ধর্মশাস্ত্র
৩ নেফী ৯


অধ্যায় ৯

অন্ধকারে, খ্রীষ্টের কণ্ঠস্বর তাদের দুষ্টতার জন্য অনেক মানুষের ও শহরগুলোর ধ্বংস ঘোষণা করেন—তিনি তাঁর ঈশ্বরত্বও ঘোষণা করেন, ঘোষণা করেন যে মোশির আইন পূর্ণ হয়েছে, এবং মানুষকে তাঁর কাছে আসতে এবং পরিত্রাণ পেতে আমন্ত্রণ জানান। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দ।

এবং এটা ঘটলো যে পৃথিবীর অধিবাসীরা একটা স্বর শুনতে পেলো তাদের মধ্যে, এই সমস্ত ভূমির উপর, যেটা বললেন:

হায় হায়, হায় এই জাতির জন্য; হায় সমস্ত পৃথিবীর অধিবাসীদের জন্য যদি না তারা অনুতাপ করে; কারণ শয়তান হাসছে, এবং তার দূতগণ আনন্দিত হয়েছে, কারণ আমার লোকেদের সুন্দর পুত্র ও কন্যারা নিহত হয়েছে; এবং তাদের অন্যায় ও জঘন্য কাজের কারণেই তারা পতিত হয়েছে!

দেখো, সেই মহান শহর সেরহমলা, এবং তার বাসিন্দাদের আমি আগুনে পুড়িয়ে দিয়েছি।

এবং দেখো, আমি সেই মহান শহর মরনীকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দিয়েছি, এবং সেখানকার অধিবাসীদের ডুবিয়ে দিয়েছি।

এবং দেখো, ঐ মহান শহর মরোনীহাকে, ও তার অধিবাসীদের আমি মাটি দিয়ে ঢেকে রেখেছি, আমার সামনে থেকে তাদের দুষ্টতা ও জঘন্যতা লুকিয়ে রাখার জন্য, যাতে ভাববাদীদের ও ধার্মিকদের রক্ত তাদের বিরুদ্ধে আমার কাছে আর না আসে।

এবং দেখো, আমি গিলগল শহরকে ডুবিয়ে দিয়েছি, এবং সেখানকার বাসিন্দাদের পৃথিবীর গভীরে সমাধি দিয়েছি;

হ্যাঁ, এবং ওনীহা শহর ও তার বাসিন্দাদের, এবং মোকাম শহর ও তার বাসিন্দাদের, এবং যিরূশালেম শহর ও তার বাসিন্দাদের; এবং আমি তার পরিবর্তে সাগর তুলে এনেছি, তাদের মন্দতা ও জঘন্যতাকে আমার মুখের সামনে থেকে লুকিয়ে রাখার জন্য, যাতে ভাববাদীদের ও ধার্মিকদের রক্ত তাদের বিরুদ্ধে আমার কাছে আর না আসে।

এবং দেখো, গাদিয়ানদী শহর, এবং গাদিওমনাহ শহর, এবং যাকোব শহর, এবং গিমগিমনো শহর, এই সমস্ত আমি ডুবিয়ে দিয়েছি, এবং তার পরিবর্তে পাহাড় ও উপত্যকা তৈরি করেছি; এবং সেখানকার বাসিন্দাদের আমি পৃথিবীর গভীরে সমাধিস্থ করেছি, আমার সামনে থেকে তাদের মন্দতা ও জঘন্যতাকে লুকিয়ে রাখতে, যাতে ভাববাদীদের ও ধার্মিকদের রক্ত তাদের বিরুদ্ধে আমার কাছে আর না আসে।

এবং দেখো, সেই মহান শহর যাকোবুগাথ, যেখানে রাজা যাকোবের লোকেরা বাস করতো, আমি তাদের পাপ ও মন্দতার জন্য আগুনে পুড়িয়ে দিয়েছি, যেই মন্দতা সমস্ত পৃথিবীর মন্দতার ঊর্ধ্বে ছিলো, তাদের গুপ্ত হত্যা ও সংঘের জন্য; কারণ তারাই আমার জনগণের ও দেশের সরকারের শান্তি বিনষ্ট করেছিলো; অতএব আমি তাদেরকে পুড়িয়েছিলাম, আমার সামনে থেকে তাদেরকে ধ্বংস করেছিলাম, যাতে ভাববাদীদের ও ধার্মিকদের রক্ত তাদের বিরুদ্ধে আমার কাছে আর না আসে।

১০ এবং দেখো, লামান শহর, যিহো শহর, গাদ শহর, ও কিসকুমেন শহরকে, আমি আগুনে পুড়িয়ে দিয়েছি, তাদের বাসিন্দাদের সমেত, তাদের মন্দতার কারণে ভাববাদীদের বিতাড়িত করার জন্য, এবং তাদের মন্দতা ও তাদের জঘন্যতার কথা তাদের কাছে ঘোষণা করার জন্য যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে পাথর মেরে হত্যা করার জন্য।

