অধ্যায় ৫১
রাজার লোকেরা আইন পরিবর্তন এবং একজন রাজা নিয়োগ করতে চায়—পাহোরান এবং স্বাধীন লোকেরা অন্য জনগণের ভোটে সমর্থিত হয়—মরনী রাজার লোকেদের তাদের দেশ রক্ষা করতে নতুবা মৃত্যুদণ্ড পেতে বাধ্য করে—অমালিকীয়া এবং লামানীয়রা অনেকগুলো সুরক্ষিত শহর দখল করে—টিয়ানকূম লামানীয়দের আক্রমণ প্রতিহত করেন এবং অমালিকীয়াকে তার তাঁবুতে হত্যা করেন। প্রায় ৬৭–৬৬ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন এটা ঘটলো নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের পঁচিশতম বছরের শুরুতে, তারা লেহীর লোকেদের এবং মোরিয়ানটনের লোকদের মধ্যে তাদের ভূমির বিষয়ে শান্তি স্থাপন করেছিলো, এবং পঁচিশতম বছর শান্তিতে শুরু করেছিলো;
২ যদিও, তারা ভূমিতে দীর্ঘ দিন সম্পূর্ণ শান্তি বজায় রাখতে পারেনি, কারণ সেখানে প্রধান বিচারক পাহোরানকে নিয়ে জনগণের মধ্যে বিবাদ শুরু হয়েছিলো; কারণ দেখো, সেখানে জনগণদের এক অংশ ছিলো যারা চেয়েছিলো যে আইনের কয়েকটা নির্দিষ্ট বিষয় পরিবর্তন করা উচিত।
৩ কিন্তু দেখো, পাহোরান আইনের পরিবর্তন করেননি বা পরিবর্তন করতে দেননি; অতএব, তিনি তাদের কথা শোনেননি যারা আইন পরিবর্তনের বিষয়ে তাদের ভোট আবেদনসহ পাঠিয়েছিলো।
৪ অতএব, যারা আইন পরিবর্তন করতে চেয়েছিলো তারা তাঁর উপর ক্ষুব্ধ ছিলো, এবং চেয়েছিলো যে তিনি আর ভূমির প্রধান বিচারক থাকবেন না; অতএব বিষয়টা নিয়ে উত্তেজনাপূর্ণ বিবাদ দেখা দিয়েছিলো, কিন্তু রক্তপাতের পর্যায়ে পৌঁছায়নি।
৫ এবং এটা ঘটলো যে যারা পাহোরানকে বিচারের আসন থেকে পদত্যাগ করাতে চেয়েছিলো তাদের রাজারলোক বলা হতো, কারণ তারা চেয়েছিলো আইনটাকে এমনভাবে পরিবর্তন করতে যে স্বাধীন সরকারকে উৎখাত করা হবে এবং ভূমি শাসনের জন্য একজন রাজাকে নিয়োগ করা হবে।
৬ এবং যারা পাহোরানকে ভূমির প্রধান বিচারক হিসেবে রাখতে চেয়েছিলো তারা নিজেদেরকে স্বাধীন লোক নাম রেখেছিলো; এবং এইভাবে তাদের মধ্যে বিভাজন হয়েছিলো, কারণ স্বাধীন লোকরা একটা স্বাধীন সরকার দ্বারা তাদের অধিকার এবং তাদের ধর্মের সুযোগ-সুবিধাগুলো বজায় রাখার জন্য তারা শপথ নিয়েছিলো বা চুক্তিবদ্ধ হয়েছিলো।
৭ এবং এটা ঘটলো যে তাদের এই বিবাদের বিষয়টা জনগণের ভোটের দ্বারা নিষ্পত্তি করা হয়েছিলো। এবং এটা ঘটলো যে জনগণের ভোট স্বাধীন লোকেদের পক্ষে এসেছিলো, এবং পাহোরান বিচার-আসন ধরে রেখেছিলেন, যা পাহোরানের ভাইদের মধ্যে এবং অনেক মুক্ত লোকদেরও মধ্যে খুব আনন্দের কারণ হয়েছিলো, যারা রাজার লোকেদেরকেও চুপ করিয়ে দিয়েছিলো, যাতে তারা বিরোধিতা করার সাহস না পায় বরং স্বাধীনতার কারণ বজায় রাখতে বাধ্য হয়।
৮ এখন যারা রাজাদের শাসনের পক্ষে ছিলো তারা উচ্চ বংশের ছিলো, এবং তারা রাজা হতে চেয়েছিলো; এবং তারা তাদের দ্বারা সমর্থিত ছিলো যারা জনগণের উপর ক্ষমতা ও কর্তৃত্ব চেয়েছিলো।
