অধ্যায় ২৮
মশিয়াহের পুত্ররা লামানীয়দের কাছে প্রচার করতে যায়—দুটো ভবিষ্যৎ দর্শী পাথর ব্যবহার করে, মশিয়াহ যেরদীয়দের ফলক অনুবাদ করেন। প্রায় ৯২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এখন এটা ঘটলো যে মশিয়াহের পুত্ররা এই সমস্ত কাজ করার পরে, তারা তাদের সাথে অল্প সংখ্যক লোকদের নিয়ে তাদের পিতা, রাজার কাছে ফিরে গেলো, এবং তাঁর কাছে চাইলো যে তিনি তাদের অনুমতি দেবেন যে যাদের তারা বেছে নিয়েছিলো, তারা তাদের সাথে নেফীর ভূমিতে যাবে যাতে তারা যা শুনেছিলো তা প্রচার করতে পারে, এবং তারা তাদের ভাই, লামানীয়দের কাছে ঈশ্বরের বাক্য প্রদান করতে পারে—
২ যাতে তারা তাদেরকে প্রভু ঈশ্বরের জ্ঞানে আনতে পারে, এবং তাদের পূর্বপুরুষদের অন্যায় সম্পর্কে তাদের বোঝাতে পারে; এবং সম্ভবত তারা নেফীয়দের প্রতি তাদের ঘৃণা দূর করতে পারে, যাতে তারাও তাদের প্রভু ঈশ্বরে আনন্দিত হতে পারে, যাতে তারা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ হতে পারে, এবং যাতে সমস্ত ভূমিতে যেগুলো তাদের প্রভু ঈশ্বর দিয়েছিলেন সেখানে আর কোনো বিবাদ না থাকে।
৩ এখন তারা চেয়েছিলো যেনো প্রতিটা মানুষের কাছে পরিত্রাণ ঘোষণা করা হোক, কারণ তারা সহ্য করতে পারেনি যে কোনো মানুষের আত্মা বিনষ্ট হোক; হ্যাঁ, এমনকি যে কোনো আত্মাকে সীমাহীন যন্ত্রণা সহ্য করতে হবে সেই চিন্তাতেও তারা কম্পিত ও উদ্বিগ্ন হয়ে উঠলো।
৪ এবং এইভাবে প্রভুর আত্মা তাদের উপর কাজ করেছিলেন, কারণ তারা পাপীদের মধ্যে সবচেয়ে জঘন্য ছিলো। এবং প্রভু তাঁর অসীম করুণাতে তাদের ক্ষমা করতে উপযুক্ত বলে মনে করেছিলেন; তবুও তারা তাদের অন্যায়ের জন্য আত্মার অনেক যন্ত্রণা সহ্য করেছিলো, অনেক কষ্ট পেয়েছিলো ও ভয় পেয়েছিলো যে তারা চিরকালের জন্য বিতাড়িত হবে।
৫ এবং এটা ঘটলো যে তারা অনেক দিন ধরে তাদের পিতার কাছে অনুরোধ করেছিলো যাতে তারা নেফীর ভূমিতে যেতে পারে।
৬ এবং রাজা মশিয়াহ গিয়ে প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন যে তিনি তাঁর পুত্রদের লামানীয়দের মধ্যে বাণী প্রচার করার জন্য যেতে দেবেন কিনা।
৭ এবং প্রভু মশিয়াহকে বললেন: তাদের উপরে যেতে দাও, কারণ অনেকেই তাদের কথায় বিশ্বাস করবে, এবং তারা অনন্ত জীবন পাবে; এবং আমি তোমার পুত্রদের লামানীয়দের হাত থেকে উদ্ধার করবো।
৮ এবং এটা ঘটলো যে মশিয়াহ অনুমতি দিলেন যে তারা যেতে পারে ও তাদের অনুরোধ অনুযায়ী কাজ করতে পারে।
৯ এবং লামানীয়দের মধ্যে বাণী প্রচার করার জন্য তারা প্রান্তরে তাদের যাত্রা শুরু করলো; এবং পরবর্তীতে আমি তাদের কার্যক্রমের একটা বিবরণ দেবো।
