ধর্মশাস্ত্র
আলমা ২৮


অধ্যায় ২৮

লামানীয়রা এক ভয়ানক যুদ্ধে পরাজিত হয়—দশ হাজার লোককে হত্যা করা হয়—দুষ্টেরা অন্তহীন দুঃখের অবস্থায় নিক্ষিপ্ত হয়; ধার্মিকেরা অফুরন্ত সুখ লাভ করে। প্রায় ৭৭–৭৬ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন এটা ঘটলো যে, যেরশন ভূমিতে অম্মোনের লোকেরা প্রতিষ্ঠিত হওয়ার পরে, যেরশনের ভূমিতে একটা মন্ডলীও স্থাপন করা হয়েছিলো, এবং নেফীয়দের সৈন্যবাহিনী যেরশন ভূমির চতুর্দিকে স্থাপন করা হয়েছিলো, হ্যাঁ, যেরশন ভূমির চতুর্দিকের সমস্ত সীমান্তে; দেখো, লামানীয়দের সৈন্যরা তাদের ভাইদের প্রান্তরে অনুসরণ করেছিলো।

এবং এভাবেই সেখানে একটা ভয়ানক যুদ্ধ হলো; হ্যাঁ, এমনকি এরকম যুদ্ধ লেহীর যিরূশালেম ত্যাগ করার সময় থেকে তখনও পর্যন্ত এই ভূমির মধ্যে কেউ কখনো শোনেনি; হ্যাঁ, এবং দশ হাজার লামানীয়দের হত্যা করা হয়েছিলো এবং ব্যাপকভাবে বিক্ষিপ্ত করে দেওয়া হয়েছিলো।

হ্যাঁ, এবং নেফীর লোকদের মধ্যেও প্রচণ্ড হত্যাকাণ্ড হয়েছিলো; তবুও, লামানীয়দের তাড়িয়ে দেওয়া হয়েছিলো এবং বিক্ষিপ্ত করা হয়েছিলো এবং নেফীর লোকেরা আবার তাদের ভূমিতে ফিরে এসেছিলো।

এবং এখন এটাই ছিলো একটা সময় যে, যখন সমস্ত ভূমি জুড়ে, নেফীর সমস্ত লোকেদের মধ্যে এক বিরাট শোক ও বিলাপ শোনা গিয়েছিলো—

হ্যাঁ, স্বামীর জন্য শোক করা বিধবাদের কান্না, এবং পুত্রের জন্য শোক করা পিতাদের, এবং ভাইয়ের জন্য বোনদের, হ্যাঁ, পিতার জন্য সন্তানদের; এবং এভাবেই তাদের সকলের মধ্যে শোকের কান্না শোনা গেলো, আত্মীয়-স্বজনদের জন্য শোক প্রকাশ করতে লাগলো যারা নিহত হয়েছিলো।

এবং এখন নিঃসন্দেহে এটা একটা দুঃখের সময় ছিলো; হ্যাঁ, গাম্ভীর্যের সময়, এবং অনেক উপবাস ও প্রার্থনার একটা সময়।

এবং এভাবেই নেফীর লোকদের উপর শেষ হয় বিচারকদের রাজত্বকালের পনেরো বছর;

এবং এই হলো অম্মোন ও তাঁর ভাইদের বিবরণ, নেফীর ভূমিতে তাদের যাত্রা, সেই ভূমিতে তাঁদের কষ্টভোগ, তাঁদের দুঃখ, এবং তাঁদের কষ্ট, এবং তাঁদের দুর্বোধ্য আনন্দ, এবং যেরশনের ভূমিতে ভাইদের অভ্যর্থনা এবং নিরাপত্তার বিবরণ। এবং এখন প্রভু, সমস্ত মানুষের মুক্তিদাতা, তাদের আত্মাকে চিরকাল আশীর্বাদ করুন।

এবং এই হলো নেফীয়দের মধ্যে যুদ্ধ ও বিবাদের, এবং নেফীয়দের ও লামানাীয়দের মধ্যে যুদ্ধেরও বিবরণ; এবং বিচারকদের রাজত্বকালের পনেরো বছর সমাপ্ত হয়।

১০ এবং প্রথম বছর থেকে পনেরো বছর পর্যন্ত বহু হাজার প্রাণের বিনাশ ঘটেছে; হ্যাঁ, এটা রক্তপাতের একটা ভয়ঙ্কর দৃশ্য নিয়ে এসেছে।

১১ এবং বহু হাজার দেহ মাটিতে সমাধিস্থ করা হয়েছে, এবং বহু হাজার দেহ ভূমণ্ডলে স্তূপ আকারে ধীরে ধীরে ক্ষয় হয়েছে; হ্যাঁ, এবং বহু হাজার লোক তাদের আত্মীয়স্বজন হারানোর জন্য শোক করছে, কারণ প্রভুর প্রতিশ্রুতি অনুসারে, তাদের ভয় করার কারণ রয়েছে যে, তাদের অন্তহীন দুঃখের অবস্থায় নিক্ষিপ্ত করা হয়েছে।

১২ যদিও বহু হাজার লোক তাদের আত্মীয়স্বজন হারানোর জন্য সত্যিই শোক করছে, তবুও তারা আশায় আনন্দ ও উল্লাস করে, এবং এমনকি প্রভুর প্রতিশ্রুতি অনুসারে জানে যে, অনন্ত সুখের অবস্থায়, তারা ঈশ্বরের ডান দিকে বাস করার জন্য পুনরুত্থিত হয়েছে।

১৩ এবং এইভাবে আমরা দেখি যে, পাপ এবং অপরাধের কারণে মানুষের মধ্যে কতো বড়ো অসমতার তৈরি হয়, এবং শয়তানের শক্তি, যা আসে ধূর্ত পরিকল্পনার মাধ্যমে যা সে পরিকল্পনা করেছিলো মানুষের হৃদয়কে ফাঁদে ফেলার জন্য।

১৪ এবং এইভাবে আমরা প্রভুর দ্রাক্ষাক্ষেত্র গুলোতে পরিশ্রম করার জন্য মানুষের অধ্যবসায়ের মহান আহ্বান দেখতে পাই; এবং এইভাবে আমরা দুঃখ, এবং আনন্দের মহান কারণও দেখতে পাই—মানুষের মধ্যে মৃত্যু ও ধ্বংসের কারণে দুঃখ, এবং জীবনের জন্য খ্রীষ্টের আলোর কারণে আনন্দ।