৯ কিন্তু দেখো, নেফীর লোকেদের মধ্যে এই ধরনের বিবাদের জন্য এই সময়টা এক সংকটময় সময় ছিলো; কারণ দেখো, অমালিকীয়া আবার নেফীয় লোকেদের বিরুদ্ধে লামানীয় লোকদের হৃদয়কে উত্তেজিত করেছিলো, এবং সে তার ভূমির সকল অংশ থেকে সৈন্যদের একত্রিত করেছিলো, এবং তাদের সশস্ত্র করেছিলো, এবং সমস্ত অধ্যবসায়ের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলো; কারণ সে মরনীর রক্ত পান করার শপথ নিয়েছিলো।
১০ কিন্তু দেখো, আমরা জানবো যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বেপরোয়া ছিলো; তা সত্ত্বেও, তিনি নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধে আসার জন্য নিজেকে এবং তাঁর সৈন্যবাহিনীকে প্রস্তুত করেছিলেন।
১১ এখন তার সৈন্যবাহিনী এতো বিশাল ছিলো না যতটা তারা আগে ছিলো, কারণ তাদের হাজার হাজার লোকেরা নেফীয়দের হাতে নিহত হয়েছিলো; কিন্তু তাদের বড়ো ক্ষতি সত্ত্বেও, অমালিকীয়া আশ্চর্যজনকভাবে এতটাই বিশাল একটা সৈন্যবাহিনী একত্রিত করেছিলো যে সেরহমলা ভূমিতে তার আসতে কোনো ভয় ছিলো না।
১২ হ্যাঁ, এমনকি অমালিকীয়া নিজেও এসেছিলো, লামানীয়দের দলপতি হিসেবে। এবং এটা বিচারকদের রাজত্বকালের পঁচিশতম বছরে হয়েছিলো; এবং এই একই সময়ে তারা প্রধান বিচারক, পাহোরানের সম্পর্কে তাদের বিবাদের বিষয়গুলো নিষ্পত্তি করতে শুরু করেছিলো।
১৩ এবং এটা ঘটলো যে যাদেরকে রাজার লোক বলা হতো যখন তারা শুনলো যে লামানীয়রা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তখন তাদের হৃদয়ে আনন্দ হয়েছিলো; এবং তারা অস্ত্র নিতে অস্বীকৃতি জানায়, কারণ তারা প্রধান বিচারপতি এবং স্বাধীন লোকদের প্রতি এতটাই ক্রুদ্ধ ছিলো যে তারা তাদের দেশ রক্ষা করার জন্য অস্ত্র তুলবে না।
১৪ এবং এটা ঘটলো যে মরনী যখন এটা দেখেছিলেন, এবং এটাও জানতে পারলেন যে লামানীয়রা ভূমির সীমানায় আসছে, তিনি সেই সমস্ত লোকদের একগুঁয়েমির কারণে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন যাদের রক্ষা করার জন্য তিনি এতো পরিশ্রম করেছিলেন; হ্যাঁ, তিনি অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন; তাঁর আত্মা তাদের বিরুদ্ধে ক্রোধে পূর্ণ হলো।
১৫ এবং এটা ঘটলো যে তিনি জনগণের ইচ্ছায়, ভূমির অধ্যক্ষের কাছে একটা দরখাস্ত পাঠিয়েছিলেন, তিনি চেয়েছিলেন যেনো তিনি সেটা পড়ে, এবং তাঁকে (মরনীকে) ক্ষমতা দেয় এই ভিন্নমতাবলম্বীদেরকে তাদের ভূমিকে রক্ষা করার জন্য বাধ্য করতে বা তাদের মৃত্যুদন্ড দিতে।
১৬ কারণ জনগণের মধ্যে এই ধরনের বিবাদ ও মতোবিরোধের অবসান ঘটানো ছিলো তাঁর প্রথম দ্বায়িত্বশীল উদ্বেগ; কারণ দেখো, এটা এই পর্যন্ত তাদের সমস্ত ধ্বংসের কারণ ছিলো। এবং এটা ঘটলো যে এটা জনগণের ইচ্ছা অনুসারে গ্রহন করা হয়েছিলো।
