ধর্মশাস্ত্র
আলমা ১৮


অধ্যায় ১৮

রাজা লামোনী মনে করেন যে অম্মোন হলেন সেই মহান আত্মা—অম্মোন রাজাকে সৃষ্টি, মানুষের সাথে ঈশ্বরের কার্যকলাপ এবং খ্রীষ্টের মাধ্যমে আসা মুক্তি সম্পর্কে শিক্ষা দেন—লামোনী বিশ্বাস করেন এবং মৃতের মতো হয়ে মাটিতে পড়ে যান। প্রায় ৯০ খ্রীষ্টপূর্বে

এবং এটা ঘটলো যে, রাজা লামোনী তাঁর দাসদের সামনে দাঁড়াতে এবং তারা এই সম্পর্কিত বিষয়ে যে সমস্ত কিছু দেখেছিলো তার সাক্ষ্য দিতে আদেশ করেন।

এবং যখন তারা সকলে যা দেখেছিলো তার সাক্ষ্য দিয়েছিলো, এবং তিনি তাঁর মেষপালকে রক্ষা করার ক্ষেত্রে অম্মোনের বিশ্বস্ততা এবং এছাড়াও যারা তাঁকে হত্যা করতে চেয়েছিলো তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তাঁর মহান শক্তির কথা জানতে পেরেছিলেন, তখন তিনি অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন এবং বলেছিলেন: নিশ্চয়ই এটা একজন মানুষের চেয়ে বেশি। দেখো, ইনি কি সেই মহান আত্মা নন যিনি এই মানুষদের উপরে তাদের হত্যাকার্যের জন্য এতো বড় শাস্তি দেন?

তারা রাজাকে উত্তর দিয়ে বললো: তিনি মহান আত্মা নাকি মানুষ, আমরা জানি না; কিন্তু আমরা এতটুকু জানি যে, রাজার শত্রুরা তাঁকে হত্যা করতে পারবে না; রাজার মেষপালকেও তারা বিক্ষিপ্ত করে দিতে পারবে না যখন তিনি আমাদের সাথে থাকেন, তাঁর দক্ষতা ও প্রবল শক্তির কারণে; অতএব আমরা জানি যে তিনি রাজার বন্ধু। এবং এখন, হে রাজা, আমরা বিশ্বাস করি না যে একজন মানুষের এতো বড় ক্ষমতা আছে, কারণ আমরা জানি তাঁকে হত্যা করা যাবে না।

এবং এখন, রাজা যখন এই কথাগুলো শুনলেন, তখন তিনি তাদের বললেন: এখন আমি জানি যে ইনি সেই মহান আত্মা; এবং তিনি এই সময়ে তোমাদের জীবন রক্ষা করতে নেমে এসেছেন, যেনো আমি তোমাদের ভাইদের মতো করে তোমাদের হত্যা না করি। এখন ইনি সেই মহান আত্মা যাঁর কথা আমাদের পূর্বপুরুষেরা বলেছেন।

এখন এই ছিলো লামোনীর ঐতিহ্য, যা তিনি তাঁর পিতার কাছ থেকে পেয়েছিলেন, যে একজন মহান আত্মা ছিলেন। যদিও তারা একজন মহান আত্মায় বিশ্বাস করেছিলো, তারা মনে করেছিলো যে তারা যা কিছু করেছে তা সঠিক ছিলো; তবুও, লামোনী অত্যধিক ভয় পেতে শুরু করেন, এই ভয়ে যে পাছে তিনি তাঁর দাসদের হত্যা করার অন্যায় করেছেন;

কারণ তিনি তাদের অনেককে হত্যা করেছিলেন কারণ তাদের ভাইয়েরা তাদের মেষপালকে জলের জায়গায় বিক্ষিপ্ত করে দিয়েছিলো; এবং এইভাবে, তাদের মেষপালগুলো বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে তাদের হত্যা করা হয়েছিলো।

এখন এই লামানীয়দের অভ্যাস ছিলো সিবাসের জলের ধারে দাঁড়িয়ে মানুষের মেষপালকে বিক্ষিপ্ত করে দেওয়া, যাতে তারা তাদের নিজেদের ভূমিতে বিক্ষিপ্ত হয়ে থাকা অনেককে তাড়িয়ে দিতে পারে, এটা তাদের মধ্যে একটা লুণ্ঠনের অভ্যাস।

এবং এটা ঘটলো যে, রাজা লামোনী তাঁর দাসদের জিজ্ঞাসা করলেন: এতো বড় ক্ষমতার অধিকারী এই ব্যক্তি কোথায়?

