ধর্মশাস্ত্র
মশিয়াহ ১


মশিয়াহের পুস্তক

অধ্যায় ১

রাজা বিন্যামীন তাঁর পুত্রদের তাদের পূর্বপুরুষদের ভাষা এবং ভবিষ্যদ্বাণী শেখান—তাদের ধর্ম এবং সভ্যতা সংরক্ষিত রয়েছে সেই নথিগুলোর কারণে যা লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন ফলকে—মশিয়াহকে রাজা হিসেবে মনোনীত করা হয় এবং তাঁর তত্ত্বাবধানে নথি এবং অন্যান্য জিনিস দেওয়া হয়। প্রায় ১৩০–১২৪ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন সেরহমলার সমস্ত ভূমিতে রাজা বিন্যামীনের সমস্ত লোকদের মধ্যে আর কোনো বিবাদ ছিলো না, সেই জন্য রাজা বিন্যামীনের স্থায়ী শান্তি ছিলো তাঁর বাকি সমস্ত দিন।

এবং এটা ঘটলো যে তাঁর তিন পুত্র ছিলো; এবং তিনি তাদের মশিয়াহ, ও হেলোরাম, ও হেলামান নামে ডাকতেন। এবং তিনি নির্দেশ দিলেন যে তাদের তাঁর পূর্বপুরুষদের সমস্ত ভাষায় শিক্ষা দেওয়া হোক, যাতে তারা বোধসম্পন্ন ব্যক্তি হতে পারে; এবং যাতে তারা সেই ভবিষ্যদ্বাণী সম্বন্ধে জানতে পারে যা তাদের পূর্বপুরুষদের দ্বারা বলা হয়েছিলো, যা প্রভুর হাত দ্বারা তাদের কাছে দেওয়া হয়েছিলো।

এবং পিতলের ফলকে খোদাই করা নথিগুলোর বিষয়েও তিনি তাদের শিক্ষা দিয়েছিলেন, বলেছিলেন: আমার পুত্ররা, আমি চাই যে তোমরা মনে রাখো যদি এই ফলকগুলো না থাকতো, যেগুলোতে এই নথিগুলো এবং এই আজ্ঞাগুলো রয়েছে, তবে আমরা অবশ্যই অজ্ঞতায় কষ্টভোগ করতাম, এমনকি এই বর্তমান সময়েও, ঈশ্বরের রহস্য না জানতে পেরে।

কারণ এই ফলকগুলোর সাহায্য ছাড়া আমাদের পিতা, লেহীর, এই সমস্ত কিছু মনে রাখা, সেগুলো তাঁর সন্তানদের শেখানো, এগুলো সম্ভব হতো না; কারণ তাঁকে মিশরীয়দের ভাষা শেখানো হয়েছে তাই তিনি এই খোদাই করা কাজগুলো পড়তে পারতেন, এবং তাঁর সন্তানদের শেখাতে পারতেন, যার ফলে তারা সেগুলো তাদের সন্তানদের শেখাতে পারে, এবং এইভাবে ঈশ্বরের আজ্ঞাগুলো পূরণ হয়েছে, এমনকি বর্তমান সময়েও।

আমি তোমাদের বলছি, আমার পুত্ররা, যদি এই জিনিসগুলো না থাকতো, যা ঈশ্বরের হাতের দ্বারা সংরক্ষিত হয়েছিলো, যাতে আমরা তাঁর রহস্যগুলো পড়তে এবং বুঝতে পারি, এবং তাঁর আজ্ঞাগুলো সর্বদা আমাদের চোখের সামনে থাকে, এমনকি আমাদের পূর্বপুরুষরাও অবিশ্বাসে হ্রাস পেতো, এবং আমরা আমাদের ভাই, লামানীয়দের মতো হতাম, যারা এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানে না, এবং এমনকি তারা এগুলো বিশ্বাস করে না যখন তাদের সেগুলো শেখানো হয়, তাদের পিতৃপুরুষদের রীতিনীতির কারণে, যা সঠিক নয়।

হে আমার পুত্ররা, আমি চাই যে তোমরা মনে রাখো যে এই কথাগুলো সত্য, এবং এই নথিগুলোও সত্য। এবং দেখো, নেফীর ফলকগুলোও, যেগুলো আমাদের পূর্বপুরুষদের নথি এবং লিখিত বক্তব্য বহন করে তাঁরা যিরূশালেম ত্যাগ করার সময় থেকে এখন পর্যন্ত, এবং সেগুলো সত্য; এবং আমরা সেগুলো সম্পর্কে নিশ্চিত কারণ আমাদের চোখের সামনে সেগুলো রয়েছে।

এবং এখন, আমার পুত্ররা, আমি চাই যে তোমরা সেগুলোকে অধ্যবসায় সহকারে অনুসন্ধান করার কথা মনে রাখো, যার ফলে তোমরা লাভবান হতে পারো; এবং আমি চাই তোমরা ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করো, যাতে তোমরা ভূমিতে সমৃদ্ধি লাভ করতে পারো সেই প্রতিশ্রুতি অনুসারে যা প্রভু আমাদের পূর্বপুরুষদের কাছে করেছিলেন।

এবং আরও অনেক কিছু রাজা বিন্যামীন তাঁর পুত্রদের শিখিয়েছিলেন, যা এই পুস্তকে লেখা নেই।

