ধর্মশাস্ত্র
৩ নেফী ২০


অধ্যায় ২০

যীশু আশ্চর্যভাবে রুটি এবং দ্রাক্ষাসুরা প্রদান করেন এবং আবার লোকেদের কাছে প্রভুর ভোজ প্রদান করেন—যাকোবের অবশিষ্টাংশরা তাদের ঈশ্বর প্রভুর জ্ঞানে আসবে এবং আমেরিকার উত্তরাধিকারী হবে—যীশু হলেন মোশির মতো ভাববাদী, এবং নেফীয়রা ভাববাদীদের বংশধর—প্রভুর লোকেদের মধ্যে বাকিরা যিরূশালেমে একত্রিত হবে। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দে

এবং এটা ঘটলো যে তিনি জনতাকে আদেশ দিলেন যাতে তারা প্রার্থনা করা বন্ধ করে, এবং তাঁর শিষ্যদেরও। এবং তিনি তাদের আদেশ দিলেন যাতে তারা অন্তরে প্রার্থনা করা বন্ধ না করে।

এবং তিনি তাদের আদেশ দিলেন যাতে তারা তাদের পায়ে উঠে দাঁড়ায়। এবং তারা উঠে দাঁড়ালো।

এবং এটা ঘটলো যে তিনি আবারও রুটি ভাঙলেন এবং তা আশীর্বাদ করলেন, এবং শিষ্যদের খাওয়ার জন্য দিলেন।

এবং তাঁরা খাওয়ার পর তিনি তাদের আদেশ দিলেন যাতে তারা রুটি ভাঙে এবং জনতাকে দেয়।

এবং তাঁরা জনতাকে দেওয়ার পর তিনি আরও তাদের পান করার জন্য দ্রাক্ষাসুরা দিলেন, এবং আদেশ দিলেন যাতে তাঁরা জনতাকে দেয়।

এখন, শিষ্যরা কিংবা জনতা, কেউই রুটি বা দ্রাক্ষাসুরা আনেনি;

কিন্তু তিনি সত্যিই তাদের খাওয়ার জন্য রুটি দিলেন, এবং পান করার জন্য দ্রাক্ষাসুরাও দিলেন।

এবং তিনি তাদের বললেন: যে এই রুটি খায় সে তার আত্মার জন্য আমার দেহ খায়; এবং যে এই দ্রাক্ষাসুরা পান করে সে তার আত্মার জন্য আমার রক্ত পান করে; এবং তার আত্মা কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হবে না, বরং পূর্ণতা লাভ করবে।

এখন, যখন জনতা সবাই খেয়েছে এবং পান করেছে, দেখো, তারা আত্মাতে পরিপূর্ণ হলো; এবং তারা এক কণ্ঠে চিৎকার করলো, এবং যীশুর প্রশংসা করলো, যাকে তারা দেখেছিলো এবং শুনেছিলো।

১০ এবং এটা ঘটলো যে যখন তারা সকলেই যীশুর প্রশংসা করলো, তখন তিনি তাদের বললেন: দেখো, এখন আমি সেই আজ্ঞা সম্পন্ন করছি যা পিতা আমাকে এই জাতির জন্য আদেশ দিয়েছেন, যারা ইস্রায়েলের বংশের একটা অবশিষ্টাংশ।

১১ তোমরা মনে করো যে আমি তোমাদেরকে বলেছিলাম, এবং এটা বলেছিলাম যে কখন যিশাইয়ের বাক্য পূর্ণ হবে—দেখো, তা লেখা আছে, তোমাদের সামনে তা রয়েছে, সুতরাং তা খোঁজো—

১২ এবং সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, যখন তা পূর্ণ হবে, তখনই সেই চুক্তির পরিপূর্ণতা হবে যা পিতা তাঁর জাতির সঙ্গে করেছেন, হে ইস্রায়েলের বংশ।