এবং তারা তাঁকে বললো: দেখুন, তিনি আপনার ঘোড়াগুলোকে খাবার দিচ্ছেন। এখন রাজা তাঁর দাসদের আদেশ দিয়েছিলেন, তাদের মেষদের জল দেওয়ার আগে, তারা যেনো তাঁর ঘোড়া এবং রথ প্রস্তুত করে এবং তাঁকে নেফীর ভূমিতে নিয়ে যায়; কারণ নেফীর ভূমিতে লামোনীর পিতার দ্বারা একটা মহান ভোজের আয়োজন করা হয়েছিলো, যিনি সমস্ত ভূমির উপরে রাজা ছিলেন।

১০ এখন যখন রাজা লামোনী শুনলেন যে অম্মোন তাঁর ঘোড়া এবং তাঁর রথগুলো প্রস্তুত করছেন তখন তিনি আরও আশ্চর্য হয়ে গেলেন, অম্মোনের বিশ্বস্ততার কারণে, তিনি বলেছিলেন: নিশ্চয়ই আমার সমস্ত দাসদের মধ্যে এই ব্যাক্তির মতো বিশ্বস্ত কোন দাস নেই; কারণ তিনি এমনকি আমার সমস্ত আদেশগুলো পালন করার জন্য মনে রাখেন।

১১ এখন আমি নিশ্চিতভাবে জানি যে এই সেই মহান আত্মা, এবং আমি চাই যে তিনি আমার কাছে আসবেন, কিন্তু আমি সাহস পাচ্ছি না।

১২ এবং এটা ঘটলো যে, অম্মোন রাজা ও তাঁর দাসদের জন্য ঘোড়া ও রথ প্রস্তুত করার পর রাজার কাছে গেলেন এবং তিনি দেখলেন যে রাজার মুখের পরিবর্তন ঘটেছে; তাই তিনি তাঁর উপস্থিতি থেকে প্রায় ফিরে আসছিলেন।

১৩ এবং রাজার একজন দাস তাঁকে বললো, রাব্বানা, যাকে ব্যাখ্যা করা হচ্ছে, শক্তিশালী বা মহান রাজা হিসেবে, কারণ তারা তাদের রাজাদের শক্তিশালী বলে মনে করে; এইভাবে সে তাঁকে বললো: রাব্বানা, রাজা চাইছেন আপনি থাকুন।

১৪ তাই অম্মোন রাজার দিকে ফিরে গেলেন এবং তাঁকে বললেন: হে রাজা, আমি আপনার জন্য কি করবো? এবং রাজা তাদের সময় অনুসারে এক ঘন্টার জন্য তাঁকে উত্তর দিলেন না, কারণ তিনি জানতেন না তাঁকে তিনি কী বলবেন।

১৫ এবং এটা ঘটলো যে, অম্মোন তাঁকে আবার বললেন: আপনি আমার কাছে কি চান? কিন্তু রাজা তাঁকে উত্তর দিলেন না।

১৬ এবং এটা ঘটলো যে, অম্মোন, ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ, তাই তিনি রাজার চিন্তা বুঝতে পেরেছিলেন। এবং তিনি তাঁকে বললেন: কারণ আপনি কি শুনেছেন যে আমি আপনার দাসদের ও আপনার মেষপালকে রক্ষা করেছি এবং তাদের সাত ভাইকে গুলতি ও তরবারি দিয়ে হত্যা করেছি এবং অন্যদের বাহুগুলো কেটে ফেলেছি, আপনার দাসদের ও মেষপালকে রক্ষা করার জন্য; দেখুন, এটাই কি আপনার আশ্চর্যের কারণ?

