ধর্মশাস্ত্র
আলমা ৮


অধ্যায় ৮

আলমা প্রচার করেন এবং মেলেকে বাপ্তিস্ম দেন—তিনি অম্মোনীহায় প্রত্যাখ্যাত হন এবং চলে যান—একজন স্বর্গদূত তাঁকে ফিরে যেতে এবং জনগণকে অনুতাপ করার জন্য মিনতি করতে আদেশ দেন—আমূলেক তাঁকে আতিথেয়তার সাথে গ্রহণ করেন, এবং তাঁরা দুই জনে অম্মোনীহায় প্রচার করেন। প্রায় ৮২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন এটা ঘটলো যে, আলমা গিদিয়োনের ভূমি থেকে ফিরে এসেছিলেন, গিদিয়োনের জনগণকে অনেক কিছু শেখানোর পরে যেগুলো লেখা যাবেনা, মণ্ডলীর রীতি প্রতিষ্ঠা করে, যেমন তিনি সেরহমলার ভূমিতে পূর্বে করেছিলেন, হ্যাঁ, তিনি যে পরিশ্রম করেছিলেন তা থেকে নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য সেরহমলায় তাঁর নিজের বাড়িতে ফিরে এসেছিলেন।

এবং এভাবেই নেফীর লোকদের উপর শেষ হয় বিচারকদের রাজত্বকালের নবম বছর।

এবং এটা ঘটলো যে, নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের দশম বছরের শুরুতে, আলমা সেখান থেকে চলে যান এবং মেলেকের ভূমির উদ্দ্যেশে যাত্রা করেন, সীদোন নদীর পশ্চিমে, পশ্চিমে প্রান্তরের সীমানায়।

এবং তিনি ঈশ্বরের পবিত্র রীতি অনুসারে মেলেক ভূমির জনগণকে শিক্ষা দিতে শুরু করলেন, যার জন্য তাঁকে আহ্বান করা হয়েছিলো; এবং তিনি মেলেকের সমস্ত ভূমির জনগণকে শিক্ষা দিতে শুরু করলেন।

এবং এটা ঘটলো যে, ভূমির সমস্ত সীমানা যা কিনা প্রান্তরের পাশে ছিলো সেখান থেকে তাঁর কাছে জনগণ আসতে শুরু করেছিলো। এবং সমস্ত ভূমি থেকে তারা বাপ্তিস্ম নিয়েছিলো;

এইরূপে তিনি মেলেকে তাঁর কার্য সম্পন্ন করে সেখান থেকে চলে গেলেন, এবং মেলেক ভূমির উত্তরে তিন দিনের যাত্রা করলেন; এবং তিনি অম্মোনীহা নামে এক নগরে এলেন।

এখন নেফীর লোকদের রীতি ছিলো তাদের দেশ, তাদের নগর, এবং তাদের গ্রামগুলোকে, হ্যাঁ, এমনকি তাদের সমস্ত ছোট গ্রামগুলোকে, যিনি প্রথম তাদের অধিকার করেন তাঁর নাম অনুসারে ডাকা হয়; এবং অম্মোণীহার ভূমির সাথে এইভাবেই হয়েছিলো।

এবং এটা ঘটলো যে, আলমা যখন অম্মোনীহার নগরে আসলো তখন তিনি তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতে শুরু করলেন।

এখন অম্মোনীহা নগরের জনগণের হৃদয়কে শয়তান প্রবলভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিলো; তাই তারা আলমার কথা শুনলো না।

১০ তবুও আলমা আত্মায় অনেক পরিশ্রম করেছিলেন, প্রবলভাবে প্রার্থনার সাথে ঈশ্বরের কাছে আপ্রানভাবে মিনতি করেছিলেন, যাতে তিনি নগরে থাকা জনগণের উপর তাঁর আত্মা ঢেলে দেন; তিনি যেনো অনুমতি প্রদান করেন যে, তিনি তাদের অনুতাপের মধ্যে দিয়ে বাপ্তিস্ম দিতে পারেন।

