নিজেদের অবমাননা করছিলো, যারা তাদের সাহায্যের প্রয়োজনে দাঁড়িয়েছিলো তাদের সাহায্য করছিলো, যেমন গরীব এবং অভাবীদের তাদের সম্পদ সহভাগিতা করা, ক্ষুধার্তদের খাওয়ানো, এবং সমস্ত ধরণের দুঃখকষ্ট ভোগ করা, খ্রীষ্টের জন্য, যিনি অবশ্যই আসবেন ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার অনুসারে;
১৪ সেই দিনের অপেক্ষায়, এভাবে তাদের পাপের জন্য ক্ষমা চাওয়া বজায় রেখেছিলো; মৃত্যুর বন্ধন থেকে যীশু খ্রীষ্টের ইচ্ছা ও ক্ষমতা ও মুক্তি অনুসারে মৃতদের পুনরুত্থানের কারণে, তারা মহা আনন্দে পরিপূর্ণ হয়েছিলো।
১৫ এবং এখন এটা ঘটেছিলো যে আলমা, ঈশ্বরের নম্র অনুসারীদের কষ্ট, এবং তাঁর অবশিষ্ট জনগণের দ্বারা তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছিলো তা দেখে, এবং তাদের সমস্ত বৈষম্য দেখে, খুব দুঃখ পেতে শুরু করেছিলেন; তবুও প্রভুর আত্মা তাঁকে নিরাশ করেননি।
১৬ এবং তিনি মন্ডলীর এলডারদের মধ্যে থেকে একজন জ্ঞানী ব্যক্তিকে বেছে নিলেন, এবং তাকে জনগণের মতামত অনুসারে ক্ষমতা দিলেন, যাতে তাঁর ক্ষমতা থাকে আইন প্রণয়ন করা প্রদত্ত আইন অনুসারে এবং জনগণের মন্দতা এবং অপরাধ অনুসারে সেগুলো কার্যকর করতে পারেন।
১৭ এখন এই ব্যক্তির নাম ছিলো নেফীহা, এবং তাঁকে প্রধান বিচারক নিযুক্ত করা হয়েছিলো; এবং তিনি বিচার করার জন্য এবং জনগণকে শাসন করার জন্য বিচার-আসনে বসেছিলেন।
১৮ এখন আলমা তাঁকে মন্ডলীর উপরে প্রধান যাজকের পদ দেননি, কিন্তু তিনি প্রধান যাজকের পদটা নিজের কাছে রেখেছিলেন; কিন্তু তিনি বিচার-আসনটা নেফীহাকে দিয়েছিলেন।
১৯ এবং তিনি তা করলেন যেনো তিনি তাঁর জনগণের মধ্যে, অথবা নেফীর জনগণের মধ্যে যেতে পারেন, যাতে তিনি তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারেন, তাদের কর্তব্য স্মরণ করিয়ে দিতে তাদের উদ্বুদ্ধ করতে পারেন, এবং ঈশ্বরের বাক্য দ্বারা তাঁর জনগণের মধ্যে যে সমস্ত অহংকার, প্রতারণা এবং যে সকল বিবাদ ছিলো তা যেনো তিনি দূর করতে পারেন, তাদের বিরুদ্ধে বিশুদ্ধ সাক্ষ্য দেওয়া ছাড়া তিনি তাদের ফিরিয়ে আনার আর কোন উপায় দেখছিলেন না।
২০ এবং এইভাবে নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের নবম বছরের শুরুতে, আলমা নেফীহাকে বিচার-আসনটা দিয়েছিলেন, এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের পবিত্র রীতির উচ্চ যাজকত্বে নিজেকে নিয়োজিত করেছিলেন, বাক্যের সাক্ষ্য বহন করতে, দৈববাণী ও ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার অনুসারে।