১৭ আমি আপনাকে বলি যে, আপনার এতো আশ্চর্য হওয়ার কারণ কি? দেখুন, আমি একজন মানুষ এবং আমি আপনার দাস; অতএব, আপনি যা চান যা সঠিক, আমি তাই করবো।

১৮ রাজা যখন এই কথাগুলো শুনলেন, তখন তিনি আবার আশ্চর্য হলেন, কারণ তিনি দেখলেন যে অম্মোন তাঁর চিন্তাভাবনা বুঝতে পারেন; কিন্তু তা সত্ত্বেও, রাজা লামোনী তাঁর মুখ খুললেন এবং তাঁকে বললেন: আপনি কে? আপনি কি সেই মহান আত্মা, যিনি সব কিছু জানেন?

১৯ অম্মোন উত্তরে তাঁকে বললেন: আমি নই।

২০ এবং রাজা বললেন: আপনি আমার মনের কথা জানলেন কি করে? আপনি সাহসের সাথে কথা বলতে পারেন, এবং এই বিষয় সম্পর্কে আমাকে বলুন; এবং আমাকে আরও বলুন যে, আপনি কোন শক্তির বলে আমার ভাইদের হত্যা করেছেন এবং তাদের বাহুগুলো কেটে ফেলেছেন যারা আমার মেষপালকে বিক্ষিপ্ত করে দিয়েছিলো—

২১ এবং এখন, যদি আপনি আমাকে এই বিষয়গুলো সম্পর্কে বলেন, আপনি যা চান তা আমি আপনাকে দেবো; এবং যদি প্রয়োজন হয়, আমি আমার সৈন্যবাহিনী দিয়ে আপনাকে পাহারা দেবো; কিন্তু আমি জানি আপনি তাদের সকলের চেয়েও অধিক শক্তিশালী; তবুও, আপনি আমার কাছে যা চান আমি আপনাকে তা দেবো।

২২ এখন অম্মোন যেহেতু জ্ঞানী ছিলেন, তবুও নিরীহ, তিনি লামোনীকে বললেন: আপনি কি আমার কথা শুনবেন, যদি আমি আপনাকে বলি কোন শক্তিতে আমি এই কাজগুলো করি? এবং এটাই আমি আপনার কাছে চাই।

২৩ এবং রাজা তাঁকে উত্তর দিয়ে বললেন: হ্যাঁ, আমি আপনার সব কথা বিশ্বাস করবো। এবং এইভাবে অম্মোন সুসমাচার শোনানোর জন্য চতুরতার সাথে রাজাকে ধরেছিলেন।

২৪ এবং অম্মোন তাঁর সাথে সাহসের সাথে কথা বলতে শুরু করলেন এবং তাঁকে বললেন: আপনি কি বিশ্বাস করেন যে একজন ঈশ্বর আছেন?

২৫ এবং তিনি উত্তর দিয়ে তাঁকে বললেন: আমি জানি না এর অর্থ কি।

২৬ এবং তারপর অম্মোন বললেন: আপনি কি বিশ্বাস করেন যে একজন মহান আত্মা আছেন?

২৭ এবং তিনি বললেন, হ্যাঁ।

২৮ এবং অম্মোন বললেন: ইনিই ঈশ্বর। এবং অম্মোন তাঁকে আবার বললেন: আপনি কি বিশ্বাস করেন যে এই মহান আত্মা, যিনি ঈশ্বর, স্বর্গে এবং পৃথিবীতে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন?

২৯ এবং তিনি বললেন: হ্যাঁ, আমি বিশ্বাস করি যে তিনি পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন; কিন্তু আমি স্বর্গের সাথে পরিচিত নই।

৩০ এবং অম্মোন তাঁকে বললেন: স্বর্গ হলো একটা স্থান যেখানে ঈশ্বর এবং তাঁর সমস্ত পবিত্র স্বর্গদূতেরা বাস করেন।

৩১ এবং রাজা লামোনী বললেন: এটা কি পৃথিবীর উপরে?

৩২ এবং অম্মোন বললেন: হ্যাঁ, এবং তিনি নিচে সমস্ত মনুষ্য সন্তানের দিকে তাকান; এবং তিনি হৃদয়ের সমস্ত চিন্তা ও উদ্দেশ্য জানেন; কারণ প্রথম থেকেই তারা সকলে তাঁরই হাতে সৃষ্টি হয়েছে।

৩৩ এবং রাজা লামোনী বললেন: আপনি যা বলেছেন আমি এই সমস্ত কথা বিশ্বাস করি। আপনি কি ঈশ্বরের কাছ থেকে প্রেরিত?

