অধ্যায় ১৫
যীশু ঘোষণা করলেন যে মোশির আইন তাঁর মধ্যে পূর্ণ হয়েছে—নেফীয়রা হলো সেই অন্য মেষ যাদের সম্পর্কে তিনি যিরূশালেমে বলেছিলেন—অন্যায়ের কারণে, যিরূশালেমে প্রভুর লোকেরা ইস্রায়েলের ছড়িয়ে থাকা মেষদের কথা জানে না। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দে।
১ এবং এখন এটা ঘটলো যে, যখন যীশু এই কথাগুলো শেষ করলেন তখন তিনি জনতার দিকে দৃষ্টিপাত করেন, এবং তাদেরকে বললেন: দেখো, আমি আমার পিতার কাছে আরোহণ করার পূর্বে যা যা শিক্ষা দিয়েছিলাম, তা তোমরা শুনেছো; অতএব, যে ব্যক্তি আমার এই বাণীগুলো স্মরণ করবে এবং সেগুলো পালন করবে, আমি তাকে শেষ দিনে উন্নীত করবো।
২ এবং এটা ঘটলো যে, যীশু যখন এই কথাগুলো বললেন তখন তিনি বুঝতে পারলেন যে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আশ্চর্য হয়েছিলো, এবং ভাবছিলো যে তারা মোশির আইনের ব্যাপারে কি করবে; কারণ তারা এই কথাটার মানে বুঝতে পারেনি যে পুরাতন বিষয়গুলো বিলুপ্ত হয়ে গেছে, এবং সমস্ত কিছু নতুন হয়ে গেছে।
৩ এবং তিনি তাদেরকে বললেন: আশ্চর্য হয়ো না যে আমি তোমাদেরকে বললাম পুরাতন বিষয়গুলো বিলুপ্ত হয়েছে, এবং সমস্ত কিছু নতুন হয়ে গেছে।
৪ দেখো, আমি তোমাদের বলছি, মোশিকে যে আইন দেওয়া হয়েছিলো তা পূর্ণ হয়েছে।
৫ দেখো, আমিই সেই যে আইন দিয়েছি এবং আমিই সেই যে আমার জনগণ ইস্রায়েলের সঙ্গে চুক্তি করেছি; অতএব, আমার মধ্যেই সেই আইন পূর্ণ হয়েছে, কারণ আমি আইন পূর্ণ করতে এসেছি; অতএব এর শেষ আছে।
৬ দেখো, আমি ভাববাদীদের ধ্বংস করি না, কারণ আমার মধ্যে যেগুলো পরিপূর্ণ হয়নি, আমি তোমাদের সত্যই বলছি, তাদের সকলই পূর্ণ হবে।
৭ এবং আমি তোমাদেরকে যেহেতু বলেছি যে পুরাতন বিষয় বিলুপ্ত হয়েছে, অতএব আসন্ন বিষয়গুলোর ব্যাপারে যা বলা হয়েছে, তা আমি নষ্ট করিনি।
৮ কারণ দেখো, আমি আমার জনগণের সঙ্গে যে চুক্তি করেছি তা সকল সম্পূর্ণ হয়নি; কিন্তু মোশিকে যে আইন দেওয়া হয়েছিলো, তা আমার মধ্যে শেষ হয়ে গেছে।
৯ দেখো, আমিই আইন, এবং আমিই আলো। আমার দিকে তাকাও, এবং শেষ পর্যন্ত স্থির থাকো, এবং তোমরা জীবিত থাকবে; কারণ যে শেষ পর্যন্ত স্থির থাকে, তাকেই আমি অনন্ত জীবন দেবো।
১০ দেখো, আমি তোমাদের কাছে আমার আজ্ঞা দিয়েছি; সুতরাং আমার আজ্ঞাসকল মান্য করো। আর এটাই হলো আইন ও ভাববাদীদের শিক্ষার সারমর্ম, কারণ তারা সত্যিই আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছে।
