ধর্মশাস্ত্র
আলমা ১৪


অধ্যায় ১৪

আলমা এবং আমূলেককে কারারুদ্ধ ও আঘাত করা হয়—বিশ্বাসীদের এবং তাঁদের পবিত্র ধর্মশাস্ত্র আগুনে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়—এই শহীদদের প্রভু গৌরবের সাথে গ্রহণ করেন—কারাগারের দেয়ালগুলো ভেঙ্গে পড়ে যায়—আলমা এবং আমূলেককে উদ্ধার করা হয়, এবং তাঁদের নির্যাতনকারীদের হত্যা করা হয়। প্রায় ৮২–৮১ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে, তিনি লোকেদের সাথে কথা বলা শেষ করার পরে তাদের মধ্যে অনেকেই তাঁর বাক্যে বিশ্বাস করেছিলো, এবং অনুতাপ করতে শুরু করেছিলো এবং ধর্মশাস্ত্র অন্বেষণ করতে শুরু করেছিলো।

কিন্তু তাদের অধিকাংশেরই ইচ্ছা ছিলো যে তারা আলমা এবং আমূলেককে ধ্বংস করবে; কারণ তারা আলমার প্রতি ক্রুদ্ধ হয়েছিলো, সিসরোমের প্রতি তাঁর স্পষ্ট কথা বলার কারণে; এবং তারা আরও বলেছিলো যে আমূলেক তাদের কাছে মিথ্যা বলেছেন, এবং তাদের আইন এবং তাদের আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধেও নিন্দা করেছেন।

এবং তারা আলমা এবং আমূলেকের উপরেও ক্রুদ্ধ ছিলো; এবং যেহেতু তাঁরা তাদের মন্দতার বিরুদ্ধে অতি স্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছিলেন, তাই তারা তাঁদের গোপনে হত্যা করতে চেয়েছিলো।

কিন্তু এটা ঘটলো যে, তারা তা করেনি; কিন্তু তারা তাঁদের আটক করলো এবং শক্ত দড়ি দিয়ে বাঁধলো, এবং ভূমিতে প্রধান বিচারকের সামনে নিয়ে গেলো।

এবং লোকেরা এগিয়ে গিয়ে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দিলো—সাক্ষ্য দিলো যে তাঁরা আইন, এবং তাদের আইনজীবী এবং ভূমির বিচারকদের, এবং ভূমিতে সমস্ত লোকের বিরুদ্ধে নিন্দা করেছেন; এবং এও সাক্ষ্য দিয়েছেন যে একজন ব্যতিত আর কোনো ঈশ্বর নেই, এবং তিনি তাঁর পুত্রকে লোকদের মধ্যে পাঠাবেন, কিন্তু তিনি তাদের উদ্ধার করবেন না; এবং এরকম অনেক বিষয়ে লোকেরা আলমা ও আমূলেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলো। এখন এটা ভূমির প্রধান বিচারকের সামনে করা হয়েছিলো।

এবং এটা ঘটলো যে, বাক্যগুলো বলা হয়েছিলো তাতে সিসরোম বিস্মিত হয়েছিলো; এবং সে তার মিথ্যা কথার দ্বারা মানুষের মধ্যে যে অন্ধত্ব সৃষ্টি করেছিলো, সে সম্পর্কেও সে জানতো; এবং তার আত্মা তার নিজের অপরাধবোধের চেতনায় যন্ত্রণা পেতে লাগলো; হ্যাঁ, সে নরক যন্ত্রণায় পরিবেষ্টিত হতে শুরু করেছিলো।

এবং এটা ঘটলো যে সে উচ্চস্বরে লোকদের কাছে বলতে শুরু করেছিলো, বললো: দেখো, আমি দোষী, এই মানুষগুলো ঈশ্বরের সামনে দাগহীন। এবং সে সেই সময় থেকে তাঁদের জন্য অনুনয় করতে লাগলো; কিন্তু তারা তার নিন্দা করলো, বললো: তুমিও কি শয়তানের দ্বারা আক্রান্ত? এবং তারা তার উপর থুতু ফেললো, এবং তাদের মধ্যে থেকে তাকে বিতাড়িত করলো, এবং আলমা ও আমূলেকের বলা কথায় যারা বিশ্বাস করেছিলো তাদের সবাইকেও; এবং তাদেরকে বিতাড়িত করলো, এবং তাদের উপর পাথর নিক্ষেপ করার জন্য লোক পাঠালো।

