অধ্যায় ১০
অনেক সময় ধরে ভূমিতে নীরবতা বিরাজ করেছিলো—খ্রীষ্টের কণ্ঠস্বর তাঁর লোকদের একত্র করার প্রতিজ্ঞা করে যেভাবে একটা মুরগি তার বাচ্চাদের একত্র করে—মানুষদের মধ্যে অধিক ধর্মনিষ্ঠ অংশ সংরক্ষিত হয়েছিলো। প্রায় ৩৪–৩৫ খ্রীষ্টাব্দ।
১ এবং এখন দেখো, এটা ঘটলো যে ভূমিতে সমস্ত মানুষেরা এই কথাগুলো শুনেছিলো, এবং এর সাক্ষী ছিলো। এবং এই কথাগুলোর পর অনেক সময় ধরে ভূমিতে নীরবতা বিরাজ করেছিলো;
২ কারণ জনগণ এতটাই বেশি বিস্মিত ছিলো যে তারা তাদের আত্মীয়দের হারানোর জন্য বিলাপ করা ও হাহাকার করা বন্ধ করে দিয়েছিলো যাদেরকে হত্যা করা হয়েছিলো; সেই কারণে সমস্ত ভূমি জুড়ে অনেক ঘণ্টা ধরে নীরবতা ছিলো।
৩ এবং এটা ঘটলো যে সেখানে জনগণের মধ্যে আবারও একটা কণ্ঠস্বর আসলো, এবং সমস্ত জনগণ তা শুনতে পেলো, এবং এর সাক্ষী হয়ে রইলো, যা বললেন:
৪ হে এই মহা নগরের বাসিন্দারা যারা পতিত, যারা যাকোবের বংশধর, হ্যাঁ, যারা ইস্রায়েলের বংশের, আমি তোমাদের কতবার একত্র করেছি যেভাবে মুরগি তার ডানার নিচে তার বাচ্চাদের একত্র করে, এবং তোমাদের লালন পালন করেছি।
৫ এবং তাছাড়াও, আমি কতবারই না তোমাদের একত্র করতাম যেভাবে মুরগি তার ডানার নিচে তার বাচ্চাদের একত্র করে, হ্যাঁ, হে ইস্রায়েলের বংশের মানুষেরা, যারা পতিত হয়েছো; হ্যাঁ, হে ইস্রায়েলের বংশের মানুষেরা, তোমরা যারা যিরূশালেমে বাস করো, তোমরা যারা একইভাবে পতিত হয়েছো; হ্যাঁ, আমি কতবারই না তোমাদের একত্র করতাম যেভাবে মুরগি তার ডানার নিচে তার বাচ্চাদের একত্র করে, কিন্তু তোমরা সম্মত হলে না।
৬ হে ইস্রায়েলের বংশ যাদের আমি বাঁচিয়ে রেখেছি, আমি তোমাদের অনেকবার একত্র করবো যেভাবে মুরগি তার ডানার নিচে তার বাচ্চাদের একত্র করে, যদি তোমরা অনুতপ্ত হও এবং হৃদয়ের পূর্ণ উদ্দেশ্য নিয়ে আমার কাছে ফিরে আসো।
৭ কিন্তু যদি তা না করো, হে ইস্রায়েলের বংশ, তোমাদের পিতৃপুরুষদের সাথে করা চুক্তি পূর্ণ না হওয়ার সময় পর্যন্ত তোমাদের বাসস্থানগুলো জনশূন্য হয়ে যাবে।
৮ এবং এখন এটা ঘটলো যে জনগণ এই কথাগুলো শোনার পরে, দেখো, তাদের আত্মীয় ও বন্ধুদের হারানোর জন্য আবারও তারা কাঁদতে ও হাহাকার করতে শুরু করলো।
৯ এবং এটা ঘটলো যে এভাবেই তিন দিন অতিক্রম হয়ে গেলো। এবং এটা ছিলো সকালবেলা, এবং তখন ভূমণ্ডল থেকে অন্ধকার সরে গেলো, এবং পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেলো, এবং পাথরগুলো ফেটে যাওয়া বন্ধ হয়ে গেলো, এবং ভয়ঙ্কর আর্তনাদগুলো বন্ধ হয়ে গেলো, এবং সমস্ত কোলাহলপূর্ণ শব্দগুলো থেমে গেলো।
১০ এবং পৃথিবী আবার একত্রিত হলো, যেনো তা দৃঢ় হলো; এবং যারা বেঁচে ছিলো সেই মানুষদের শোক, কান্নাকাটি, এবং হাহাকার করা বন্ধ হয়ে গেলো; এবং তাদের শোক আনন্দে পরিণত হলো, এবং তাদের বিলাপ তাদের মুক্তিদাতা, প্রভু যীশু খ্রীষ্টের প্রশংসা ও ধন্যবাদজ্ঞাপনে পরিণত হলো।
