ধর্মশাস্ত্র
৩ নেফী ৫


অধ্যায় ৫

নেফীয়রা অনুতপ্ত হয় এবং তাদের পাপ পরিত্যাগ করে—মরমন তাঁর লোকদের ইতিহাস লেখেন এবং তাদের কাছে চিরস্থায়ী বাক্য ঘোষণা করেন—ইস্রায়েল তার দীর্ঘ বিক্ষিপ্ত অবস্থা থেকে একত্রিত হবে। প্রায় ২২–২৬ খ্রীষ্টাব্দে।

এবং এখন দেখো, নেফীয়দের সমস্ত লোকের মধ্যে এমন কোনো জীবন্ত সত্তা ছিলো না যে সমস্ত পবিত্র ভাববাদীদের কথায় সামান্যতম সন্দেহ করেছিলো; কারণ তারা জানতো যে এটা অনিবার্য তাই সেগুলো অবশ্যই পূর্ণ হবে।

এবং তারা জানতো যে খ্রীষ্টের আগমন অবশ্যই প্রয়োজনীয় ছিলো, ভাববাদীদের বাক্য অনুসারে, যে অসংখ্য চিহ্ন দেওয়া হয়েছিলো; এবং এ কারণে যা ইতিমধ্যেই হয়েছিলো, তার কারণে তারা জানতো এটা অনিবার্য যে যা বলা হয়েছিলো, সেই অনুসারে সবই ঘটবে।

অতঃপর তারা তাদের সমস্ত পাপ, তাদের জঘন্যতা, এবং ব্যাভিচারীতা পরিত্যাগ করেছিলো, এবং দিনরাত সমস্ত অধ্যবসায়ের সাথে ঈশ্বরের সেবা করেছিলো।

এবং এখন এটা ঘটলো যে যখন তারা সমস্ত ডাকাতদেরকে বন্দী করেছিলো, এমনকি যারা নিহত হয়নি তারা কেউই পালাতে পারেনি, তখন তারা তাদের বন্দীদেরকে কারাগারে নিক্ষেপ করলো, এবং তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করলো; এবং যতজন তাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছিলো এবং এই চুক্তিতে আবদ্ধ হয়েছিলো যে তারা আর হত্যা করবে না, তাদের মুক্তি দেওয়া হয়েছিলো।

কিন্তু যতজন ছিলো যারা কোনো চুক্তিতে প্রবেশ করেনি, এবং যারা তখনও তাদের হৃদয়ে সেই গোপন হত্যাকাণ্ডগুলো অব্যাহত রেখেছিলো, হ্যাঁ, যতজনকে তাদের ভাইদের বিরুদ্ধে হুমকি দিতে দেখা গিয়েছিলো তাদের আইন অনুসারে দোষী সাব্যস্ত করা হয়েছিলো এবং শাস্তি দেওয়া হয়েছিলো।

এবং এইভাবে তারা সেই সমস্ত দুষ্টতার, এবং গোপনীয়তার, এবং ঘৃণ্য সংঘের সমাপ্তি ঘটিয়েছিলো, যার মধ্যে প্রচুর দুষ্টতা ছিলো, এবং যার কারণে প্রচুর হত্যা হয়েছিলো।

এইভাবে বাইশতম বছরটা অতিবাহিত হলো, এবং তেইশতম বছরটাও, এবং চব্বিশতম, ও পঁচিশতমটাও; সুতরাং এভাবে পঁচিশতম বছর অতিবাহিত হয়েছিলো।

এবং সেখানে এমন অনেক ঘটনা ঘটেছিলো, যা অনেকের চোখে মহান ও বিস্ময়কর ছিলো; তবে সেই সবকিছু এই পুস্তকে লেখা যাবে না; হ্যাঁ, এই পঁচিশ বছরের ব্যবধানে এতো লোকের মধ্যে যা ঘটেছিলো এমনকি তার একশো ভাগের এক ভাগও এই পুস্তকে লেখা যাবে না;

কিন্তু দেখো এমন কিছু নথি আছে যাতে এই লোকদের সমস্ত কার্যের বর্ণনা রয়েছে; এবং একটা সংক্ষিপ্ত কিন্তু সত্য লিখিত বিবরণ নেফীর দ্বারা দেওয়া হয়েছিলো।

১০ অতএব আমি নেফীর নথি অনুসারে এই বিষয়গুলোয় আমার নথি তৈরি করেছি, যা সেই ফলকগুলোর উপর খোদাই করা হয়েছিলো যা নেফীর ফলক নামে অভিহিত।

১১ এবং দেখো, আমি নিজের হাতে যে ফলকগুলো তৈরি করেছিলাম তাতে লিখিত বিবরণ দিয়েছিলাম।