১৭ এবং এটা ঘটলো যে মরনী নির্দেশ দিয়েছিলেন যে তাঁর সৈন্যবাহিনীকে সেই রাজার লোকেদের বিরুদ্ধে যেতে হবে, তাদের অহংকার এবং তাদের মাহাত্ম্যকে ধ্বংস করতে হবে এবং তাদেরকে হত্যা করতে হবে, অথবা তাদেরকে অস্ত্র তুলতে হবে এবং স্বাধীনতার কারণকে সমর্থন করতে হবে।
১৮ এবং এটা ঘটলো যে সৈন্যবাহিনী তাদের বিরুদ্ধে অগ্রসর হলো; এবং তারা তাদের অহংকার এবং তাদের মাহাত্ম্যকে এমনভাবে ধ্বংস করেছিলো, যে যখন তারা মরনীর লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের যুদ্ধের অস্ত্র তুলেছিলো তখন তাদেরকে হত্যা করে মাটিতে ফেলা হয়েছিলো।
১৯ এবং এটা ঘটলো যে সেখানে চার হাজার ভিন্নমতাবলম্বীদেরকে তরবারি দিয়ে হত্যা করে ফেলা হয়েছিলো; এবং তাদের নেতাদের মধ্যে যারা যুদ্ধে নিহত হয়নি তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিলো এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছিলো, কারণ সেই সময়কালে তাদের বিচার করার জন্য সময় ছিলো না।
২০ এবং অবশিষ্ট এই ভিন্নমতাবলম্বীদের, তরবারির আঘাতে হত্যা করার পরিবর্তে, স্বাধীনতার পতাকার সামনে আত্মসমর্পণ করানো হয়েছিলো, এবং তাদের বাধ্য করা হয়েছিলো তাদের দুর্গে এবং শহরে স্বাধীনতার শিরোনাম উত্তোলন করতে, এবং তাদের দেশের প্রতিরক্ষার জন্য অস্ত্র তুলে নিতে।
২১ এবং এইভাবে মরনী সেই রাজার লোকদের অবসান ঘটালেন, যাতে রাজার লোক উপাধি দ্বারা আর কেউ পরিচিত না হয়; এবং এইভাবে তিনি সেই সমস্ত লোকদের একগুঁয়েমি এবং অহংকারের অবসান ঘটিয়েছিলেন যারা নিজেদের উচ্চবংশের বলে দাবি করেছিলো; কিন্তু তাদেরকে তাদের ভাইদের মতো নম্রতায় নামিয়ে আনা হয়েছিলো, এবং দাসত্ব থেকে তাদের মুক্তির জন্য বীরত্বের সাথে লড়াই করতে বাধ্য করেছিলো।
২২ দেখো, এটা ঘটলো যে মরনী যখন এইভাবে তাঁর নিজের লোকেদের মধ্যে যুদ্ধ ও বিবাদ বন্ধ করছিলেন, এবং তাদের শান্তি ও সভ্যতার অধীনে নিয়ে আসছিলেন, এবং লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির জন্য নিয়মকানুন তৈরি করছিলেন, দেখো, তখন লামানীয়রা মরনীর ভূমিতে এসেছিলো, যা সমুদ্রতীরের সীমানায় ছিলো।
২৩ এবং এটা ঘটলো যে নেফীয়রা মরনীর শহরে যথেষ্টভাবে শক্তিশালী ছিলো না; তাই অমালিকীয়া তাদের তাড়িয়ে দিয়েছিলো, অনেককে হত্যা করেছিলো। এবং এটা ঘটলো যে অমালিকীয়া শহর দখল করে নিয়েছিলো, হ্যাঁ, তাদের সমস্ত দুর্গের দখল নিয়েছিলো।
২৪ এবং যারা মরনী শহর থেকে পালিয়েছিলো তারা নেফীহা শহরে এসেছিলো; এবং লেহী শহরের লোকেরাও নিজেদেরকে একত্রিত করেছিলো, এবং প্রস্তুতি নিয়েছিলো এবং যুদ্ধে লামানীয়দের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলো।
২৫ কিন্তু এটা ঘটলো যে অমালিকীয়া লামানীয়দের নেফীহা শহরের বিরুদ্ধে যুদ্ধে যেতে অনুমতি দেয়নি, কিন্তু তাদের সমুদ্রের ধারে নিচু স্থানে রেখেছিলো, সেগুলোর নিরাপত্তা ও রক্ষার জন্য প্রতিটা শহরে তার লোকেদের রেখেছিলো।