১০ এখন রাজ্য প্রদান করার মতো রাজা মশিয়াহের কেউ ছিলো না, কারণ তাঁর পুত্রদের মধ্যে কেউ ছিলো না যে রাজ্যটা গ্রহণ করবে।
১১ তাই তিনি পিতলের ফলকে খোদাই করা নথিগুলো, ও নেফীর ফলকগুলোও নিয়েছিলেন, এবং সমস্ত জিনিসপত্র নিয়েছিলেন যা তিনি সংরক্ষণ করেছিলেন ও সুরক্ষিত রেখেছিলেন ঈশ্বরের আজ্ঞা অনুসারে, সেগুলো অনুবাদ করার পরে ও সেই নথিগুলো লিখতে বাধ্য হয়েছিলেন যেগুলো সোনার ফলকে ছিলো যেগুলো লিমহীর লোকেরা খুঁজে পেয়েছিলো, যা লিমহীর হাত দ্বারা তাঁকে দেওয়া হয়েছিলো;
১২ এবং তিনি তাঁর লোকদের অত্যধিক উদ্বেগের কারণে এটা করেছিলেন; কারণ যারা ধ্বংস হয়েছে তাদের সম্পর্কে জানতে তারা খুব আগ্রহী ছিলো।
১৩ এবং এখন তিনি সেগুলোর অনুবাদ করেছেন সেই দুটো পাথরের মাধ্যমে যা একটা ধনুকের দুই পাশে বাঁধা ছিলো।
১৪ এখন এই জিনিসগুলো শুরু থেকে প্রস্তুত করা হয়েছিলো, এবং ভাষাগুলোর অনুবাদ করার উদ্দেশ্যে প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তর করা হয়েছিলো;
১৫ এবং সেগুলো প্রভুর হাত দ্বারা সংরক্ষিত এবং সুরক্ষিত হয়েছিলো, যাতে তিনি এই ভূমির অধিকারী হবেন এমন সকল ব্যক্তির কাছে তাঁর লোকদের অন্যায় এবং জঘন্যতা প্রকাশ করতে পারেন;
১৬ এবং প্রাচীনকালের রীতি অনুসারে, যার কাছে এই জিনিসগুলো আছে তাকে ভবিষ্যৎদর্শী বলা হয়।
১৭ এখন মশিয়াহ এই নথিগুলো অনুবাদ করা শেষ করার পরে, দেখো, এটা ধ্বংস হয়ে যাওয়া লোকদের একটা লিখিত বিবরণ দিয়েছিলো, তাদের ধ্বংসের সময় থেকে সেই বৃহৎ দুর্গ নির্মাণের সময় পর্যন্ত, যে সময়ে প্রভু লোকেদের ভাষা বিভ্রান্ত করেছিলেন এবং তারা বাইরে সমস্ত ভূমণ্ডলে বিক্ষিপ্ত হয়েছিলো, হ্যাঁ, এমনকি সেই সময় থেকে আদমের সৃষ্টির সময় পর্যন্ত।
১৮ এখন এই লিখিত বিবরণ মশিয়াহের লোকেদের জন্য অত্যন্তভাবে শোকের কারণ হয়েছিলো, হ্যাঁ, তারা দুঃখে পূর্ণ হয়েছিলো; তবুও এটা তাদের অনেক জ্ঞান দিয়েছিলো, যেটাতে তারা আনন্দ করেছিলো।
১৯ এবং এই লিখিত বিবরণ পরবর্তীতে লেখা হবে; কেননা দেখো, এটা গুরুত্বপূর্ণ যে এই বিবরণে যা লেখা আছে তা সকলের জানা উচিত।
২০ এবং এখন, যেমনটা আমি তোমাদেরকে বলেছি, রাজা মশিয়াহ এই কাজগুলো করার পরে, তিনি পিতলের ফলক ও সেই সমস্ত কিছু নিয়েছিলেন যা তিনি সংরক্ষন করে রেখেছিলেন, এবং সেগুলো আলমাকে প্রদান করেছিলেন, যিনি ছিলেন আলমার পুত্র; হ্যাঁ, সমস্ত নথি, ও অনুবাদকগুলোও, এবং সেগুলো তাঁকে প্রদান করেছিলেন, এবং তাঁকে আদেশ দিয়েছিলেন যে তাঁকে সেগুলো সংরক্ষণ করতে হবে ও সুরক্ষিত রাখতে হবে, এবং জনগণেরও একটা নথি রাখতে হবে, সেগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে হস্তান্তর করতে হবে, যেমন সেগুলোকে লেহী যিরূশালেম ছেড়ে যাওয়ার সময় থেকে হস্তান্তর করা হয়েছিলো।