অধ্যায় ২১
ইস্রায়েলীয়রা একত্রিত হবে যখন মরমনের পুস্তক প্রকাশিত হবে—অযিহূদীরা আমেরিকাতে একটা মুক্ত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে—তারা যদি বিশ্বাস করে এবং বাধ্য হয় তবে তারা রক্ষা পাবে; অন্যথায়, তাদের বিছিন্ন করা হবে এবং ধ্বংস করা হবে—ইস্রায়েল নতুন যিরূশালেম নির্মাণ করবে, এবং হারানো উপজাতিরা ফিরে আসবে। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দে।
১ এবং সত্যিই আমি তোমাদের বলছি, আমি তোমাদের একটা চিহ্ন দেবো, যাতে তোমরা জানতে পারো যে এই ঘটনাগুলো কখন ঘটতে চলেছে—যে আমি আমার জাতিকে, হে ইস্রায়েলের বংশ, তাদের দীর্ঘ বিচ্ছিন্নতা থেকে একত্র করবো, এবং তাদের মধ্যে আবার আমার সিয়োন স্থাপন করবো;
২ এবং দেখো, এই চিহ্ন আমি তোমাদের জন্য দেবো—কারণ সত্যিই আমি তোমাদের বলছি, যখন এই বিষয়গুলো, যা আমি তোমাদের ঘোষণা করছি এবং যা আমি পরে আমার সম্পর্কে ঘোষণা করবো এবং যা পবিত্র আত্মার শক্তির দ্বারা তোমাদের দেওয়া হবে, এগুলো তখন অযিহূদীদের কাছে প্রকাশিত হবে, যাতে তারা জানতে পারে যে এই জাতি, যারা যাকোবের বংশের অবশিষ্টাংশ, এবং আমার এই জাতি, যারা তাদের দ্বারা বিতাড়িত হবে, তাদের সম্পর্কে;
৩ সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, যখন পিতার এই বিষয়গুলো তাদের কাছে, এবং পিতার দ্বারা প্রকাশিত হবে, এবং তাদের থেকে তোমাদের কাছে আসবে;
৪ কারণ এটা পিতার প্রজ্ঞার মধ্যে যে তারা এই দেশে প্রতিষ্ঠিত হবে, এবং পিতার শক্তির দ্বারা একটা স্বাধীন জাতি হিসেবে গঠিত হবে, যাতে এই বিষয়গুলো তাদের থেকে তোমাদের বংশের অবশিষ্টাংশের কাছে আসতে পারে, যাতে পিতার সেই চুক্তি পূর্ণ হয়, যা তিনি তাঁর জাতির সঙ্গে করেছেন, হে ইস্রায়েলের বংশ;
৫ অতএব, যখন এই কর্ম এবং ভবিষ্যতে তোমাদের মধ্যে যে কর্ম সম্পন্ন হবে, তা অযিহূদীদের থেকে, তোমাদের সেই বংশধরদের কাছে আসবে, যারা অন্যায়ের কারণে অবিশ্বাসে হ্রাস পাবে;
৬ কারণ পিতার ইচ্ছা অনুযায়ী, এটা অযিহূদীদের কাছ থেকে প্রকাশিত হবে, যাতে তিনি তাঁর ক্ষমতা অযিহূদীদের দেখাতে পারেন, এই কারণেই, যদি অযিহূদীরা তাদের হৃদয় কঠিন না করে, তবে তারা অনুতাপ করতে পারবে, আমার কাছে আসতে পারবে, আমার নামে বাপ্তিস্ম গ্রহণ করতে পারবে, এবং আমার প্রকৃত উপদেশাবলীর মূল বিষয়গুলো জানতে পারবে, যাতে তারা আমার জাতির অন্তর্ভূক্ত হতে পারে, হে ইস্রায়েলের বংশ;
৭ এবং যখন এই বিষয়গুলো ঘটবে এবং তোমাদের বংশধরেরা এই বিষয়গুলো জানতে শুরু করবে—এটা তাদের জন্য একটা চিহ্ন হবে, যাতে তারা জানতে পারে যে পিতার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, সেই চুক্তি পূরণ করার জন্য, যা তিনি ইস্রায়েলের বংশের মানুষের সঙ্গে করেছেন।
৮ এবং যখন সেই দিন আসবে, তখন এটা ঘটবে যে রাজারা নীরব হবে; কারণ যা তাদেরবলা হয়নি, তারা তা দেখবে; এবং যা তারা শোনেনি, তা তারা বুঝতে পারবে।
৯ কারণ সেই দিনে, আমার জন্য, পিতা একটা মহান এবং বিস্ময়কর কাজ সম্পন্ন করবেন তাদের মধ্যে; এবং তাদের মধ্যে এমনও লোক থাকবে যারা তা বিশ্বাস করবে না, যদিও একজন ব্যক্তি তা তাদের কাছে ঘোষণা করবে।
১০ কিন্তু দেখো, আমার দাসের জীবন আমার হাতে থাকবে; অতএব তারা তাকে আঘাত করতে পারবে না, যদিও সে তাদের কারণে বিকারপ্রাপ্ত হবে। তবুও আমি তাকে সুস্থ করবো, কারণ আমি তাদের দেখাবো যে আমার জ্ঞান শয়তানের কূটবুদ্ধির চেয়েও শক্তিশালী।
