অধ্যায় ৩৩
সেনোস শিখিয়েছেন যে মানুষের সমস্ত জায়গায় প্রার্থনা এবং আরাধনা করা উচিত, এবং পুত্রের কারণে বিচার স্থগিত হয়ে যায়—সেনক শিখিয়েছেন যে পুত্রের কারণে করুণা দেওয়া হয়—মোশি প্রান্তরে ঈশ্বরের পুত্রের প্রতিনিধিত্বকারী একটা প্রতীক উপরে তুলেছিলেন। প্রায় ৭৪ খ্রীষ্টপূর্বাব্দে
১ এখন আলমা এই কথাগুলো বলার পরে, তাদেরকে তাঁর কাছে পাঠানো হয়েছিলো জানতে চেয়ে যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করবে কিনা, যেনো তারা এই ফল পেতে পারে যার কথা তিনি বলেছিলেন, অথবা কীভাবে তারা বীজ বপন করবে, অথবা বাক্য যার সম্পর্কে তিনি বলেছিলেন, যা তিনি বলেছিলেন অবশ্যই তাদের হৃদয়ে রোপণ করা হবে; অথবা কীভাবে তারা তাদের বিশ্বাসের অনুশীলন করা শুরু করবে।
২ এবং আলমা তাদেরকে বললেন: দেখো, তোমরা বলেছিলে যে, তোমরা তোমাদের ঈশ্বরের আরাধনা করতে পারোনি কারণ তোমাদের উপাসনালয় থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু দেখো, আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি মনে করো যে, তোমরা ঈশ্বরের আরাধনা করতে পারো না, তবে তোমরা সম্পূর্ণ ভুল করছো, এবং তোমাদের অবশ্যই ধর্মশাস্ত্র অনুসন্ধান করতে হবে; যদি তোমরা মনে করো যে, সেগুলো তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে, তবে তোমরা তা বুঝতে পারোনি।
৩ প্রার্থনা বা আরাধনা সম্বন্ধে প্রাচীনকালের ভাববাদী, সেনোস যা বলেছিলেন, তা কি তোমাদের মনে আছে?
৪ কারণ তিনি বলেছিলেন: হে ঈশ্বর, তুমি করুণাময়, কারণ তুমি আমার প্রার্থনা শুনেছো, এমনকি আমি যখন প্রান্তরে ছিলাম; হ্যাঁ, তুমি করুণাময় ছিলে যখন আমি তাদের বিষয়ে প্রার্থনা করেছিলাম যারা আমার শত্রু ছিলো, এবং তখন তুমি তাদের আমার প্রতি সদয় করেছিলে।
৫ হ্যাঁ, হে ঈশ্বর, এবং আমি যখন আমার শস্যক্ষেত্রে তোমার কাছে মিনতি করেছিলাম তখন তুমি আমার প্রতি করুণা করেছিলে; যখন আমি আমার প্রার্থনায় তোমার কাছে মিনতি করেছিলাম, এবং তুমি আমার কথা শুনেছিলে।
৬ এবং আবার, হে ঈশ্বর, আমি যখন আমার গৃহে ফিরছিলাম তুমি আমার প্রার্থনা শুনেছিলে।
৭ এবং আমি যখন আমার কক্ষের দিকে ফিরে, হে প্রভু, তোমার কাছে প্রার্থনা করলাম, তখন তুমি আমার প্রার্থনা শুনেছিলে।
৮ হ্যাঁ, তুমি তোমার সন্তানদের প্রতি করুণাময় যখন তারা তোমার কাছে মিনতি করে; তোমার কথা শোনার জন্য এবং মানুষের কাছ থেকে নয়, এবং তুমি তাদের প্রার্থনা শুনবে।
৯ হ্যাঁ, হে ঈশ্বর, তুমি আমার প্রতি করুণা করেছেো, এবং তোমার ধর্মসভার মধ্যে থেকে আমার মিনতি শুনেছো।
১০ হ্যাঁ, এবং তুমি আমার প্রার্থনা শুনেছো, যখন আমি আমার শত্রুদের দ্বারা বিতাড়িত এবং অবহেলিত হয়েছি; হ্যাঁ, তুমি আমার মিনতি শুনেছো, এবং আমার শত্রুদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলে, এবং তুমি তোমার ক্রোধে দ্রুত তাদের ধ্বংসে নিয়ে এসেছিলে।
১১ এবং তুমি আমার কষ্ট এবং আমার আন্তরিকতার কারণে আমার প্রার্থনা শুনেছিলে; এবং তোমার পুত্রের জন্যই তুমি আমার প্রতি এইরূপ করুণা করেছো, অতএব আমার সমস্ত কষ্টে আমি তোমার কাছে মিনতি করবো, কারণ তোমার মধ্যেই আমার আনন্দ; কারণ তুমি তোমার পুত্রের কারণে, আমার কাছ থেকে তোমার বিচার ফিরিয়ে নিয়েছো।
১২ এবং এখন আলমা তাদের বললেন: তোমরা কি সেই ধর্মশাস্ত্র বিশ্বাস করো, যা তাঁদের দ্বারা প্রাচীনকালে লেখা হয়েছে?