১১ এবং এটা ঘটলো যে, যখন যীশু এই কথাগুলো বলছিলেন, তখন তিনি সেই বারোজনকে বললেন যাদের তিনি মনোনীত করেছিলেন:
১২ তোমরা আমার শিষ্য; আর তোমরা এই জাতির জন্য একটা আলো, যারা যোষেফের বংশের অবশিষ্টাংশ।
১৩ এবং দেখো, এটা তোমাদের উত্তরাধিকারের ভূমি; এবং পিতা তা তোমাদের দিয়েছেন।
১৪ এবং পিতা আমাকে কখনও এই আজ্ঞা দেননি যাতে আমি যিরূশালেমে তোমাদের ভাইদের এই কথা বলি।
১৫ পিতা আমাকে কখনও এই আজ্ঞাও দেননি যাতে আমি ইস্রায়েল বংশের অন্যান্য কুলের বিষয়ে তাদের বলি, যাদের পিতা ভূমি থেকে বের করে এনেছিলেন।
১৬ পিতা আমাকে এতটুকুই আদেশ দিলেন যে, আমি যেনো তাদের বলি:
১৭ আমার ঐ যে মেষ আছে, যেগুলো এই দলের নয়; তাদেরকেও আনতে হবে আমায়, এবং তারা আমার কণ্ঠস্বর শুনবে; এবং সেখানে থাকবে একটা পাল, এবং একজন মেষপালক।
১৮ এবং এখন, জেদ ও অবিশ্বাসের কারণে তারা আমার কথা বুঝতে পারলো না; অতএব আমাকে আদেশ করা হয়েছে যে আমি যাতে পিতার বিষয়ে তাদের কাছে আর কিছু না বলি।
১৯ কিন্তু, সত্যি, আমি তোমাদেরকে বলছি যে পিতা আমাকে আদেশ করেছেন, এবং আমি তোমাদেরকে এটা বলছি, যে তাদের পাপের জন্য তোমাদেরকে তাদের থেকে পৃথক করা হয়েছিলো; সুতরাং তাদের পাপের কারণেই তারা তোমাদের বিষয়ে জানে না।
২০ এবং সত্যি, আমি তোমাদেরকে পুনরায় বলছি যে পিতা তাদের থেকে বাকি বংশদের পৃথক করেছিলেন; এবং তাদের পাপের কারণেই তারা তাদের ব্যাপারে জানে না।
২১ এবং আমি তোমাদেরকে সত্য বলছি, যে তোমরাই তারা যাদের সম্বন্ধে আমি বলেছিলাম: আমার আরও মেষ আছে, যারা এই দলের নয়; তাদেরকেও আনতে হবে আমায়, এবং তারা আমার কণ্ঠস্বর শুনবে; এবং থাকবে একটা পাল, এবং একজন মেষপালক।
২২ এবং তারা আমাকে বুঝতে পারেনি, কারণ তারা মনে করেছিলো যে এরা অযিহূদী ছিলো; কারণ তারা বুঝতে পারেনি যে তাদের প্রচারের মাধ্যমেই অযিহূদীদের পরিবর্তন করা উচিত।
২৩ এবং তারা আমাকে বুঝতে পারেনি যে আমি বলেছিলাম যে তারা আমার কণ্ঠস্বর শুনবে; এবং তারা আমাকে বুঝতে পারেনি যে অযিহূদীরা কখনও আমার কন্ঠস্বর শুনতে পাবে না—যে পবিত্র আত্মার মাধ্যমে ছাড়া আমি নিজেকে তাদের কাছে প্রকাশ করবো না।
২৪ কিন্তু দেখো, তোমরা উভয়েই আমার কন্ঠস্বর শুনেছো, এবং আমাকে দেখেছো; এবং তোমরা আমার মেষ, এবং পিতা আমাকে যাদের দিয়েছেন, তাদের মধ্যে তোমরাও গণিতো।