গিদিয়োনের জনগণের কাছে আলমা তাঁর নিজস্ব নথি অনুসারে যে বাক্যগুলো পৌঁছে দিয়েছিলেন।
অধ্যায় ৭এ অন্তর্ভূক্ত রয়েছে।
অধ্যায় ৭
খ্রীষ্ট মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করবেন—তিনি মৃত্যুর বাঁধন খুলে দেবেন এবং তাঁর জনগণের পাপ বহন করবেন—যারা অনুতাপ করে, বাপ্তিস্ম গ্রহণ করে, এবং আজ্ঞা পালন করে তারা অনন্ত জীবন পাবে—নোংরামি ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারে না—নম্রতা, বিশ্বাস, আশা এবং ভালোবাসার প্রয়োজন। প্রায় ৮৩ খ্রীষ্টপূর্বাব্দে
১ দেখো আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আমাকে তোমাদের কাছে আসার অনুমতি দেওয়া হয়েছে, তাই আমি আমার নিজের বাক্য দ্বারা তোমাদের সম্বোধন করার চেষ্টা করছি; হ্যাঁ, আমার নিজের মুখের দ্বারা, যেহেতু আমি প্রথমবার আমার মুখের বাক্য দ্বারা তোমাদের সাথে কথা বলেছি, আমি সম্পূর্ণরূপে বিচার-আসনে আবদ্ধ হয়েছি, অনেক কাজ থাকার কারণে আমি তোমাদের কাছে আসতে পারিনি।
২ এবং আমি এই সময়েও আসতে পারতাম না যদি না আমার জায়গায় রাজত্ব করার জন্য, বিচার-আসন অন্য কাউকে দেওয়া হতো; এবং প্রভু মহা করুণা প্রদান করেছেন যেনো আমি তোমাদের কাছে আসতে পারি।
৩ এবং দেখো, আমি অনেক আশা ও আকাঙ্ক্ষা নিয়ে এসেছি যেনো আমি দেখতে পাই যে, তোমরা ঈশ্বরের সামনে নিজেদের নম্র করেছো, এবং যেনো তোমরা তাঁর অনুগ্রহের জন্য অবিরাম মিনতি করছো, যেনো আমি দেখতে পাই যে তোমরা তাঁর সামনে নির্দোষ ছিলে, যেনো আমি দেখতে পাই যে আমাদের ভাইয়েরা সেরহমলায় যে ভয়ঙ্কর দ্বিধাদ্বন্দ্বে ছিলো তোমরা সেই ভয়ঙ্কর দ্বিধাদ্বন্দ্বে নেই।
৪ কিন্তু ঈশ্বরের নাম ধন্য হোক, তিনি আমাকে জানার সুযোগ দিয়েছেন, হ্যাঁ, এটা জেনে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি যে তারা তাঁর ধার্মিকতার পথে আবার প্রতিষ্ঠিত হয়েছে।
৫ এবং আমার সঙ্গে যে ঈশ্বরের আত্মা আছে সেই অনুসারে, আমি বিশ্বাস করি যে, তোমাদের জন্যও আমি আনন্দ পাবো; তবুও আমি চাই না যে, তোমাদের উপর আমার আনন্দ প্রচুর কষ্ট ও দুঃখের কারণে আসুক যা আমি সেরহমলার ভাইদের জন্য পেয়েছি, কারণ দেখো, অনেক কষ্ট এবং দুঃখের মধ্যে দিয়ে যাওয়ার পরে আমার আনন্দ তাদের উপর এসেছিলো।
৬ কিন্তু দেখো, আমি বিশ্বাস করি যে, তোমরা এতটা অবিশ্বাসের অবস্থায় নেই যেটা তোমাদের ভাইদের ছিলো; আমি বিশ্বাস করি যে তোমরা তোমাদের হৃদয়ের অহংকারে উত্তোলিত হওনি; হ্যাঁ, আমি বিশ্বাস করি যে তোমরা ধনসম্পদ ও জগতের নিরর্থক বিষয়ের প্রতি তোমাদের হৃদয় স্থাপন করোনি; হ্যাঁ, আমি বিশ্বাস করি যে, তোমরা প্রতিমার আরাধনা করো না, বরং সত্য ও জীবন্ত ঈশ্বরের আরাধনা করো, এবং তোমরা চিরস্থায়ী বিশ্বাস নিয়ে তোমাদের পাপের ক্ষমা পাওয়ার জন্য, যা তোমরা পাবে বলে অপেক্ষায় আছো।
৭ কারণ দেখো, আমি তোমাদের বলছি আসার অনেক বিষয় আছে; এবং দেখো, এমন একটা জিনিস আছে যা তাদের সবগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ—কারণ দেখো, সেই সময় খুব বেশি দূরে নেই যে মুক্তিদাতা জীবিত থাকবেন এবং তাঁর জনগণের মধ্যে আসবেন।
