অধ্যায় ২৬
মণ্ডলীর অনেক সদস্যরা অবিশ্বাসীদের দ্বারা পাপের দিকে পরিচালিত হয়—আলমাকে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়—যারা অনুতাপ করে এবং বাপ্তিস্ম নেয় তারা ক্ষমা লাভ করে—মণ্ডলীর পাপী সদস্যরা যারা অনুতাপ করে এবং আলমা ও প্রভুর কাছে পাপ স্বীকার করে তাদের ক্ষমা করা হবে; অন্যথায়, তাদেরকে মণ্ডলীর লোকেদের মধ্যে গণনা করা হবে না। প্রায় ১২০–১০০ খ্রীষ্টপূর্বাব্দে
১ এখন এটা ঘটলো যে উঠতি প্রজন্মের মধ্যে অনেকে ছিলো যারা রাজা বিন্যামীনের কথা বুঝতে পারেনি, কারণ তারা ছোট শিশু ছিলো যখন তিনি তাঁর লোকদের সাথে কথা বলেছিলেন; এবং তারা তাদের পূর্বপুরুষদের রীতিনীতি বিশ্বাস করেনি।
২ মৃতদের পুনরুত্থান সম্পর্কে যা বলা হয়েছিলো তা তারা বিশ্বাস করেনি, কিংবা খ্রীষ্টের আগমনের বিষয়েও তারা বিশ্বাস করেনি।
৩ এবং এখন তাদের অবিশ্বাসের কারণে তারা ঈশ্বরের বাক্য বুঝতে পারেনি; এবং তাদের হৃদয় কঠোর হয়েছিলো।
৪ এবং তারা বাপ্তিস্ম নিতে চায়নি; কিংবা তারা মণ্ডলীতেও যোগদান করতে চায়নি। এবং তারা তাদের বিশ্বাসের দিক থেকে ভিন্ন জাতি ছিলো, এবং তাদের জাগতিক ও পাপপূর্ণ অবস্থায়ও, তারা সর্বদা একই রয়েছিলো; কারণ তারা তাদের ঈশ্বর প্রভুকে ডাকতো না।
৫ এবং এখন মশিয়াহের রাজত্বকালে তাদের মধ্যে ঈশ্বরের লোক অর্ধেকও ছিলো না; কিন্তু ভাইদের মধ্যে বিরোধের কারণে তারা আরও অসংখ্য হয়েছিলো।
৬ কারণ এটা ঘটলো যে তারা তাদের চাটুকার কথার দ্বারা অনেককে প্রতারিত করেছিলো, যারা মন্ডলীতে ছিলো, এবং তাদের অনেক পাপ করতে বাধ্য করেছিলো; তাই যারা মন্ডলীতে থাকাকালীন পাপ করেছিলো, তাদেরকে মন্ডলীর দ্বারা সতর্ক করা আবশ্যক হয়ে পড়েছিলো।
৭ এবং এটা ঘটলো যে তাদের যাজকদের সামনে নিয়ে আসা হয়েছিলো, এবং শিক্ষকদের দ্বারা যাজকদের হাতে তুলে দেওয়া হয়েছিলো; এবং যাজকরা তাদের আলমার সামনে নিয়ে গিয়েছিলো, যিনি ছিলেন মহাযাজক।
৮ এখন রাজা মশিয়াহ আলমাকে মণ্ডলীর কর্তৃত্ব দিয়েছিলেন।
৯ এবং এটা ঘটলো যে আলমা তাদের সম্পর্কে জানতেন না; কিন্তু তাদের বিরুদ্ধে অনেক সাক্ষী ছিলো; হ্যাঁ, লোকেরা দাঁড়িয়ে প্রচুর পরিমাণে তাদের অন্যায়ের সাক্ষ্য দিয়েছিলো।
১০ এখন মণ্ডলীতে আগে এমন কোনো ঘটনা ঘটেনি; তাই আলমা তাঁর আত্মায় উদ্বিগ্ন ছিলেন, এবং তিনি তাদের রাজার সামনে নিয়ে যেতে আদেশ দিয়েছিলেন।
১১ এবং তিনি রাজাকে বললেন: দেখুন, এখানে অনেক লোককে আমরা আপনার সামনে এনেছি, যারা তাদের ভাইদের দ্বারা অভিযুক্ত হয়েছে; হ্যাঁ, এবং তারা বিভিন্ন অন্যায়ে ধরা পড়েছে। এবং তারা তাদের পাপের জন্য অনুতাপ করে না; তাই আমরা তাদের আপনার সামনে নিয়ে এসেছি, যাতে আপনি তাদের অপরাধ অনুসারে তাদের বিচার করতে পারেন।
