ধর্মশাস্ত্র
আলমা ৩৯


আলমার আজ্ঞাগুলো তাঁর পুত্র কোরিয়েনটনের প্রতি

অধ্যায় ৩৯থেকে ৪২এ অন্তর্ভূক্ত রয়েছে।

অধ্যায় ৩৯

যৌন পাপ একটা জঘন্যতা—কোরিয়েনটনের পাপ সোরমীয়দের সুসমাচারের বার্তা গ্রহণ থেকে বিরত রেখেছিলো—খ্রীষ্টের মুক্তির ক্ষমতা তাঁর পূর্ববর্তী বিশ্বাসীদের উদ্ধার করার জন্য কার্যকর। প্রায় ৭৪ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন, আমার পুত্র, তোমার ভাইকে আমি যা বলেছি তার চেয়ে তোমাকে আমার আরও অনেক কিছু বলার আছে; কারণ দেখো, তুমি কি তোমার ভাইয়ের দৃঢ়তা, তাঁর বিশ্বস্ততা, এবং ঈশ্বরের আজ্ঞা পালনে তাঁর অধ্যবসায় লক্ষ্য করোনি? দেখো, সে কি তোমাদের জন্য একটা উত্তম উদাহরণ স্থাপন করেনি?

কারণ তুমি আমার বাক্যে ততটা মনোযোগ দাওনি, যেমনটা সোরমীয় লোকদের মধ্যে তোমার ভাই করেছিলো। এখন তোমার বিরুদ্ধে আমার এই বলার আছে; তুমি তোমার শক্তি ও প্রজ্ঞার উপর গর্ব করেছো।

এবং এটাই সব নয়, আমার পুত্র। তুমি এমন কাজ করেছো যা আমার জন্য দুঃখজনক ছিলো; কারণ তুমি পরিচর্যার কাজ পরিত্যাগ করেছো, এবং পতিতা ইসাবেলের অন্বেষনে লামানীয়দের সীমান্তের মধ্যে সীরন ভূমিতে গিয়েছিলে।

হ্যাঁ, সে অনেকের হৃদয় চুরি করেছিলো; কিন্তু এটা তোমার জন্য কোনো অজুহাত হতে পারে না, আমার পুত্র। তোমার উচিত ছিলো সেই পরিচর্যার কাজে মনোযোগ দেওয়া যা তোমার উপর অর্পণ করা হয়েছিলো।

আমার পুত্র, তুমি কি জানো না যে, এ সকল কাজ প্রভুর দৃষ্টিতে জঘন্য; হ্যাঁ, নিষ্পাপের রক্তপাত বা পবিত্র আত্মাকে অস্বীকার করা ছাড়াও এটা সমস্ত পাপের থেকে সবচেয়ে জঘন্যতম?

কারণ দেখো, পবিত্র আত্মা যখন একবার তোমার মধ্যে স্থান পেয়েছে তখন যদি তুমি তাঁকে অস্বীকার করো, এবং তুমি জানো যে, তুমি তা অস্বীকার করেছো, দেখো, এটা একটা পাপ যা ক্ষমার অযোগ্য; হ্যাঁ, আর যে ব্যক্তি ঈশ্বরের আলো এবং জ্ঞানের বিরুদ্ধে হত্যা করে, ক্ষমা পাওয়া তার পক্ষে সহজ নয়; হ্যাঁ, আমার পুত্র, আমি তোমাকে বলছি যে, ক্ষমা পাওয়া তার পক্ষে সহজ নয়।

এবং এখন, আমার পুত্র, আমি ঈশ্বরের কাছে চাই যে, তুমি এতো বড়ো অপরাধে দোষী না হও। আমি তোমার আত্মাকে কষ্ট দেওয়ার জন্য, তোমার অপরাধ নিয়ে কথা বলতাম না, যদি তা তোমার মঙ্গলের জন্য না হতো।

কিন্তু দেখো, তুমি তোমাদের অপরাধ ঈশ্বরের কাছ থেকে গোপন রাখতে পারবে না; আর তুমি যদি অনুতাপ না করো তাহলে শেষ দিনে সেগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দাঁড়াবে।

এবং আমার পুত্র, আমি চাই যে, তুমি অনুতাপ করো এবং তোমার সকল পাপ পরিত্যাগ করো, এবং তোমার চোখের লালসায় আর যেও না, কিন্তু তুমি এগুলো অগ্রাহ্য করো; কারণ তুমি তা না করলে কোনভাবেই ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না। ওহে, স্মরণে রেখো, এবং এই দায়িত্ব তুমি নাও, এবং তুমি এগুলোকে অগ্রাহ্য করো।