১৩ এবং তখনই অবশিষ্টাংশ যারা ভূমণ্ডলে ছড়িয়ে পড়েছে, তারা পূর্ব থেকে এবং পশ্চিম থেকে, এবং দক্ষিণ থেকে এবং উত্তর থেকে একত্রিত হবে; এবং তারা তাদের মুক্তিদাতা প্রভু ঈশ্বরের জ্ঞান লাভ করবে।

১৪ এবং পিতা আমাকে আদেশ দিয়েছেন যাতে আমি তোমাদের এই ভূমি, উত্তরাধিকার হিসেবে দেই।

১৫ এবং আমি তোমাদের বলছি যে, আমার জাতিকে ছড়িয়ে দেবার পরেও, যদি অযিহূদীরা অনুতাপ না করে সেই আশীর্বাদ পাওয়ার পর যা তারা পাবে—

১৬ তখন তোমরা, যারা যাকোবের বংশের অবশিষ্টাংশ, তাদের মাঝে এগিয়ে যাও; এবং তোমরা তাদের মাঝে থাকবে যারা সংখ্যায় প্রচুর হবে; এবং তোমরা তাদের মাঝে থাকবে যেমনটা বনের পশুদের মধ্যে সিংহ থাকে, এবং যেমনটা ভেড়ার পালের মধ্যে একটা যুবক সিংহ থাকে, যে, যদি সে উভয়ের মধ্যে দিয়ে যায় তবে সে পদদলিত করবে এবং ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে, এবং কেউ উদ্ধার করতে পারবে না।

১৭ তোমার হাত তোমার শত্রুদের বিরুদ্ধে তোলা হবে, এবং তোমার সমস্ত শত্রুরা বিছিন্ন হয়ে যাবে।

১৮ এবং আমি আমার জাতিকে একত্রিত করবো যেমন একজন মানুষ তার শস্যগুলো গোলায় সংগ্রহ করে।

১৯ কারণ আমি আমার সেই জাতিকে নির্মাণ করবো যাদের সাথে পিতা চুক্তি করেছেন, হ্যাঁ, আমি তোমার শৃঙ্গকে লোহার মতো করবো, এবং তোমার খুরগুলো পিতলের মতো করবো। এবং তুমি অনেক জাতিকে ভেঙে টুকরো করবে; এবং আমি তাদের অর্জিত সম্পদকে প্রভুর জন্য উৎসর্গ করবো, এবং তাদের সম্পত্তি সমগ্র পৃথিবীর প্রভুর জন্য উৎসর্গ করবো। এবং দেখো, আমিই সে যে তা করবে।

২০ এবং এটা ঘটবে যে, পিতা বললেন, আমার ন্যায়বিচারের তলোয়ার সেই দিনে তাদের উপর ঝুলবে; এবং যদি তারা অনুতাপ না করে তবে তা তাদের উপর পতিত হবে, পিতা বললেন, হ্যাঁ, এমনকি সকল অযিহূদীদের জাতির উপরও।

২১ এবং এটা ঘটবে যে আমি আমার জাতিকে স্থাপন করবো, হে ইস্রায়েলের বংশ।

২২ এবং দেখো, আমি এই জাতিকে এই দেশে স্থাপন করবো, সেই চুক্তির পরিপূর্ণতার জন্য যা আমি তোমাদের পিতা যাকোবের সাথে করেছিলাম; এবং এটা হবে এক নতুন যিরূশালেম। এবং স্বর্গের ক্ষমতাসমূহ এই জাতির মাঝে থাকবে; হ্যাঁ, আমিও তোমাদের মাঝে থাকবো।

২৩ দেখো, আমি সেই ব্যক্তি যার সম্পর্কে মোশি বলেছিলো: তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের ভাইদের মধ্যে থেকে, আমার মতো এক ভাববাদীকে তুলে আনবেন; তিনি তোমাদের যা কিছু বলবেন, তোমরা তাঁর সব কথা শুনবে। এবং এটা ঘটবে যে প্রত্যেক আত্মা যে সেই ভাববাদীর কথা শুনবে না, সে জনগণের মধ্যে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

