ধর্মশাস্ত্র
মশিয়াহ ১৮


অধ্যায় ১৮

আলমা গোপনে প্রচার করেন—তিনি বাপ্তিস্মের চুক্তি ব্যাখা করেন এবং মরমনের জলে বাপ্তিস্ম দেন—তিনি খ্রীষ্টের মণ্ডলীকে সংগঠিত করেন এবং যাজকদের নিযুক্ত করেন—তারা নিজেদের যোগান দেয় এবং লোকেদের শিক্ষা দেয়—আলমা এবং তাঁর লোকেরা রাজা নোহের থেকে প্রান্তরে পালিয়ে যায়। প্রায় ১৪৭–১৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন, এটা ঘটলো যে আলমা, যিনি রাজা নোহের দাসদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন, তাঁর পাপ ও অন্যায়ের জন্য অনুতাপ করেছিলেন এবং লোকেদের মধ্যে গোপনে যেতেন, এবং অবীনাদির কথাগুলো শেখাতে শুরু করেছিলেন—

হ্যাঁ, আসন্ন বিষয়গুলোর সমন্ধে, এবং মৃতদের পুনরুত্থান সম্পর্কেও, এবং জনগণের মুক্তির বিষয়ে, যা খ্রীষ্টের ক্ষমতা, কষ্টভোগ ও মৃত্যু, এবং তাঁর পুনরুত্থান এবং স্বর্গে আরোহণের দ্বারা সম্পন্ন হবে।

এবং যতো লোক তাঁর কথা স্বেচ্ছায় শুনেছিলো তিনি তাদের শিক্ষা দিয়েছিলেন। এবং তিনি তাদের গোপনে শিক্ষা দিতেন, যাতে রাজা জানতে না পারে। এবং অনেকেই তার কথা বিশ্বাস করেছিলো।

এবং এটা ঘটলো যে যতো লোক তাঁকে বিশ্বাস করেছিলো তারা এমন একটা জায়গায় গিয়েছিলো যেটাকে মরমন বলা হতো, রাজার থেকে এর নাম পেয়েছিলো, যেটা দেশের সীমানায় ছিলো, যেখানে বিভিন্ন সময়ে বা ঋতুতে, বন্য জন্তুর দ্বারা ভরাছিলো।

এখন, মরমনে বিশুদ্ধ জলের একটা ফোয়ারা ছিলো, এবং আলমা সেখানে গিয়েছিলেন, সেখানে জলের কাছে একটা ছোটো গাছের ঝোপ থাকাতে, তিনি দিনের বেলা রাজার অনুসন্ধান থেকে নিজেকে আড়াল করেছিলেন।

এবং এটা ঘটলো যে যতো লোক তাঁকে বিশ্বাস করেছিলো তারা তাঁর কথা শোনার জন্য সেখানে গিয়েছিলো।

এবং এটা ঘটলো অনেক দিন পর আলমার কথা শোনার জন্য, সেই মরমনের জায়গায় বেশ কয়েকজন একত্রিত হয়েছিলো। হ্যাঁ, যারা তাঁর কথায় বিশ্বাস করেছিলো, তাঁর কথা শোনার জন্য তারা সবাই একত্রিত হয়েছিলো। এবং তিনি তাদের শিক্ষা দিয়েছিলেন, এবং তাদের কাছে অনুতাপ, মুক্তি ও প্রভুর প্রতি বিশ্বাস প্রচার করেছিলেন।

এবং এটা ঘটলো যে তিনি তাদের বললেন: দেখো, এখানে মরমনের জল রয়েছে (কারণ তারা এটাকে তাই বলেছিলো) এবং এখন, যেহেতু তোমরা ঈশ্বরের দলে আসতে চাও, এবং তাঁর লোক বলে অভিহিত হতে চাও, এবং একে অপরের ভার বহন করতে ইচ্ছুক, যাতে তা হালকা হয়;

হ্যাঁ, এবং যারা শোকাহত তাদের সাথে শোক করতে ইচ্ছুক; হ্যাঁ, এবং যাদের সান্ত্বনার প্রয়োজন তাদের সান্ত্বনা দিতে ইচ্ছুক, এবং সর্বদা, সমস্ত কিছুতে ও সমস্ত জায়গায় তোমরা যেখানেই থাকো, এমনকি মৃত্যু পর্যন্ত ঈশ্বরের সাক্ষী হিসেবে দাঁড়াতে চাও, যাতে তোমরা ঈশ্বরের দ্বারা মুক্তি পেতে পারো, এবং প্রথম পুনরুত্থানের মধ্যে গণ্য হও, যাতে তোমরা অনন্ত জীবন পেতে পারো—

১০ এখন আমি তোমাদের বলছি, যদি তোমাদের অন্তরের এই ইচ্ছা হয়, তাহলে প্রভুর নামে বাপ্তিস্ম নেওয়ার বিরুদ্ধে তোমাদের কি কারণ আছে, তবে তাঁর সামনে সাক্ষী হিসেবে, তোমরা তাঁর সঙ্গে একটা চুক্তিতে প্রবেশ করেছো যে, তোমরা তাঁর সেবা করবে এবং তাঁর আজ্ঞাগুলো পালন করবে, যাতে তিনি তাঁর আত্মাকে আরও বেশি পরিমাণে তোমাদের উপর ঢেলে দেন?

