ধর্মশাস্ত্র
৩ নেফী ১


তৃতীয় নেফী

নেফীর পুস্তক
নেফীর পুত্র, যিনি হেলামানের পুত্র ছিলেন

এবং হেলামান ছিলেন হেলামানের পুত্র, যিনি ছিলেন আলমার পুত্র, যিনি ছিলেন আলমার পুত্র, তিনি ছিলেন নেফীর বংশধর, যিনি লেহীর পুত্র ছিলেন, যিনি যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বকালের প্রথম বছরে যিরূশালেম থেকে বেরিয়ে এসেছিলেন।

অধ্যায় ১

হেলামানের পুত্র, নেফী দেশ থেকে চলে যান, এবং তাঁর পুত্র নেফী নথিগুলো রাখেন—যদিও চিহ্নের এবং আশ্চর্যের প্রাচুর্য ছিলো, দুষ্টরা ধার্মিকদের হত্যা করার পরিকল্পনা করে—খ্রীষ্টের জন্মের রাত চলে আসে—চিহ্নটা দেওয়া হয়, এবং একটা নতুন তারা উত্থিত হয়—মিথ্যা এবং প্রতারণা বৃদ্ধি পায়, এবং গাদিয়ানটন ডাকাতরা অনেককে হত্যা করে। প্রায় ১–৪ খ্রীষ্টাব্দে।

এখন এটা ঘটলো যে একানব্বইতম বছর পার হয়ে গেলো এবং তখন লেহীর যিরূশালেম ত্যাগ করার সময় থেকে ছয়শত বছর পার হলো; এবং সেই বছরে লেকোনিয়াস, ভূমির উপর প্রধান বিচারক এবং দেশাধ্যক্ষ ছিলেন।

এবং হেলামানের পুত্র, নেফী, সেরহমলা ভূমি থেকে বেরিয়ে গেলেন, তাঁর পুত্র নেফীকে, যে কিনা তাঁর জ্যেষ্ঠ পুত্র ছিলেন, তাঁকে পিতলের ফলক, এবং যে সমস্ত নথি লেখা হয়েছিলো, এবং যিরূশালেম থেকে লেহীর প্রস্থানের সময় থেকে যে সমস্ত জিনিস পবিত্র রাখা হয়েছিলো, সেই সমস্ত জিনিসের দায়িত্ব দেন।

অতঃপর তিনি দেশ থেকে প্রস্থান করলেন, এবং তিনি কোথায় গেলেন, তা কোনো মানুষ জানে না; এবং তাঁর পুত্র নেফী তাঁর জায়গায় নথিগুলো রেখেছিলেন, হ্যাঁ, এই লোকদের নথি।

এবং এটা ঘটলো যে বিরানব্বইতম বছরের শুরুতে, দেখো, ভাববাদীদের ভবিষ্যদ্বাণী সম্পূর্ণরূপে পূর্ণ হতে শুরু করলো; কারণ সেখানে লোকদের মধ্যে আরও বৃহৎ চিহ্ন ও বৃহত্তর অলৌকিক কাজ ঘটতে লাগলো।

কিন্তু, সেখানে কিছু মানুষ যারা বলতে শুরু করেছিলো যে, লামানীয় সামুয়েল যে কথাগুলো বলেছিলেন, সেগুলো পরিপূর্ণ হওয়ার সময় পেরিয়ে গেছে।

এবং তারা তাদের ভাইদের উপরে আনন্দ করতে লাগলো, বললো যে: দেখো, সময় পেরিয়ে গেছে, এবং সামুয়েলের বাক্য পরিপূর্ণ হয়নি; অতএব, এই বিষয়ে তোমাদের আনন্দ এবং বিশ্বাস বৃথা হয়েছে।

এবং এটা ঘটলো যে তারা দেশজুড়ে মহা হৈচৈ করলো; এবং যারা বিশ্বাস করেছিলো তারা খুব দুঃখিত হতে শুরু করলো, পাছে যা বলা হয়েছে তা যাতে কোনোভাবেই বাস্তবায়িত না হয়।

কিন্তু দেখো, তারা অটল দৃষ্টিতে সেই দিন, ও সেই রাতের জন্য অপেক্ষা করছিলো এবং সেই দিনের জন্য যেটা একটা পুরো দিনের মতো হবে যেনো সেখানে কোনো রাত থাকবে না, যাতে তারা জানতে পারে যে, তাদের বিশ্বাস নিষ্ফল হয়নি।

এখন এটা ঘটলো যে অবিশ্বাসীদের দ্বারা একটা দিন নির্বাচিত হয়েছিলো, যেদিনে ঐ ঐতিহ্যগুলোতে বিশ্বাসী সকলকে হত্যা করা হবে, যদি সেই চিহ্ন না আসে, যা ভাববাদী সামুয়েলের দ্বারা দেওয়া হয়েছিলো।

