ধর্মশাস্ত্র
আলমা ২১


হারোণ, মূলোকী, এবং তাঁদের ভাইদের, লামানীয়দের কাছে প্রচারের একটা লিখিত বিবরণ।

অধ্যায় ২১থেকে ২৫এ অন্তর্ভূক্ত রয়েছে।

অধ্যায় ২১

হারোণ অমালেকীয়দের খ্রীষ্ট এবং তাঁর প্রায়শ্চিত্ত সম্পর্কে শিক্ষা দেন—হারোণ এবং তাঁর ভাইয়েরা মিদ্দোনীতে বন্দী—তাঁদের মুক্তির পরে, তাঁরা উপাসনালয়ে শিক্ষা দেন এবং অনেককেই ধর্মান্তরিত করেন—লামোনী ইশ্মায়েলের ভূমিতে লোকদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন। প্রায় ৯০–৭৭ খ্রীষ্টপূর্বাব্দে

এখন অম্মোন ও তাঁর ভাইয়েরা যখন লামানীয়দের ভূমির সীমানায় নিজেদেরকে আলাদা করে ফেলেছিলেন, তখন দেখো, হারোণ সেই ভূমির দিকে যাত্রা করেছিলেন যেটাকে লামানীয়রা যিরূশালেম বলে ডাকতো, এবং এটাকে ডাকতো তাদের পিতৃপুরুষের জন্মভূমির নামানুসারে; এবং এটা একটু দূরে মরমনের সীমানার সাথে যুক্ত ছিলো।

এখন লামানীয়রা, এবং অমালেকীয়রা এবং আমূলনের লোকরা একটা বড়ো শহর নির্মাণ করেছিলো, যার নাম ছিলো যিরূশালেম।

এখন লামানীয়রা নিজেরাই যথেষ্ট কঠোর ছিলো, তবে অমালেকীয় এবং আমূলনীয়রাও আরো কঠোর ছিলো; অতএব তারা লামানীয়দের তাদের হৃদয় কঠোর করতে বাধ্য করেছিলো, যেনো তারা তাদের মন্দতা ও জঘন্যতায় আরো বৃদ্ধি পায়।

এবং এটা ঘটলো যে হারোণ যিরূশালেম শহরে আসলেন, এবং প্রথমে অমালেকীয়দের কাছে প্রচার করতে শুরু করেন। এবং তিনি উপাসনালয়ে তাদের কাছে প্রচার করতে শুরু করলেন, কারণ তারা নিহোরের রীতি অনুসারে উপাসনালয় নির্মাণ করেছিলো; কারণ অমালেকীয় ও আমূলনীয়দের মধ্যে অনেকে নিহোরের রীতির অনুসারী ছিলো।

অতএব, হারোণ যখন লোকদের কাছে প্রচার করার জন্য তাদের একটা উপাসনালয়ে প্রবেশ করলেন, এবং যখন তিনি তাদের সাথে কথা বলছিলেন, তখন দেখো, সেখানে একজন অমালেকীয় উঠে তাঁর সাথে তর্ক করতে শুরু করলো, বললো: আপনি যে সাক্ষ্য দিয়েছেন সেগুলো কি? আপনি কি কোনো স্বর্গদূতকে দেখেছেন? স্বর্গদূত কেনো আমাদের কাছে আবির্ভূত হয় না? দেখুন, এই লোকেরা কি আপনার লোকদের মতো ভালো নয়?

আপনি আরও বলেছেন, আমরা যদি অনুতাপ না করি তবে আমরা ধ্বংস হয়ে যাবো। আপনি আমাদের অন্তরের চিন্তা ও অভিপ্রায় কিভাবে জানেন? আপনি কিভাবে জানেন যে, আমাদের অনুতাপ করার মতো কারণ আছে? আপনি কিভাবে জানেন যে, আমরা ধার্মিক লোক নই? দেখুন, আমরা পবিত্র স্থান নির্মাণ করেছি, এবং ঈশ্বরের আরাধনা করার জন্য আমরা নিজেদের একত্রে সমবেত করি। আমরা বিশ্বাস করি যে ঈশ্বর সকল মানুষকে রক্ষা করবেন।

এখন হারোণ তাকে বললেন: তুমি কি বিশ্বাস করো যে ঈশ্বরের পুত্র আসবেন সমস্ত মানবজাতিকে তাদের পাপ থেকে মুক্ত করতে?

এবং লোকটা তাঁকে বললো: আমরা বিশ্বাস করি না যে, আপনি এরকম কিছু জানেন। আমরা এসব মূর্খ রীতিনীতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি না যে, আপনি আসন্ন ঘটনা সম্পর্কে জানেন, আমরা এটাও বিশ্বাস করি না যে, আপনার পিতৃপুরুষেরা এবং আমাদের পিতৃপুরুষেরাও এই বিষয়ে তাঁরা যা কিছু বলেছিলেন, যা কিছু আসন্ন সেগুলো সম্পর্কে জানতেন।

এখন হারোণ খ্রীষ্টের আগমন, এবং মৃতদের পুনরুত্থান সম্বন্ধেও ধর্মশাস্ত্র তাদের বোঝাতে শুরু করলেন, এবং খ্রীষ্টের মৃত্যু ও কষ্টভোগ এবং তাঁর রক্তের প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে ছাড়া মানবজাতির জন্য আর কোনো মুক্তি হতে পারে না।

১০ এবং এটা ঘটলো যখন তিনি তাদেরকে এই সকল কথা ব্যাখ্যা করতে শুরু করলেন তখন তারা তাঁর প্রতি ক্রুদ্ধ হলো, এবং তাঁকে উপহাস করতে লাগলো; এবং তিনি যে বাক্য বলেছিলেন তারা তা শুনলো না।