১২ এবং দেখো, আমার নাম মরমন, কারণ আমার নামকরণ করা হয়েছে মরমন ভূমির নামে, যে ভূমিতে আলমা জনগণের মধ্যে মন্ডলী প্রতিষ্ঠা করেছিলেন, হ্যাঁ, সেই প্রথম মন্ডলী যা তাদের অপরাধের পরে তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো।

১৩ দেখো, আমি ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের শিষ্য। আমি তাঁর লোকদের কাছে তাঁর বাক্য ঘোষণা করার জন্য আহূত হয়েছি, যাতে তারা অনন্ত জীবন পায়।

১৪ এবং ঈশ্বরের ইচ্ছানুসারে, আমার পক্ষে যুক্তিযুক্ত হয়ে উঠেছে যে, যারা এখান থেকে চলে গেছেন, যারা পবিত্র ছিলেন, তাদের প্রার্থনা তাদের বিশ্বাস অনুসারে পূর্ণ হোক, এই সমস্ত কাজ যা করা হয়েছে তার একটা লিপিবদ্ধ করা উচিত—

১৫ হ্যাঁ, লেহী যিরূশালেম ত্যাগ করার সময় থেকে এমনকি বর্তমান সময় পর্যন্ত যা ঘটেছে, তার একটা সংক্ষিপ্ত নথি।

১৬ অতএব আমি আমার নথি তৈরি করছি আমার পূর্ববর্তীরা যে লিখিত বিবরণ দিয়েছেন তা থেকে, আমার সময় পর্যন্ত;

১৭ অতঃপর আমি নিজের চোখে যা দেখেছি তা লিপিবদ্ধ করছি।

১৮ এবং আমি জানি, যে নথি আমি তৈরি করেছি সেটা ন্যায়সঙ্গত ও সত্য নথি; তবুও এমন অনেক বিষয় আছে, যা আমাদের ভাষা অনুযায়ী, আমরা লিখতে পারিনি।

১৯ এবং এখন আমি আমার কথা শেষ করছি, যা আমার নিজের সম্পর্কে, এবং আমার আগে যা কিছু ঘটেছিলো তার বিবরণ দিতে চলেছি।

২০ আমি মরমন, এবং লেহীর একজন সত্য বংশধর। আমার ঈশ্বর এবং আমার ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের প্রশংসা করার কারণ আমার আছে যে, তিনি আমাদের পূর্বপুরুষদের যিরূশালেমের ভূমি থেকে উদ্ধার করে এনেছিলেন, (এবং আর কেউ তা জানতো না তিনি ছাড়া এবং যাদেরকে তিনি সেই ভূমি থেকে বের করে এনেছিলেন তারা ছাড়া) এবং তিনি আমাকে ও আমার লোকদের আমাদের আত্মার পরিত্রাণের জন্য অধিক শিক্ষা দিয়েছিলেন।

২১ অবশ্যই তিনি যাকোবের বংশকে আশীর্বাদ করেছেন, এবং যোষেফের বংশের প্রতি করুণা করেছেন।

২২ এবং লেহীর সন্তানেরা তাঁর আজ্ঞা যতটা পালন করেছিলো তিনি তাঁর বাক্য অনুসারে তাদের আশীর্বাদ করেছিলেন এবং সমৃদ্ধ করেছিলেন।

২৩ হ্যাঁ, এবং নিশ্চিতভাবে তিনি যোষেফের বংশের অবশিষ্টাংশকে তাদের প্রভু ঈশ্বরের জ্ঞানে নিয়ে আসবেন।

২৪ এবং জীবন্ত প্রভুর দিব্যি, তিনি পৃথিবীর চার প্রান্ত থেকে যোষেফের বংশের অবশিষ্টাংশকে একত্র করবেন, যারা ভূমণ্ডলের চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে।

২৫ এবং যেহেতু যাকোবের সমস্ত বংশের সাথে তিনি চুক্তি করেছিলেন, তেমনি যাকোবের বংশের সাথে তিনি যে চুক্তি করেছিলেন তা তাঁর নির্ধারিত সময়ে পূর্ণ হবে, এবং যাকোবের সমস্ত বংশ তাঁর সাথে যে চুক্তি করেছিলো, সেই চুক্তির জ্ঞান পুনরুদ্ধার না করা পর্যন্ত।

২৬ এবং এরপরে তারা জানতে পারবে তাদের মুক্তিদাতাকে, যিনি হলেন ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্ট; এবং অতঃপর তাদেরকে পৃথিবীর চতুর্দিক থেকে তাদের নিজেদের ভূমিতে একত্রিত করা হবে, যেখান থেকে তারা বিক্ষিপ্ত হয়েছে; হ্যাঁ, জীবন্ত প্রভুর দিব্যি, তাই হবে। আমেন।