ধর্মশাস্ত্র
আলমা ৪৫


হেলামানের সময়ে নেফীর লোকদের একটা লিখিত বিবরণ, এবং তাদের যুদ্ধ ও বিরোধ, হেলামানের নথি অনুসারে, যা তিনি তাঁর সময়ে লিখেছিলেন।

অধ্যায় ৪৫ থেকে ৬২তে অন্তর্ভূক্ত রয়েছে।

অধ্যায় ৪৫

হেলামান আলমার কথায় বিশ্বাস করেন—আলমা নেফীয়দের ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেন—তিনি ভূমিকে আশীর্বাদ করেন এবং অভিশাপ দেন—হয়তো মোশির মতো, আলমাকে আত্মার দ্বারা তুলে নিয়ে যাওয়া হয়েছে—মণ্ডলীতে বিভেদ বৃদ্ধি পায়। প্রায় ৭৩ খ্রীষ্টপূর্বাব্দে

দেখো, এখন এটা ঘটলো যে নেফীর লোকেরা অত্যন্ত আনন্দিত হয়েছিলো, কারণ প্রভু আবার তাদের শত্রুদের হাত থেকে তাদের উদ্ধার করেছিলেন; তাই তারা তাদের ঈশ্বর প্রভুকে ধন্যবাদ দিলো; হ্যাঁ, এবং তারা অনেক উপবাস ও অনেক প্রার্থনা করেছিলো, এবং তারা অত্যন্ত আনন্দের সাথে ঈশ্বরের আরাধনা করেছিলো।

এবং এটা ঘটলো যে নেফীর লোকেদের উপর বিচারকদের রাজত্বকালের উনিশতম বছরে আলমা তাঁর ছেলে হেলামানের কাছে এসে তাঁকে বললেন: যে নথিগুলো সংরক্ষিত রাখা হয়েছে সেগুলো সম্পর্কে আমি তোমাকে যা বলেছিলাম তা কি তুমি বিশ্বাস করো?

এবং হেলামান তাঁকে বললেন: হ্যাঁ, আমি বিশ্বাস করি।

এবং আলমা আবার বললেন: তুমি কি যীশু খ্রীষ্টে বিশ্বাস করো, যিনি আসবেন?

এবং তিনি বললেন: হ্যাঁ, আপনি যা বলেছেন সব কথাই আমি বিশ্বাস করি।

এবং আলমা তাঁকে আবার বললেন: তুমি কি আমার আদেশ পালন করবে?

এবং তিনি বললেন: হ্যাঁ, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে আপনার আদেশ পালন করবো।

তখন আলমা তাঁকে বললেন: ধন্য তুমি; এবং প্রভু এই ভূমিতে তোমাকে সমৃদ্ধ করবেন।

কিন্তু দেখো, তোমাদের কাছে আমার কিছু ভবিষ্যদ্বাণী করার আছে; কিন্তু আমি তোমাদের কাছে যা ভবিষ্যদ্বাণী করছি তা তোমরা প্রকাশ করবে না; হ্যাঁ, ভবিষ্যদ্বাণী পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে যা বলবো তা প্রকাশ করবে না; অতএব আমি যা বলবো সেই বাক্যগুলো লিখে রাখো।

১০ এবং এই বাক্যগুলো হলো: দেখো, আমার মধ্যে থাকা দৈববানীর আধ্যাত্মিক উপহারের মাধ্যমে, আমি বুঝতে পেরেছি যে এই একই লোকেরা, নেফীয়রা, যীশু খ্রীষ্ট তাদের কাছে নিজেকে প্রকাশ করার সময় থেকে চারশো বছর পরে, অবিশ্বাসে হ্রাস পাবে।

১১ হ্যাঁ, এবং তারপরে তারা যুদ্ধ এবং মহামারী, হ্যাঁ, দুর্ভিক্ষ এবং রক্তপাত দেখতে পাবে, এমনকি নেফীর লোকেরা বিলুপ্ত না হওয়া পর্যন্ত—

১২ হ্যাঁ, এবং এটা ঘটবে কারণ তারা অবিশ্বাসে হ্রাস পাবে এবং অন্ধকারের কার্যকলাপ, কামলালসা এবং সমস্ত ধরণের অন্যায়ে পতিত হবে; হ্যাঁ, আমি তোমাদের বলছি, কারণ তারা এতো মহান আলো ও জ্ঞানের বিরুদ্ধে পাপ করবে, হ্যাঁ, আমি তোমাদের বলছি, সেই দিন থেকে, এমনকি চতুর্থ প্রজন্মের সবাই এই মহা অন্যায় আসার আগে শেষ হবে না।

১৩ এবং যখন সেই মহান দিনটা আসবে, দেখো, সেই সময় খুব শীঘ্রই আসছে যে যারা এখন আছে, বা যাদের এখন নেফীর লোকেদের মধ্যে গণনা করা হয় তাদের বংশধরদের, আর নেফীর লোকেদের মধ্যে গণনা করা হবে না।

