ধর্মশাস্ত্র
আলমা ২৪


অধ্যায় ২৪

লামানীয়রা ঈশ্বরের লোকদের বিরুদ্ধে আসে—অ্যান্টি-নেফী-লেহীয়রা খ্রীষ্টে উল্লাস করে এবং স্বর্গদূতদের দ্বারা পরিদর্শিত হয়—তারা নিজেদের আত্মরক্ষার পরিবর্তে মৃত্যু ভোগকে বেছে নেয়—অনেক লামানীয়রা পরিবর্তিত হয়েছিলো। প্রায় ৯০–৭৭ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে অমালেকীয়, আমুলনীয়রা এবং লামানীয়রা যারা আমূলন ভূমিতে এবং হেলম ভূমিতে ছিলো, এবং যারা যিরূশালেমের ভূমিতে, এবং সংক্ষেপে, আশেপাশের সমস্ত ভূমিতে ছিলো, যাদের মন পরিবর্তিত হয়নি এবং অ্যান্টি-নেফী-লেহী নাম তারা গ্রহণ করেনি, অমালেকীয় এবং আমূলনীয়দের দ্বারা তাদের ভাইদের বিরুদ্ধে ক্রোধ জাগিয়ে তুলতে উত্তেজিত করেছিলো।

এবং তাদের ঘৃণা তাদের প্রতি অত্যন্ত তীব্র হয়ে উঠলো, এমনকি এতটাই যে তারা তাদের রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো, এতটাই যে তারা চাইলো না যে তিনি তাদের রাজা থাকুন; তাই, তারা অ্যান্টি-নেফী-লেহীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলো।

এখন রাজা তাঁর পুত্রকে রাজ্য প্রদান করলেন, এবং তিনি তার নাম রাখলেন অ্যান্টি-নেফী-লেহী।

এবং রাজা সেই একই বছরে মারা গেলেন যে বছরে ঈশ্বরের লোকদের বিরুদ্ধে লামানীয়রা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলো।

এখন অম্মোন ও তাঁর ভাইয়েরা এবং তাঁর সঙ্গে যারা এসেছিলো তারা যখন দেখলো লামানীয়রা তাদের ভাইদের ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন তারা মিদিয়ন ভূমিতে চলে এলো, এবং সেখানে অম্মোন তাঁর সকল ভাইদের সঙ্গে দেখা করলেন; এবং সেখান থেকে তারা ইশ্মায়েলের ভূমিতে এসেছিলো যাতে তারা লামোনী এবং তাঁর ভাই অ্যান্টি-নেফী-লেহীদের সাথে একটা সভা করতে পারে, আত্মরক্ষার জন্য লামানীয়দের বিরুদ্ধে তাদের কী করা উচিত।

এখন সমস্ত লোকদের মধ্যে একজনও ছিলো না যে তাদের ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যারা প্রভুতে পরিবর্তিত হয়েছিলো; না, এমনকি তারা যুদ্ধের কোনো প্রস্তুতিও নেবে না; হ্যাঁ, এবং তাদের রাজাও তাদের আদেশ দিয়েছিলেন যে তারা তা করবে না।

এখন, এই বিষয়ে এই বাক্যগুলো যা তিনি লোকদের বলেছিলেন: আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে, আমাদের মহান ঈশ্বর তাঁর সদগুণে আমাদের এই ভাইদের, নেফীয়দের আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের কাছে প্রচার করতে, এবং আমাদের দুষ্ট পিতৃপুরুষদের রীতিনীতি সম্পর্কে আমাদের বোঝাতে।

এবং দেখো, আমি আমার মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের হৃদয়কে নরম করার জন্য তাঁর আত্মার একটা অংশ প্রদান করেছেন, যাতে আমরা এই ভাইদের, নেফীয়দের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু করতে পারি।

এবং দেখো, আমি আমার ঈশ্বরকে আরও ধন্যবাদ জানাই যে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু করার মাধ্যমে আমরা আমাদের পাপ এবং আমরা যে বহু হত্যাকাণ্ড করেছি সে সম্পর্কে বুঝতে পারলাম।