৮ দেখো, আমি বলছি না যে, তিনি তাঁর মরণশীল দেহ নিয়ে পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আমাদের মধ্যে আসবেন; কারণ দেখো, আত্মা আমাকে বলেননি যে এমনটাই হবে। এখন এই বিষয়ে আমি জানি না; কিন্তু আমি এতটুকু জানি যে, প্রভু ঈশ্বর তাঁর বাক্য অনুসারে সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন।
৯ কিন্তু দেখো, আত্মা আমাকে এইটুকুই বলেছেন, বললেন: এই জনগণের কাছে মিনতি করো, বলো—তোমরা অনুতাপ করো, এবং প্রভুর পথ প্রস্তুত করো, এবং তাঁর সরল পথে চলো; কারণ দেখো, স্বর্গরাজ্য সন্নিকটে, এবং ঈশ্বরের পুত্র ভূমণ্ডলে আসবেন।
১০ এবং দেখো, তিনি মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করবেন, যিরূশালেমে যা আমাদের পূর্বপুরুষদের ভূমি, তিনি একজন কুমারী, মূল্যবান এবং মনোনীত পাত্র, যিনি পবিত্র আত্মার শক্তির দ্বারা আচ্ছন্ন হবেন ও গর্ভধারণ করবেন, এবং একটা পুত্র সন্তান জন্ম দেবেন, হ্যাঁ, প্রকৃতপক্ষে ঈশ্বরের পুত্র।
১১ এবং তিনি সর্বপ্রকার দুঃখ, কষ্ট এবং প্রলোভন ভোগ করবেন; এবং এইভাবে এই বাক্য পরিপূর্ণ হবে, যা বলে, তিনি তাঁর জনগণের কষ্ট এবং অসুস্থতা তাঁর উপর তুলে নেবেন।
১২ এবং তিনি মৃত্যুকে বেছে নেবেন, যেনো তিনি মৃত্যুর বাঁধন খুলে দিতে পারেন যা তাঁর লোকদের বেঁধে রাখে; এবং তিনি তাদের দুর্বলতা তাঁর উপরে নেবেন, যেনো দেহ অনুসারে তাঁর হৃদয় করুণায় পরিপূর্ণ হয়, যেনো তিনি দেহ অনুসারে জানতে পারেন, তাঁর জনগণকে তাদের দুর্বলতা অনুসারে কিভাবে সাহায্য করা যায়।
১৩ এখন আত্মা সব কিছুই জানেন; তবুও ঈশ্বরের পুত্র দেহ অনুসারে কষ্টভোগ করেন, যেনো তিনি তাঁর জনগণের পাপ নিজের উপরে তুলে নিতে পারেন, যেনো তিনি তাঁর মুক্তির শক্তি অনুসারে তাদের অপরাধগুলো মুছে ফেলতে পারেন; এবং এখন দেখো, এই হলো সেই সাক্ষ্য যা আমার মধ্যে রয়েছে।
১৪ এখন আমি তোমাদের বলছি তোমরা অবশ্যই অনুতাপ করো, এবং নতুন করে জন্ম নাও; কারণ আত্মা বলেছেন, যদি তোমরা নতুন করে জন্ম না নাও তবে তোমরা স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবে না; অতএব আসো এবং অনুতাপের সাথে বাপ্তিস্ম নাও, যেনো তোমরা তোমাদের পাপ সকল থেকে শুচি হতে পারো, যেনো তোমরা ঈশ্বরের মেষশাবকের উপরে বিশ্বাস রাখতে পারো, যিনি জগতের পাপ সকল তুলে নিয়েছেন, যিনি সমস্ত অধার্মিকতা থেকে রক্ষা ও শুচি করতে পরাক্রমশালী।
১৫ হ্যাঁ, আমি তোমাদের বলছি আসো এবং ভয় পেয়ো না, এবং সমস্ত পাপ ত্যাগ করো, যা তোমাদেরকে সহজেই ঘিরে ফেলে, যা তোমাদেরকে ধ্বংসের দিকে আবদ্ধ করে, হ্যাঁ, আসো, এগিয়ে যাও, এবং তোমার ঈশ্বরকে দেখাও যে তোমরা তোমাদের পাপের জন্য অনুতাপ করতে এবং তাঁর আজ্ঞা পালন করার জন্য তাঁর সঙ্গে একটা চুক্তিতে প্রবেশ করতে ইচ্ছুক, এবং আজ বাপ্তিস্মের জলে গিয়ে তাঁর কাছে সাক্ষ্য প্রদান করো।
১৬ এবং যে কেউ তা করবে, এবং এখন থেকে ঈশ্বরের আজ্ঞা পালন করবে, যে কেউ তা স্মরণ করবে আমি তাকে বলছি, হ্যাঁ, সে স্মরণ করবে যে আমি তাকে বলেছি, সে অনন্ত জীবন পাবে, পবিত্র আত্মার সাক্ষ্য অনুসারে, যিনি আমার মধ্যে সাক্ষ্য দেন।
