ধর্মশাস্ত্র
৩ নেফী ৩


অধ্যায় ৩

গাদিয়ানটনদের নেতা, গিদ্দিয়ানহী দাবি করে যাতে লেকোনিয়াস এবং নেফীয়রা নিজেদেরকে আত্মসমর্পণ করুক এবং তাদের জমি হস্তান্তর করুক—লেকোনিয়াস গিদগিদ্দোনীকে সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ করেছিলেন—নেফীয়রা সেরহমলা এবং প্রাচুর্যে একত্র হয় আত্মরক্ষার জন্য। প্রায় ১৬–১৮ খ্রীষ্টাব্দে।

এবং এখন এটা ঘটলো যে খ্রীষ্টের আগমনের ষোলতম বছরে, রাজ্যের দেশাধ্যক্ষ, লেকোনিয়াস, এই ডাকাত দলের নেতা ও দেশাধ্যক্ষের কাছ থেকে একটা পত্র পেয়েছিলেন; এবং এই সেই কথাগুলো যা লেখা ছিলো:

রাজ্যের সর্বাধিক সম্ভ্রান্ত ও প্রধান দেশাধ্যক্ষ, লেকোনিয়াস, দেখুন, আমি আপনাকে এই পত্র লিখছি, এবং আপনার দৃঢ়তার কারণে, এবং আপনার লোকেদের দৃঢ়তার কারণে, যা আপনি আপনার অধিকার এবং স্বাধীনতা বলে মনে করেন, তা বজায় রাখার জন্য আপনাকে অত্যন্ত প্রশংসা করছি; হ্যাঁ, আপনারা নির্ভীকভাবে প্রতিরোধ করেছেন, আপনাদের স্বাধীনতা, এবং আপনাদের সম্পত্তি, এবং আপনাদের দেশ, অথবা আপনাদের যেই জিনিসে আহ্বান করা হয়েছে তা রক্ষার জন্য, যেনো আপনারা ঈশ্বরের হাত দ্বারা সমর্থিত।

এবং আমার কাছে এটা দুঃখজনক বলে মনে হয়, পরম সম্ভ্রান্ত লেকোনিয়াস, যে আপনি এতটাই নির্বোধ এবং নিরর্থক যে, আপনি মনে করেন যে, আপনি এতো সাহসী পুরুষদের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন, যারা আমার আদেশ পালন করছে, যারা এখন তাদের হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এবং বাক্যটির জন্য অত্যন্ত উদ্বেগের সাথে অপেক্ষা করছে—নেফীয়দের বিরুদ্ধে নেমে যাও এবং তাদের ধ্বংস করো।

এবং আমি, তাদের অপরাজেয় মনোভাব সম্বন্ধে জানি, যুদ্ধক্ষেত্রে তাদের পরীক্ষা করেছি, এবং তাদের প্রতি যে বহু অন্যায় আপনারা করেছেন, তার কারণে আপনাদের প্রতি তাদের চিরন্তন ঘৃণা সম্বন্ধে আমি জানি, অতএব তারা যদি আপনাদের বিরুদ্ধে নেমে আসে, তবে তারা আপনাদের নিকটে চরম বিনাশের সাথে উপস্থিত হবে।

অতএব আমি এই পত্রটা লিখেছি, নিজের হাতে এটা সীলমোহর করেছি, কারণ আমি আপনাদের কল্যাণের জন্য চিন্তিত, আপনি যা সঠিক বলে বিশ্বাস করেন তাতে আপনার দৃঢ়তার জন্য এবং যুদ্ধক্ষেত্রে আপনার মহৎ মনোভাবের কারণে।

অতএব আমি আপনার কাছে লিখছি, এই কামনা করে যে, তারা তরবারি নিয়ে আপনাদের নিকটে উপস্থিত হয়ে এবং আপনাদের উপর ধ্বংস আনার চেয়ে, আপনারা আমার লোকেদের কাছে আপনাদের শহরগুলো, আপনাদের ভূমি, ও আপনাদের সম্পত্তি হস্তান্তর করবেন।

অথবা অন্য কথায়, আপনারা নিজেদেরকে আমাদের কাছে আত্মসমর্পণ করুন, এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হোন এবং আমাদের গোপন কার্যকলাপের সাথে পরিচিত হোন, এবং আমাদের ভাই হোন যাতে আপনারা আমাদের মতো হতে পারেন—আমাদের দাস নয়, কিন্তু আমাদের ভাই এবং আমাদের সমস্ত সম্পদের অংশীদার হতে পারেন।

এবং দেখুন, আমি প্রতিজ্ঞা করে আপনাকে বলছি, আপনারা যদি এমনটা করেন, শপথের সাথে, তবে আপনারা ধ্বংস হবেন না; কিন্তু যদি আপনারা তা না করেন, তবে আমি শপথ করে আপনাকে বলছি যে, আগামী মাসে আমি আদেশ দেবো যাতে আমার সৈন্যবাহিনী আপনাদের বিরুদ্ধে নেমে আসে, এবং তারা তাদের হাত নিয়ন্ত্রণ করবে না এবং রেহাই দেবে না, বরং আপনাদের হত্যা করবে, এবং আপনাদের উপর তরবারি বর্ষণ করবে এমনকি যতক্ষণ না আপনারা বিলুপ্ত হচ্ছেন।