এবং তারা তাদের স্ত্রীদেরকে ও ছেলেমেয়েদের একত্রিত করলো, এবং যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিলো অথবা বিশ্বাস করতে শিক্ষা দেওয়া হয়েছিলো তারা তাদেরকে আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করেছিলো; এবং তারা তাদের নথিও সামনে এনেছিলো যেগুলোতে পবিত্র ধর্মশাস্ত্র ছিলো, এবং সেগুলোও আগুনে নিক্ষেপ করলো, যাতে সেগুলো আগুনে পুড়ে যায় এবং ধ্বংস হয়ে যায়।

এবং এটা ঘটলো যে, তারা আলমা ও আমূলেককে ধরে নিয়ে গেলো, এবং তাদের শহীদদের যন্ত্রনার স্থানে নিয়ে গেলো, যাতে তাঁরা আগুনে যারা পুড়ে গিয়েছে তাদের ধ্বংসের সাক্ষী হতে পারে।

১০ এবং আমূলেক যখন আগুনে দগ্ধকৃত নারী ও শিশুদের যন্ত্রণা দেখলেন, তখন তিনিও যন্ত্রণা পেয়েছিলেন; এবং তিনি আলমাকে বললেন: আমরা কীভাবে এই ভয়াবহ দৃশ্যের সাক্ষী হবো? অতএব এসো আমরা আমাদের হাত প্রসারিত করি এবং আমাদের মধ্যে যে ঈশ্বরের শক্তি রয়েছে তা প্রয়োগ করি, এবং অগ্নিশিখা থেকে তাদের রক্ষা করি।

১১ কিন্তু আলমা তাঁকে বললেন: আত্মা আমাকে বাধ্য করেছেন যে আমি যেনো আমার হাত প্রসারিত না করি; কারণ দেখো প্রভু গৌরবের সাথে তাদেরকে নিজের কাছে গ্রহণ করেছেন; এবং তিনি অনুমতি দিয়েছেন যেনো তারা এই কাজটা করতে পারে, অথবা লোকেরা তাদের প্রতি এই কাজটা করতে পারে, তাদের হৃদয়ের কঠোরতা অনুসারে, যাতে তিনি তাঁর ক্রোধে তাদের উপর যে বিচার করবেন তা ন্যায়সঙ্গত হয়; এবং নিরাপরাধ মানুষের রক্ত তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, হ্যাঁ, এবং শেষ দিনে তাদের বিরুদ্ধে উচ্চস্বরে চিৎকার করবে।

১২ এখন আমূলেক আলমাকে বললেন: দেখুন, হয়তো তারা আমাদেরও পুড়িয়ে ফেলবে।

১৩ এবং আলমা বলেছিলেন: এটা প্রভুর ইচ্ছা অনুসারে হোক। কিন্তু, দেখো, আমাদের কাজ শেষ হয়নি; তাই তারা আমাদের পোড়াতে পারবে না।

১৪ এখন এটা ঘটলো যে, যখন দেহগুলো আগুনে নিক্ষেপ করা হয়েছিলো তারা আগুনে পুড়ে গিয়েছিলো, এবং নথিগুলোও যেগুলো তাদের সাথে নিক্ষেপ করা হয়েছিলো, ভূমির প্রধান বিচারক আলমা ও আমূলেকের সামনে এসে দাঁড়ালো; যেহেতু তাঁরা বাঁধা ছিলো; এবং সে তাঁদের গালে হাত দিয়ে আঘাত করলো, এবং তাঁদেরকে বললো: তোমরা এগুলো দেখার পরেও, কি আবার তোমরা এই লোকদের কাছে প্রচার করবে, যেনো তাদেরকে অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হয়?

১৫ দেখো, তোমরা দেখছো যে যাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিলো তাদের রক্ষা করার ক্ষমতা তোমাদের নেই; ঈশ্বরও তাদের রক্ষা করেনি কারণ তারা তোমাদের বিশ্বাসের ছিলো। এবং বিচারক আবার তাঁদের গালে আঘাত করলো, এবং জিজ্ঞেস করলো: তোমরা নিজেদের জন্য কী বলো?