১০ এবং আমি আমার ঈশ্বরকে, হ্যাঁ, আমার মহান ঈশ্বরকে আরও ধন্যবাদ জানাই যে, তিনি আমাদের এই বিষয়গুলোর জন্য অনুতাপ করার সুযোগ দিয়েছেন, এবং আরও এই জন্য যে তিনি আমাদের অনেক পাপ ও হত্যা ক্ষমা করেছেন যা আমরা করেছি, এবং তাঁর পুত্রের ভালো কাজের মাধ্যমে আমাদের হৃদয় থেকে অপরাধবোধ সরিয়ে নিয়েছেন।

১১ এবং এখন দেখো, আমার ভাইয়েরা, যেহেতু এই সবই ছিলো যা আমরা করতে পারতাম (যেহেতু সমস্ত মানবজাতির মধ্যে আমরা সবচেয়ে পথভ্রষ্ট) আমাদের সমস্ত পাপ এবং আমরা যে অনেক হত্যা করেছি তার জন্য অনুতাপ করতে, এবং আমাদের হৃদয় থেকে ঈশ্বরকে সেগুলো সরিয়ে নিতে দিতে পারতাম, কারণ এটাই ছিলো সব যা আমরা করতে পারতাম যে, ঈশ্বরের সামনে পর্যাপ্ত অনুতাপ করা যাতে তিনি আমাদের অপরাধ তুলে নেন—

১২ এখন, আমার সবচেয়ে প্রিয় ভাইয়েরা, যেহেতু ঈশ্বর আমাদের অপরাধ তুলে নিয়েছেন, এবং আমাদের তরবারিগুলো উজ্জ্বল হয়ে উঠেছে, তাই আসো আমরা আমাদের ভাইদের রক্তে আমাদের তরবারিগুলোতে আর দাগ না লাগাই।

১৩ দেখো, আমি তোমাদের বলছি, আসো, আমরা আমাদের তরবারি নিয়ন্ত্রণ করি যাতে সেগুলোতে আমাদের ভাইদের রক্তের দাগ না লাগে়; কারণ সম্ভবত, আমরা যদি আমাদের তরবারিগুলোতে আবার দাগ লাগাই, তবে সেগুলো আর আমাদের মহান ঈশ্বরের পুত্রের রক্তের মধ্য দিয়ে ধৌত হয়ে উজ্বল হবে না, যা আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঝরানো হবে।

১৪ এবং মহান ঈশ্বর আমাদের প্রতি করুণা করেছেন, এবং আমাদের এই সকল বিষয় জানিয়েছেন, যাতে আমরা ধ্বংস না হই; হ্যাঁ, এবং তিনি এসব বিষয়ে আমাদের আগেই জানিয়ে দিয়েছেন, কারণ তিনি যেমন আমাদের আত্মাকেও ভালোবাসেন তেমনি আমাদের সন্তানদেরও ভালোবাসেন; অতএব, তাঁর করুণায় তিনি তাঁর স্বর্গদূতদের মাধ্যমে আমাদের সাথে দেখা করেন, যাতে পরিত্রাণের পরিকল্পনা আমাদের কাছে যেমন তেমনি ভাবে ভবিষ্যত প্রজন্মের কাছেও জানানো হয়।

১৫ আহা, আমাদের ঈশ্বর কতোই না করুণাময়! এবং এখন দেখো, যেহেতু এই গুলোই সব যা আমরা করতে পারি আমাদের থেকে আমাদের অপরাধগুলো তুলে নিতে, এবং আমাদের তরবারি উজ্জ্বল করা হয়েছে, আসো আমরা সেগুলো লুকিয়ে ফেলি যেনো সেগুলো উজ্বল থাকে, শেষ দিনে আমাদের ঈশ্বরের প্রতি সাক্ষ্য হিসেবে, অথবা সেই দিনে যখন আমরা তাঁর সামনে বিচারিত হওয়ার জন্য দাঁড়াবো, যে আমরা আমাদের ভাইদের রক্ত দিয়ে আমাদের তরবারিতে দাগ লাগাইনি, যেহেতু তিনি আমাদের কাছে তাঁর বাক্য দিয়েছেন এবং এর দ্বারা আমাদের শুচি করেছেন।

