ধর্মশাস্ত্র
মশিয়াহ ৯


সেনিফের নথি—তাঁর লোকেদের একটা লিখিত বিবরণ, যখন তারা সেরহমলার ভূমি ত্যাগ করেছিলো তখন থেকে লামানীয়দের হাত থেকে তারা উদ্ধার হওয়া পর্যন্ত।

অধ্যায় ৯ থেকে ২২ অন্তর্ভুক্ত

অধ্যায় ৯

সেনিফ সেরহমলা থেকে একটা দলকে লেহী-নেফীর ভূমি দখল করার জন্য নেতৃত্ব দেন—লামানীয় রাজা তাদেরকে ভূমির উত্তরাধিকারী হওয়ার অনুমতি দেয়—লামানীয় এবং সেনিফের লোকেদের মধ্যে যুদ্ধ হয়। প্রায় ২০০–১৮৭ খ্রীষ্টপূর্বাব্দে

আমি, সেনিফ, আমাকে নেফীয়দের সমস্ত ভাষা শেখানো হয়েছিলো, এবং নেফীর ভূমি বা আমাদের পূর্বপুরুষদের প্রথম উত্তরাধিকারের ভূমি সম্পর্কে জ্ঞান ছিলো এবং লামানীয়দের মধ্যে গুপ্তচর হিসেবে পাঠানো হয়েছিলো যাতে আমি তাদের বাহিনীগুলোকে গুপ্তরূপে আবিষ্কার করতে পারি, যাতে আমাদের সৈন্যবাহিনী তাদেরকে আক্রমণ ও তাদেরকে ধ্বংস করতে পারে—কিন্তু আমি যখন তাদের মধ্যে যা ভালো তা দেখলাম তখন আমি চেয়েছিলাম যে তারা ধ্বংস না হয়।

অতএব, আমি প্রান্তরে আমার ভাইদের সাথে বিবাদ করেছি, কারণ আমি চেয়েছিলাম যে আমাদের শাসক তাদের সাথে একটা চুক্তি করুক; কিন্তু সে একজন কঠোর এবং রক্তপিপাসু মানুষ হওয়ায় আমাকে হত্যা করার আদেশ দিয়েছিলো; কিন্তু অনেকের রক্ত ঝরিয়ে​​ আমাকে উদ্ধার করা হয়েছিলো; কারণ পিতা পিতার বিরুদ্ধে এবং ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলো, যতক্ষণ না প্রান্তরে আমাদের অধিক সংখ্যক সৈন্য ধ্বংস হয়; এবং আমরা যারা বেঁচে গিয়েছিলাম, সেরহমলা ভূমিতে ফিরে এসেছি, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের কাছে সেই গল্পটা বর্ণনা করতে।

এবং তবুও, আমি আমাদের পিতৃপুরুষদের ভূমির উত্তরাধিকারী হওয়ার জন্য অতি উৎসাহী হয়ে, ভূমি দখল করতে যেতে ইচ্ছুক অনেক লোকদের একত্রিত করেছিলাম, এবং প্রান্তরে আমাদের যাত্রা শুরু করেছিলাম সেই ভূমিতে যাওয়ার জন্য; কিন্তু আমরা দুর্ভিক্ষ ও যন্ত্রণাদায়ক কষ্টে প্রহৃত হয়েছিলাম; কারণ আমরা ধীর ছিলাম প্রভু আমাদের ঈশ্বরকে স্মরণ করতে।

তথাপি, অনেক দিন প্রান্তরে ঘুরে বেড়ানোর পর আমরা আমাদের পিতৃপুরুষদের ভূমির কাছে যেখানে আমাদের ভাইদের হত্যা করা হয়েছিলো সেখানে আমাদের তাঁবু স্থাপন করেছিলাম।

এবং এটা ঘটলো যে আমি আমার চারজন লোককে নিয়ে আবার শহরে রাজার কাছে গেলাম, যাতে আমি রাজার মনভাব সম্পর্কে জানতে পারি, এবং আমি খোঁজ নিতে পারি যে আমি আমার লোকদের সাথে প্রবেশ করতে পারবো কিনা এবং শান্তিতে ভূমিটা দখল করতে পারবো কিনা।

এবং আমি রাজার কাছে গিয়েছিলাম, এবং সে আমার সাথে চুক্তি করেছিলো যে আমি লেহী-নেফীর ভূমি এবং শীলোমের ভূমি দখল করতে পারবো।

এবং সে আরও আদেশ করেছিলো যে তার লোকরা সেই ভূমি থেকে সরে যাবে, এবং আমি ও আমার লোকেরা সেই ভূমিতে গিয়েছিলাম যাতে আমরা তা দখল করতে পারি।