এবং দেখুন, আমি গিদ্দিয়ানহী; এবং আমি এই গাদিয়ানটনের গোপন সংঘের পরিচালক; যেই সংঘের এবং তার কর্মকে আমি মঙ্গলময় বলে জানি; এবং এগুলো প্রাচীন যুগের, এবং সেগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১০ এবং আমি এই পত্রটা আপনার কাছে লিখছি, লেকোনিয়াস, এবং আমি আশা করি যে আপনি রক্তপাত ছাড়াই, আপনাদের জমি এবং আপনাদের সম্পত্তি সমর্পণ করবেন, যাতে আমার লোকেরা তাদের অধিকার এবং সরকার পুনরুদ্ধার করতে পারে, যারা আপনাদের কাছ থেকে তাদের সরকারের অধিকার বজায় রাখার জন্য, আপনাদের মন্দতার কারণে আপনাদের পরিত্যাগ করেছে, এবং যদি আপনারা এটা না করেন, আমি তাদের অন্যায়ের প্রতিশোধ নেবো। আমি গিদ্দিয়ানহী।

১১ এবং এখন এটা ঘটলো যে যখন লেকোনিয়াস এই পত্রটা পেয়েছিলেন, তখন তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, গিদ্দিয়ানহীর সাহস দেখে নেফীয়দের জমি দখল করার দাবির কারণে, এবং তাছাড়াও লোকদের হুমকি দিয়ে এবং যাদের বিরুদ্ধে কোনও অন্যায় হয়নি তাদের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য দেখে, কেবল তারা ছাড়া যারা নিজেদের প্রতি নিজেরা অন্যায় করেছিলো পরিত্যাগ করে চলে গিয়ে সেই দুষ্ট ও ঘৃণ্য ডাকাতদের দলে যোগদান করে।

১২ এখন দেখো, এই লেকোনিয়াস, সেই দেশাধ্যক্ষ, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, এবং একজন ডাকাতের দাবি ও হুমকিতে ভীত করা গেলো না; অতএব তিনি ডাকাতদের পরিচালক, গিদ্দিয়ানহীর পত্রটাতে কর্ণপাত করেননি, কিন্তু তিনি চেয়েছিলেন লোকেরা প্রভুর কাছে শক্তির জন্য মিনতি করবে, সেই সময়ের জন্য যখন ডাকাতরা তাদের বিরুদ্ধে নেমে আসবে।

১৩ হ্যাঁ, তিনি সমস্ত লোকের মধ্যে এই ঘোষণা পাঠালেন যে, তারা যেনো তাদের নারীদের, এবং তাদের সন্তানদের, এবং তাদের মেষপালকে ও তাদের গবাদি পশুপালকে, এবং তাদের সমস্ত বস্তুকে এক জায়গায় একত্রিত করে শুধু তাদের জমি ছাড়া।

১৪ এবং তিনি তাদের চতুর্দিকে দুর্গ নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন, এবং যাতে এর শক্তি অত্যধিক হয়। এবং তিনি নেফীয় ও লামানীয় উভয়ের সৈন্যবাহিনী, অর্থাৎ যাদের নেফীয়দের মধ্যে গণনা করা হয়েছিলো, সকলকে চতুর্দিকে প্রহরী হিসেবে নিযুক্ত করার আদেশ দিয়েছিলেন, যাতে তারা তাদের পাহারা দেয় এবং দিনরাত ডাকাতদের হাত থেকে তাদের রক্ষা করার জন্য।

১৫ হ্যাঁ, তিনি তাদের বলেছিলেন: জীবন্ত প্রভুর দিব্যি, যদি তোমরা তোমাদের সমস্ত অন্যায়ের জন্য অনুতপ্ত না হও, এবং প্রভুর কাছে মিনতি না করো, তবে কোনভাবেই সেই গাদিয়ানটন ডাকাতদের হাত থেকে মুক্তি পাবে না।

১৬ এবং লেকোনিয়াসের বাক্য ও ভবিষ্যদ্বাণী এতটাই মহান ও বিস্ময়কর ছিলো যে, তা সমস্ত লোকের মধ্যে ভয় সৃষ্টি করেছিলো; এবং তারা লেকোনিয়াসের কথা অনুসারে কাজ করার জন্য তাদের শক্তি প্রয়োগ করেছিলো।

১৭ এবং এটা ঘটলো যে লেকোনিয়াস নেফীয়দের সমস্ত সেনাবাহিনীর উপর প্রধান সেনাপতিদের নিযুক্ত করলেন, তাদের আদেশ দেওয়ার জন্য সেই সময়ে যখন তাদের বিরুদ্ধে ডাকাতরা প্রান্তর থেকে নেমে আসবে।