১০ এবং আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার উদ্যোগে তোমার বড়ো ভাইদের সাথে পরামর্শ করার এই দায়িত্ব তুমি নাও; কারণ দেখো, তুমি তোমার যৌবনে উপনীত হয়েছো, এবং তোমার ভাইদের কাছ থেকে তোমার শিক্ষা গ্রহণ প্রয়োজন রয়েছে। এবং তাদের পরামর্শে মনোযোগ দাও।

১১ কোনো নিরর্থক বা মূর্খ বিষয়ের দ্বারা নিজেকে পরিচালিত হতে দিও না; শয়তানকে সুযোগ দিও না, যাতে তোমার আত্মাকে আবার সেই দুষ্ট পতিতাদের দিকে নিয়ে যায়। দেখো, হে আমার পুত্র, তুমি সোরমীয়দের প্রতি কতো বড়ো অন্যায় করেছো; কারণ তারা যখন তোমার আচরণ দেখবে তখন তারা আমার কথায় বিশ্বাস করবে না।

১২ এবং এখন প্রভুর আত্মা আমাকে বলেছেন: তোমার সন্তানদের উত্তম কাজ করার আদেশ দাও, পাছে তারা অনেক লোকের আত্মাকে ধ্বংসের দিকে নিয়ে যায়; অতএব আমার পুত্র, আমি তোমাকে আদেশ দিচ্ছি, ঈশ্বরের ভয়ে যেনো, তুমি তোমার অন্যায় থেকে বিরত থাকো;

১৩ যেনো তুমি তোমার সমস্ত শক্তি, মন এবং ক্ষমতার সাথে প্রভুর দিকে ফিরে যাও; যাতে তুমি আর কোনো আত্মাকে মন্দতার দিকে পরিচালিত না করো; বরং তাদের কাছে ফিরে যাও, এবং তোমার ত্রুটি এবং অন্যায় যা তুমি করেছো তা স্বীকার করো।

১৪ জগতের ধন-সম্পদ অথবা নিরর্থক কোনো বিষয়ের পেছনে ছুটবে না; কারণ দেখো, তুমি সেগুলো সঙ্গে নিয়ে যেতে পারবে না।

১৫ এবং এখন, আমার পুত্র, খ্রীষ্টের আগমন সম্বন্ধে আমি তোমাকে কিছুটা বলবো। দেখো, আমি তোমাকে বলছি, তিনিই সে যিনি জগতের সকল পাপ তুলে নিতে আসবেন; হ্যাঁ, তিনি পরিত্রাণের আনন্দ সংবাদ মানুষের কাছে ঘোষণা করতে আসবেন।

১৬ এবং এখন, আমার পুত্র, এই সেই পরিচর্যা কাজ যার জন্য তোমাকে আহ্বান করা হয়েছিলো, এই আনন্দের সংবাদ এই লোকদের কাছে ঘোষণা করতে, তাদের মনকে প্রস্তুত করতে; অথবা যেনো তাদের কাছে পরিত্রাণ আসতে পারে, যাতে তারা তাদের সন্তানদের মনকে তাঁর আগমনের সময় সেই বাক্য শোনার জন্য প্রস্তুত করতে পারে।

১৭ এবং এখন আমি এই বিষয়ে তোমার মনকে কিছুটা হালকা করবো। দেখো, তুমি আশ্চর্য হচ্ছো কেনো এই বিষয়গুলো অনেক আগে থেকে জানা উচিত। দেখো, আমি তোমাকে বলছি, এই সময়ে একটা আত্মা কি ঈশ্বরের কাছে ততোটা মূল্যবান নয় যতটা একটা আত্মা তাঁর আগমনের সময় হবে?

১৮ এটা কি ততোটাই প্রয়োজনীয় নয় যে, মুক্তির পরিকল্পনা এই লোকদের কাছে এবং তাদের সন্তানদের কাছেও প্রকাশ করা উচিত?

১৯ এই সময়ে প্রভুর পক্ষে কি এতটা সহজ নয় যে তিনি আমাদের কাছে এমনকি আমাদের সন্তানদের কাছে, অথবা তাঁর আগমনের পরে, এই আনন্দের সংবাদ ঘোষণা করতে তাঁর স্বর্গদূতকে পাঠাবেন?