১৬ এবং এখন, আমার ভাইয়েরা, যদি আমাদের ভাইয়েরা আমাদের ধ্বংস করতে চায়, দেখো, তবুও আমরা আমাদের তরবারি লুকিয়ে রাখবো, হ্যাঁ, এমনকি আমরা সেগুলোকে মাটির গভীরে সমাধিস্থ করবো, যেনো সেগুলো উজ্জ্বল থাকে, শেষ দিনে এই সাক্ষ্য হিসেবে যে আমরা সেগুলো কখনও ব্যবহার করিনি; এবং যদি আমাদের ভাইয়েরা আমাদের ধ্বংস করে, দেখো, আমরা আমাদের ঈশ্বরের কাছে যাবো এবং পরিত্রাণ পাবো।

১৭ এবং এখন এটা ঘটলো যে, রাজা যখন এই কথাগুলো বলা শেষ করলেন, এবং তখন সমস্ত লোক একত্রে সমবেত হলো, তারা তাদের তরবারিগুলো নিলো, এবং সকল ধরনের অস্ত্র যেগুলো মানুষের রক্ত ঝরানোর জন্য ব্যবহার করা হতো, এবং তারা সেগুলো মাটির গভীরে সমাধিস্থ করলো।

১৮ এবং তারা তা করেছিলো, এটা তাদের দৃষ্টিতে ঈশ্বরের কাছে, এবং মানুষের কাছেও একটা সাক্ষ্য ছিলো যে, তারা আর কখনও মানুষের রক্ত ঝরানোর জন্য অস্ত্র ব্যবহার করবে না; এবং তারা এটা প্রমান করেছিলো এবং ঈশ্বরের সাথে চুক্তি করেছিলো যে, তারা তাদের ভাইদের রক্ত ঝরানোর পরিবর্তে তাদের নিজেদের জীবন দিয়ে দেবে; এবং কোনো ভাইয়ের কাছ থেকে কেড়ে নেওয়ার পরিবর্তে তারা তাকে দান করবে; এবং অলসভাবে দিন কাটানোর পরিবর্তে তারা তাদের হাত দিয়ে প্রচুর পরিশ্রম করবে।

১৯ এবং এইভাবে আমরা দেখতে পাই যে, যখন এই লামানীয়রা বিশ্বাস করতে এবং সত্য জানতে পেরেছিলো, তখন তারা দৃঢ় ছিলো, এবং পাপ করার পরিবর্তে কষ্ট ভোগ করবে এমনকি মৃত্যু পর্যন্ত; এবং এভাবেই আমরা দেখি যে, তারা তাদের শান্তির অস্ত্র সমাধিস্থ করেছিলো, অথবা তারা যুদ্ধের অস্ত্র সমাধিস্থ করেছিলো, শান্তির জন্য।

২০ এবং এটা ঘটলো যে তাদের ভাইয়েরা, লামানীয়রা, যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলো, এবং রাজাকে ধ্বংস করার উদ্দেশ্যে নেফীর ভূমিতে এসেছিলো, এবং তাঁর জায়গায় অন্য একজনকে স্থাপন করার জন্য, এবং অ্যান্টি-নেফী-লেহী লোকদের ভূমি থেকে ধ্বংস করার উদ্দেশ্যে।

২১ এখন লোকেরা যখন দেখলো যে, তারা তাদের বিরুদ্ধে আসছে, তখন তারা তাদের সঙ্গে দেখা করতে বেরিয়ে আসলো এবং তাদের সামনে মাটিতে প্রণত হলো, এবং প্রভুর নাম ডাকতে শুরু করলো; এবং এইভাবে লামানীয়রা যখন তাদের উপর আক্রমণ করতে শুরু করেছিলো তারা এই অবস্থাতেই ছিলো, এবং তরবারি দিয়ে তাদের হত্যা করতে শুরু করেছিলো।

