অধ্যায় ২২
শেষকালে, সিয়োন ও তার স্টেকগুলো প্রতিষ্ঠিত হবে, এবং ইস্রায়েলীয়রা করুণা ও কোমলতায় একত্রিত হবে—তারা বিজয়ী হবে—যিশাইয় ৫৪সাথে তুলনা করুন। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দে।
১ এবং অতঃপর যা লেখা আছে তা ঘটবে: হে বন্ধ্যা, তোমরা যারা প্রসব করোনি; গান গেয়ে আনন্দ করো এবং উচ্চ স্বরে চিৎকার করো, তোমরা যারা সন্তান প্রসব করোনি; কারণ প্রভু বলেন, বিবাহিতা স্ত্রীর সন্তানদের তুলনায় নিঃস্বের অধিক সন্তান হবে।
২ তোমার তাঁবুর স্থান প্রসারিত করো, এবং তোমার বাসস্থানের পর্দাগুলো বিস্তৃত করো; সংকীর্ণ হয়ো না, তোমার দড়িগুলো লম্বা করো, আর তোমার খুঁটিগুলো মজবুত করো;
৩ কারণ তুমি ডান ও বাম দিকে বিস্তৃত হবে, এবং তোমার বংশ অযিহূদীদের উত্তরাধিকারী হবে এবং জনশূন্য শহরগুলোতে বসতি স্থাপন করবে।
৪ ভয় করোনা, কারণ তুমি লজ্জিত হবে না; বিভ্রান্তও হয়ো না, কারণ তোমাকে অপমানিত করা হবে না; কারণ তুমি তোমার যৌবনের লজ্জা ভুলে যাবে, এবং তোমার যৌবনের অপমান স্মরণে আসবে না, এবং তোমার বিধবা অবস্থার অপমান আর স্মরণে আসবে না।
৫ কারণ তোমার নির্মাতা, তোমার স্বামী, বাহিনীগণের প্রভু তাঁর নাম; এবং তোমার মুক্তিদাতা, ইস্রায়েলের পবিত্রতম—তিনিই সমগ্র পৃথিবীর ঈশ্বর বলে পরিচিত হবেন।
৬ প্রভু তোমাকে ডেকেছেন একজন পরিত্যক্ত ও আত্মায় দুঃখী নারী হিসেবে, এবং একজন যুবতী স্ত্রীর মতো, যখন প্রত্যাখ্যাত হয়েছিলে, তোমার ঈশ্বর বলেন।
৭ একটা ক্ষণস্থায়ী মুহূর্তের জন্য আমি তোমাকে পরিত্যাগ করেছি, কিন্তু মহা করুণায় আমি তোমাকে আবার একত্রিত করবো।
৮ সামান্য ক্রোধে আমি তোমার কাছ থেকে মুহূর্তের জন্য আমার মুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরস্থায়ী দয়ায় আমি তোমার প্রতি করুণা করবো, প্রভু তোমার মুক্তিদাতা বলেন।
৯ এই বিষয়টা আমার কাছে নোহের জলের মতো; যেমন আমি শপথ করেছিলাম যে নোহের জল পৃথিবীকে আর কখনো প্লাবিত করবে না, তেমনি আমি শপথ করেছি যে আমি আর তোমার প্রতি রুষ্ট হবো না।
১০ কারণ পর্বত চলে যাবে এবং পাহাড় উচ্ছেদ হবে, কিন্তু আমার দয়া তোমার থেকে দূরে যাবে না, কিংবা আমার শান্তির চুক্তিও সরানো হবে না, প্রভু বলেন, যিনি তোমার প্রতি করুণা করেন।
১১ হে ব্যথিত, ঝঞ্ঝায় নিক্ষিপ্ত, এবং শান্তিহীন নারী! দেখো, আমি তোমার পাথর সুন্দর রঙে স্থাপন করবো, এবং নীলকান্তমণি দিয়ে তোমার ভিত্তি স্থাপন করবো।
১২ এবং আমি তোমার জানালাগুলো অগ্নিমণির মতো করবো, এবং তোমার দরজাগুলো চুনি রত্ন দিয়ে সাজাবো, এবং তোমার সমস্ত সীমানা মূল্যবান পাথরে সাজাবো।
১৩ এবং তোমার সমস্ত সন্তান প্রভুর দ্বারা শিক্ষা লাভ করবে; এবং তোমার সন্তানদের শান্তি মহান হবে।
১৪ ধার্মিকতায় তুমি প্রতিষ্ঠিত হবে; অত্যাচার থেকে তুমি দূরে থাকবে কারণ তুমি ভয় পাবে না, এবং আতঙ্ক থেকে দূরে থাকবে কারণ এটা তোমার কাছে আসবে না।
১৫ দেখো, তারা অবশ্যই তোমার বিরুদ্ধে একত্রিত হবে, কিন্তু আমার দ্বারা নয়; যে কেউ তোমার বিরুদ্ধে একত্রিত হবে সে তোমার কারণে পতিত হবে।
১৬ দেখো, আমি কামারকে সৃষ্টি করেছি যে আগুনে কয়লা ফুঁ দেয়, এবং যা তার কাজের জন্য অস্ত্র তৈরি করে; এবং আমি ধ্বংসকারীকে সৃষ্টি করেছি ধ্বংসের জন্য।
১৭ তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না; এবং যে জিহ্বা বিচারে তোমার বিরুদ্ধে নিন্দা করবে, তাকে তুমি দোষী সাব্যস্ত করবে। প্রভু বলেন, এই হলো প্রভুর দাসদের উত্তরাধিকার, এবং তাদের ধার্মিকতা আমার কাছ থেকে আসে।