৩৪ অম্মোন তাঁকে বললেন: আমি একজন মানুষ; এবং শুরুতে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতেই সৃষ্টি হয়েছিলো, এবং এই লোকদের কাছে এই বিষয়গুলো শেখানোর জন্য আমাকে তাঁর পবিত্র আত্মার দ্বারা আহ্বান করা হয়েছে, যাতে তারা ন্যায় ও সত্যের জ্ঞানে উপনীত হতে পারে;

৩৫ এবং সেই আত্মার একটা অংশ আমার মধ্যে রয়েছে, ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস ও ইচ্ছা অনুসারে আমাকে জ্ঞান এবং শক্তি দেন।

৩৬ এখন যখন অম্মোন এই কথাগুলো বলছিলেন, তখন তিনি জগত সৃষ্টির সময় থেকে শুরু করেছিলেন, এবং আদমের সৃষ্টিও, এবং তাঁকে মানুষের পতনের সমস্ত বিষয় বলেছিলেন, এবং এই বিষয়গুলো সম্বন্ধে এবং তাঁর সামনে মানুষদের নথিপত্র এবং পবিত্র ধর্মশাস্ত্রগুলো রাখলেন, যা ভাববাদীদের দ্বারা বলা হয়েছিলো, এমনকি তাদের পিতা লেহী যিরূশালেম ত্যাগ করার সময় পর্যন্ত।

৩৭ এবং তিনি এই বিষয়গুলোও তাদের কাছে বর্ণনা করেছিলেন (কারণ এটা ছিলো রাজা এবং তাঁর দাসদের জন্য) প্রান্তরে তাদের পূর্বপুরুষদের সমস্ত যাত্রা, এবং ক্ষুধা ও তৃষ্ণার সাথে তাদের সমস্ত কষ্টভোগ এবং তাদের কষ্ট ইত্যাদি।

৩৮ এবং তিনি তাদের কাছে লামান এবং লেমুয়েল এবং ইশ্মায়েলের পুত্রদের বিদ্রোহ সম্পর্কেও বর্ণনা করেছিলেন, হ্যাঁ, তাদের সমস্ত বিদ্রোহ তিনি তাদের সাথে সম্পর্কিত করেছিলেন; এবং লেহী যিরূশালেম ত্যাগ করার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত নথি ও ধর্মশাস্ত্র তাদের কাছে ব্যাখ্যা করেছিলেন।

৩৯ কিন্তু এইগুলোই সব নয়; কারণ তিনি তাদের কাছে মুক্তির পরিকল্পনা ব্যাখ্যা করেছিলেন, যা জগতের গঠনকাল থেকে প্রস্তুত করা হয়েছিলো; এবং তিনি তাদের কাছে খ্রীষ্টের আগমনের বিষয়েও জানিয়েছিলেন এবং প্রভুর সমস্ত কার্যকলাপ সম্পর্কে তিনি তাদের কাছে জানিয়েছিলেন।

৪০ এবং এটা ঘটলো যে, তিনি এই সমস্ত কথা বলার পরে এবং রাজাকে সেগুলো ব্যাখ্যা করার পর, রাজা তাঁর সমস্ত কথা বিশ্বাস করেছিলেন।

৪১ তিনি প্রভুর কাছে মিনতি করতে লাগলেন, বললেন: হে প্রভু, দয়া করুন; নেফীর লোকদের উপর আপনি যে অপরিমিত করুণা করেছিলেন, তা আমার এবং আমার লোকদের উপর করুন।

৪২ এবং এখন, এই কথা বলে তিনি মাটিতে পড়ে গেলেন, যেনো তিনি মৃতপ্রায়।

৪৩ এবং এটা ঘটলো যে, তাঁর দাসেরা তাঁকে নিয়ে তাঁর স্ত্রীর কাছে গেলো এবং তাঁকে বিছানায় শুইয়ে দিলো; এবং তিনি দুই দিন এবং দুই রাত ধরে মৃতপ্রায় হয়ে শুয়েছিলেন; এবং তাঁর স্ত্রী, এবং তাঁর পুত্ররা, এবং তাঁর কন্যারা তাঁর জন্য শোক করেছিলো, লামানীয়দের রীতি অনুসারে, তাঁকে হারানোর জন্য ব্যাপকভাবে শোক প্রকাশ করেছিলো।