অধ্যায় ২৫
লামানীয়দের আগ্রাসন ছড়িয়ে পড়ে—নোহের বংশধরেরা ধ্বংস হয়ে যায় যেমনটা অবীনাদি ভবিষ্যদ্বাণী করেছিলেন—অনেক লামানীয়রা পরিবর্তিত হয় এবং অ্যান্টি-নেফী-লেহী—লোকদের সাথে যোগ দেয়—তারা খ্রীষ্টে বিশ্বাস করে এবং মোশির আইন পালন করে। প্রায় ৯০–৭৭ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং দেখো, এখন এটা ঘটলো যে সেই লামানীয়রা অধিক ক্রুদ্ধ হলো কারণ তারা তাদের ভাইদের হত্যা করেছে; তাই তারা নেফীয়দের উপর প্রতিশোধ নেওয়ার শপথ করেছিলো; এবং তারা সেই সময় অ্যান্টি-নেফী-লেহীর লোকদের হত্যা করার আর কোনও চেষ্টা করেনি।
২ এবং তারা তাদের সৈন্যবাহিনীকে নিলো এবং সেরহমলা ভূমির সীমান্তে গেলো, এবং অম্মোনীহার ভূমিতে যারা ছিলো তাদের উপর আক্রমণ করলো এবং তাদের ধ্বংস করলো।
৩ এবং এর পরে, নেফীয়দের সাথে তাদের অনেক যুদ্ধ হয়েছিলো, যার মাধ্যমে তাদের তাড়ানো হয়েছিলো এবং হত্যা করা হয়েছিলো।
৪ এবং লামানীয়দের মধ্যে যাদের হত্যা করা হয়েছিলো তাদের মধ্যে প্রায় সকলেই আমূলন এবং তার ভাইদের বংশধর ছিলো, যারা নোহের যাজক ছিলো, এবং তাদের নেফীয়দের হাতের দ্বারা হত্যা করা হয়েছিলো;
৫ এবং অবশিষ্টাংশ, পূর্ব প্রান্তরে পালিয়ে গিয়েছিলো এবং লামানীয়দের উপর ক্ষমতা ও কর্তৃত্ব দখল করেছিলো, যার ফলে লামানীয়দের অনেকে তাদের বিশ্বাসের কারণে আগুনে পুড়ে ধ্বংস হয়েছিলো—
৬ কারণ তাদের মধ্যে অনেকে, অনেক ক্ষতি এবং অনেক কষ্ট ভোগ করার পরে, হারোণ এবং তাঁর ভাইয়েরা তাদের ভূমিতে তাদের কাছে যে বাক্য প্রচার করেছিলো তার স্মরণে উদ্দীপিত হতে শুরু করেছিলো; তাই তারা তাদের পূর্বপুরুষদের রীতিনীতি অবিশ্বাস করতে শুরু করেছিলো, এবং প্রভুতে বিশ্বাস করলো, এবং যে তিনি নেফীয়দের মহান ক্ষমতা দিয়েছিলেন; এবং সেই কারণে তাদের মধ্যে অনেকে প্রান্তরে পরিবর্তিত হয়েছিলো।
৭ এবং এটা ঘটলো যে, সেই শাসকেরা যারা আমূলনের সন্তানদের অবশিষ্টাংশ ছিলো, তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদেশ দিয়েছিলো, হ্যাঁ, তাদের সকলকে যারা এই বিষয়গুলোতে বিশ্বাস করেছিলো।
৮ এখন এই শহীদদের মৃত্যুতে তাদের অনেক ভাই ক্রোধে উত্তেজিত হয়ে পড়েছিলো; এবং প্রান্তরে বিবাদ শুরু হয়েছিলো; এবং লামানীয়রা আমূলন ও তার ভাইদের বংশধরদের শিকার করতে শুরু করেছিলো এবং তাদের হত্যা করতে শুরু করেছিলো; এবং তারা পূর্ব প্রান্তরে পালিয়ে গিয়েছিলো।
৯ এবং দেখো, এই সময় কালে তাদের শিকার করা হয়েছিলো লামানীয়দের দ্বারা। এইভাবে অবীনাদির বাক্য পূর্ণ হলো, যেখানে যাজকদের বংশধর সম্বন্ধে তিনি বলেছিলেন যে, তাঁকে আগুনে পুড়িয়ে হত্যা করতে সে আদেশ দেবে।