১১ তবুও, তারা তাদের হৃদয় কঠোর করেছিলো, তাঁকে বলেছিলো: দেখুন, আমরা জানি যে আপনি আলমা; আমরা জানি আপনার রীতি অনুসারে আপনি ভূমির অনেক স্থানে মন্ডলী স্থাপন করেছেন, এবং আপনি সেগুলোর প্রধান যাজক; এবং আমরা আপনার মন্ডলীভুক্ত নয়, এবং আমরা এই ধরনের মূর্খ রীতিতে বিশ্বাস করি না।

১২ এবং এখন আমরা জানি যে, যেহেতু আমরা আপনার মন্ডলীর নই তাই আমরা জানি যে আমাদের উপরে আপনার কোন ক্ষমতা নেই; এবং আপনি বিচার-আসন নেফীহাকে প্রদান করেছেন; অতএব আপনি আমাদের উপর প্রধান বিচারক নন।

১৩ এখন জনগণ যখন এই কথা বললো, এবং তাঁর সমস্ত কথা অমান্য করলো, এবং তাঁর নিন্দা করলো, এবং তাঁর উপর থুতু দিলো, এবং তাঁকে তাদের নগর থেকে বিতাড়িত করলো, তখন তিনি সেখান থেকে প্রস্থান করলেন এবং হারোণ নামক নগরের দিকে যাত্রা করলেন।

১৪ এবং এটা ঘটলো যে, অম্মোনীহা নগরে যারা ছিলো সেই জনগণের মন্দতার কারণে, হৃদয়ে দারুণ ক্লেশ এবং যন্ত্রণা নিয়ে, দুঃখে ভারাক্রান্ত হয়ে, তিনি যখন সেখানে থেকে যাত্রা শুরু করলেন, এটা ঘটলো যে, আলমা যখন এইভাবে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন, তখন দেখো প্রভুর একজন দূত তাঁর সামনে আবির্ভূত হলেন, বললেন:

১৫ ধন্য তুমি, আলমা; অতএব তোমার মাথা তোলো এবং উল্লাস করো, কেননা তোমার উল্লাস করার অনেক বড় কারণ আছে; কারণ তুমি ঈশ্বরের কাছ থেকে তোমার প্রথম বার্তা পাওয়ার সময় থেকেই তাঁর আজ্ঞা পালনে বিশ্বস্ত ছিলে। দেখো, আমিই সে যে তোমাকে তা প্রদান করেছিলাম।

১৬ এবং দেখো, তোমাকে আদেশ দিতে আমাকে প্রেরণ করা হয়েছে যেনো তুমি অম্মোনীহা নগরে আবার ফিরে যাও, এবং নগরের জনগণের কাছে পুনরায় প্রচার করো; হ্যাঁ, তাদের কাছে প্রচার করো। হ্যাঁ, তাদের বলো, যদি তারা অনুতাপ না করে তবে প্রভু ঈশ্বর তাদের ধ্বংস করবেন।

১৭ কারণ দেখো, তারা এই সময়ে চেষ্টা করছে যাতে তারা তোমার লোকদের স্বাধীনতা ধ্বংস করতে পারে, (কারণ প্রভু এই কথা বলেছেন) যা তিনি তাঁর জনগণকে যে আইন, বিচার, এবং আজ্ঞা দিয়েছেন তার বিপরীত।

১৮ এখন এটা ঘটলো যে, প্রভুর স্বর্গদূতের কাছ থেকে আলমা তাঁর বার্তা পাওয়ার পরেই তিনি দ্রুতবেগে অম্মোনীহার নগরে ফিরে গেলেন। এবং তিনি অন্য পথ দিয়ে নগরে প্রবেশ করলেন, হ্যাঁ, সেই পথ দিয়ে যা অম্মোনীহা নগরের দক্ষিণে রয়েছে।

১৯ এবং তিনি যখন নগরে প্রবেশ করলেন তিনি ক্ষুধার্ত ছিলেন, এবং একজন ব্যক্তিকে বললেন: তুমি কি ঈশ্বরের একজন নম্র দাসকে কিছু খেতে দেবে?

