অধ্যায় ৭
অম্মোন লেহী-নেফীর দেশ খুঁজে পান, যেখানে লিমহী রাজা—লিমহীর লোকেরা লামানীয়দের দাসত্বে রয়েছে—লিমহী তাদের ইতিহাস বর্ণনা করে—একজন ভাববাদী (অবীনাদি) সাক্ষ্য দিয়েছিলেন যে খ্রীষ্টই সমস্ত কিছুর ঈশ্বর এবং পিতা—যারা নোংরামোর বীজ বপন করে তারা ঝঞ্ঝায় শস্য কাটে, এবং যারা প্রভুর উপর তাদের বিশ্বাস রাখে তাদের উদ্ধার করা হবে। প্রায় ১২১ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন, এটা ঘটলো যে রাজা মশিয়াহ তিন বছর ধরে ক্রমাগত শান্তি লাভ করার পরে, তিনি সেই মানুষদের সম্পর্কে জানতে আগ্রহী হলেন যারা লেহী-নেফীর ভূমিতে বা লেহী-নেফীর শহরে বসবাস করতে গিয়েছিলো; কারণ তাঁর লোকেরা সেই সময় থেকে তাদের কাছ থেকে কিছুই শোনেনি যখন তারা সেরহমলার ভূমি ছেড়ে গিয়েছিলো; তাই, তারা ক্রমাগত প্রশ্ন করে তাঁকে বিরক্ত করেছিলো।
২ এবং এটা ঘটলো যে রাজা মশিয়াহ তাদের ষোলজন শক্তিশালী লোকদের অনুমতি দিলেন যাতে তারা উপরে লেহী-নেফীর ভূমিতে যেতে পারে, তাদের ভাইদের সম্পর্কে জিজ্ঞাসা করতে।
৩ এবং এটা ঘটলো যে পরের দিন তারা উপরে যেতে শুরু করলো, তাদের সাথে অম্মোন নামের একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন শক্তিশালী, ও পরাক্রমশালী ব্যক্তি, এবং সেরহমলার একজন বংশধর; এবং তিনি তাদের দলপতিও ছিলেন।
৪ এবং এখন, তারা সেই পথ জানতো না যেটা দিয়ে তারা প্রান্তরে যাত্রা করবে উপরে লেহী-নেফীর ভূমিতে যাওয়ার জন্য; তাই তারা প্রান্তরে বহু দিন ঘুরে বেড়ালো, এমনকি চল্লিশ দিন তারা ঘুরে বেড়ালো।
৫ এবং যখন তারা চল্লিশ দিন ঘোরাঘুরি করার পরে একটা পাহাড়ে এলো, যেটা হলো শীলোম ভূমির উত্তরে, এবং সেখানে তারা তাদের তাঁবু খাটালো।
৬ এবং অম্মোন তাঁর তিন ভাইকে নিয়ে গেলেন, এবং তাদের নাম হলো অমালেকী, হেলম, এবং হেম, এবং তারা নেফীর ভূমির দিকে নেমে গেলো।
৭ এবং দেখো, তারা নেফীর ভূমিতে এবং শীলোমের ভূমিতে থাকা জনগণদের রাজার সাথে সাক্ষাৎ করেছিলো; এবং তারা রাজার প্রহরীর দ্বারা বেষ্টিত হয়েছিলো, এবং তাদের নিয়ে যাওয়া হয়েছিলো, এবং তাদের বেঁধে রাখা হয়েছিলো, এবং কারাগারে পাঠানো হয়েছিলো।
৮ এবং এটা ঘটলো দুই দিন কারাগারে থাকার পর তাদের আবার রাজার সামনে আনা হলো, এবং তাদের বাঁধনগুলো খুলে দেওয়া হলো; এবং তারা রাজার সামনে দাঁড়ালো, এবং অনুমতি দেওয়া হয়েছিলো, বা বরং আদেশ করা হয়েছিলো, তিনি তাদের যা জিজ্ঞাসা করবেন সেই উত্তর তাদের দিতে হবে।
৯ এবং তিনি তাদের বললেন: দেখো, আমি লিমহী, নোহের পুত্র, যিনি সেনিফের পুত্র ছিলেন, যিনি সেরহমলা ভূমি থেকে বের হয়ে এসেছিলেন এই ভূমির উত্তরাধিকারী হতে, যেটা তাঁদের পূর্বপুরুষদের ভূমি ছিলো, যাকে জনগণের মতের দ্বারা একজন রাজা করা হয়েছিলো।
১০ এবং এখন, আমি জানতে চাই যে কেনো তোমরা এতো সাহসী হয়ে শহরের দেওয়ালের কাছাকাছি এসেছো, যখন আমি, নিজেই, আমার প্রহরীদের সাথে দ্বারের বাইরে ছিলাম?