১৬ এখন এই বিচারক নিহোরের রীতি এবং বিশ্বাসের অনুসারী ছিলো, গিদিয়োনকে হত্যা করেছিলো।

১৭ এবং এটা ঘটলো যে, আলমা এবং আমূলেক তাকে কোনো উত্তর দিলেন না; এবং সে আবার তাঁদের আঘাত করলো, এবং তাঁদেরকে কর্মচারীদের হাতে তুলে দিলো কারাগারে নিক্ষেপ করার জন্য।

১৮ এবং যখন তাঁদেরকে তিন দিনের জন্য কারাগারে নিক্ষেপ করা হলো, তখন সেখানে অনেক আইনজীবী, এবং বিচারক, এবং যাজক, ও শিক্ষক আসলো, যারা নিহোরের বিশ্বাসে যুক্ত ছিলো; এবং তারা তাঁদেরকে দেখার জন্য কারাগারের ভিতরে আসলো, এবং তাঁদেরকে অনেক বাক্যের বিষয়ে প্রশ্ন করলো; কিন্তু তাঁরা তাদের কোনো উত্তর দেননি।

১৯ এবং এটা ঘটলো যে, বিচারক তাঁদের সামনে দাঁড়ালো, এবং বললো: তোমরা কেনো জনগণের কথার উত্তর দিচ্ছোনা? তোমরা কি জানোনা যে তোমাদেরকে অগ্নিশিখায় নিক্ষেপ করার ক্ষমতা আমার আছে? এবং তাঁদেরকে কথা বলার জন্য সে আদেশ দিলো; কিন্তু তাঁরা কোনো উত্তর দিলেন না।

২০ এবং এটা ঘটলো যে, তারা প্রস্থান করলো এবং নিজনিজ পথে চলে গেলো, কিন্তু পরের দিন আবার আসলো; এবং বিচারক তাঁদের গালে আবারও আঘাত করলো। এবং অনেকেই এগিয়ে এসেছিলো, এবং তাঁদের আঘাত করেছিলো, বললো: তোমরা কি আবার উঠে দাঁড়াবে এবং এই লোকদের বিচার করবে, এবং আমাদের আইনকে নিন্দা করবে? তোমাদের যদি এতো বড় ক্ষমতা থাকে, তবে কেনো তোমরা নিজেদের উদ্ধার করছোনা?

২১ এবং তারা তাঁদেরকে এইরূপ অনেক কথা বলেছিলো, তাঁদের প্রতি দাঁত ঘর্ষণ করতে লাগলো, এবং তাদের গাঁয়ে থুথু ফেললো, এবং বললো: যখন আমরা নরকে প্রেরিত হবো তখন আমাদের কেমন দেখাবে?

২২ এবং এইরূপ অনেক বিষয়ে, হ্যাঁ, এইরূপ সকল বিষয়ে তারা তাঁদেরকে জিজ্ঞেস করেছিলো; এবং এইভাবে তারা অনেক দিন ধরে তাঁদের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করলো। এবং তারা তাঁদের খাবার দেওয়া বন্ধ করলো যাতে তাঁরা ক্ষুধার্ত হয়, এবং জলও বন্ধ করলো যেনো তাঁরা তৃষ্ণার্ত হয়; এবং তারা তাঁদের কাছ থেকে তাদের বস্ত্রও কেঁড়ে নিয়েছিলো যাতে তারা বিবস্ত্র থাকে; আর এভাবে তাঁদেরকে শক্ত দড়ি দিয়ে বেঁধে কারাগারে বন্দী করে রেখেছিলো।

২৩ এবং এটা ঘটলো যে, অনেক দিন ধরে তাঁরা এইভাবে কষ্টভোগ করেছিলেন (এবং দ্বাদশ দিনে, দশম মাসে, নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের দশম বছরে) অম্মোনীহা ভূমির প্রধান বিচারক এবং তাদের অনেক শিক্ষক এবং তাদের আইনজীবীরা সেই কারাগারের ভিতরে গেলো যেখানে আলমা ও আমূলেক দড়ি দিয়ে বাঁধা ছিলেন।

