অধ্যায় ১৫
কিভাবে খ্রীষ্ট উভয় পিতা এবং পুত্র—তিনি অনুরোধ করবেন এবং তাঁর লোকেদের অপরাধ বহন করবেন—তারা এবং সমস্ত পবিত্র ভাববাদীরা তাঁর বংশধর—তিনি পুনরুত্থান ঘটান—ছোটো শিশুরা অনন্ত জীবন পায়। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন অবীনাদি তাদের বললেন: আমি চাই যে তোমরা বুঝতে পারো যে ঈশ্বর নিজেই মনুষ্য সন্তানদের মধ্যে নেমে আসবেন, এবং তাঁর লোকদের মুক্ত করবেন।
২ এবং যেহেতু তিনি নশ্বর দেহে বাস করবেন তাঁকে ঈশ্বরের পুত্র বলা হবে, এবং পিতার ইচ্ছার অধীনে তাঁর দেহ থাকায়, তিনি হলেন পিতা ও পুত্র—
৩ তিনি পিতা, কারণ তাঁকে ঈশ্বরের ক্ষমতা দ্বারা গর্ভে ধারণ করা হয়েছিলো; এবং পুত্র, নশ্বর দেহের কারণে; এইভাবে পিতা ও পুত্র হয়েছেন—
৪ এবং তাঁরা এক ঈশ্বর, হ্যাঁ, স্বর্গ ও পৃথিবীর প্রকৃত অনন্ত পিতা।
৫ এবং যেহেতু দেহ আত্মার অধীনে হয়, বা পুত্র পিতার অধীনে, এক ঈশ্বর হয়ে, প্রলোভন সহ্য করেন, এবং প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেন না, বরং তাঁর লোকেদের দ্বারা নিজে উপহাস, আঘাত, এবং বিতাড়িত হওয়া, এবং অস্বীকার সহ্য করেন।
৬ এবং এই সমস্ত কিছুর পরে, মনুষ্য সন্তানদের মধ্যে অনেক শক্তিশালী আশ্চর্যকাজ করার পরে, তাঁকে পরিচালনা করা হবে, হ্যাঁ, যেমন যিশাইয় বলেছিলেন, যেমন একটা মেষ লোমচ্ছেদকদের সামনে নীরব থাকে, সেইরূপ তিনি তাঁর মুখ খোলেননি।
৭ হ্যাঁ, সেইভাবে তাঁকে টেনে নিয়ে যাওয়া হবে, ক্রুশবিদ্ধ এবং হত্যা করা হবে, এমনকি দেহ মৃত্যুর অধীন হবে, পুত্রের ইচ্ছা পিতার ইচ্ছার কাছে পরাভূত হবে।
৮ এবং এইভাবে ঈশ্বর মৃত্যুর বাঁধন ভেঙে, মৃত্যুকে জয় করেন; পুত্রকে মনুষ্য সন্তানদের জন্য অনুরোধ করার ক্ষমতা দান করেন—
৯ তিনি স্বর্গে আরোহণ করেছেন, তাঁর করুণার হৃদয় রয়েছে; যা মনুষ্য সন্তানদের প্রতি সহানুভূতিতে পূর্ণ; তাদের এবং ন্যায়বিচারের মধ্যে দাঁড়ানো; মৃত্যুর বাঁধন ভেঙ্গে, তাদের অন্যায় ও অপরাধগুলো নিজের উপর নিয়ে, তাদের মুক্তি দিয়েছিলেন, এবং ন্যায়বিচারের দাবিগুলো পূরণ করেছিলেন।
১০ এবং এখন আমি তোমাদের বলছি, কে তাঁর প্রজন্মের কাছে ঘোষণা করবে? দেখো, আমি তোমাদের বলছি, যখন তাঁর আত্মাকে পাপের জন্য উৎসর্গ করা হবে তখন তিনি তাঁর বংশধরদের দেখতে পাবেন। এবং এখন তোমরা কি বলো? এবং তাঁর বংশধর কে হবে?