১০ এখন এটা ঘটলো যে নেফীর পুত্র, নেফী যখন তাঁর লোকদের এই দুষ্টতা দেখলেন, তখন তাঁর হৃদয় অত্যন্ত দুঃখ পেলো।

১১ এবং এটা ঘটলো যে তিনি বাইরে গেলেন এবং মাটির উপরে নিজেকে নতো করলেন, এবং তাঁর ঈশ্বরের কাছে প্রবলভাবে প্রার্থনা করলেন তাঁর লোকদের জন্য, হ্যাঁ, যারা তাদের পূর্বপুরুষদের রীতিনীতিতে বিশ্বাসের কারণে ধ্বংস হতে যাচ্ছিলো।

১২ এবং এটা ঘটলো যে তিনি প্রভুর কাছে প্রবলভাবে প্রার্থনা করলেন সেই সারাটা দিন ধরে; এবং দেখো, প্রভুর কণ্ঠস্বর তাঁর কাছে এসে, বললেন:

১৩ তোমার মাথা উঁচু করো ও আনন্দ করো; কারণ দেখো, সময় সন্নিকটে, এবং এই রাতেই চিহ্ন দেওয়া হবে, এবং আগামীকাল আমি পৃথিবীতে আসবো, যাতে আমি পৃথিবীকে দেখাতে পারি যে, আমি আমার পবিত্র ভাববাদীদের মুখের মাধ্যমে যা কিছু বলেছি সে সমস্ত আমি পূর্ণ করবো।

১৪ দেখো, আমি আমার লোকদের কাছেই আসছি, জগতের গঠনকাল থেকে আমি মনুষ্য সন্তানদের যা জানিয়েছি তা পূর্ণ করতে, এবং পিতা ও পুত্র, উভয়ের ইচ্ছা পালন করতে—আমার জন্য পিতার ইচ্ছা পালন করতে এবং আমার দেহের জন্য পুত্রের ইচ্ছা পালন করতে। এবং দেখো, সময় সন্নিকটে, এবং এই রাতেই চিহ্নটা দেওয়া হবে।

১৫ এবং এটা ঘটলো যে যেই বাক্যগুলো নেফীর কাছে এসেছিলো তা পূর্ণ হলো; যেভাবে বলা হয়েছিলো সেভাবেই, কারণ দেখো, সূর্য অস্ত যাওয়ার সময় সেখানে কোনো অন্ধকার ছিলো না; এবং এতে লোকেরা আশ্চর্য হয়ে যেতে লাগলো, কারণ রাত আসার পরেও সেখানে কোনো অন্ধকার ছিলো না।

১৬ এবং সেখানে অনেকে ছিলো, যারা সেই ভাববাদীদের কথায় বিশ্বাস করেনি, যারা মাটিতে পড়ে গিয়ে মৃতের মতো হয়ে গিয়েছিলো, কারণ তারা বুঝলো যে যারা ভাববাদীদের কথায় বিশ্বাস করেছিলো, তাদের জন্য তারা ধ্বংসের যে মহান পরিকল্পনা করে রেখেছিলো তা ব্যর্থ হয়েছে; কারণ যে চিহ্নটা দেওয়া হয়েছিলো, তা ইতিমধ্যেই ঘটছিলো।

১৭ এবং তারা বুঝতে পারলো যে ঈশ্বরের পুত্র শীঘ্রই আবির্ভূত হবেন; হ্যাঁ, সংক্ষেপে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তরের ভূমিতে এবং দক্ষিণের ভূমিতে উভয়েই, সমস্ত ভূমণ্ডলের সমস্ত মানুষ এতটাই বেশি আশ্চর্য হয়েছিলো যে তারা মাটিতে পড়ে গেলো।

১৮ কারণ তারা জানতো যে, ভাববাদীরা বহু বছর ধরে এই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, এবং যে চিহ্নটা দেওয়া হয়েছিলো তা ইতিমধ্যেই ঘটছে; এবং তারা তাদের অন্যায় ও অবিশ্বাসের কারণে ভয় পেতে শুরু করলো।

১৯ এবং এটা ঘটলো যে সেই রাত জুড়ে সেখানে কোনো অন্ধকার ছিলো না, কিন্তু তখন এতটাই আলো ছিলো যেনো তখন দুপুর বেলা। এবং এটা ঘটলো যে যথার্থ নিয়মানুসারে, সূর্য আবার সকালে উদয় হলো; এবং তারা জানতো যে এই দিনেই প্রভুর জন্ম হবে, যে চিহ্ন দেওয়া হয়েছিলো তার কারণে।