১০ কারণ তিনি তাদের বলেছিলেন: তোমরা আমার প্রতি যা করবে তাই তোমাদের উপর ফিরে আসবে।
১১ এবং এখন অবীনাদিই ছিলেন প্রথম যিনি তাঁর ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্য আগুনে পুড়ে মারা গেছেন; এখন তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে, তিনি যেমন কষ্ট পেয়েছিলেন, তেমনি অনেকে আগুনে পুড়ে মারা যাবে।
১২ এবং তিনি নোহের যাজকদের বললেন যে, তাদের বংশধরেরা অনেককে হত্যা করবে, ঠিক যেভাবে তিনি মারা গিয়েছিলেন, এবং তারা বাইরে বিক্ষিপ্ত হয়ে পড়বে এবং তাদের হত্যা করা হবে, যেমনটা মেষপালকবিহীন একটা মেষকে হিংস্র জন্তুরা তাড়ায় ও হত্যা করে; এবং এখন দেখো, এই বাক্যগুলো সত্য প্রমাণিত হয়েছে, কারণ তারা লামানীয়দের দ্বারা বিতাড়িত হয়েছিলো, এবং তাদের শিকার করা হয়েছিলো, এবং তাদের আঘাত করা হয়েছিলো।
১৩ এবং এটা ঘটলো যে লামানীয়রা যখন দেখলো যে তারা নেফীয়দের পরাজিত করতে পারবে না, তখন তারা আবার তাদের নিজেদের ভূমিতে ফিরে গেলো; এবং তাদের মধ্যে অনেকে ইশ্মায়েলের ভূমিতে ও নেফীর ভূমিতে বাস করতে এসেছিলো, এবং ঈশ্বরের লোকদের সাথে যোগ দিয়েছিলো, যারা অ্যান্টি-নেফী-লেহীর লোক ছিলো।
১৪ এবং তারাও তাদের যুদ্ধের অস্ত্র সমাধিস্থ করেছিলো, যেমনটা তাদের ভাইয়েরা করেছিলো, এবং তারা একটা ধার্মিক জাতি হতে শুরু করেছিলো; এবং তারা প্রভুর পথে চলেছিলো, এবং তাঁর আজ্ঞা ও বিধি পালন করতে কঠোর চেষ্টা করছিলো।
১৫ হ্যাঁ, এবং তারা মোশির আইন পালন করেছিলো; কারণ মোশির আইন পালন করা তাদের জন্য প্রয়োজনীয় ছিলো, কারণ তখনও এগুলো সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়নি। কিন্তু মোশির আইন সত্ত্বেও, তারা খ্রীষ্টের আগমনের অপেক্ষায় ছিলো, এই বিবেচনা করে যে মোশির আইন তাঁর আগমনের একটা প্রতীক ছিলো, কারণ তারা বিশ্বাস করেছিলো যে যতক্ষণ না তিনি তাদের কাছে প্রকাশিত হবেন ততক্ষণ পর্যন্ত তাদের অবশ্যই সেই বাহ্যিক কার্যগুলো বজায় রাখতে হবে।
১৬ এখন তারা মনে করেনি যে, মোশির আইনের দ্বারা পরিত্রাণ এসেছে; কিন্তু মোশির আইন খ্রীষ্টের প্রতি তাদের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য কাজ করেছিলো; এবং এভাবে তারা বিশ্বাসের মাধ্যমে ভাববানীর আধ্যাত্মিক উপহারের উপর নির্ভর করে, অনন্ত পরিত্রাণের আশা ধরে রেখেছিলো, যা আসন্ন বিষয়গুলোর কথা বলেছিলো।
১৭ এবং দেখো, লামানীয়দের মধ্যে যে সাফল্য লাভ করেছিলেন তার জন্য অম্মোন, হারোণ, এবং ওমনার, এবং হিমনী, এবং তাঁদের ভাইয়েরা অত্যন্ত উল্লাসিত হয়েছিলেন, কারণ প্রভু তাঁদের প্রার্থনা অনুসারে তাঁদেরকে দিয়েছিলেন, এবং তিনি প্রতিটা ক্ষেত্রে তাঁদের কাছে তাঁর বাক্য সত্য প্রমাণিত করেছেন।