এবং আমরা ভবন তৈরি করতে শুরু করেছিলাম, এবং শহরের প্রাচীরগুলো মেরামত করতে শুরু করেছিলাম, হ্যাঁ, এমনকি লেহী-নেফী এবং শীলোম শহরের প্রাচীরগুলোও।

এবং, হ্যাঁ, এমনকি সব রকমের বীজ, ভুট্টা, গম, বার্লি, নিয়স, শেয়ূম এবং সব রকমের ফলের বীজ দিয়ে আমরা জমি চাষ করতে শুরু করেছিলাম; এবং আমরা ভূমিতে সংখ্যাবৃদ্ধি এবং সমৃদ্ধি লাভ করা শুরু করেছিলাম।

১০ এখন এটা রাজা লামানের ধূর্ততা এবং প্রতারণা ছিলো, আমার লোকদের দাসত্বে আনার জন্য, সে সেই ভূমি ছেড়ে দিয়েছিলো যাতে আমরা এটা দখল করতে পারি।

১১ অতএব এটা ঘটলো যে, আমরা বারো বছরের সময়কাল ধরে এই ভূমিতে বসবাস করার পর রাজা লামান উদ্বিগ্ন হয়ে উঠতে শুরু করলো, পাছে আমার লোকেরা এই ভূমিতে শক্তিশালী হয়ে উঠতে পারে, এবং যাতে তারা তাদের পরাভূত না করতে পারে, এবং তাদের দাসত্বে না নিয়ে আসে।

১২ এখন তারা অলস এবং মূর্তিপূজারী লোক ছিলো; তাই তারা আমাদেরকে দাসত্বে আনতে চেয়েছিলো, যাতে তারা আমাদের শ্রম দ্বারা বিলাসিতা করতে পারে; হ্যাঁ, যাতে তারা আমাদের মাঠের মেষপালগুলো দিয়ে ভোজন করতে পারে।

১৩ অতএব এটা ঘটলো যে রাজা লামান তার লোকদের উত্তেজিত করতে শুরু করলো যাতে তারা আমার লোকেদের সাথে বিবাদ করে; তাই ‌এই ভূমিতে যুদ্ধ ও বিবাদ শুরু হলো।

১৪ কারণ, শীলোম ভূমির দক্ষিণে নেফীর ভূমিতে আমার রাজত্বের তেরোতম বছরে, যখন আমার লোকেরা তাদের মেষপালকে জল পান করাচ্ছিলো ও চরাচ্ছিলো, এবং তাদের জমি চাষ করছিলো, তখন অনেক লামানীয় সৈন্য এসে তাদের উপর আক্রমণ করেছিলো এবং তাদের হত্যা করতে শুরু করেছিলো, এবং তাদের মেষপাল ও ক্ষেতের শস্য কেড়ে নিয়েছিলো।

১৫ হ্যাঁ, এবং এটা ঘটলো যে যারা ধরা পরেনি তারা পালিয়ে, এমনকি নেফীর শহর পর্যন্ত গেলো, এবং সুরক্ষার জন্য আমাকে অনুরোধ করলো।

১৬ এবং এটা ঘটলো যে আমি তাদের তীর, ধনুক, তরবারি, ছুরি, ডান্ডা, গুলতি, এবং সমস্ত ধরণের অস্ত্র সরবরাহ করেছি যা আমরা আবিষ্কার করতে পেরেছিলাম, এবং আমি ও আমার লোকেরা লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গিয়েছিলাম।

১৭ হ্যাঁ, প্রভুর শক্তিতে আমরা লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গিয়েছিলাম; কারণ আমি ও আমার লোকেরা প্রভুর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেছিলাম যে তিনি আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করবেন, কারণ আমরা আমাদের পিতৃপুরুষদের উদ্ধারের স্মরণে জাগ্রত হয়েছিলাম।

১৮ এবং ঈশ্বর আমাদের আবেদন শুনেছিলেন এবং আমাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন; এবং আমরা তাঁর শক্তির সাথে এগিয়ে গিয়েছিলাম; হ্যাঁ, আমরা লামানীয়দের বিরুদ্ধে গিয়েছিলাম, এবং এক দিন ও এক রাতে আমরা তিন হাজার তেতাল্লিশ জনকে হত্যা করেছিলাম; এমনকি আমরা তাদের আমাদের ভূমি থেকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত আমরা তাদের হত্যা করেছিলাম।

১৯ এবং আমি, নিজে, আমার হাত দিয়ে, তাদের মৃতদের সমাধিস্থ করতে সাহায্য করেছি। এবং দেখো, আমাদের অত্যন্ত দুঃখ ও শোক যে, আমাদের ভাইদের মধ্যে দুইশত ঊনআশি জন নিহত হয়েছিলো।