১১ দেখো আমি তোমাদের বলছি, যারা ভাববাদীদের কথা শুনেছে, হ্যাঁ, সমস্ত পবিত্র ভাববাদীরা যারা প্রভুর আগমন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছেন—আমি তোমাদের বলছি, যারা সবাই তাদের কথা শুনেছে, এবং বিশ্বাস করেছে যে প্রভু তাঁর লোকদের মুক্ত করবেন, এবং তাদের পাপের ক্ষমার জন্য সেই দিনের অপেক্ষায় রয়েছে, আমি তোমাদের বলছি, এরাই তাঁর বংশধর, অথবা তারা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী।
১২ কারণ এরাই তারা যাদের পাপ তিনি বহন করেছেন; এরাই তারা যাদের অপরাধ থেকে মুক্ত করার জন্য, তিনি মারা গেছেন। এবং এখন, তারা কি তাঁর বংশধর নয়?
১৩ হ্যাঁ, এবং ভাববাদীরাও কি তাঁর বংশধর নয়, যারা প্রত্যেকেই ভবিষ্যদ্বাণী করার জন্য মুখ খুলেছেন, তারা অপরাধে পড়েননি, পৃথিবী সৃষ্টি শুরুর থেকে সেই সমস্ত পবিত্র ভাববাদীদের কথা আমি বলছি? আমি তোমাদের বলছি যে তারাই তাঁর বংশধর।
১৪ এবং এরাই তারা যারা শান্তি ঘোষণা করেছেন, যারা আনন্দের সুসংবাদ এনেছেন, যারা পরিত্রাণ ঘোষণা করেছেন; এবং সিয়োনকে বলেছেন: তোমাদের ঈশ্বর রাজত্ব করছেন!
১৫ এবং ওহে পর্বতমালার উপরে তাদের পাগুলো কতোই না সুন্দর ছিলো!
১৬ এবং আবারও, পর্বতমালার উপরে তাদের পা কতোই না সুন্দর যারা এখনও শান্তি ঘোষণা করছেন!
১৭ এবং আবারও, পর্বতমালার উপরে তাদের পাগুলো কতোই না সুন্দর যারা পরবর্তীকালে শান্তি ঘোষণা করবেন, হ্যাঁ, এই সময় থেকে এবং চিরকাল!
১৮ এবং দেখো, আমি তোমাদের বলছি, এটাই সব নয়। কারণ ওহে পর্বতমালার উপরে কতোই না সুন্দর তাঁর পা যিনি আনন্দের সংবাদ নিয়ে আসেন, তিনি শান্তির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, এমনকি সেই প্রভু, যিনি তাঁর লোকদের মুক্তি দিয়েছেন; হ্যাঁ, যিনি তাঁর লোকদের পরিত্রাণ দিয়েছেন;
১৯ কারণ যদি এটা মুক্তির জন্য না হতো, যা তিনি তাঁর লোকেদের জন্য তৈরী করেছেন, যা জগতের গঠনকাল থেকে প্রস্তুত করা হয়েছিলো, আমি তোমাদের বলছি, এটা না হলে, সমস্ত মানবজাতি অবশ্যই ধ্বংস হয়ে যেতো।
২০ কিন্তু দেখো, মৃত্যুর বাঁধন ভেঙ্গে যাবে, এবং পুত্র রাজত্ব করবেন, এবং মৃতদের উপরে তাঁর ক্ষমতা রয়েছে; তাই, তিনি মৃতদের পুনরুত্থান ঘটান।
২১ এবং সেখানে একটা পুনরুত্থান আসবে, এমনকি একটা প্রথম পুনরুত্থান; হ্যাঁ, এমনকি খ্রীষ্টের পুনরুত্থান পর্যন্ত বিশেষভাবে যারা ছিলো, যারা আছে এবং যারা থাকবে, তাদেরও পুনরুত্থান হবে—কারণ তাঁকে খ্রীষ্ট বলেই ডাকা হবে।