২৬ এবং এইভাবে সে, অনেকগুলো শহর দখল করা চালিয়ে গিয়েছিলো, নেফীহার শহর, এবং লেহীর শহর, এবং মোরিয়ানটনের শহর, এবং ওমনার শহর, এবং গিদের শহর, এবং মূলেকের শহর, যেগুলো সবকটাই সমুদ্রের ধারে পূর্ব সীমানায় ছিলো।
২৭ এবং এইভাবে লামানীয়রা, অমালিকীয়ার ধূর্ততা দ্বারা, তাদের অসংখ্য বাহিনীর সাহায্যে এতগুলো শহর দখল করেছিলো, যেগুলো সবকটাই মরনীর দুর্গের মতো শক্তিশালীভাবে সুরক্ষিত ছিলো; যেগুলো সবকটাই লামানীয়দের জন্য শক্ত দুর্গ হিসেবে কাজ করেছিলো।
২৮ এবং এটা ঘটলো যে তারা প্রাচুর্য ভূমির সীমানায় অগ্রসর হয়েছিলো, তাদের সামনে থেকে নেফীয়দের তাড়িয়েছিলো এবং অনেককে হত্যা করেছিলো।
২৯ কিন্তু এটা ঘটলো যে তারা টিয়ানকূমের মুখোমুখি হয়েছিলো, যিনি মোরিয়ানটনকে হত্যা করেছিলেন এবং তাঁর লোকদের পলায়ন বন্ধ করেছিলেন।
৩০ এবং এটা ঘটলো যে তিনি অমালিকীয়াকেও থামিয়েছিলেন, যখন সে তার অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলো যাতে সে প্রাচুর্য ভূমি, এবং উত্তর দিকের ভূমিও দখল করতে পারে।
৩১ কিন্তু দেখো টিয়ানকূম এবং তাঁর লোকদের দ্বারা বিতাড়িত হয়ে সে হতাশ হয়ে পড়ে, কারণ তারা ছিলো মহান যোদ্ধা; কারণ টিয়ানকূমের প্রতিটা সৈন্য তাদের শক্তি এবং যুদ্ধের দক্ষতায় লামানীয়দেরকে এতটাই অতিক্রম করেছিলো, যে তারা লামানীয়দের পরাস্ত করেছিলো।
৩২ এবং এটা ঘটলো যে তারা তাদের হয়রান করেছিলো, এমনকি অন্ধকার হওয়া পর্যন্ত তারা তাদের হত্যা করেছিলো। এবং এটা ঘটলো যে টিয়ানকূম এবং তাঁর লোকেরা প্রাচুর্য ভূমির সীমানায় তাদের তাঁবু স্থাপন করেছিলো; এবং অমালিকীয়া সমুদ্রের ধারে সৈকতের সীমানায় তার তাঁবু স্থাপন করেছিলো, এবং এইভাবে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিলো।
৩৩ এবং এটা ঘটলো যে যখন রাত হলো, টিয়ানকূম ও তাঁর দাস গুপ্তভাবে রাতে বাইরে গেলো, এবং অমালিকীয়ার শিবিরে প্রবেশ করলো; এবং দেখো, তারা নিদ্রায় মগ্ন ছিলো কারণ তারা খুব ক্লান্ত ছিলো, যা দিনের পরিশ্রম এবং গরমের কারণে হয়েছিলো।
৩৪ এবং এটা ঘটলো যে টিয়ানকূম গোপনে রাজার তাঁবুতে প্রবেশ করলেন, এবং তার বুকে একটা বর্শা নিক্ষেপ করলেন; এবং তিনি দ্রুত রাজাকে হত্যা করলেন যাতে তিনি তার দাসদের না জাগান।
৩৫ এবং তিনি আবার গোপনে তাঁর নিজের শিবিরে ফিরে গেলেন, এবং দেখো, তাঁর লোকেরা ঘুমিয়েছিলো, এবং তিনি তাদের জাগিয়ে দিলেন এবং তিনি যা করেছেন তা তাদের জানালেন।
৩৬ এবং তিনি নির্দেশ দিলেন যে তাঁর সৈন্যবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, পাছে লামানীয়রা জেগে ওঠে এবং তাদের উপর আক্রমণ না করে।
৩৭ এবং এইভাবে নেফীর লোকেদের উপর বিচারকদের রাজত্বকালের পঁচিশতম বছর শেষ হয়; এবং এইভাবে অমালিকীয়ার দিন শেষ হয়।