২০ এবং সেই ব্যক্তি তাঁকে বললো: আমি একজন নেফীয়, এবং আমি জানি যে আপনি ঈশ্বরের একজন পবিত্র ভাববাদী, কারণ আপনিই সেই ব্যক্তি যার কথা একজন স্বর্গদূত দর্শনে বলেছেন: তুমি গ্রহণ করবে। অতএব, আমার সঙ্গে আমার গৃহে চলুন, এবং আমি আমার খাবার আপনার সাথে ভাগ করে নেবো; এবং আমি জানি যে আপনি আমার এবং আমার পরিবারের জন্য আশীর্বাদ স্বরুপ হবেন।

২১ এবং এটা ঘটলো যে, সেই ব্যক্তি তাঁকে নিজের গৃহে নিয়ে গেলেন; এবং সেই ব্যক্তির নাম ছিলো আমূলেক; এবং তিনি রুটি ও মাংস নিয়ে এসে আলমার সামনে রাখলেন।

২২ এবং এটা ঘটলো যে, আলমা খাবার খেলেন এবং তৃপ্ত হলেন; এবং আমূলেক এবং তাঁর পরিবারকে আশীর্বাদ করলেন, এবং তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।

২৩ এবং তিনি খেলেন এবং তৃপ্ত হওয়ার পরে আমূলেককে বললেন: আমি আলমা, এবং আমি সমস্ত ভূমিতে ঈশ্বরের মন্ডলীর উপর প্রধান যাজক।

২৪ এবং দেখো, দৈববানীর এবং ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার অনুসারে, এই সকল জনগণের মধ্যে ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য আমাকে আহ্বান করা হয়েছে; এবং আমি এই ভূমিতে ছিলাম এবং তারা আমাকে গ্রহণ করেনি, কিন্তু তারা আমাকে বিতাড়িত করেছিলো এবং আমি চিরকালের জন্য এই ভূমি ত্যাগ করার উদ্যোগ নিয়েছিলাম।

২৫ কিন্তু দেখো, আমাকে আদেশ করা হয়েছে যে, আমি যেনো আবার ফিরে আসি এবং এই জনগণের কাছে ভবিষ্যদ্বাণী দেই, হ্যাঁ, এবং তাদের অন্যায়ের বিষয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেই।

২৬ এবং এখন, আমূলেক, যেহেতু তুমি আমাকে খাইয়েছো এবং আমাকে গ্রহণ করেছো, তুমি ধন্য; কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, কারণ আমি অনেক দিন উপবাস করেছিলাম।

২৭ এবং আলমা জনগণের কাছে প্রচার শুরু করার আগে আমূলেকের সঙ্গে অনেক দিন অবস্থান করেছিলেন।

২৮ এবং এটা ঘটলো যে, জনগণের অন্যায় আরো বেশি বেড়ে গেলো।

২৯ এবং আলমার কাছে এই বাক্য এসেছিলো, বললেন: যাও; এবং আমার দাস আমূলেককেও বলো, যাও এবং এই জনগণের কাছে ভবিষ্যদ্বাণী করো, বলো—অনুতাপ করো, কারণ প্রভু এইরূপ বলেছেন, যদি তোমরা অনুতাপ না করো তবে আমি আমার ক্রোধে এই জনগণকে শাস্তি দেবো; হ্যাঁ, এবং আমি আমার ভয়ঙ্কর ক্রোধ ফিরাবো না।

৩০ এবং আলমা, এবং আমূলেকও জনগণের মধ্যে গেলেন, ঈশ্বরের বাক্য তাদের কাছে ঘোষণা করতে; এবং তাঁরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিলেন।

৩১ এবং তাঁদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিলো, এতো ক্ষমতা যে তাদেরকে অন্ধকূপে আবদ্ধ করা যেতো না; তাঁদেরকে কেউ হত্যা করবে সেটাও সম্ভব ছিলো না; তবুও তাঁরা তাঁদের ক্ষমতা প্রয়োগ করেননি যতক্ষণ না তাঁদের দড়ি দিয়ে বেঁধে কারাগারে নিক্ষেপ করা হয়েছিলো। এখন, এটা করা হয়েছিলো যাতে প্রভু তাঁদের মধ্য দিয়ে তাঁর শক্তি দেখাতে পারেন।

৩২ এবং এটা ঘটলো যে, তাঁরা এগিয়ে গেলেন এবং জনগণের কাছে প্রচার করতে এবং ভবিষ্যদ্বাণী করতে লাগলেন, প্রভু তাঁদেরকে যে আত্মা ও ক্ষমতা দিয়েছিলেন সেই অনুসারে।