১৭ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কি এই সকল বিশ্বাস করো? দেখো, আমি তোমাদের বলছি, হ্যাঁ, আমি জানি যে তোমরা সেগুলো বিশ্বাস করো; এবং আমি যেভাবে জানি যে তোমরা সেগুলো বিশ্বাস করো, তা হলো আমার মধ্যে থাকা আত্মার প্রকাশের মাধ্যমে। এবং এখন যেহেতু এই বিষয়ে তোমাদের বিশ্বাস দৃঢ়, হ্যাঁ, আমি যা বলেছি সেগুলো সম্বন্ধে, আমার আনন্দ অনেক।
১৮ কারণ আমি শুরুর থেকে তোমাদের যেভাবে বলেছি যে, আমার অনেক আশা ছিলো যে তোমরা তোমাদের ভাইদের মতো দ্বিধাদ্বন্দ্বে পড়বে না, এমনকি আমি তেমনি পেয়েছি যে, আমার আশা পূর্ণ হয়েছে।
১৯ কারণ আমি বুঝতে পারছি যে তোমরা ধার্মিকতার পথে রয়েছো; আমি বুঝতে পারছি যে তোমরা সেই পথে আছো যা ঈশ্বরের রাজ্যের দিকে নিয়ে যায়; হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমরা তাঁর পথ সোজা করছো।
২০ আমি বুঝতে পারছি যে তাঁর বাক্যের সাক্ষ্য দ্বারা, তোমাদের কাছে এটা জানানো হয়েছে যে, তিনি বাঁকা পথে চলতে পারেন না; তিনি যা বলেছেন তা থেকেও তিনি ভিন্ন নন; এমনকি তাঁর ছায়াও ডান দিক থেকে বামে ফেরে না, অথবা যা ন্যায়সঙ্গত তা থেকে ভুল দিকেও যায় না; অতএব, তাঁর চলার পথ এক অনন্ত বৃত্তাকার।
২১ এবং তিনি অপবিত্র ধর্মধামে বাস করেন না; নোংরামি বা অশুচি কোন কিছুই ঈশ্বরের রাজ্যে গ্রহণ করা যায় না; অতএব আমি তোমাদের বলছি এমন সময় আসবে, হ্যাঁ, এবং এটা হবে সেই শেষ দিনে, যে নোংরা সে তার নোংরামির মধ্যে থাকবে।
২২ এবং এখন আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের এই কথাগুলো বলছি যাতে আমি ঈশ্বরের প্রতি তোমাদের কর্তব্যের অনুভূতি সম্পর্কে তোমাদের জাগ্রত করতে পারি, যাতে তোমরা তাঁর সামনে নির্দোষভাবে চলতে পারো, যাতে তোমরা ঈশ্বরের পবিত্র রীতি অনুসারে চলতে পারো, যার মাধ্যমে তোমাদের গ্রহণ করা হয়েছে।
২৩ এবং এখন আমি চাই যে তোমরা নম্র হও, এবং বিনয়ী ও ভদ্র হও; অনুনয় করা সহজ; ধৈর্য ও দীর্ঘ-সহিষ্ণুতায় পরিপূর্ণ; সব বিষয়ে সংযমী হও; সব সময় ঈশ্বরের আজ্ঞা পালনে অধ্যবসায়ী হও; আধ্যাত্মিক এবং পার্থিব উভয় ক্ষেত্রেই তোমাদের যা কিছু প্রয়োজন তা চাও; তোমরা যা কিছু পাও তার জন্য ঈশ্বরকে সর্বদা ধন্যবাদ দেও।
২৪ এবং দেখো যেনো তোমাদের মধ্যে বিশ্বাস, আশা, এবং ভালোবাসা থাকে, তাহলে তোমরা সর্বদা প্রচুর পরিমাণে সৎকর্ম করতে পারবে।
২৫ এবং প্রভু তোমাদের আশীর্বাদ করুন, এবং তোমাদের বস্ত্র দাগহীন রাখুন, যেনো অবশেষে তোমরা আব্রাহাম, ইসহাক, এবং যাকোব, এবং সেই পবিত্র ভাববাদীদের সঙ্গে বসতে পারো যাঁরা জগতের শুরু হওয়ার পর থেকে রয়েছেন, তাঁদের বস্ত্র যেমন দাগহীন তেমনি তোমাদের বস্ত্র দাগহীন থাকলে, স্বর্গরাজ্য থেকে তোমাদের আর বাইরে যেতে হবে না।
২৬ এবং এখন আমার প্রিয় ভাইয়েরা, যে আত্মা আমার মধ্যে সাক্ষ্য দিয়েছেন সেই অনুসারে আমি তোমাদের এই কথাগুলো বলছি; এবং আমার আত্মা অত্যন্ত উল্লোসিত, কারণ তোমরা আমার বাক্যের প্রতি অত্যাধিক অধ্যবসায় ও মনোযোগ দিয়েছো।
২৭ এবং এখন, ঈশ্বরের শান্তি তোমাদের, তোমাদের ঘর-বাড়ি এবং ভূমির উপর, তোমাদের মেষপাল ও পশুপালের উপর, এবং তোমাদের যা কিছু আছে তার উপর, তোমাদের স্ত্রী ও সন্তানদের উপর বিরাজ করুক, তোমাদের বিশ্বাস ও সৎকর্ম অনুসারে, আজ থেকে এবং চিরকালের জন্য। এবং এইরুপ আমি কথাগুলো বললাম। আমেন।