১৩ দেখো, যদি তোমরা তা করো, তবে সেনোস যা বলেছেন তা তোমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে; কারণ, দেখো তিনি বলেছেন: তোমার পুত্রের জন্য তুমি তোমার বিচার ফিরিয়ে নিয়েছো।
১৪ এখন দেখো, আমার ভাইয়েরা, আমি জানতে চাই তোমরা ধর্মশাস্ত্র পড়েছো কিনা? যদি পড়ে থাকো, তাহলে কিভাবে তোমরা ঈশ্বরের পুত্রকে অবিশ্বাস করতে পারো?
১৫ কারণ এটা লেখা নেই যে, সেনোস একাই এইসব কথা বলেছেন, কিন্তু সেনকও এসব বিষয়ে কথা বলেছেন—
১৬ কারণ দেখো, তিনি বলেছিলেন: হে প্রভু, তুমি এই লোকদের উপর ক্রুদ্ধ হয়েছো, কারণ তোমার পুত্রের কারণে, তুমি তাদের উপর যে করুণা করেছো তা তারা বুঝতে পারবে না।
১৭ এবং এখন, হে আমার ভাইয়েরা, তোমরা দেখতে পাচ্ছ যে, প্রাচীনকালের দ্বিতীয় একজন ভাববাদী ঈশ্বরের পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, এবং লোকেরা তাঁর কথা বুঝতে না পারায় তারা তাঁকে পাথর মেরে হত্যা করেছিলো।
১৮ কিন্তু দেখো, এটাই সব নয়; এরাই কেবল ঈশ্বরের পুত্রের বিষয়ে কথা বলেছেন তা নয়।
১৯ দেখো, মোশি তাঁর কথা বলেছিলেন; হ্যাঁ, এবং দেখো, প্রান্তরে একটা প্রতীক উত্তোলন করা হয়েছিলো, যেনো যে কেউ এটার দিকে তাকায় সে বেঁচে থাকতে পারে। এবং অনেকে তাকিয়েছিলো এবং বেঁচে ছিলো।
২০ কিন্তু খুব কম লোকই সেই বিষয়গুলোর অর্থ বুঝতে পেরেছিলো, এবং এটা তাদের হৃদয়ের কঠোরতার কারণেই হয়েছিলো। কিন্তু এমন অনেকে ছিলো যারা এতটাই কঠোর ছিলো যে তারা তাকাতে চাইলো না, তাই তারা মারা গিয়েছিলো। এখন তারা তাকালো না কারণ তারা বিশ্বাস করেনি যে, এটা তাদের আরোগ্য করবে।
২১ হে আমার ভাইয়েরা, যদি তোমরা শুধু চোখ দিয়ে তাকানোর মাধ্যমেই আরোগ্য লাভ করতে পারো, তবে কি তোমরা তাড়াতাড়ি দেখবে না, অথবা তোমরা কি বরং অবিশ্বাসে তোমাদের হৃদয় কঠোর করবে, এবং অলসতা করবে, যাতে তোমরা তোমাদের চোখ দিয়ে না দেখো, যাতে তোমরা ধ্বংস হয়ে যাও?
২২ যদি তাই হয়, তবে দুঃখ তোমাদের উপর আসবে; কিন্তু যদি তাই না হয়, তবে তোমরা তোমাদের চোখ দিয়ে তাকাও এবং ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করতে শুরু করো, তিনি তাঁর লোকদের মুক্ত করতে আসবেন, এবং তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি কষ্টভোগ করবেন ও মৃত্যুবরণ করবেন; এবং তিনি আবার মৃতগণের মধ্যে থেকে উঠবেন, যা পুনরুত্থান ঘটাবে, যেনো সমস্ত মানুষ তাঁর সামনে দাঁড়ায়, শেষ এবং বিচারের দিনে, তাদের কাজ অনুসারে বিচারিত হওয়ার জন্য।
২৩ এবং এখন, আমার ভাইয়েরা, আমি চাই যে, তোমরা এই বাক্য তোমাদের হৃদয়ে বপন করো, এবং যখন এটা ফুলে উঠতে শুরু করবে তখন তোমরা বিশ্বাসের সাথে এটার লালন-পালন করবে। এবং দেখো, এটা একটা গাছে পরিণত হবে, যা তোমাদের মধ্যে অনন্ত জীবন পর্যন্ত বৃদ্ধি পাবে। এবং তারপর ঈশ্বর তাঁর পুত্রের আনন্দের মাধ্যমে, তোমাদের বোঝা হালকা করে দেবে। এবং এই সবই তোমরা করতে পারো, যদি তোমরা চাও। আমেন।