অধ্যায় ১৭
আলমা অবীনাদির কথা বিশ্বাস করেন এবং সেগুলো লেখেন—অবীনাদির মৃত্যু আগুনের দ্বারা হয়—তিনি তাঁর হত্যাকারীদের উপর রোগ এবং আগুনের দ্বারা মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন এটা ঘটলো যে অবীনাদি এই কথাগুলো শেষ করার পরে, রাজা আদেশ দিলেন যে যাজকেরা তাঁকে ধরে নিয়ে যাবে এবং তাঁকে হত্যা করবে।
২ কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন যার নাম ছিলো আলমা, তিনিও ছিলেন নেফীর বংশধর। এবং তিনি একজন যুবক ছিলেন, এবং তিনি অবীনাদির কথায় বিশ্বাস করেছিলেন, কারণ অবীনাদি তাদের বিরুদ্ধে যে অন্যায়ের সাক্ষ্য দিয়েছিলেন সে সম্পর্কে তিনি জানতেন; তাই তিনি রাজার কাছে মিনতি করতে লাগলেন যাতে সে অবীনাদির উপর রাগ না করে, বরং অনুমতি দেয় যাতে তিনি শান্তিতে চলে যেতে পারেন।
৩ কিন্তু রাজা আরও ক্রোধান্বিত হয়েছিলো এবং আলমাকে তাদের মধ্যে থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলো, এবং তার কর্মচারীদের তাঁর পিছনে পাঠিয়েছিলো যাতে তারা তাঁকে হত্যা করতে পারে।
৪ কিন্তু তিনি তাদের সামনে থেকে পালিয়ে গিয়ে নিজেকে লুকিয়ে রেখেছিলেন ফলে তারা তাঁকে খুঁজে পায়নি। এবং অনেক দিন লুকিয়ে থেকে অবীনাদির বলা সব বাক্য তিনি লিখেছিলেন।
৫ এবং এটা ঘটলো যে রাজা তার প্রহরীদের নির্দেশ দিলো অবীনাদিকে ঘিরে ফেলতে এবং তাঁকে ধরে নিয়ে যেতে; তারা তাঁকে বেঁধে নিয়ে কারাগারে নিক্ষেপ করলো।
৬ তিন দিন পর সে তার যাজকদের সাথে পরামর্শ করে তাঁকে আবার তার সামনে হাজির করতে নির্দেশ দিলো।
৭ এবং সে তাঁকে বললো: অবীনাদি, আমরা তোমার বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি, এবং তুমি মৃত্যুর যোগ্য।
৮ কেননা তুমি বলেছো যে, ঈশ্বর নিজেই মনুষ্য সন্তানদের মধ্যে নেমে আসবেন; এবং এখন, এই কারণে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি না তুমি আমার ও আমার লোকদের অনিষ্ট সম্পর্কে যে সমস্ত মন্দ কথা বলেছো সেই সমস্ত কথা ফিরিয়ে না নাও।
৯ এখন অবীনাদি তাকে বললেন: আমি তোমাকে বলছি, এই লোকদের বিষয়ে আমি তোমাকে যে কথা বলেছি তা আমি ফিরিয়ে নেবো না, কারণ সেগুলো সত্য; এবং তোমরা এগুলোর সত্যতা সম্পর্কে জানতে পারো কারণ আমি নিজেকে তোমাদের হাতে প্রদান করেছি।
১০ হ্যাঁ, এবং আমি মৃত্যু পর্যন্ত সহ্য করবো, এবং আমি আমার বাক্য ফিরিয়ে নেবো না, এবং সেগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দাঁড়াবে। এবং যদি তোমরা আমাকে হত্যা করো তবে তোমরা নির্দোষের রক্তপাত করবে, এবং সেটাও শেষ দিনে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দাঁড়াবে।
১১ এবং এখন রাজা নোহ তাঁকে মুক্তি দিতে যাচ্ছিলো, কারণ সে তাঁর বাক্যগুলোকে ভয় পেয়েছিলো; কারণ সে ভীত ছিলো যে ঈশ্বরের বিচার তার উপর আসবে।
১২ কিন্তু যাজকরা তাঁর বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর তুললো এবং তাঁকে দোষারোপ করতে শুরু করে, এই বলে: সে রাজাকে অপমান করেছে। তাই রাজা তাঁর বিরুদ্ধে ক্রোধে উত্তেজিত হলো এবং তাঁকে হত্যা করার জন্য তাঁকে সমর্পণ করলো।
১৩ এবং এটা ঘটলো যে তারা তাঁকে ধরে নিয়ে গেলো ও বেঁধে রাখলো, এবং তাঁর চামড়ায় জলন্ত কাঠ দিয়ে আঘাত করলো, হ্যাঁ, এমনকি তাঁর মৃত্যু হওয়া পর্যন্ত।
১৪ এবং এখন যখন আগুন তাঁকে পুড়িয়ে ফেলতে শুরু করলো, তখন তিনি তাদের কাছে চিৎকার করে বললেন:
১৫ দেখো, তোমরা আমার প্রতি যেমন করেছো, তেমনি তোমাদের বংশধরদেরও এমন ঘটবে যে আমি যে আগুনে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি তা অনেকে ভোগ করবে; এবং এটার কারণ তারা তাদের প্রভু ঈশ্বরের পরিত্রাণে বিশ্বাস করে।
১৬ এবং এটা ঘটবে যে তোমরা তোমাদের অন্যায় কাজগুলোর জন্য সমস্ত ধরণের রোগে আক্রান্ত হবে।
১৭ হ্যাঁ, এবং তোমাদের প্রত্যেকের হাতে আঘাত করা হবে, এবং বিতাড়িত করে দেওয়া হবে এবং এদিক-ওদিক বিক্ষিপ্ত করা হবে, যেমন একটা বন্য পাল, বন্য ও হিংস্র জন্তুদের দ্বারা তাড়িত হয়।
১৮ এবং সেই দিন তোমাদের শিকার করা হবে, এবং তোমাদের শত্রুদের দ্বারা তোমাদের নিয়ে যাওয়া হবে, এবং তখন তোমরাও কষ্টভোগ করবে, যেমন আমি ভোগ করেছি, আগুনে মৃত্যুর যন্ত্রণা।
১৯ এইভাবে ঈশ্বর তাদের উপর প্রতিশোধ নেন যারা তাঁর লোকদের ধ্বংস করে। হে ঈশ্বর, আমার আত্মা গ্রহণ করুন।
২০ এবং এখন, যখন অবীনাদি এই বাক্যগুলো বলেছিলেন, তখন তিনি পরে গেলেন, আগুনে পুড়ে মৃত্যু বরণ করলেন; হ্যাঁ, তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো কারণ তিনি ঈশ্বরের আদেশ অস্বীকার করবেন না, তাঁর মৃত্যুর মাধ্যমে তাঁর কথার সত্যতা সীলমোহর করে দিয়েছেন।