১১ অতএব, যখন তিনি দেখলেন যে তারা তাঁর কথা শুনছে না, তখন তিনি তাদের উপাসনালয় থেকে প্রস্থান করলেন, এবং একটা গ্রামে এসেছিলেন যা এনি-এনটাই নামে পরিচিত ছিলো, এবং সেখানে তিনি মূলোকীকে তাদের কাছে বাক্য প্রচার করতে দেখলেন; এবং অম্মা ও তাঁর ভাইয়েরা ছিলেন। এবং তাঁরা বাক্য নিয়ে অনেকের সাথে তর্ক করেছিলেন।

১২ এবং এটা ঘটলো যে তাঁরা দেখলেন যে লোকেরা তাদের হৃদয় কঠোর করেছে, অতএব তাঁরা প্রস্থান করলেন এবং মিদ্দোনী নামে একটা ভূমিতে আসলেন। এবং তাঁরা অনেকের কাছে বাক্য প্রচার করেছিলেন, এবং তাঁরা যে বাক্য শিখিয়েছিলেন তা খুব কম লোকই বিশ্বাস করেছিলো।

১৩ তবুও, হারোণ এবং তাঁর কিছু সংখ্যক ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছিলো এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছিলো, এবং তাঁদের অবশিষ্টাংশ মিদ্দোনীর ভূমি থেকে আশেপাশের অঞ্চলগুলোতে পালিয়ে গিয়েছিলেন।

১৪ এবং যাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছিলো, তাঁরা অনেক কষ্টভোগ করেছিলেন, এবং লামোনী ও অম্মোনের হাত দ্বারা তাঁদের উদ্ধার করা হয়েছিলো, এবং তাঁদের খাওয়ানো হয়েছিলো ও কাপড় পড়ানো হয়েছিলো।

১৫ এবং তাঁরা আবার বাক্য প্রচার করতে বেরিয়ে গেলেন, এবং এইভাবেই তাঁরা প্রথমবারের মতো কারাগার থেকে বের হয়েছিলেন; এবং এভাবেই তাঁরা কষ্টভোগ করেছিলেন।

১৬ এবং তাঁরা প্রভুর আত্মার দ্বারা পরিচালিত হয়ে যে কোনো স্থানে এগিয়ে গেলেন, অমালেকীয়দের প্রত্যেক উপাসনালয়ে, অথবা লামানীয়দের প্রত্যেক সমাবেশে যেখানে তাঁরা প্রবেশ করতে পারবেন, সেখানে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন।

১৭ এবং এটা ঘটলো যে প্রভু তাঁদেরকে এতোটাই আশীর্বাদ করতে শুরু করেছিলেন যে, তাঁরা অনেককেই সত্যের জ্ঞানে নিয়ে আসলেন; হ্যাঁ, তাঁরা তাদের অনেককেই তাদের পাপ এবং তাদের পূর্বপুরুষদের রীতিনীতি সম্পর্কে বুঝিয়েছিলেন, যা সঠিক ছিলো না।

১৮ এবং এটা ঘটলো যে, অম্মোন এবং লামোনী মিদ্দোনীর ভূমি থেকে ফিরে ইশ্মায়েলের ভূমিতে আসলেন, যা তাদের উত্তরাধিকারের ভূমি ছিলো।

১৯ এবং রাজা লামোনী এটা চাইলেন না যে অম্মোন তাঁর সেবা করুক বা তাঁর দাস হোক।

২০ কিন্তু তিনি ইশ্মায়েলের ভূমিতে উপাসনালয় নির্মাণ করতে আদেশ দিলেন; এবং তিনি তাঁর লোকদের, অথবা তাঁর রাজত্বের অধীনে থাকা লোকদের একত্রে সমবেত হতে নির্দেশ দিলেন।

২১ এবং তিনি তাদের জন্য উল্লাসিত হলেন, এবং তিনি তাদের অনেক বিষয়ে শিক্ষা দিলেন। এবং তিনি তাদের কাছে ঘোষণা করেছিলেন যে তারা এমন একটা জাতি যারা তাঁর অধীনে রয়েছে, এবং তারা একটা স্বাধীন জাতি, তারা রাজা, তাঁর পিতার অত্যাচার থেকে মুক্ত; কারণ তাঁর পিতা তাঁকে অনুমতি দিয়েছিলেন যে, তিনি ইশ্মায়েলের ভূমিতে, এবং আশেপাশের সমস্ত ভূমির লোকদের উপর রাজত্ব করতে পারেন।

২২ এবং তিনি তাদের কাছে এও ঘোষণা করলেন যে, তারা যে স্থানেই থাকুক না কেনো, যদি তারা রাজা লামোনীর রাজত্বাধীন ভূমিতে থাকে, তা হলে তাদের ইচ্ছানুসারে তাদের ঈশ্বর প্রভুর আরাধনা করার স্বাধীনতা থাকবে।

২৩ এবং অম্মোন, রাজা লামোনীর লোকদের কাছে প্রচার করেছিলেন; এবং এটা ঘটলো যে, তিনি তাদের ধার্মিকতার সাথে যুক্ত সমস্ত কিছু শিক্ষা দিলেন। এবং তিনি প্রতিদিন, তাদেরকে সমস্ত অধ্যবসায়ের সাথে উৎসাহিত করতেন; এবং তারা তাঁর বাক্যে মনোযোগ দিলো, এবং ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করার জন্য তারা উদ্যোগী ছিলো।