২৪ আমি সত্যিই তোমাদের বলছি, হ্যাঁ, এবং সমস্ত ভাববাদীগণ সামুয়েল থেকে শুরু করে যারা পরে এসেছে, তাঁরা যতজন কথা বলেছেন, তাঁরা আমার সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন।

২৫ এবং দেখো, তোমরা ভাববাদীদের সন্তান; এবং তোমরা ইস্রায়েলের বংশের অন্তর্ভূক্ত; এবং তোমরা সেই চুক্তির অন্তর্ভূক্ত যা পিতা তোমাদের পূর্বপুরুষদের সাথে করেছিলেন, আব্রাহামের উদ্দেশ্যে বলেছিলেন: এবং তোমার বংশধরদের মাধ্যমে পৃথিবীর সমস্ত সম্প্রদায় আশীর্বাদিত হবে।

২৬ পিতা প্রথমে আমাকে তোমাদের জন্য তুলে এনেছিলেন, এবং তোমাদের আশীর্বাদ করার জন্য পাঠিয়েছিলেন যাতে তোমাদের প্রত্যেককে তোমাদের দুষ্টতা থেকে ফিরিয়ে আনা যায়; এবং এটা এই কারণে যে তোমরা সেই চুক্তিতে অন্তর্গত সন্তান—

২৭ এবং যখন তোমরা আশীর্বাদিত হয়েছিলে, তখন পিতা সেই চুক্তি সম্পন্ন করলেন যা তিনি আব্রাহামের সাথে করেছিলেন, এই বলে: তোমার বংশধরদের মাধ্যমে পৃথিবীর সমস্ত সম্প্রদায় আশীর্বাদিত হবে—এবং এর ফলে পবিত্র আত্মা আমার মাধ্যমে অযিহূদীদের উপর বর্ষিত হবে, এবং সেই আশীর্বাদ তাদেরকে সকলের উপরে ক্ষমতাশালী করবে, যার ফলে আমার জাতি ছড়িয়ে পড়বে, হে ইস্রায়েলের বংশ।

২৮ এবং তারা এই দেশের জনগণের জন্য একটা আঘাতের কারণ হবে। তবে, যখন তারা আমার সুসমাচারের পরিপূর্ণতা গ্রহণ করবে, যদি তারা তখনও আমার বিরুদ্ধে তাদের হৃদয় কঠোর করে তোলে, তাহলে আমি তাদের দুষ্টতা তাদেরই উপর ফিরিয়ে দেবো, পিতা বলেছেন।

২৯ এবং আমি সেই চুক্তির কথা স্মরণ করবো যা আমি আমার জাতির সাথে করেছি; এবং আমি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আমি তাদেরকে আমার নির্ধারিত সময়ে একত্রিত করবো, এবং তাদের পূর্বপুরুষদের দেশ তাদের উত্তরাধিকার হিসেবে আবার প্রদান করবো, যা যিরূশালেমের ভূমি, যেটা তাদের চিরকালের জন্য প্রতিশ্রুত ভূমি, পিতা বলেছেন।

৩০ এবং এটা ঘটবে যে সেই সময় আসবে, যখন আমার সুসমাচারের পরিপূর্ণতা তাদের কাছে প্রচার করা হবে;

৩১ এবং তারা আমার উপর বিশ্বাস করবে যে, আমি যীশু খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র, এবং তারা আমার নামে পিতার কাছে প্রার্থনা করবে।

৩২ তখন তাদের প্রহরীরা তাদের কণ্ঠ তুলবে, এবং একত্রে তারা গানে উল্লাস করবে; কারণ তারা চোখে চোখ মিলিয়ে দেখবে।

৩৩ তখন পিতা তাদের আবার একত্রিত করবেন, এবং তাদেরকে যিরূশালেম তাদের উত্তরাধিকারের ভূমি হিসেবে প্রদান করবেন।

৩৪ তখন তারা আনন্দে উল্লাস করবে—একত্রে গান গাইবে, হে যিরূশালেমের ধ্বংসপ্রাপ্ত স্থানসমূহ; কারণ পিতা তাঁর জাতিকে সান্ত্বনা দিয়েছেন, তিনি যিরূশালেমকে মুক্ত করেছেন।

