অধ্যায় ১২
জনগণের ধ্বংস এবং রাজা নোহের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করার জন্য অবীনাদিকে কারারুদ্ধ করা হয়—ভন্ড যাজকরা ধর্মশাস্ত্র উদ্ধৃত করে এবং মোশির আইন মেনে চলার ভান করে—অবীনাদি তাদের দশটা আজ্ঞা শেখাতে শুরু করেন। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এটা ঘটলো যে দুই বছরের সময়কাল পরে অবীনাদি ছদ্মবেশে তাদের মধ্যে এসেছিলেন, যাতে তারা তাঁকে চিনতে না পারে, এবং তাদের মধ্যে ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছিলেন, এই বলে: প্রভু আমাকে এইভাবে আদেশ করেছেন, বলেছেন—অবীনাদি, যাও এবং আমার লোকেদের কাছে ভবিষ্যদ্বাণী করো, কারণ তারা আমার কথার বিরুদ্ধে তাদের হৃদয় কঠোর করেছে; তারা তাদের মন্দ কাজের জন্য অনুতাপ করেনি; তাই, আমি আমার ক্রোধে তাদের বিরুদ্ধে আসবো, হ্যাঁ, আমার প্রচণ্ড ক্রোধে আমি তাদের অন্যায় ও জঘন্য কাজের জন্য তাদের বিরুদ্ধে যাবো।
২ হ্যাঁ, ধিক এই প্রজন্মকে! এবং প্রভু আমাকে বললেন: তোমার হাত প্রসারিত করো এবং ভবিষ্যদ্বাণী করো, এই বলে: প্রভু এই কথা বলেন, এটা ঘটবে যে এই প্রজন্মকে দাসত্বে আনা হবে, তাদের পাপের কারণে, এবং তাদের গালে আঘাত করা হবে; হ্যাঁ, এবং মানুষ দ্বারা চালিত হবে, এবং নিহত হবে; এবং শকুনরা আকাশ থেকে, এবং কুকুররা, এবং বন্য জন্তুরা, তাদের মাংস খেয়ে ফেলবে।
৩ এবং এটা ঘটবে যে রাজা নোহের জীবন একটা উত্তপ্ত চুল্লিতে একটা পোশাকের তুল্য হবে; কারণ সে জানবে যে আমিই প্রভু।
৪ এবং এটা ঘটবে যে আমি আমার এই লোকদেরকে বেদনাদায়ক কষ্ট, হ্যাঁ, দুর্ভিক্ষ ও মহামারীর দ্বারা আঘাত করবো; এবং আমি তাদেরকে সারাদিন ধরে আর্তনাদ করতে বাধ্য করবো।
৫ হ্যাঁ, এবং আমি তাদের পিঠে বোঝা চাপিয়ে দেওয়ার নির্দেশ দেবো; এবং বোবা গাধার মতো তাদেরকে সামনে তাড়িত করা হবে।
৬ এবং এটা ঘটবে যে আমি তাদের মধ্যে শিলাবৃষ্টি পাঠাবো, এবং সেগুলো তাদের আঘাত করবে; এবং উষ্ণ বায়ু দ্বারা তাদের আঘাত করা হবে; এবং পোকামাকড় তাদের জমিতে উৎপাত করবে এবং তাদের শস্য গ্রাস করবে।
৭ এবং তাদের একটা বড়ো মহামারী দ্বারা আঘাত করা হবে—এবং আমি তাদের অন্যায় এবং জঘন্যতার জন্য এইসব করবো।
৮ এবং এটা ঘটবে যে যদি তারা অনুতাপ না করে আমি তাদের ভূমণ্ডল থেকে সম্পূর্ণরূপে ধ্বংস করবো; তবুও তারা তাদের পিছনে একটা নথি রেখে যাবে, এবং অন্যান্য জাতি যারা ওই ভূমি অধিকার করবে তাদের জন্য আমি সেগুলো সংরক্ষণ করে রাখবো; হ্যাঁ, আমি এটা করবো যাতে অন্য জাতি এই লোকদের জঘন্যতাগুলো জানতে পারে। এবং অবীনাদি এই লোকদের বিরুদ্ধে অনেক কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন।
৯ এবং এটা ঘটলো যে তারা তাঁর উপর রেগে গেলো; তারা তাঁকে ধরে রাজার সামনে বেঁধে নিয়ে গেলো এবং রাজাকে বললো: দেখুন, আমরা এমন একজনকে আপনার সামনে এনেছি যে আপনার লোকদের বিষয়ে মন্দ ভবিষ্যদ্বাণী করেছে, এবং বলেছে যে ঈশ্বর তাদের ধ্বংস করবেন।
১০ এবং সে আপনার জীবন সম্পর্কে মন্দ ভবিষ্যদ্বাণী করেছে, এবং বলে যে আপনার জীবন আগুনের চুল্লিতে একটা পোশাকের মতো হবে।