এবং এটা ঘটলো যে রাজা বিন্যামীন তাঁর পুত্রদের শিক্ষা দেওয়া শেষ করার পরে, তিনি বৃদ্ধ হলেন, এবং তিনি বুঝতে পারলেন যে তাঁকে খুব শীঘ্রই সমস্ত পৃথিবীর পথ থেকে চলে যেতে হবে; তাই, তিনি এটা উপযুক্ত মনে করলেন যে তিনি তাঁর পুত্রদের মধ্যে একজনের কাছে রাজ্য প্রদান করবেন।

১০ তাই, তিনি মশিয়াহকে তাঁর সামনে আনালেন; এবং এই কথাগুলো যা তিনি তাকে বলেছিলেন, বললেন: আমার পুত্র, আমি চাই যে তুমি একটা ঘোষণা করো এই ভূমির সমস্ত জনগণের মধ্যে, বা সেরহমলার মানুষদের, এবং মশিয়াহের লোকদের মধ্যে যারা এই ভূমিতে বসবাস করে, যার ফলে তারা একসাথে জড়ো হয়; কারণ আগামীকাল আমি এই আমার জনগণের কাছে ঘোষণা করবো আমার নিজের মুখে যে তুমি একজন রাজা এবং এই জনগণের উপরে একজন শাসক, যাকে প্রভু আমাদের ঈশ্বর আমাদেরকে দিয়েছেন।

১১ এবং আরও, আমি এই মানুষদের একটা নাম দেবো, যাতে তাদেরকে পৃথক করা যায় এমন সমস্ত মানুষদের থেকে যাদের প্রভু ঈশ্বর যিরূশালেমের ভূমি থেকে বের করে এনেছেন; এবং আমি এটা করছি কারণ তারা প্রভুর আদেশ পালন করতে অধ্যবসায়ী ছিলো।

১২ এবং আমি তাদেরকে এমন একটা নাম দেবো যা অপরাধের কারণ ছাড়া কখনও মুছে যাবে না।

১৩ হ্যাঁ, এবং আরও আমি তোমাকে বলছি, যদি প্রভুর এই অত্যন্ত অনুগ্রহপ্রাপ্ত মানুষেরা পাপে পতিত হয়, এবং একটা দুষ্ট ও ব্যভিচারী জাতি হয়ে ওঠে, যার ফলে প্রভু তাদেরকে তুলে দেবেন, যাতে তারা তাদের ভাইদের মতো দুর্বল হয়ে পড়ে; এবং তিনি তাঁর অতুলনীয় এবং বিস্ময়কর ক্ষমতা দ্বারা তাদের আর রক্ষা করবেন না, যেমন তিনি এই পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছেন।

১৪ কারণ আমি তোমাকে বলছি, তিনি যদি আমাদের পিতৃপুরুষদের রক্ষা করতে তাঁর হাত বাড়িয়ে না দিতেন তাহলে তাঁরা অবশ্যই লামানীয়দের হাতে পড়ে যেতেন, এবং তাদের ঘৃণার শিকার হতেন।

১৫ এবং এটা ঘটলো যে রাজা বিন্যামীন তাঁর পুত্রকে এই কথাগুলো বলা শেষ করার পর, তিনি তাঁকে রাজ্যের সমস্ত বিষয়ের দায়িত্ব দিয়েছিলেন।

১৬ এবং আরও, তিনি ‌‌তাঁকে দায়িত্ব দিয়েছিলেন নথিগুলোর বিষয়েও যেগুলো পিতলের ফলকে খোদাই করা ছিলো; এবং নেফীর ফলকগুলোও; এবং আরও, লাবানের তরবারি, এবং সেই গোলক বা নির্দেশক, যা আমাদের পূর্বপুরুষদের প্রান্তরের মধ্যে দিয়ে চালিত করেছিলো, যা প্রভুর হাত দ্বারা প্রস্তুত করা হয়েছিলো যাতে তাঁরা চালিত হতে পারেন, তাঁদের মনোযোগ ও অধ্যবসায় অনুসারে যা তাঁরা তাঁর প্রতি দিয়েছিলেন।

১৭ অতএব, তাঁরা অবিশ্বস্ত বলে তাঁরা তাঁদের যাত্রায় উন্নতি বা অগ্রগতি করেননি, বরং পিছিয়ে গিয়েছিলেন, এবং তাঁদের উপর ঈশ্বরের অসন্তুষ্টি আবদ্ধ হয়েছিলো; এবং সেইজন্য তাঁরা দুর্ভিক্ষ ও যন্ত্রণাদায়ক কষ্টের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তাঁদের কর্তব্য স্মরণে তাঁদেরকে উত্তেজিত করার জন্য।

১৮ এবং এখন, এটা ঘটলো যে মশিয়াহ গেলেন এবং তাঁর পিতার আদেশ অনুসারে কাজ করেছিলেন, এবং সেরহমলা ভূমির সমস্ত লোকদের কাছে ঘোষণা করেছিলেন যাতে তারা নিজেদেরকে একসাথে একত্রিত করে, উপরে ধর্মধামে যেতে পারে সেই বাক্যগুলো শোনার জন্য যা তাঁর পিতা তাদেরকে বলবেন।