ধর্মশাস্ত্র
আলমা ৩৫


অধ্যায় ৩৫

বাক্যের প্রচার সোরমীয়দের ধূর্ততা ধ্বংস করে দেয়—তারা ধর্মান্তরিতদের বহিষ্কার করে, যারা পরে যেরশনে অম্মোনের লোকদের সাথে যোগ দেয়—আলমা লোকদের দুষ্টতার কারণে দুঃখ পায়। প্রায় ৭৪ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে আমূলেক কথা বলা শেষ করার পরে, তাঁরা নিজেদেরকে জনতার মধ্য থেকে সরিয়ে নিলেন এবং যেরশনের ভূমিতে আসলেন।

হ্যাঁ, এবং অবশিষ্ট ভাইয়েরা, সোরমীয়দের কাছে বাক্য প্রচার করার পরে, তাঁরাও যেরশন ভূমিতে আসলেন।

এবং এটা ঘটলো যে সামাজিক ভাবে অধিক গুরুত্বপূর্ণ সোরমীয়রা তাদের কাছে প্রচারিত বাক্য সম্বন্ধে একত্রে পরামর্শ করার পরে, তারা এই বাক্যের কারণে ক্রুদ্ধ হয়ে উঠলো, কারণ এটা তাদের ধূর্ততাকে ধ্বংস করে দিয়েছে; তাই তারা বাক্যগুলো শুনলো না।

এবং তারা বার্তা পাঠালো এবং সকল লোককে সমস্ত ভূমি থেকে একত্রিত করলো, এবং যে সমস্ত কথা বলা হয়েছিলো সেই বাক্য সম্বন্ধে তাদের সাথে পরামর্শ করলো।

এখন তাদের শাসকেরা, তাদের যাজকেরা এবং তাদের শিক্ষকেরা তাদের আকাঙ্ক্ষার কথা লোকদের জানতে দিলো না; তাই তারা গোপনে সকল লোকের মনের কথা জানতে পারলো।

এবং এটা ঘটলো যে যখন তারা সমস্ত লোকদের মনের কথা জানতে পারলো, তখন যারা আলমা ও তাঁর ভাইদের বলা বাক্যের পক্ষে ছিলো, তাদেরকে ভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিলো; এবং তারা অনেকজন ছিলো; এবং তারাও যেরশনের ভূমিতে এসেছিলো।

এবং এটা ঘটলো যে আলমা এবং তাঁর ভাইয়েরা তাদের পরিচর্যা করেছিলেন।

এখন সোরমীয় লোকেরা যেরশনে থাকা অম্মোনের লোকদের উপর ক্রুদ্ধ হয়ে উঠলো, এবং সোরমীয়ের প্রধান শাসক, একজন খুব দুষ্ট লোক হওয়ায়, অম্মোনের লোকদের কাছে এই বার্তা পাঠালো যে, তারা তাদের ভূমি থেকে তাদের সকলকে বিতাড়িত করবে যারা তাদের কাছ থেকে তাদের ভূমিতে এসেছে।

এবং সে তাদের বিরুদ্ধে অনেক ভয় প্রদর্শন করেছিলো। এবং এখন অম্মোনের লোকেরা তাদের কথায় ভয় পেলো না; অতএব তারা তাদেরকে বিতাড়িত করলো না, কিন্তু সোরমীয়দের থেকে তাদের কাছে আসা সকল দরিদ্রদের তারা গ্রহণ করলো; এবং তারা তাদের ভরণপোষণ করলো, এবং তাদের বস্ত্র দিলো, এবং তাদেরকে উত্তরাধিকারের জন্য জমি দিয়েছিলো; এবং তারা তাদের চাহিদা অনুযায়ী তাদের পরিচর্যা করেছিলো।

১০ এখন এটা অম্মোনের লোকদের বিরুদ্ধে সোরমীয়দের ক্রোধে উত্তেজিত করে তুলেছিলো, এবং তারা লামানীয়দের সঙ্গে মেলামেশা করতে লাগলো এবং তাদের বিরুদ্ধে তাদেরকেও ক্রোধে উত্তেজিত করতে লাগলো।

১১ এবং এভাবে সোরমীয়রা এবং লামানীয়রা অম্মোনের লোকদের বিরুদ্ধে, এবং নেফীয়দের বিরুদ্ধেও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলো।

১২ এবং এভাবেই নেফীর লোকেদের উপর শেষ হলো বিচারকদের রাজত্বকালের সতেরোতম বছর।

১৩ এবং অম্মোনের লোকেরা যেরশনের ভূমি থেকে চলে গেলো, এবং মেলেকের ভূমিতে আসলো, এবং নেফীয়দের সৈন্যবাহিনীদের যেরশনের ভূমিতে জায়গা করে দিলো, যেনো তারা লামানীয়দের সৈন্যবাহিনী এবং সোরমীয়দের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে; এবং এইভাবে বিচারকদের রাজত্বকালের আঠারোতম বছরে, লামানীয়দের এবং নেফীয়দের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছিলো; এবং তাদের যুদ্ধের বিবরণ পরবর্তীতে দেওয়া হবে।

১৪ এবং আলমা, এবং অম্মোন, এবং তাঁদের ভাইয়েরা, এবং আলমার দুই পুত্রও, অনেক সোরমীয়দের অনুতাপে আনার জন্য ঈশ্বরের হাতের হাতিয়ার হওয়ার পরে, সেরহমলার ভূমিতে ফিরে এসেছিলেন; এবং যতজনকে অনুতাপে আনা হয়েছিলো, তাদেরকে ভূমি থেকে বিতাড়িত করা হয়েছিলো; কিন্তু যেরশনের ভূমিতে তাদের উত্তরাধিকারের জন্য জমি পেয়েছিলো, এবং তারা নিজেদের, তাদের স্ত্রীদের, সন্তানদের এবং, তাদের ভূমি রক্ষার জন্য অস্ত্র তুলে নিয়েছিলো।

১৫ এখন আলমা, তাঁর লোকেদের অন্যায়ের জন্য, হ্যাঁ যুদ্ধের জন্য, এবং রক্তপাত, এবং তাদের মধ্যে যে বিবাদ ছিলো তার জন্য দুঃখ পেলেন; এবং যেহেতু তিনি বাক্য ঘোষণা করেছিলেন, অথবা তাঁকে বাক্য ঘোষণা করতে পাঠানো হয়েছিলো, প্রত্যেক নগরের সমস্ত লোকদের মধ্যে; এবং যেহেতু তিনি দেখেছিলেন যে জনগনের হৃদয় কঠোর হয়ে উঠতে শুরু করেছিলো, এবং বাক্যের কঠোরতার কারণে তারা অসন্তুষ্ট হতে শুরু করলো, তাই তাঁর হৃদয় অত্যন্ত দুঃখিত হয়েছিলো।

১৬ অতএব, তিনি আদেশ দিলেন যে, তাঁর পুত্রেরা অবশ্যই একত্রিত হবে, যাতে তিনি তাদের প্রত্যেককে, ধার্মিকতার বিষয়ে পৃথকভাবে, তাঁর দায়িত্ব দিতে পারেন। এবং আমাদের কাছে তাঁর আজ্ঞাসমূহের একটা লিখিত বিবরণ আছে, যা তিনি তাঁর নিজের নথি অনুসারে তাদের দিয়েছিলেন।