১১ এবং আবার, সে বলেছে যে আপনি একটা গাছের ডালের মতো, এমনকি মাঠের একটা শুকনো ডাল, যেটার উপর দিয়ে পশুরা ছুটে যায় এবং পদদলিত হয়।
১২ এবং আবার, সে বলেছে আপনি একটা কাঁটাগাছের ফুলের মতো হবেন, যা পরিপক্ক হয়ে গেলে, যখন হাওয়া বয়ে, তা ভূমণ্ডল থেকে উড়ে চলে যায়। এবং সে ভান করে যে প্রভু তা বলেছেন। এবং সে বলেছে, আপনি অনুতাপ না করলে এই সব আপনার উপর আসবে, এবং এটা আপনার অন্যায়ের কারণে হবে।
১৩ এবং এখন, হে মহারাজ, আপনি কি মহা মন্দ কাজ করেছেন, বা আপনার লোকরা কি মহা পাপ করেছে, যাতে আমরা ঈশ্বরের কাছে দোষী সাব্যস্ত হবো বা এই লোকটার দ্বারা বিচারিত হবো?
১৪ এবং এখন, হে মহারাজ, দেখুন, আমরা নির্দোষ, এবং হে মহারাজ, আপনি পাপ করেননি; তাই, এই লোকটা আপনার সম্পর্কে মিথ্যা বলেছে এবং সে নিরর্থক ভবিষ্যদ্বাণী করেছে।
১৫ এবং দেখুন, আমরা শক্তিশালী, আমরা দাসত্বে আসবো না বা আমাদের শত্রুদের দ্বারা বন্দী হবো না; হ্যাঁ, এবং আপনি ভূমিতে সমৃদ্ধি লাভ করেছেন, এবং আপনি আরও সমৃদ্ধি লাভ করবেন।
১৬ দেখুন, এই সেই লোক, আমরা তাকে আপনার হাতে তুলে দিলাম; আপনি তার সাথে যা উপযুক্ত মনে করবেন তাই করতে পারেন।
১৭ এবং এটা ঘটলো যে রাজা নোহ অবীনাদিকে কারাগারে নিক্ষেপ করলো; এবং সে আদেশ দিলো যে যাজকদের একত্রিত হওয়ার জন্য যাতে সে তাদের সাথে একটা সভায় আলোচনা করতে পারে যে সে তার সাথে কি করবে।
১৮ এবং এটা ঘটলো যে তারা রাজাকে বললো: তাকে এখানে নিয়ে আসুন যাতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারি; এবং রাজা আদেশ দিলো যে তাঁকে তাদের সামনে নিয়ে আসা হোক।
১৯ এবং তারা তাঁকে প্রশ্ন করতে শুরু করলো, যাতে তারা তাঁর নিজের কথাগুলোকে অস্বীকার করাতে পারে, যার দ্বারা তারা তাঁকে দোষারোপ করতে পারে; কিন্তু তিনি তাদের সাহসিকতার সাথে উত্তর দিয়েছিলেন, এবং তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, তাদের অবাক করে দিয়েছিলেন; কারণ তিনি তাদের সমস্ত প্রশ্নে যুক্তি দিয়েছিলেন, এবং তাদের সমস্ত কথায় তাদেরকে বিভ্রান্ত করেছিলেন।
২০ এবং এটা ঘটলো যে তাদের মধ্যে একজন তাঁকে বললো: যে বাক্যগুলো লেখা হয়েছে, এবং যা আমাদের পূর্বপুরুষদের দ্বারা শেখানো হয়েছে তার অর্থ কী, এই বলে:
২১ পর্বতমালার উপরে কতোই না সুন্দর তাঁর পা যিনি আনন্দের সংবাদ নিয়ে আসেন; যিনি শান্তি ঘোষণা করেন; কল্যাণের আনন্দের সংবাদ নিয়ে আসেন; পরিত্রাণ ঘোষণা করেন; সিয়োনকে বলেন, তোমার ঈশ্বর রাজত্ব করছেন;
২২ তোমাদের প্রহরীরা উচ্চধ্বনিতে গাইবে; তারা এক কণ্ঠে গান গাইবে; কারণ প্রভু যখন সিয়োনকে আবার ফিরিয়ে আনবেন, তখন তারা সেটা প্রত্যক্ষ দেখবে;
২৩ আনন্দে মেতে ওঠো; হে যিরূশালেমের উৎসন্ন স্থানগুলো একসাথে গান করো; কেননা প্রভু নিজের লোকেদের সান্ত্বনা দিয়েছেন, তিনি যিরূশালেমকে মুক্ত করেছেন;
২৪ প্রভু সমস্ত জাতির দৃষ্টিতে তাঁর পবিত্র বাহু প্রকাশ করেছেন, এবং পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে?