১৮ এখন সমস্ত প্রধান সেনাপতিদের মধ্যে প্রধান এবং নেফীয়দের সমস্ত সেনাবাহিনীর মহান সেনাপতিকে নিযুক্ত করা হয়েছিলো, এবং তাঁর নাম ছিলো গিদগিদ্দোনী।

১৯ এখন সমস্ত নেফীয়দের মধ্যে তাদের প্রধান সেনাপতি নিযুক্ত করার রীতি ছিলো, (তাদের দুষ্টতার সময়ে ছাড়া) যে এমন কাউকে নিযুক্ত করা হবে যার মধ্যে দৈববানীর আধ্যাত্মিক উপহার এবং ভবিষ্যদ্বাণী আধ্যাত্মিক উপহারও আছে; অতএব, এই গিদগিদ্দোনী তাদের মধ্যে একজন মহান ভাববাদী ছিলেন, এবং প্রধান বিচারকও ছিলেন।

২০ তখন লোকেরা গিদগিদ্দোনীকে বললো: প্রভুর কাছে প্রার্থনা করুন, এবং আসুন আমরা পর্বতের উপরে এবং প্রান্তরে যাই, যাতে আমরা ডাকাতদের আক্রমণ করতে এবং তাদের নিজেদের দেশে তাদের ধ্বংস করতে পারি।

২১ কিন্তু গিদগিদ্দোনী তাদের বললেন: প্রভু নিষেধ করেছেন; কারণ আমরা যদি তাদের বিরুদ্ধে যাই তবে প্রভু আমাদের তাদের হাতে সমর্পণ করবেন; অতএব আমরা আমাদের দেশের মাঝখানে নিজেদের প্রস্তুত করবো, এবং আমরা আমাদের সমস্ত সৈন্যবাহিনীকে একত্রিত করবো, এবং আমরা তাদের বিরুদ্ধে যাবো না, বরং তারা আমাদের বিরুদ্ধে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো; অতএব জীবন্ত প্রভুর দিব্যি, আমরা যদি এটা করি তবে তিনি আমাদের হাতে তাদের সমর্পণ করবেন।

২২ এবং এটা ঘটলো সতেরোতম বছরে, বছরের শেষের দিকে, দেশের সমস্ত প্রান্তে লেকোনিয়াসের ঘোষণা ছড়িয়ে পড়লো, এবং তারা নিজেদের ঘোড়া, এবং তাদের রথ, এবং তাদের গবাদি পশু, এবং তাদের সমস্ত মেষপাল, এবং তাদের পশুপাল, এবং তাদের শস্য, এবং তাদের সমস্ত বস্তু নিয়ে গেলো, এবং তারা হাজারে ও দশ হাজারে অগ্রসর হয়েছিলো, যতক্ষণ না তারা সকলে সেই স্থানে পৌঁছালো, যেটা স্থির করা হয়েছিলো, যে তারা তাদের শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য নিজেদের একত্রিত করবে।

২৩ এবং যেই ভূমিটা নির্ধারণ করা হয়েছিলো তা ছিলো সেরহমলার ভূমি, এবং যেই ভূমিটা সেরহমলা ও প্রাচুর্য ভূমির মধ্যবর্তী অংশে ছিলো, হ্যাঁ, প্রাচুর্যের ভূমির ও পরিত্যাক্ত ভূমির মধ্যবর্তী রেখা পর্যন্ত ছিলো।

২৪ এবং সেখানে নেফীয় নামে পরিচিত অসংখ্য হাজারো লোক ছিলো যারা এই ভূমিতে নিজেদের একত্রে সমবেত করেছিলো। এখন উত্তর দিকের ভূমির উপর যে মহা অভিশাপ ছিলো, সেই কারণে লেকোনিয়াস তাদেরকে দক্ষিণ দিকের ভূমিতে একত্রিত হওয়ার আদেশ দিয়েছিলেন।

২৫ এবং তারা তাদের শত্রুদের বিরুদ্ধে নিজেদের সুরক্ষিত করেছিলো; এবং তারা এক ভূমিতে, ও একই গোষ্ঠীতে বসবাস করেছিলো, এবং লেকোনিয়াসের বলা বাক্যকে তারা এতটাই ভয় করেছিলো যে, তারা নিজেদের সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়েছিলো; এবং তারা তাদের ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করেছিলো, যেনো তিনি তাদের উদ্ধার করেন সেই সময়ে, যখন তাদের শত্রুরা তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে আসবে।

২৬ এবং তারা তাদের শত্রুদের কারণে অত্যন্ত দুঃখিত ছিলো। এবং গিদগিদ্দোনী আদেশ করেছিলেন যে তারা সর্বপ্রকার যুদ্ধের অস্ত্র তৈরি করবে, এবং তারা তাঁর নির্দেশের পদ্ধতি অনুসারে বর্ম, ঢাল, ও ক্ষুদ্র ঢাল ব্যবহারে শক্তিশালী হবে।