১১ এবং যেহেতু তারা তাদের সকলকে বিতাড়িত করে দিয়েছিলো, তাদের মধ্যে কেউই ধার্মিক ছিলো না, তাই আমি আগুন বর্ষণ করেছি এবং তাদের ধ্বংস করেছি, যাতে তাদের মন্দতা ও জঘন্যতা আমার মুখের সামনে থেকে লুকানো থাকে, যাতে আমি তাদের মধ্যে যে ভাববাদীদের এবং ধার্মিকদের পাঠিয়েছিলাম তাদের রক্ত তাদের বিরুদ্ধে ভূমি থেকে আমার কাছে মিনতি না করে।

১২ এবং আমি এই দেশে, এবং এই লোকদের উপর অনেক বড়ো ধ্বংস ঘটিয়েছি, তাদের মন্দতা ও তাদের জঘন্যতার জন্য।

১৩ হে তোমরা সকলে যারা তাদের চেয়ে বেশী ধার্মিক ছিলে, রক্ষা পেয়েছো সেই কারণে, তোমরা কি এখন আমার কাছে ফিরে আসবে না, এবং তোমাদের পাপের জন্য অনুতপ্ত হবে না, এবং পরিবর্তিত হবে না, যাতে আমি তোমাদের সুস্থ করতে পারি?

১৪ দেখো, সত্যি আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার কাছে আসো তোমরা অনন্ত জীবন পাবে। দেখো, আমার করুণার বাহু তোমাদের দিকে প্রসারিত হয়েছে, এবং যে আসবে, আমি তাকে গ্রহণ করবো; এবং ধন্য তারা যারা আমার কাছে আসে।

১৫ দেখো, আমি ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্ট। আমি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছি, এবং যা কিছু তাতে বিরাজ করে সবই সৃষ্টি করেছি। আমি শুরু থেকেই পিতার সঙ্গে ছিলাম। আমি পিতার মধ্যে আছি, এবং পিতা আমার মধ্যে আছেন; এবং আমার মধ্যে পিতা তাঁর নাম গৌরবান্বিত করেছেন।

১৬ আমি আমার আপনজনের কাছে এসেছি, কিন্তু আমার আপনজনেরা আমাকে গ্রহণ করেনি। এবং আমার আগমন সম্বন্ধীয় ধর্মশাস্ত্র পরিপূর্ণ হয়েছে।

১৭ এবং যতো লোক আমাকে গ্রহণ করেছে, আমি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার জন্য দিয়েছি; এবং যতো লোক আমার নামে বিশ্বাস করবে, আমি তাই করবো তাদেরকেও, কারণ দেখো, আমার দ্বারাই মুক্তি আসে, এবং আমার মধ্যেই মোশির আইন পরিপূর্ণ হয়েছে।

১৮ আমিই জগতের আলো ও জীবন। আমি আল্‌ফা এবং ওমিগা, শুরু এবং শেষ।

১৯ এবং তোমরা আর আমার কাছে রক্তপাত উৎসর্গ করবে না; হ্যাঁ, তোমাদের বলিদান ও নৈবেদ্য পোড়ানো সমাপ্ত হয়ে যাবে, কারণ আমি তোমাদের বলিদান ও নৈবেদ্য পোড়ানো কোনোটাই গ্রহণ করবো না।

২০ এবং তোমরা আমার উদ্দেশ্যে ভগ্ন হৃদয় ও অনুতপ্ত আত্মা উৎসর্গ করবে। এবং যে কেউ ভগ্ন হৃদয় এবং অনুতপ্ত আত্মা নিয়ে আমার কাছে আসবে, আমি তাকে আগুনে এবং পবিত্র আত্মার সাথে বাপ্তিস্ম দেবো, যেমনটা লামানীয়রা, তাদের মন পরিবর্তনের সময়, আমার প্রতি তাদের বিশ্বাসের কারণে, আগুন এবং পবিত্র আত্মার সাথে বাপ্তিস্ম নিয়েছিলো, এবং তারা তা জানতো না।

২১ দেখো, আমি জগতে মুক্তি দিতে, জগতকে পাপ থেকে রক্ষা করার জন্য জগতে এসেছি।

২২ অতএব, যে কেউ অনুতপ্ত হয়ে ছোটো শিশুর মতো আমার কাছে আসবে, আমি তাকে গ্রহণ করবো, কারণ ঈশ্বরের রাজ্য তাদেরই। দেখো, এই কারণে আমি আমার প্রাণ উৎসর্গ করেছি, এবং তা আবার তুলেছি; অতএব অনুতপ্ত হও, এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমার কাছে এসো, এবং উদ্ধার পাও।