২৫ এবং এখন অবীনাদি তাদের বললেন: তোমরা কি যাজক, এবং এই জনগণকে শেখানোর ভান করছো, ও ভবিষ্যদ্বাণীর আত্মা বোঝানোর চেষ্টা করছো, এবং তবুও আমার কাছে জানতে চাও এসবের অর্থ কী?
২৬ আমি তোমাদের বলছি, ধিক তোমাদেরকে প্রভুর পথগুলোকে বিকৃত করার জন্য! কারণ তোমরা যদি এই বিষয়গুলো বুঝতে পারতে তবে তোমরা সেগুলো শিক্ষা দিতে পারতে না; তাই, তোমরা প্রভুর পথকে বিকৃত করেছো।
২৭ তোমরা তোমাদের হৃদয় বোধগম্যতায় প্রয়োগ করোনি; তাই তোমরা জ্ঞানী হওনি। অতএব, তোমরা এই লোকদের কি শিক্ষা দাও?
২৮ এবং তারা বললো: আমরা মোশির আইনের শিক্ষা দিই।
২৯ এবং তিনি আবার তাদের বললেন: তোমরা যদি মোশির আইনের শিক্ষা দাও তবে কেনো তা পালন করছো না? কেনো তোমরা ধন-সম্পদের উপর নিজেদের হৃদয়কে স্থাপন করেছো? কেনো তোমরা ব্যভিচার করছো এবং পতিতাদের সঙ্গে তোমার শক্তি ব্যয় করছো, হ্যাঁ, এবং এই জনগণকে পাপ করতে বাধ্য করছো, যার জন্য প্রভু আমাকে এই লোকদের বিরুদ্ধে, হ্যাঁ, এমনকি এই জনগণের বিরুদ্ধে এক বিশাল মন্দ ভবিষ্যদ্বাণী করার জন্য পাঠিয়েছেন?
৩০ তোমরা কি জানো না যে আমি সত্যি বলছি? হ্যাঁ, তোমরা জানো যে আমি সত্যি বলছি; এবং তোমাদের ঈশ্বরের সামনে কাঁপতে হবেই।
৩১ এবং এটা ঘটবে যে তোমরা তোমাদের পাপের জন্য আঘাত পাবে, কারণ তোমরা বলেছিলে যে তোমরা মোশির আইন শেখাও। এবং মোশির আইন সম্পর্কে তোমরা কি জানো? মোশির আইন দ্বারা কি পরিত্রাণ আসে? তোমরা কি বলো?
৩২ এবং তারা উত্তর দিলো ও বললো যে মোশির আইন দ্বারা পরিত্রাণ এসেছে।
৩৩ কিন্তু এখন অবীনাদি তাদের বললেন: আমি জানি যদি তোমরা ঈশ্বরের আজ্ঞা পালন করো তবে তোমরা রক্ষা পাবে; হ্যাঁ, সীনয়ের পর্বতে প্রভু মোশিকে যে আজ্ঞাগুলো দিয়েছিলেন তা যদি তোমরা পালন করো, এই বলেছিলেন:
৩৪ আমিই প্রভু তোমার ঈশ্বর, যিনি তোমাকে মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে বের করে এনেছি।
৩৫ আমি ছাড়া তোমার আর কোনো ঈশ্বর থাকবে না।
৩৬ তুমি তোমার জন্য কোনো খোদাই করা মূর্তি, বা উপরে স্বর্গের, বা নীচে পৃথিবীর কোনো জিনিসের প্রতিরূপ তৈরী করবে না।
৩৭ এখন অবীনাদি তাদের বললেন, তোমরা কি এইসব কিছু করেছো? আমি তোমাদের বলছি, না, তোমরা করোনি। এবং তোমরা কি এই লোকেদের শিখিয়েছো যে তাদের এই সমস্ত কাজ করা উচিত? আমি তোমাদের বলছি, না, তোমরা করোনি।