২২ এইভাবে তারা কোনো প্রতিরোধের সম্মুখীন না হয়ে তাদের এক হাজার পাঁচজনকে হত্যা করলো; এবং আমরা জানি যে তারা আশীর্বাদপ্রাপ্ত, কারণ তারা তাদের ঈশ্বরের সাথে বাস করতে গিয়েছে।

২৩ এখন যখন লামানীয়রা দেখলো যে তাদের ভাইয়েরা তরবারির সামনে থেকে পালিয়ে যাবে না, এমনকি তারা ডান বা বাম দিকে ফিরবে না, বরং তারা শুয়ে পড়বে এবং ধ্বংস হয়ে যাবে, এবং তরবারির নিচে এমনকি ধ্বংস হতে হতেও ঈশ্বরের প্রশংসা করবে—

২৪ এখন লামানীয়রা যখন তা দেখলো, তখন তারা তাদের হত্যা করা থেকে বিরত থাকলো; এবং এমন অনেকে ছিলো যাদের হৃদয় তাদের ভাইদের জন্য দুঃখিত হলো যারা তরবারির নিচে পড়েছিলো, কারণ তারা তাদের কৃতকর্মের জন্য অনুতাপ করেছিলো।

২৫ এবং এটা ঘটলো যে, তারা তাদের যুদ্ধের অস্ত্র নিচে ফেলে দিলো, এবং তারা আর সেগুলো নিলো না, কারণ তারা যে হত্যাকাণ্ড করেছিলো, তার জন্য তারা কষ্ট পেয়েছিলো; এবং তারা তাদের ভাইদের মতোই নত হয়েছিলো, তাদের করুণার উপর নির্ভর করেছিলো যাদের বাহু তাদের হত্যা করার জন্য উত্তোলিত হয়েছিলো।

২৬ এবং এটা ঘটলো যে, সেই দিন ঈশ্বরের লোকেরা একসঙ্গে মিলিত হয়েছিলো যতলোককে হত্যা করা হয়েছিলো তার থেকেও বেশি; এবং যাদেরকে হত্যা করা হয়েছিলো তারা ধার্মিক লোক ছিলো, অতএব আমাদের সন্দেহ করার কোনো কারণ নেই যে তারা রক্ষা পেয়েছে কি না।

২৭ এবং সেখানে তাদের মধ্যে একজনও মন্দ লোককে হত্যা করা হয়নি; কিন্তু এক হাজারেরও বেশি লোককে সত্যের জ্ঞানে আনা হয়েছিলো; এইভাবে আমরা দেখতে পাই যে প্রভু তাঁর লোকদের পরিত্রাণের জন্য বিভিন্ন উপায়ে কাজ করেন।

২৮ এখন বিপুল সংখ্যক লামানীয় যারা তাদের অনেক ভাইকে হত্যা করেছিলো তারা ছিলো অমালেকীয় এবং আমূলনীয়, যাদের মধ্যে সর্বাধিক সংখ্যক ছিলো নিহোরের রীতির অনুসারী।

২৯ এখন তাদের মধ্যে যারা প্রভুর লোকদের সঙ্গে যোগ দিয়েছিলো, তাদের মধ্যে কেউই অমালেকীয় বা আমূলনীয়, অথবা নিহোরের রীতির অনুসারী কেউই ছিলো না, কিন্তু তারা লামান ও লেমুয়েলের প্রকৃত বংশধর ছিলো।

৩০ এবং এভাবে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে, যখন কোনো জাতি একবার ঈশ্বরের আত্মার দ্বারা জ্ঞান লাভ করে, এবং ধার্মিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে প্রচুর জ্ঞান লাভ করে, এবং তারপর পাপ ও অপরাধে পতিত হয়, তখন তারা আরও কঠোর হয়ে ওঠে, এবং এইভাবে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় যদিও তারা এই বিষয়গুলো কখনোই জানতো না।