২২ এবং এখন, সমস্ত ভাববাদীদের পুনরুত্থান, এবং যারা তাদের কথায় বিশ্বাস করেছে, বা যারা ঈশ্বরের আদেশ পালন করেছে, তাদের সকলকে প্রথম পুনরুত্থানে উত্থিত করা হবে; অতএব, তারাই প্রথম পুনরুত্থিত।
২৩ তাদের উত্থিত করা হয়েছে ঈশ্বরের সাথে বাস করার জন্য যিনি তাদের মুক্তি দিয়েছেন; এইভাবে তারা খ্রীষ্টের মাধ্যমে অনন্ত জীবন পেয়েছে, যিনি মৃত্যুর বাঁধন ভেঙে দিয়েছেন।
২৪ এবং এরাই তারা যাদের প্রথম পুনরুত্থানে অংশ আছে; এবং এরাই তারা যারা খ্রীষ্টের আগমনের আগে তাদের অজ্ঞতায় মারা গেছে, তাদের কাছে পরিত্রাণ ঘোষণা করা হয়নি। এবং এইভাবে প্রভু তাদের পুনঃপ্রতিষ্ঠা করেন; এবং তাদের প্রথম পুনরুত্থানে একটা অংশ আছে, বা প্রভুর দ্বারা মুক্ত হওয়াতে, অনন্ত জীবন পাবে।
২৫ এবং ছোটো শিশুদেরও অনন্ত জীবন আছে।
২৬ কিন্তু দেখো, ভয় করো এবং ঈশ্বরের সামনে কাঁপতে থাকো, কারণ তোমাদের কাঁপতে হবে; কারণ যারা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে প্রভু তাদের কাউকে মুক্তি দেন না এবং তারা পাপে মারা যায়; হ্যাঁ, এমনকি যারা পৃথিবী শুরু হওয়ার পর থেকে তাদের পাপে ধ্বংস হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যারা ঈশ্বরের আদেশগুলো জানতো, এবং সেগুলো পালন করেনি; এরাই তারা যাদের প্রথম পুনরুত্থানে কোনো অংশ নেই।
২৭ তাই তোমাদের কি কাঁপতে হবে না? কারণ পরিত্রাণ এমন কারো কাছে আসে না; কারণ প্রভু এইরকম কাউকেই মুক্ত করেননি; হ্যাঁ, প্রভুও এইরকম কাউকে মুক্ত করতে পারেন না; কারণ তিনি তাঁর নিজের বিপরীতে যেতে পারেন না; কারণ তিনি ন্যায়বিচার অস্বীকার করতে পারেন না যখন এটারই এটার উপর দাবি আছে।
২৮ এবং এখন আমি তোমাদের বলছি যে সেই সময় আসবে যখন প্রতিটা জাতিসমূহ, সম্প্রদায়, ভাষার, এবং জনগণের কাছে প্রভুর পরিত্রাণ ঘোষণা করা হবে।
২৯ হ্যাঁ, প্রভু, তোমার প্রহরীরা তাদের আওয়াজ তুলবে; তারা একসঙ্গে এককণ্ঠে গান গাইবে; কারণ প্রভু যখন সিয়োনকে ফিরিয়ে আনবেন তখন তারা সেটা প্রত্যক্ষ দেখতে পাবে।
৩০ আনন্দে মেতে ওঠো, হে যিরূশালেমের উৎসন্ন স্থানগুলো, একসঙ্গে গান করো; কেননা প্রভু তাঁর লোকেদের সান্ত্বনা দিয়েছেন, তিনি যিরূশালেমকে মুক্ত করেছেন।
৩১ প্রভু সমস্ত জাতির দৃষ্টিতে তাঁর পবিত্র বাহু প্রকাশ করেছেন; এবং পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।