২৪ এবং প্রধান বিচারক তাঁদের সামনে দাঁড়ালো, এবং আবার তাঁদেরকে আঘাত করলো, তাঁদের জিজ্ঞেস করলো: ঈশ্বরের শক্তি যদি তোমাদের মধ্যে থাকে তবে তোমরা এই বাঁধন থেকে নিজেদের মুক্ত করো, এবং তারপর আমরা বিশ্বাস করবো যে তোমাদের বাক্য অনুসারে প্রভু এই লোকদের ধ্বংস করবেন।

২৫ এবং এটা ঘটলো যে, তারা সকলে এগিয়ে গেলো এবং তাঁদের আঘাত করলো, একই কথা বলে, এমনকি শেষ ব্যক্তি পর্যন্ত; এবং যখন শেষ ব্যক্তি তাঁদের সাথে কথা বলছিলো তখন আলমা ও আমূলেকের উপর ঈশ্বরের শক্তি আসলো, এবং তাঁরা উঠলো এবং তাঁদের নিজেদের পায়ে দাঁড়ালো।

২৬ এবং আলমা উচ্চস্বরে বললেন: হে প্রভু, আমরা আর কতকাল এই তীব্র কষ্ট ভোগ করবো? হে প্রভু, খ্রীষ্টে আমাদের বিশ্বাস অনুসারে আমাদের শক্তি দাও, এমনকি মুক্তির জন্যও। এবং তাঁরা যে দড়ি দিয়ে বাঁধা ছিলো তা তাঁরা ছিড়ে ফেললেন; এবং লোকেরা যখন তা দেখলো, তারা পালাতে শুরু করলো, কারণ ধ্বংসের ভয় তাদের উপর নেমে এসেছিলো।

২৭ এবং এটা ঘটলো যে, তাদের ভয় এতই প্রবল হলো যে তারা মাটিতে পড়ে গেলো, এবং কারাগার থেকে বাইরে যাওয়ার দরজা খুঁজে পেলো না; এবং ভূমি প্রচণ্ডভাবে কেঁপে উঠলো, এবং কারাগার দেওয়ালগুলো ভেঙ্গে দুই ভাগ হয়ে গেলো, তাই তারা মাটিতে পড়ে গেলো; এবং প্রধান বিচারক, এবং আইনজীবী, এবং যাজক, এবং শিক্ষকরা, যারা আলমা ও আমূলেকের উপর আঘাত করেছিলো, তারা এই পতনের ফলে মারা গিয়েছিলো।

২৮ এবং আলমা ও আমূলেক কারাগার থেকে বেরিয়ে এলেন, এবং তাঁরা আঘাত পেলেন না; কারণ খ্রীষ্টে তাদের বিশ্বাস অনুসারে, প্রভু তাদের ক্ষমতা দিয়েছিলেন। এবং তাঁরা সরাসরি কারাগার থেকে বের হয়ে আসলেন; এবং তাঁরা তাঁদের বাঁধন থেকে মুক্ত হয়েছিলেন; এবং কারাগারটা মাটিতে পড়ে গিয়েছিলো, এবং এর প্রাচীরের মধ্যে আলমা এবং আমূলেক ব্যতীত সমস্ত লোকমারা গিয়েছিলো; এবং তাঁরা সরাসরি শহরের মধ্যে চলে এসেছিলেন।

২৯ এখন লোকেরা একটা বিরাট শব্দ শুনে এর কারণ জানার জন্য একত্রে ছুটে এলো; এবং যখন তারা দেখলো আলমা ও আমূলেক কারাগার থেকে বেরিয়ে আসছেন, এবং এটার দেয়াল মাটিতে পড়ে গেছে, তখন তারা ভীষণ ভয়ে পেয়েছিলো, এবং আলমা ও আমূলেকের উপস্থিতি থেকে পালিয়ে গিয়েছিলো যেমনটা দুটো সিংহের উপস্থিতি থেকে ছাগল তার বাচ্চা নিয়ে পালিয়ে যায়; এবং এইভাবে তারা আলমা এবং আমূলেকের উপস্থিতি থেকে পালিয়ে গেলো।