১১ অতএব এটা ঘটবে যে যারা আমার বাক্যে বিশ্বাস করবে না, আমি, যীশু খ্রীষ্ট, যা পিতা তাকে অযিহূদীদের কাছে প্রকাশ করতে বলবেন এবং তাকে ক্ষমতা দেবেন যাতে সে অযিহূদীদের কাছে তা আনতে পারে (এটা এমনই হবে যেমন মোশি বলেছিলো), তারা আমার সেই জাতি থেকে বিচ্ছিন্ন হবে, যারা চুক্তির অন্তর্ভূক্ত।
১২ এবং আমার জাতি, যারা যাকোবের অবশিষ্টাংশ, তারা অযিহূদীদের মধ্যে থাকবে, হ্যাঁ, তাদের মধ্যে যেনো বনের পশুর মধ্যে সিংহের মতো, যেমনটা ভেড়ার পালের মধ্যে একটা যুবক সিংহ থাকে, যে, যদি সে উভয়ের মধ্যে দিয়ে যায় তবে সে পদদলিত করবে এবং ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে, এবং কেউই উদ্ধার করতে পারবে না।
১৩ তাদের হাত তাদের শত্রুদের বিরুদ্ধে উঠবে, এবং তাদের সমস্ত শত্রু ধ্বংস হবে।
১৪ হ্যাঁ, ধিক সেই অযিহূদীদের, যদি না তারা অনুতপ্ত হয়; কারণ এটা ঘটবে যে সেই দিনে, পিতা বলেন, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের ঘোড়াগুলো ধ্বংস করবো, এবং তোমাদের রথ নষ্ট করবো;
১৫ আমি তোমাদের দেশের শহরগুলো ধ্বংস করবো এবং তোমাদের সব দুর্গ ভেঙে ফেলবো;
১৬ আমি তোমাদের দেশে জাদুবিদ্যা দূর করবো, এবং তোমাদের আর কোনো গণকবক্তা থাকবে না;
১৭ তোমাদের খোদাই করা মূর্তিগুলোও আমি ধ্বংস করবো, এবং তোমাদের ক্ষোদিত প্রতিমাগুলোও; এবং তোমরা আর নিজের হাতের কাজের আরাধনা করবে না;
১৮ আমি তোমাদের মধ্যে থেকে বাগানগুলোও উচ্ছেদ করবো; এবং আমি তোমাদের শহরগুলোও ধ্বংস করবো।
১৯ এবং এটা ঘটবে যে সকল মিথ্যা, এবং প্রতারণা, এবং হিংসা, এবং বিবাদ, এবং ধূর্ত যাজকতা এবং ব্যভিচারীতা দূর হবে।
২০ কারণ এটা ঘটবে যে, পিতা বলেন যে, সেই দিনে, যে কেউ অনুতাপ না করবে এবং আমার প্রিয় পুত্রের কাছে না আসবে, তাকে আমি আমার জাতির মধ্যে থেকে বিচ্ছিন্ন করবো, হে ইস্রায়েলের বংশ;
২১ আমি তাদের উপর প্রতিশোধ ও ক্রোধ চালাবো, এমনভাবে যেমন সেই নাস্তিক জাতির উপর তা চালানো হয়েছে, যা তারা কখনও শোনেনি।
২২ কিন্তু যদি তারা অনুতাপ করে এবং আমার বাক্য শোনে, এবং তাদের হৃদয়কে কঠিন না করে, তবে আমি তাদের মধ্যে আমার মণ্ডলী প্রতিষ্ঠা করবো, এবং তারা যাকোবের অবশিষ্টাংশের সাথে চুক্তিবদ্ধ ও গণিত হবে, যাদের আমি এই দেশ উত্তরাধিকার হিসেবে দিয়েছি;
২৩ এবং তারা আমার জাতিকে সহায়তা করবে, যাকোবের অবশিষ্টাংশকে, এবং সেই ইস্রায়েলের বংশের যতোজন আসবে, যাতে তারা একটা শহর গড়তে পারে, যা নতুন যিরূশালেম নামে পরিচিত হবে।
২৪ এবং তারপর আমার জাতিকে একত্রিত হতে তারা সাহায্য করবে, যারা সমগ্র ভূমিতে ছড়িয়ে পড়েছে, নতুন যিরূশালেমে।
২৫ তখন স্বর্গীয় ক্ষমতা তাদের মধ্যে নামবে; এবং আমিও তাদের মধ্যে থাকবো।
২৬ এবং তখন সেই দিনে পিতার কাজ শুরু হবে, যখন এই সুসমাচার আমার জাতির অবশিষ্টাংশদের মধ্যে প্রচারিত হবে। আমি তোমাদের সত্যি বলছি, সেই দিনে আমার সমস্ত বিক্ষিপ্ত হয়ে থাকা লোকদের মধ্যে পিতার কাজ শুরু হবে, হ্যাঁ, এমনকি যে সমস্ত জাতি হারিয়ে গেছে, যাদের পিতা যিরূশালেম থেকে বের করে এনেছেন।
২৭ হ্যাঁ, এবং তখন কাজ শুরু হবে বিক্ষিপ্ত হয়ে থাকা লোকদের মধ্যে, পিতার সাথে তারা আমার কাছে আসার পথ প্রস্তুত করার জন্য, যাতে তারা আমার নামে পিতাকে ডাকতে পারে।
২৮ হ্যাঁ, এবং তখন সমস্ত জাতির মধ্যে, পিতার সঙ্গে তাঁর লোকেদের তাদের উত্তরাধিকারের ভূমিতে একত্রিত করার পথ প্রস্তুত করার কাজ শুরু হবে।
২৯ এবং তারা সমস্ত জাতি থেকে বেরিয়ে যাবে; এবং তারা তাড়াহুড়ো করে বের হবে না, পালিয়েও বের হবে না, কারণ পিতা বলেন, আমি তাদের সম্মুখে যাবো, এবং আমি তাদের পিছনে থাকবো।