৩৫ পিতা সমস্ত জাতির সামনে তাঁর পবিত্র বাহু উন্মোচিত করেছেন; এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পিতার পরিত্রাণ দেখবে; এবং পিতা ও আমি এক।

৩৬ এবং এটা ঘটবে যা লেখা ছিলো: জাগো, আবার জাগো, এবং তোমার শক্তি পরিধান করো, হে সিয়োন; তোমার সুন্দর পোশাক পরিধান করো, হে যিরূশালেম, পবিত্র নগরী; কারণ এরপর থেকে তোমার মাঝে আর কোনো অচ্ছিন্নত্বক এবং অশুচি মানুষ প্রবেশ করবে না।

৩৭ নিজেকে ধূলো থেকে ঝেড়ে ফেলো; ওঠো, বসে পড়ো, হে যিরূশালেম; তোমার গলার বন্ধন খুলে ফেলো, হে সিয়োনের বন্দী কন্যা।

৩৮ কারণ প্রভু এই কথা বলেন: তোমরা বিনা মূল্যে নিজেদের বিক্রি করেছিলে, এবং তোমরা মুক্তিও পাবে অর্থ ছাড়াই।

৩৯ সত্যি সত্যি আমি তোমাদের বলছি যে, আমার মানুষ আমার নাম জানবে; হ্যাঁ, সেই দিনে তারা জানবে যে আমিই সেই সত্তা যে কথা বলে।

৪০ এবং তখন তারা বলবে: পর্বতগণের উপরে কত সুন্দর তাঁর পা যা তাদের কাছে সুসংবাদ নিয়ে আসেন, যিনি শান্তি ঘোষণা করেন; যিনি আনন্দের সংবাদ নিয়ে আসেন তাদের কাছে, যিনি পরিত্রাণ ঘোষণা করেন; যিনি সিয়োনকে বলেন: তোমার ঈশ্বর রাজত্ব করছেন!

৪১ এবং তখন একটা ঘোষণা আসবে: চলে যাও, চলে যাও, সেখান থেকে বেরিয়ে যাও; যা অশুচি তা স্পর্শ করো না; তার মাঝখান থেকে বেরিয়ে যাও; তোমরা যারা প্রভুর পাত্র বহন করো, শুচি হও।

৪২ কারণ তোমরা তাড়াহুড়ো করে বের হবে না, কিংবা পালিয়ে যাবে না; কারণ প্রভু তোমাদের আগে আগে চলবেন, এবং ইস্রায়েলের ঈশ্বর তোমাদের রক্ষাকারী হবেন।

৪৩ দেখো, আমার দাস যে জ্ঞানের সাথে কাজ করবে; সে মহিমান্বিত হবে এবং সম্মানিত হবে এবং অত্যন্ত মহান হবে।

৪৪ আমার দাসের প্রতি অনেকেই অবাক হয়েছিলো—যে কোনো মানুষ অপেক্ষা তার মুখমণ্ডল, এতটাই বিকৃত ছিলো, যে কোনো মনুষ্য সন্তান অপেক্ষা তার দেহ বিকারপ্রাপ্ত ছিলো—

৪৫ তেমনি সে বহু জাতিকে শুচি করবে; রাজারা তার কারণে নীরব থাকবেন, কারণ যা তাঁদের বলা হয়নি তা তাঁরা দেখবেন; এবং যা তাঁরা আগে শোনেননি তা তাঁরা বুঝতে পারবেন।

৪৬ সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, এই সমস্ত কিছু অবশ্যই ঘটবে, যেমন পিতা আমাকে আদেশ দিয়েছেন। তখন সেই চুক্তি যা পিতা তাঁর জাতির সাথে করেছিলেন তা পূর্ণ হবে; এবং তখন যিরূশালেম আবার আমার মানুষের দ্বারা বাসযোগ্য হবে, এবং এটা হবে তাদের উত্তরাধিকারের ভূমি।