আলমার আজ্ঞাগুলো তাঁর পুত্র শীবলনের প্রতি
অধ্যায় ৩৮এ অন্তর্ভূক্ত রয়েছে।
অধ্যায় ৩৮
শীবলনকে ধার্মিকতার জন্য নির্যাতন করা হয়েছিলো—পরিত্রাণ খ্রীষ্টের মধ্যে রয়েছে, যিনি জগতের আলো এবং জীবন—তোমার সমস্ত কামনায় লাগাম দাও। প্রায় ৭৪ খ্রীষ্টপূর্বাব্দে
১ আমার পুত্র, আমার কথা শোনো; কারণ আমি তোমাকে বলছি, এমনকি যেমন আমি হেলামানকে বলেছিলাম যে, যদি তুমি ঈশ্বরের আজ্ঞা পালন করো তুমি এই ভূমিতে সমৃদ্ধি লাভ করবে; এবং যদি তুমি ঈশ্বরের আজ্ঞা পালন না করো তবে তোমাকে তাঁর উপস্থিতি থেকে বিচ্ছিন্ন করা হবে।
২ এবং এখন, আমার পুত্র, আমি বিশ্বাস করি যে, তোমার স্থিরতা এবং ঈশ্বরের প্রতি তোমার বিশ্বস্ততার কারণে আমি তোমাতে মহা আনন্দ পাবো; কারণ তুমি যেমন যৌবনকাল থেকেই তোমার ঈশ্বর প্রভুর প্রতি নির্ভর করতে শুরু করেছো, আমি আশা করি যে, তেমনি তুমি তাঁর আজ্ঞা পালন করতে থাকবে; কারণ ধন্য সেই ব্যক্তি যে শেষ পর্যন্ত স্থির থাকে।
৩ আমার পুত্র, আমি তোমাকে বলছি যে, তোমার বিশ্বস্ততা, তোমার অধ্যবসায়, এবং তোমার ধৈর্য এবং সোরমীয় লোকদের মধ্যে তোমার দীর্ঘসহিষ্ণুতার কারণে আমি ইতিমধ্যেই তোমাতে মহা আনন্দ পেয়েছি।
৪ কারণ আমি জানি যে তুমি বন্ধনে আবদ্ধ ছিলে; হ্যাঁ, এবং আমি এও জানি যে বাক্যের জন্য তোমাকে পাথর ছোড়া হয়েছিলো; এবং তুমি ধৈর্যের সাথে এই সকল সহ্য করেছিলে, কারণ প্রভু তোমার সাথে ছিলেন; এবং এখন তুমি জানো যে প্রভু তোমাকে উদ্ধার করেছেন।
৫ এবং এখন আমার পুত্র শীবলন, আমি চাই যে তুমি স্মরণে রাখো যে, তুমি যদি ঈশ্বরের উপর নির্ভর করো তবে তুমি তোমার পরীক্ষা, এবং তোমার সমস্যা, এবং তোমার কষ্ট থেকে মুক্তি পাবে, এবং শেষ দিনে তোমাকে উপরে তোলা হবে।
৬ এখন, আমার পুত্র, আমি চাই না যে, তুমি মনে করো যে, আমি নিজেই এই সকল বিষয় জেনেছি, কিন্তু ঈশ্বরের আত্মা যিনি আমার মধ্যে রয়েছেন, তিনিই এই সকল বিষয় আমার কাছে প্রকাশ করেছেন; কারণ আমি যদি ঈশ্বর থেকে জন্মগ্রহণ না করতাম তবে আমি এই বিষয়গুলো জানতে পারতাম না।
৭ কিন্তু দেখো, প্রভু তাঁর মহাকরুণায় তাঁর স্বর্গদূতকে পাঠিয়েছিলেন আমার কাছে ঘোষণা করতে যে, আমাকে অবশ্যই তাঁর লোকদের মধ্যে ধ্বংসের কাজ বন্ধ করতে হবে; হ্যাঁ, আমি একজন স্বর্গদূতকে সামনাসামনি দেখেছি, এবং তিনি আমার সাথে কথা বলেছিলেন, এবং তাঁর কণ্ঠস্বর বজ্রপাতের মতো ছিলো, এবং তা সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলো।
৮ এবং এটা ঘটলো যে আমি তিন দিন তিন রাত অত্যন্ত তিক্ত বেদনা এবং আত্মার যন্ত্রণায় কাতর ছিলাম; এবং যতক্ষণ না আমি প্রভু যীশু খ্রীষ্টের কাছে করুণার জন্য মিনতি করেছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনভাবেই আমার পাপের ক্ষমা পাইনি। কিন্তু দেখো, আমি তাঁর কাছে মিনতি করেছিলাম এবং আমার আত্মায় শান্তি পেয়েছিলাম।
৯ এবং এখন, আমার পুত্র, আমি তোমাকে এই কথা বললাম যেনো, তুমি প্রজ্ঞা শিখতে পারো, যেনো তুমি আমার কাছ থেকে শিখতে পারো যে, অন্য কোনো পথ বা উপায় নেই যার দ্বারা মানুষ পরিত্রাণ পেতে পারে, শুধুমাত্র খ্রীষ্টের মধ্যে এবং মাধ্যমে ছাড়া। দেখো, তিনিই জগতের আলো এবং জীবন। দেখো, তিনিই সত্য ও ধার্মিকতার বাক্য।
১০ এবং এখন, তুমি যেমন বাক্য শিক্ষা দিতে শুরু করেছো আমি চাই যে, তেমনি তুমি অবিরত শিক্ষা দাও; এবং আমি চাই যে, তুমি সকল বিষয়ে অধ্যবসায়ী এবং আত্মসংযমী হও।
১১ দেখো তুমি যেনো অহংকারে উত্তোলিত না হও; হ্যাঁ, দেখো তুমি যেনো তোমার প্রজ্ঞা, এমনকি শক্তি নিয়ে গর্ব না করো।
১২ সাহসের সাথে চলো, তবে আধিপত্যবাদী মনোভাবের হয়ো না; এবং এটাও দেখো যেনো, তুমি তোমাদের সমস্ত কামনায় লাগাম দিয়েছো, যাতে তুমি ভালোবাসায় পূর্ণ হও; দেখো যেনো তুমি অলসতা থেকে বিরত থাকো।
১৩ সোরমীয়দের মতো প্রার্থনা করো না, কারণ তুমি দেখেছো যে তারা মানুষকে শোনানোর জন্য প্রার্থনা করে এবং তাদের প্রজ্ঞার জন্য প্রশংসিত হতে চায়।
১৪ বলো না: হে ঈশ্বর আমি আপনাকে ধন্যবাদ দিই যে, আমরা আমাদের ভাইদের চেয়ে উত্তম; বরং বলো: হে প্রভু, আমার অযোগ্যতা ক্ষমা করুন, এবং আমার ভাইদেরকে করুণার সাথে স্মরণ করুণ—হ্যাঁ, ঈশ্বরের সামনে সব সময় তোমার অযোগ্যতা স্বীকার করো।
১৫ এবং প্রভু তোমার আত্মাকে আশীর্বাদ করুন, এবং শেষ দিনে তোমাকে তাঁর রাজ্যে গ্রহণ করুন, যাতে সেখানে শান্তিতে অবস্থান করতে পারো। এখন যাও, আমারপুত্র, এবং সুসমাচারের বার্তা এই লোকদের শিক্ষা দাও। সংযত হও। বিদায়, আমার পুত্র।