১১ এবং এই পর্যন্ত ভাববাদীদের দ্বারা বলা ধর্মশাস্ত্র পরিপূর্ণ হয়েছিলো।
১২ এবং এটা ছিলো মানুষদের মধ্যে সেই অধিক ধর্মনিষ্ঠ অংশ যারা রক্ষা পেয়েছিলো, এবং তারাই ছিলো যারা ভাববাদীদেরকে গ্রহণ করেছিলো এবং তাদের পাথর মারেনি; এবং তারাই ছিলো যারা সেই ধার্মিকদের রক্ত ঝরায়নি, যারা বেঁচে ছিলো—
১৩ এবং তারা বেঁচে ছিলো ও তারা তলিয়ে যায়নি ও মাটির নিচে সমাহিত হয়নি; এবং তারা সমুদ্রের গভীরে ডুবে যায়নি; এবং তারা আগুনে পুড়ে যায়নি, কিছুই তাদের উপরে পড়েনি ও চাপা দিয়ে মারেনি; এবং তাদের ঘূর্ণিঝড়ের মধ্যে বয়ে নিয়ে যাওয়া হয়নি; এমনকি ধোঁয়া ও অন্ধকারের বাষ্প দ্বারাও তারা পরাভূত হয়নি।
১৪ এবং এখন, যে এটা পড়ছে, সে বুঝতে পারুক; যার কাছে ধর্মশাস্ত্র আছে, সে সেগুলো অনুসন্ধান করুক, এবং পড়ুক ও পরক্ষ করুক যে এই সকল মৃত্যু ও ধ্বংসগুলো আগুনের দ্বারা, ও ধোঁয়ার দ্বারা, ও ঝড়ের দ্বারা, ও ঘূর্ণিঝড়ের দ্বারা, ও ভূমি পৃথক হয়ে তাদেরকে গ্রহণ করা, এবং এই সমস্ত ঘটনা অনেক পবিত্র ভাববাদীদের ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ করার জন্য যথেষ্ট নয় কিনা।
১৫ দেখো, আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ খ্রীষ্টের আগমনের সময়ে অনেকেই এই সমস্ত ঘটনার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলো, এবং এই সমস্ত ঘটনার বিষয়ে সাক্ষ্য দেওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছিলো।
১৬ হ্যাঁ, ভাববাদী সেনোস এই সমস্ত ঘটনার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, এবং সেনকও এই সমস্ত ঘটনার বিষয়ে কথা বলেছিলেন, কারণ তাঁরা বিশেষভাবে আমাদের সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন, যারা তাঁদের বংশধরদের অবশিষ্টাংশ।
১৭ দেখো, আমাদের পিতা যাকোবও সাক্ষ্য দিয়েছিলেন যোষেফের বংশধরদের অবশিষ্টাংশের সম্পর্কে। এবং দেখো, আমরা কি যোষেফের বংশধরদের অবশিষ্টাংশ নই? এবং এই সমস্ত বাক্যগুলো যা আমাদের বিষয়ে সাক্ষ্য দেয়, আমাদের পিতা লেহী যে পিতলের ফলক যিরূশালেম থেকে নিয়ে এসেছিলেন তাতে কি সেগুলো লেখা নেই?
১৮ এবং এটা ঘটলো যে চৌত্রিশতম বছরের শেষের দিকে, দেখো, আমি তোমাদের দেখাবো যে নেফীর লোকেরা যারা বেঁচে ছিলো, এবং আরও যাদেরকে লামানীয় বলা হতো, যাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিলো, তাদের প্রতি মহা দয়া দেখানো হয়েছিলো, এবং তাদের মাথার উপর মহান আশীর্বাদগুলো ঢেলে দেওয়া হয়েছিলো, যে এমনকি খ্রীষ্ট স্বর্গে আরোহণের পরপরই তিনি তাদের কাছে সত্যিই নিজেকে প্রকাশ করেছিলেন—
১৯ তাদেরকে তাঁর দেহ দেখতে দিয়েছিলেন, এবং তাদের মধ্যে শিক্ষা দিয়েছিলেন; এবং তাঁর পরিচর্যা কাজের একটা লিখিত বিবরণ পরবর্তীতে দেওয়া হবে। অতএব এই সময়ের জন্য আমি আমার লিখিত বিবরণ সমাপ্ত করছি।