১১ এবং এখন যখন জনগণ এই কথাগুলো শুনেছিলো, তারা আনন্দে হাততালি দিয়ে বলেছিলো: এটা আমাদের অন্তরের ইচ্ছা।

১২ এবং এখন এটা ঘটলো যে আলমা হেলমকে নিয়ে গিয়েছিলেন, তিনি প্রথমদের মধ্যে একজন ছিলেন, এবং জলে গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং মিনতি করে বলেছিলেন: হে প্রভু, আপনার দাসের উপর আপনার আত্মা ঢেলে দিন, যাতে সে এই কাজটা হৃদয়ের পবিত্রতা দ্বারা করতে পারে।

১৩ এবং যখন তিনি এই কথাগুলো বলছিলেন, তখন প্রভুর আত্মা তাঁর উপর এলেন এবং বলেছিলেন: হেলম, সর্বশক্তিমান ঈশ্বরের কর্তৃত্বে আমি তোমাকে বাপ্তিস্ম দিচ্ছি, এই সাক্ষ্য স্বরূপ যে তুমি তাঁর সেবা করার জন্য একটা চুক্তিতে প্রবেশ করেছো যতক্ষণ না তোমার নশ্বর দেহের মৃত্যু হচ্ছে; এবং প্রভুর আত্মা তোমার উপর ঢেলে দেওয়া হোক; এবং তিনি খ্রীষ্টের মুক্তির মাধ্যমে তোমাকে অনন্ত জীবন দান করুন, যাকে তিনি জগতের গঠনকাল থেকে প্রস্তুত করেছেন।

১৪ এবং আলমা এই কথাগুলো বলার পরে, আলমা এবং হেলম উভয়ই জলে সমাহিত হয়েছিলেন; এবং তারা উঠলেন এবং আনন্দে আত্মায় পূর্ণ হয়ে জল থেকে বেরিয়ে এলেন।

১৫ এবং আবার, আলমা অন্য একজনকে নিলেন, এবং দ্বিতীয়বার জলে নামলেন, এবং তাকে প্রথমবারের অনুসারে বাপ্তিস্ম দিলেন, কেবল তিনি আবার জলে নিজে সমাহিত হননি।

১৬ এবং এই পদ্ধতিতে তিনি প্রত্যেককে বাপ্তিস্ম দিয়েছিলেন যারা মরমনের সেই স্থানে গিয়েছিলো; তাদের সংখ্যা ছিলো প্রায় দুইশো চারজন; হ্যাঁ, এবং তারা মরমনের জলে বাপ্তিস্ম নিয়েছিলো, এবং ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ হয়েছিলো।

১৭ এবং সেই সময় থেকে তাদেরকে ঈশ্বরের মন্ডলী, বা খ্রীষ্টের মন্ডলী বলা হতো। এবং এটা ঘটলো যে, যে কেউ ঈশ্বরের ক্ষমতা ও কর্তৃত্ব দ্বারা বাপ্তিস্ম নিয়েছিলো তাকে তাঁর মন্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিলো।

১৮ এবং এটা ঘটলো যে আলমা, ঈশ্বরের কাছ থেকে কর্তৃত্ব পেয়ে, যাজকদের নিযুক্ত করেছিলেন; এমনকি তাদের প্রতি পঞ্চাশজন লোকের মধ্যে একজন করে যাজক নিযুক্ত করেছিলেন তাদের কাছে প্রচার করার জন্য, এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে তাদের শিক্ষা দেওয়ার জন্য।

১৯ এবং তিনি তাদের যা শিখিয়েছিলেন, এবং পবিত্র ভাববাদীদের দ্বারা যা বলা হয়েছে তা ছাড়া আর কিছু না শেখানোর জন্য তিনি তাদের আদেশ দিয়েছিলেন।

২০ হ্যাঁ, এমনকি তিনি তাদের আদেশ দিয়েছিলেন যে অনুতাপ ও প্রভু, যিনি তাঁর লোকদের মুক্তি দিয়েছিলেন, তাঁর প্রতি বিশ্বাস ছাড়া তারা আর কিছুর ব্যাপারে প্রচার করবে না।

২১ এবং তিনি তাদের আদেশ দিয়েছিলেন যে সেখানে একে অপরের সাথে কোনো বিবাদ থাকবে না, কিন্তু তাদের একই দৃষ্টিভঙ্গি থাকা উচিত, একই বিশ্বাস ও এক বাপ্তিস্ম নিয়ে, তাদের হৃদয়ের একতা এবং একে অপরের প্রতি ভালবাসার বন্ধন থাকবে।

