অধ্যায় ২৯
মরমনের পুস্তকের আগমন একটা চিহ্ন যে প্রভু ইস্রায়েলকে একত্রিত করতে এবং তাঁর চুক্তিগুলো পূরণ করতে শুরু করেছেন—যারা তাঁর শেষ কালের দৈববানী এবং উপহারগুলো প্রত্যাখ্যান করবে তারা অভিশপ্ত হবে। প্রায় ৩৪–৩৫খ্রীষ্টাব্দে।
১ এবং এখন দেখো, আমি তোমাদের বলছি যে যখন প্রভু তাঁর প্রজ্ঞামতে উপযুক্ত মনে করবেন যে, এই বাক্যগুলো যীশু খ্রীষ্টের বাক্য অনুযায়ী অযিহূদীদের কাছে পৌঁছাবে, তখন তোমরা জানতে পারবে যে পিতা ইস্রায়েলের পুত্রের সঙ্গে করা চুক্তি, যা তাদের নিজস্ব উত্তরাধিকারের ভূমিতে পুন:প্রতিষ্ঠার বিষয়ে ছিলো, তা ইতিমধ্যেই পূর্ণ হতে শুরু করেছে।
২ এবং তোমরা জানতে পারবে যে, পবিত্র ভাববাদীদের মাধ্যমে উচ্চারিত, প্রভুর সমস্ত বাক্য পূর্ণ হবে; এবং তোমাদের আর বলতে হবে না যে প্রভু তাঁর আগমনে দেরি করছেন ইস্রায়েলের সন্তানদের জন্য।
৩ এবং তোমাদের হৃদয়ে কল্পনা করো না যে উচ্চারিত বাক্যগুলো নিরর্থক, কারণ দেখো, প্রভু তাঁর জনগণ যারা ইস্রায়েলের বংশের, তাদের সাথে করা চুক্তি স্মরণ করবেন।
৪ এবং যখন তোমরা এই বাক্যগুলো তোমাদের মধ্যে প্রকাশ হতে দেখবে, তখন আর প্রভুর কার্যকলাপকে অবজ্ঞা কোরো না, কারণ তাঁর ন্যায়বিচারের তরবারি তাঁর ডান হাতে রয়েছে; এবং দেখো, সেই দিনে, যদি তোমরা তাঁর কার্যকলাপকে অবজ্ঞা করো তবে তিনি তা দ্রুত তোমাদের উপর নিয়ে আসবেন।
৫ ধিক তাকে যে প্রভুর কার্যকলাপকে অবজ্ঞা করে; হ্যাঁ, ধিক তাকে যে খ্রীষ্ট এবং তাঁর কার্যগুলোকে অস্বীকার করে!
৬ হ্যাঁ, ধিক তাকে যে প্রভুর দৈববানীগুলোকে অস্বীকার করে, এবং বলে যে প্রভু আর দৈববানী, বা ভাববানী, বা উপহার, বা ভাষা, বা চিকিৎসা, বা পবিত্র আত্মার ক্ষমতার মাধ্যমে কার্য করেন না!
৭ হ্যাঁ, এবং ধিক তাকে যে সেই দিনে, স্বার্থ লাভের জন্য বলে যে, যীশু খ্রীষ্টের দ্বারা কোনো আশ্চর্য কাজ সম্পন্ন হতে পারে না; কারণ যে ব্যক্তি এমন করবে, সে সেই বিনাশের সন্তানের মতো হয়ে যাবে, যার প্রতি খ্রীষ্টের বাক্য অনুসারে, কোনো দয়া ছিলো না!
৮ হ্যাঁ, এবং তোমাদের আর যিহূদীদের অথবা ইস্রায়েলের বংশের অবশিষ্টাংশদের নিয়ে উপহাস, অবজ্ঞা, বা বিদ্রূপ করা উচিত নয়; কারণ দেখো, প্রভু তাদের সাথে করা তাঁর চুক্তি স্মরণ করেন, এবং তিনি তাদের প্রতি সেই অনুযায়ী করবেন যা তিনি শপথ করেছিলেন।
৯ সুতরাং তোমরা মনে কোরো না যে তোমরা প্রভুর ডান হাতকে বাম দিকে ফিরিয়ে দিতে পারবে, যাতে তিনি ইস্রায়েলের বংশের সাথে করা চুক্তির পরিপূর্ণতার জন্য বিচারকার্য না চালিত করেন।