১২ কিন্তু রাজা মশিয়াহ আলমাকে বললেন: দেখো, আমি তাদের বিচার করবো না; তাই বিচারের জন্য আমি তাদের তোমার হাতে তুলে দিচ্ছি।
১৩ এবং এখন আলমার আত্মা আবার উদ্বিগ্ন হয়েছিলো; এবং তিনি গিয়ে প্রভুর কাছে জানতে চাইলেন যে এই বিষয়ে তাঁর কি করা উচিত, কারণ তিনি ভীত ছিলেন যে তিনি ঈশ্বরের চোখে ভুল করবেন।
১৪ এবং এটা ঘটলো যে তিনি তাঁর সমস্ত আত্মা ঈশ্বরের কাছে ঢেলে দেওয়ার পরে, প্রভুর কণ্ঠস্বর তাঁর কাছে এসে, বললেন:
১৫ ধন্য তুমি, আলমা, এবং ধন্য তারা যারা মরমনের জলে বাপ্তিস্ম নিয়েছিলো। শুধুমাত্র আমার সেবক অবীনাদির বাক্যে তোমার অত্যাধিক বিশ্বাসের কারণে তুমি ধন্য।
১৬ এবং সেই লোকেরা ধন্য কারণ তারা শুধুমাত্র তোমার বাক্যে অত্যাধিক বিশ্বাস করেছিলো যা তুমি তাদের কাছে বলেছিলে।
১৭ এবং তুমি ধন্য কারণ তুমি এই লোকদের মধ্যে একটা মণ্ডলী প্রতিষ্ঠা করেছো; এবং তারা প্রতিষ্ঠিত হবে, এবং তারা আমার জনগণ হবে।
১৮ হ্যাঁ, ধন্য এই লোকেরা যারা আমার নাম বহন করতে ইচ্ছুক; কারণ তাদের আমার নামে ডাকা হবে; এবং তারা আমার।
১৯ এবং তুমি আমার কাছে এই অপরাধীদের বিষয়ে জিজ্ঞাসা করেছো বলে, তুমি ধন্য।
২০ তুমি আমার সেবক; এবং আমি তোমার সাথে চুক্তি করছি যে তুমি অনন্ত জীবন পাবে; এবং তুমি আমার সেবা করবে ও আমার নামে এগিয়ে যাবে, এবং আমার মেষদের একত্রিত করবে।
২১ এবং যে আমার কন্ঠস্বর শুনবে সে আমার মেষ হবে; এবং তুমি তাকে মন্ডলীতে গ্রহণ করবে এবং আমিও তাকে গ্রহণ করবো।
২২ কারণ দেখো, এটা আমার মণ্ডলী; যারা বাপ্তিস্ম নেবে তাকে অনুতাপের জন্য বাপ্তিস্ম দেওয়া হবে। এবং যাকে তুমি গ্রহণ করবে সে আমার নামে বিশ্বাস করবে; এবং আমি তাকে নির্দ্বিধায় ক্ষমা করবো।
২৩ কারণ আমিই জগতের পাপ নিজের উপর তুলে নিই; কারণ আমিই তাদেরকে সৃষ্টি করেছি; এবং আমিই তাকে আমার ডানদিকে স্থান দান করি যে শেষ পর্যন্ত বিশ্বাস করে।
২৪ কেননা দেখো, আমার নামেই তাদের ডাকা হয়; এবং যদি তারা আমাকে চিনতে পারে তবে তারা এগিয়ে আসবে, এবং আমার ডানদিকে অনন্তকালের জন্য একটা জায়গা পাবে।
২৫ এবং এটা ঘটবে যে যখন দ্বিতীয় তূরীধ্বনি বাজবে তখন যারা আমাকে চিনতো না তারা এগিয়ে আসবে ও আমার সামনে দাঁড়াবে।
২৬ এবং তখন তারা জানবে যে আমিই ঈশ্বর তাদের প্রভু, যে আমিই তাদের মুক্তিদাতা; কিন্তু তারা মুক্তি পাবে না।
২৭ এবং তারপর আমি তাদের কাছে স্বীকার করবো যে আমি তাদের কখনই চিনতাম না; এবং তাদেরকে শয়তান ও তার দূতদের জন্য প্রস্তুত করা অনন্ত আগুনে নিয়ে যাওয়া হবে।