২২ এবং এইভাবে তিনি তাদের প্রচার করতে আদেশ দিলেন। এবং এইভাবে তারা ঈশ্বরের সন্তান হয়ে উঠলো।

২৩ এবং তিনি তাদের আদেশ দিলেন যে, তারা বিশ্রামবার পালন করবে, ও পবিত্র রাখবে, এবং প্রতিদিন তাদের ঈশ্বর প্রভুকে ধন্যবাদ জানাবে।

২৪ এবং তিনি তাদের এই আদেশও দিয়েছিলেন যে তিনি যে যাজকদের নিযুক্ত করেছিলেন তাদের ভরণপোষণের জন্য তারা নিজ হাতে পরিশ্রম করবে।

২৫ এবং প্রতি সপ্তাহে একটা দিন ঠিক করা হয়েছিলো যে তারা নিজেদেরকে একত্রিত করবে জনগণকে শিক্ষা দেওয়ার জন্য, এবং তাদের ঈশ্বর প্রভুর উপাসনা করার জন্য, এবং আরো, যতবার তাদের পক্ষে সম্ভব ছিলো, নিজেদেরকে একত্র করবে।

২৬ এবং যাজকেরা তাদের ভরণপোষণের জন্য লোকদের উপর নির্ভর করবে না; কিন্তু তাদের শ্রমের জন্য ঈশ্বরের অনুগ্রহ পাবে, যাতে তারা আত্মায় শক্তিশালী হতে পারে, ঈশ্বরের জ্ঞান থাকবে, যাতে তারা ঈশ্বরের ক্ষমতা ও কর্তৃত্বের দ্বারা শিক্ষা দিতে পারে।

২৭ এবং আবার আলমা আদেশ দিয়েছিলেন যে মণ্ডলীর লোকেদের প্রত্যেককে তাদের যা ছিলো তা অনুসারে তাদের জিনিসপত্র সহভাগিতা করা উচিত; যদি কারোর অনেক বেশি থাকে তবে তাকে আরও বেশি পরিমাণে সহভাগিতা করা উচিত; এবং যার কাছে সামান্যই ছিলো, তার সামান্যই দেওয়া উচিত; এবং যার কিছু নেই তাকে দেওয়া উচিত।

২৮ এবং এইভাবে তাদের উচিত তাদের নিজস্ব স্বাধীন ও ভালো ইচ্ছায় ঈশ্বরের প্রতি জিনিসপত্র সহভাগিতা করা, এবং সেই সমস্ত যাজকদের সাথে সহভাগিতা করা যাদের প্রয়োজন আছে, হ্যাঁ, এবং প্রত্যেক দরিদ্র, নগ্ন সত্তাকে।

২৯ এবং ঈশ্বরের আদেশ পেয়ে, তিনি তাদেরকে এই বলেছিলেন; এবং তারা ন্যায্যভাবে ঈশ্বরের পথে চলেছিলো, তাদের পার্থিব ও আধ্যাত্মিক চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী একে অপরের সাথে সহভাগিতা করেছিলো।

৩০ এবং এখন এটা ঘটলো যে এই সমস্ত কিছু মরমনে হয়েছিলো, হ্যাঁ, মরমনের জলের ধারে, মরমনের জলের কাছাকাছি জঙ্গলে হয়েছিলো; হ্যাঁ, মরমনের জায়গা, মরমনের জল, মরমনের জঙ্গল, তাদের চোখের কাছে সেগুলো কতোই সুন্দর যারা সেখানে তাদের মুক্তিদাতার জ্ঞান পেয়েছিলো; হ্যাঁ, এবং তারা কতোই আশীর্বাদিত, কারণ তারা চিরকাল তাঁর প্রশংসার গান গাইবে।

৩১ এবং এই সমস্ত কাজ ভূমির সীমান্তে করা হয়েছিলো, যাতে রাজা তাদের সম্পর্কে জানতে না পারে।

৩২ কিন্তু দেখো, এটা ঘটলো যে রাজা, তার লোকেদের মধ্যে এক কার্যকলাপ আবিষ্কার করে, তার দাসদের তাদের উপর নজরদারি করার জন্য পাঠালো। সেই কারণে যেদিন তারা প্রভুর বাক্য শোনার জন্য একত্রিত হয়েছিলো, সেই দিন তারা রাজার কাছে ধরা পরে গিয়েছিলো।

৩৩ এবং এখন রাজা বলেছিলো যে আলমা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে লোকেদের উত্তেজিত করছেন; তাই সে তাদের ধ্বংস করার জন্য তার সৈন্যদল পাঠালো।

৩৪ এবং এটা ঘটলো যে আলমা এবং প্রভুর লোকেরা রাজার সৈন্যবাহিনীর আগমন সম্পর্কে অবহিত হয়েছিলো; তাই তারা তাদের তাঁবু ও তাদের পরিবার নিয়ে প্রান্তরে চলে গেলো।

৩৫ এবং তারা প্রায় সাড়ে চারশো সংখ্যক সত্তা ছিলো।