অধ্যায় ৬৩
শীবলন এবং পরে হেলামান পবিত্র নথিগুলোর অধিকার গ্রহণ করেন—অনেক নেফীয়রা উত্তর দিকের ভূমিতে যাত্রা করে—হগথ জাহাজ তৈরি করে, যা পশ্চিম সমুদ্রে যাত্রা করে—মরোনীহা যুদ্ধে লামানীয়দের পরাজিত করেন। প্রায় ৫৬–৫২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এটা ঘটলো নেফীর জনগণের উপর বিচারকদের রাজত্বকালের ছত্রিশতম বছরের শুরুতে, শীবলন সেই পবিত্র জিনিসগুলোর অধিকার গ্রহণ করেন যেগুলো আলমা হেলামানকে হস্তান্তর করেছিলেন।
২ এবং তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, এবং তিনি ঈশ্বরের সামনে ন্যায্যভাবে চলতেন; এবং তিনি প্রভু তাঁর ঈশ্বরের আজ্ঞা পালন করতেন, অবিরত উত্তম কর্ম করতেন; এবং তাঁর ভাইও করতো।
৩ এবং এটা ঘটলো যে মরনীও মৃত্যুবরণ করলেন। এবং এইভাবেই সমাপ্ত হলো বিচারকদের রাজত্ব কালের ছত্রিশতম বছর।
৪ এবং এটা ঘটলো যে বিচারকদের রাজত্ব কালের সাঁইত্রিশ বছরে, সেখানে পুরুষদের একটা বড়ো দল ছিলো, এমনকি পাঁচ হাজার চারশো পুরুষ, তাদের স্ত্রীদের সহ এবং তাদের ছেলেমেয়েদের নিয়ে, সেরহমলার ভূমি ত্যাগ করে উত্তরদিকের ভূমিতে চলে গেলো।
৫ এবং এটা ঘটলো যে হগথ, তিনি একজন অত্যন্ত কৌতূহলী মানুষ ছিলেন, তাই তিনি উদ্যোগী হয়ে একটা অতিশয় বিশাল জাহাজ নির্মাণ করলেন, প্রাচুর্য ভূমির সীমানায়, পরিত্যক্ত ভূমির ধারে, এবং এটাকে পশ্চিম সমুদ্রের জলে নামালেন, সরু ভূমি দিয়ে যা উত্তর দিকের ভূমিতে নিয়ে গেছে।
৬ আর দেখো, সেখানে নেফীয়দের মধ্যে অনেকে এটাতে প্রবেশ করেছিলো এবং প্রচুর খাদ্যের যোগান নিয়ে যাত্রা করেছিলো, এবং অনেক স্ত্রীলোক এবং ছেলেমেয়েরাও ছিলো; এবং তারা তাদের যাত্রা উত্তর দিকে করেছিলো। এবং এইভাবেই সাঁয়ত্রিশতম বছর সমাপ্ত হলো।
৭ এবং আটত্রিশতম বছরে, এই ব্যক্তি অন্যান্য জাহাজ নির্মাণ করেছিলেন। এবং প্রথম জাহাজটাও ফিরে এসেছিলো, এবং আরও অনেক লোক এটাতে প্রবেশ করেছিলো; এবং তারাও অনেক খাদ্যের যোগান নিয়েছিলো, এবং উত্তর দিকের ভূমিতে আবার যাত্রা করেছিলো।
৮ এবং এটা ঘটলো যে তাদের সম্পর্কে আর বেশি কিছু শোনা যায়নি। এবং আমরা ধারণা করেছি যে, তারা সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। এবং এটা ঘটলো যে অন্য একটা জাহাজ যাত্রা শুরু করেছিলো; এবং সেটা কোথায় গিয়েছে আমরা তা জানি না।
৯ এবং এটা ঘটলো যে এই বছর অনেক লোকই ছিলো যারা উত্তর দিকের ভূমিতে গিয়েছিলো। এবং এইভাবেই আটত্রিশতম বছর সমাপ্ত হলো।
১০ এবং এটা ঘটলো যে বিচারকদের রাজত্বেকালের ঊনচল্লিশতম বছরে, শীবলনও মৃত্যুবরণ করলেন, কোরিয়েনটন একটা জাহাজে করে উত্তরদিকের ভূমিতে যাত্রা করলেন, যারা ঐ ভূমিতে গেছে সেই লোকদের জন্য খাদ্যের যোগান নিয়ে।
১১ অতএব তাঁর মৃত্যুর পূর্বে, এটা শীবলনের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছিলো সেই পবিত্র জিনিসগুলো প্রদান করা, হেলামানের পুত্রের কাছে, যাকে হেলামান বলা হতো, যাকে তাঁর পিতার নাম অনুসারে ডাকা হতো।
১২ এখন দেখো, সেই সব খোদাই করা কাজগুলো যা হেলামানের অধীনে ছিলো সেগুলো লেখা হয়েছিলো এবং সমস্ত ভূমির মনুষ্য সন্তানদের মধ্যে পাঠানো হয়েছিলো, তবে আলমা যে অংশগুলোতে না পাঠাতে আদেশ করেছিলেন সেগুলো ছাড়া।
১৩ তবুও, এই জিনিসগুলো পবিত্র রাখতে হবে, এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মকে হস্তান্তর করা হবে; অতএব, এই বছরে, শীবলনের মৃত্যুর পূর্বে, এগুলো হেলামানকে প্রদান করা হয়েছিলো।
১৪ এবং এটা ঘটলো এই একই বছরে সেখানে কিছু ভিন্ন মতালম্বী ছিলো যারা লামানীয়দের কাছে চলে গিয়েছিলো; এবং তারা আবার নেফীয়দের বিরুদ্ধে ক্রোধ জাগিয়ে তুলেছিলো।
১৫ এবং এই একই বছরে তারা মরোনীহার লোকদের বিরুদ্ধে, অথবা মরোনিহার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে নেমে এসেছিলো, সেখানে তারা পরাজিত হয়েছিলো এবং প্রচুর কষ্টভোগ করে, আবার তাদের নিজস্ব ভূমিতে ফিরে গিয়েছিলো।
১৬ এবং এইভাবেই নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্ব কালের ঊনচল্লিশতম বছর সমাপ্ত হলো।
১৭ এবং এইভাবেই আলমা, তাঁর পুত্র হেলামান, এবং তাঁর পুত্র, শীবলনের লিখিত বিবরণ সমাপ্ত হলো।