২০ এবং এটা ঘটেছিলো, হ্যাঁ, সমস্ত কিছু, সম্পূর্ণভাবে, ভাববাদীদের বাক্য অনুসারে।

২১ এবং এটা ঘটলো যে বাক্য অনুসারে, একটা নতুন তারারও উদয় হলো।

২২ এবং এটা ঘটলো যে এখন থেকে শয়তানের দ্বারা, লোকদের মধ্যে মিথ্যা প্রচার শুরু হতে লাগলো, তাদের হৃদয় কঠোর করার জন্য, যাতে তারা যে সকল চিহ্ন ও আশ্চার্য কাজ দেখেছিলো তা বিশ্বাস না করে; কিন্তু এই মিথ্যা ও প্রতারণা সত্ত্বেও লোকদের অধিকাংশই বিশ্বাস করেছিলো, এবং প্রভুর কাছে পরিবর্তিত হয়েছিলো।

২৩ এবং এটা ঘটলো যে নেফী লোকেদের মধ্যে এগিয়ে গেলেন, এবং আরও অনেকের মধ্যে, অনুতাপের জন্য বাপ্তিস্মদান করলেন, যার কারণে সেখানে বহু পাপের ক্ষমা হয়েছিলো। এবং এভাবেই লোকেরা আবার ভূমিতে শান্তি পেতে শুরু করলো।

২৪ এবং সেখানে কোনো বিবাদ ছিলো না, কেবল অল্প কয়েকজন ছাড়া যারা প্রচার করতে শুরু করেছিলো, এবং ধর্মশাস্ত্রের দ্বারা তারা প্রমাণ করার চেষ্টা করেছিলো যে মোশির আইন পালন করার আর দরকার নেই। এখন এই বিষয়ে তারা ভুল বুঝেছে, কারণ তারা ধর্মশাস্ত্র বুঝতে পারেনি।

২৫ কিন্তু এটা ঘটলো যে শীঘ্রই তারা পরিবর্তিত হয়েছিলো, এবং তারা যে ভ্রান্তিতে ছিলো তা সম্বন্ধে নিশ্চিত হলো, কারণ এটা তাদেরকে জানানো হয়েছিলো যে বিধি এখনও পূর্ণ হয়নি, এবং যে এটা সম্পূর্ণভাবে পূর্ণ হবে; হ্যাঁ, তাদের কাছে এই বাণী এসেছিলো যে তা অবশ্যই পূর্ণ হবে; হ্যাঁ, এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হবে না যতক্ষণ না সব পূর্ণ হয়; অতঃপর একই বছরে তাদেরকে তাদের ভুল সম্পর্কে জানানো হয়েছিলো এবং তারা তাদের দোষ স্বীকার করেছিলো।

২৬ এইভাবে বিরানব্বইতম বছর অতিবাহিত হলো, সমস্ত পবিত্র ভাববাদীর ভবিষ্যদ্বাণীর বাক্য অনুসারে, যে চিহ্নগুলো ঘটেছিলো, তার কারণে লোকদের কাছে সুসংবাদ এনেছিলো।

২৭ এবং এটা ঘটলো যে তিরানব্বইতম বছরটাও শান্তিতে পার হলো, গাদিয়ানটনের ডাকাতরা ছাড়া, যারা পাহাড়ে বাস করতো, যারা সেই ভূমিতে আক্রমণ করতো; কারণ তাদের অবস্থানগুলো ও গোপনীয় জায়গাগুলো এতটাই শক্তিশালী ছিলো যে, লোকেরা তাদের পরাভূত করতে পারতো না; তাই তারা অনেক হত্যাকাণ্ড করেছিলো, এবং লোকদের মধ্যে অনেক হত্যা চালিয়েছিলো।

২৮ এবং এটা ঘটলো যে চুরানব্বইতম বছরে তারা অনেক পরিমাণে বৃদ্ধি পেতে লাগলো, কারণ নেফীয়দের মধ্যে অনেক ভিন্নমতাবলম্বীরা ছিলো যারা তাদের কাছে পালিয়ে যায়, যেটা ভূমিতে থাকা অবশিষ্টাংশ নেফীয়দের জন্য অত্যন্ত দুঃখের কারণ হয়েছিলো।

২৯ এবং লামানীয়দের মধ্যেও অনেক দুঃখের কারণ ছিলো; কারণ দেখো, তাদের অনেক সন্তান ছিলো যারা বড়ো হয়ে শক্তিশালী হয়ে উঠেছিলো বয়সের সাথে যে, তারা নিজেদের মতো চলতো, এবং তারা সোরমীয়দের দ্বারা পরিচালিত হয়েছিলো, তাদের মিথ্যাচার ও চাটুকারিতাপূর্ণ কথোপকথনের দ্বারা, যাতে তারা ঐ গাদিয়ানটন ডাকাতদের সাথে যোগদান করে।

৩০ এবং এইভাবে লামানীয়রাও দুঃখভোগ করেছিলো, এবং উঠতি প্রজন্মের দুষ্টতার কারণে, তাদের বিশ্বাস ও ধার্মিকতা হ্রাস পেতে শুরু করেছিলো।