অধ্যায় ২৫
দ্বিতীয় আগমনে, অহংকারী ও দুষ্টরা খড়ের মতো দগ্ধ হবে—এলিয় সেই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগে ফিরে আসবেন—মালাখি ৪এর সাথে তুলনা করুন। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দে।
১ কারণ দেখো, সেই দিন আসবে যেটা চুলার আগুনের মতো জ্বলবে; এবং সকল অহংকারীরা, হ্যাঁ, যারা দুষ্কর্ম করে, তারা হবে খড়ের মতো; এবং সেই দিন আসবে তা তাদের সম্পূর্ণ পুড়িয়ে ফেলবে, বলেছেন বাহিনীগণের প্রভু, যাতে তাদের কোনো শেকড় বা শাখা-প্রশাখা না থাকে।
২ কিন্তু তোমাদের মধ্যে যারা আমার নামে ভয় করো, তাদের কাছে ধার্মিকতার পুত্র তাঁর ডানায় নিরাময় নিয়ে উদিত হবেন; এবং তোমরা বাইরে যাবে এবং গোশালার বাছুরের মতো বেড়ে উঠবে।
৩ এবং তোমরা দুষ্টদের পদদলিত করবে; কারণ তারা তোমাদের পায়ের তলায় ছাইয়ের মতো হবে যেদিন আমি এই কাজ করবো, বলেছেন বাহিনীগণের প্রভু।
৪ আমার দাস মোশির আইন মনে রেখো, যা আমি হোরেবে সমস্ত ইস্রায়েলের জন্য তাকে আদেশ করেছিলাম, সেই আইন এবং বিচারসহ।
৫ দেখো, আমি তোমাদের কাছে ভাববাদী এলিয়কে পাঠাবো, বাহিনীগণের প্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের আগে;
৬ এবং তিনি পিতৃপুরুষদের হৃদয় সন্তানদের দিকে ফেরাবেন, এবং সন্তানদের হৃদয় তাদের পিতৃপুরুষদের দিকে, যাতে আমি এসে পৃথিবীকে অভিশাপে আঘাত না করি।