১৪ কিন্তু সেই মহান ও ভয়ঙ্কর দিনে যে কেউ অবশিষ্ট থাকবে এবং ধ্বংস হবে না, তাদেরকে লামানীয়দের মধ্যে গণনা করা হবে, এবং তারা সকলে তাদের মতোই হয়ে উঠবে, কেবলমাত্র কয়েকজন ছাড়া যাদেরকে প্রভুর শিষ্য বলা হবে; এবং তারা বিলুপ্ত না হওয়া পর্যন্ত লামানীয়রা তাদের তাড়া করবে। এবং এখন, অন্যায়ের কারণে, এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হবে।

১৫ এবং এটা ঘটলো যে আলমা হেলামানকে এই কথাগুলো বলার পরে, তিনি তাঁকে এবং তাঁর অন্যান্য পুত্রদেরও আশীর্বাদ করেছিলেন; এবং তিনি ধার্মিকদের জন্যও পৃথিবীকে আশীর্বাদ করেছিলেন।

১৬ এবং তিনি বললেন: প্রভু ঈশ্বর এই কথা বলেন—ভূমি অভিশপ্ত হবে, হ্যাঁ, এই ভূমি, প্রত্যেক জাতি, সম্প্রদায়, ভাষা ও মানুষের ধ্বংস হবে, যারা মন্দ কাজ করে, যখন তারা সম্পূর্ণ পরিপক্ক হবে; এবং আমি যেমন বলেছি তাই হবে; কেননা ভূমির উপর এই হলো ঈশ্বরের অভিশাপ এবং আশীর্বাদ, কারণ প্রভু পাপকে ন্যূনতম পরিমাণে গ্রহণযোগ্য বলে বিবেচনা করতে পারেন না।

১৭ এবং এখন, আলমা যখন এই কথাগুলো বলেছিলেন, তখন তিনি মণ্ডলীকে আশীর্বাদ করেছিলেন, হ্যাঁ, তাদের সকলকে যারা সেই সময় থেকে বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়াবে।

১৮ এবং আলমা এই কাজটা করার পরে তিনি সেরহমলার ভূমি ছেড়ে চলে গেলেন, যেনো মেলেকের ভূমিতে যাবেন। এবং এটা ঘটলো যে, তাঁর কথা আর কখনো শোনা যায়নি; তাঁর মৃত্যু বা সমাধি সম্পর্কেও আমরা জানি না।

১৯ দেখো, আমরা এটা জানি যে, তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন; এবং মণ্ডলীতে এই কথা ছড়িয়ে পড়লো যে তাঁকে আত্মার দ্বারা তুলে নেওয়া হয়েছে, বা প্রভুর হাতে সমাধিস্থ করা হয়েছে, এমনকি মোশির মতো। কিন্তু দেখো, ধর্মশাস্ত্র বলছে প্রভু মোশিকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন; এবং আমরা অনুমান করি যে তিনি নিজের কাছে আলমাকেও আত্মার দ্বারা নিয়ে গিয়েছিলেন; অতএব, এই কারণে আমরা তাঁর মৃত্যু এবং সমাধি সম্পর্কে কিছুই জানি না।

২০ এবং এখন এটা ঘটলো যে নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের উনিশতম বছরের শুরুতে, হেলামান জনগণের মধ্যে সুসমাচার প্রচার করার জন্য তাদের সামনে এগিয়ে গিয়েছিলেন।

২১ কারণ দেখো, লামানীয়দের সাথে তাদের যুদ্ধ এবং জনগণের মধ্যে অনেক ছোটখাটো বিরোধ ও দ্বন্দ্বের কারণে, এটা প্রয়োজন হয়ে গিয়েছিলো যে তাদের মধ্যে ঈশ্বরের বাক্য ঘোষণা করা উচিত, হ্যাঁ, এবং মণ্ডলী জুড়ে একটা নিয়ম তৈরি করা উচিত।

২২ অতএব, হেলামান এবং তাঁর ভাইয়েরা সমস্ত ভূমিতে আবার মণ্ডলী প্রতিষ্ঠার জন্য এগিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, নেফীর লোকেদের দখলে থাকা সমস্ত ভূমি জুড়ে প্রতিটা শহরে। এবং এটা ঘটলো যে তারা সমস্ত ভূমি জুড়ে, সমস্ত মন্ডলীতে যাজক ও শিক্ষক নিযুক্ত করেছিলেন।

২৩ এবং এখন এটা ঘটলো যে হেলামান এবং তাঁর ভাইয়েরা মণ্ডলীগুলোতে যাজক এবং শিক্ষক নিযুক্ত করার পরে তাদের মধ্যে একটা বিরোধ দেখা দেয় এবং তারা হেলামান এবং তাঁর ভাইদের কথায় কর্ণপাত করলো না;

২৪ কিন্তু তাদের অত্যধিক ধন-সম্পদের জন্য তারা হৃদয়ের অহংকারে উত্তোলিত হয়ে উঠেছিলো; তাই তারা নিজেদের চোখে ধনী হয়ে উঠেছিলো, এবং ঈশ্বরের সামনে ন্যায্যভাবে চলার জন্য তাঁদের কথায় মনোযোগ দিলো না।