২৮ তাই আমি তোমাদের বলছি, যে আমার কথা শুনবে না, তুমি তাকে আমার মন্ডলীতে গ্রহণ করবে না, কারণ আমি শেষ দিনে তাকে গ্রহণ করবো না।
২৯ তাই আমি তোমাকে বলছি, যাও; এবং যে কেউ আমার বিরুদ্ধে অপরাধ করে, তুমি তাকে তার পাপ অনুসারে বিচার করবে; এবং যদি সে তোমার ও আমার সামনে তার পাপ স্বীকার করে, এবং তার আন্তরিক হৃদয়ে অনুতাপ করে, তাহলে তুমি তাকে ক্ষমা করবে ও আমিও তাকে ক্ষমা করবো।
৩০ হ্যাঁ, এবং যতবার আমার লোকেরা অনুতাপ করবে ততবার আমি তাদের আমার বিরুদ্ধে অপরাধের জন্য ক্ষমা করবো।
৩১ এবং তোমরাও একে অপরের অপরাধ ক্ষমা করবে; কারণ আমি তোমাদের সত্যি বলছি, যে ব্যক্তি তার প্রতিবেশীর অনুতাপের পরেও তার অপরাধ ক্ষমা করে না, সে নিজেকেই দোষী সাব্যস্ত করে।
৩২ এখন আমি তোমাকে বলছি, যাও; এবং যে তার পাপের জন্য অনুতাপ করবে না তাকে আমার জনগণের মধ্যে গণনা করা হবে না; এবং এটা এখন থেকে পালন করা হবে।
৩৩ এবং এটা ঘটলো যখন আলমা এই বাক্যগুলো শুনেছিলেন তিনি সেগুলো লিখে রেখেছিলেন যাতে তিনি সেগুলো রাখতে পারেন, এবং ঈশ্বরের আজ্ঞা অনুসারে সেই মণ্ডলীর লোকদের বিচার করতে পারেন।
৩৪ এবং এটা ঘটলো যে আলমা গিয়েছিলেন এবং প্রভুর বাক্য অনুসারে, যাদের অন্যায়ে ধরা হয়েছিলো তাদের বিচার করেছিলেন।
৩৫ এবং যারা তাদের পাপের জন্য অনুতাপ করেছিলো এবং সেগুলো স্বীকার করেছে, তিনি তাদের মণ্ডলীর লোকদের মধ্যে গণনা করেছেন;
৩৬ এবং যারা তাদের পাপ স্বীকার করেনি ও তাদের পাপের জন্য অনুতাপ করেনি, তাদের মণ্ডলীর লোকদের মধ্যে গণনা করা হয়নি, এবং তাদের নাম মুছে ফেলা হয়েছিলো।
৩৭ এবং এটা ঘটলো যে আলমা মণ্ডলীর সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতেন; এবং তারা আবার শান্তি পেতে শুরু করলো এবং মণ্ডলীর কাজে অত্যন্ত উন্নতি করতে শুরু করলো, ঈশ্বরের সামনে সতর্কতার সাথে চলে, অনেককে গ্রহণ করে, এবং অনেককে বাপ্তিস্ম দান করে।
৩৮ এবং এখন এই সমস্ত কাজগুলো আলমা এবং তাঁর সহকর্মীরা করেছিলেন যারা মণ্ডলীর ক্ষমতায় ছিলো, সমস্ত অধ্যবসায়ের সাথে চলাফেরা করতো, সমস্ত বিষয়ে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতো, সমস্ত রকমের কষ্ট সহ্য করেছিলো, যারা ঈশ্বরের মণ্ডলীর অন্তর্ভুক্ত ছিলো না তাদের দ্বারা তাড়িত হয়েছিলো।
৩৯ এবং তারা তাদের ভাইদের সতর্ক করেছিলো; এবং তাদেরকেও, প্রত্যেককে তাদের পাপ, বা তাদের কৃত পাপ অনুসারে, প্রভুর বাক্য দ্বারা সতর্ক করা হয়েছিলো, এবং অবিরাম প্রার্থনা করতে, এবং প্রতিটা বিষয়ের জন্য ধন্যবাদ জানাতে ঈশ্বরের দ্বারা আদেশ দেওয়া হয়েছিলো।