১১ এবং এখন, এই কারণেই আমি অনুমতি দিয়েছি যাতে তোমাদের রক্ষা করা হয়, যাতে আমি তোমাদের প্রশ্ন করতে পারি, না হলে আমার প্রহরীরা তোমাদের হত্যা করতো। তোমাদের কথা বলার অনুমতি দেওয়া হলো।
১২ এবং এখন, অম্মোন যখন দেখলেন যে তাঁকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে, তখন তিনি এগিয়ে গিয়ে রাজার সামনে নিজেকে নত করলেন; এবং তিনি আবার উঠে বললেন: হে মহারাজ, আমি আজ ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এখনও বেঁচে আছি, এবং আমি কথা বলার অনুমতি পেয়েছি; এবং আমি সাহসের সাথে কথা বলার চেষ্টা করবো;
১৩ কারণ আমি নিশ্চিত যে আপনি যদি আমাকে চিনতেন তবে আপনি আমাকে এই বাঁধনগুলো পরাতে দিতেন না। কারণ আমি অম্মোন, এবং সেরহমলার একজন বংশধর, এবং আমাদের ভাইদের সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য সেরহমলার ভূমি থেকে বের হয়ে উপরে এসেছি, যাদের সেনিফ সেই ভূমি থেকে বের করে এনেছিলেন।
১৪ এবং এখন, এটা ঘটলো যে লিমহী অম্মোনের কথা শোনার পরে, তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, এবং বলেছিলেন: এখন, আমি নিশ্চিতভাবে জানি যে আমার ভাইয়েরা যারা সেরহমলা ভূমিতে ছিলো তারা এখনও বেঁচে আছে। এবং এখন, আমি আনন্দ করবো; এবং আগামীকাল আমি এটাও সম্ভব করবো যে আমার লোকেরাও আনন্দ করবে।
১৫ কারণ দেখো, আমরা লামানীয়দের দাসত্বে আছি, এবং একটা করের সাথে শুল্ক আরোপ করা হয়েছে যা বহন করা কঠিন। এবং এখন, দেখো, আমাদের ভাইয়েরা আমাদের দাসত্ব থেকে বা লামানীয়দের হাত থেকে আমাদের উদ্ধার করবে, এবং আমরা তাদের দাস হবো; কারণ লামানীয়দের রাজাকে কর প্রদান করার চেয়ে নেফীয়দের দাস হওয়াই ভালো।
১৬ এবং এখন, রাজা লিমহী তাঁর প্রহরীদের আদেশ দিয়েছিলেন যে তারা আর অম্মোন বা তাঁর ভাইদের আবদ্ধ করে রাখবে না, তবে তাদের শীলোমের উত্তরে অবস্থিত পাহাড়ে যেতে হবে, এবং তাঁদের ভাইদের শহরে নিয়ে আসতে হবে, যাতে তারা খেতে ও পান করতে পারে, এবং তাদের যাত্রার শ্রম থেকে নিজেদের বিশ্রাম দিতে পারে; কারণ তারা অনেক কষ্ট পেয়েছিলেন; তারা ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তি ভোগ করেছিলো।
১৭ এবং এখন, এটা ঘটলো যে পরের দিন রাজা লিমহী তাঁর সমস্ত প্রজাদের মধ্যে একটা ঘোষণা পাঠালেন, যাতে তারা ধর্মধামে একত্রিত হতে পারে, সেই বাক্যগুলো শোনার জন্য যা তিনি তাদের কাছে বলতে চেয়েছেন।
১৮ এবং এটা ঘটলো যে যখন তারা নিজেদেরকে একত্রিত করেছিলো তখন তিনি তাদের সাথে এইভাবে কথা বলেছিলেন: হে আমার লোকেরা, নিজেদের মাথা তোলো এবং সান্ত্বনা পাও; কারণ দেখো, সময় এসেছে, বা খুব বেশি দূরে নয়, যখন আমরা আর আমাদের শত্রুদের অধীনে থাকবো না, যদিও আমাদের অনেক সংগ্রাম, যা বৃথা হয়েছে; তবুও আমি বিশ্বাস করি যে একটা কার্যকর সংগ্রাম করা বাকি আছে।
১৯ অতএব, তোমরা মাথা তোলো, এবং আনন্দ করো, এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, সেই ঈশ্বরে যিনি ছিলেন আব্রাহমের, ইসহাকের ও যাকোবের ঈশ্বর; এবং সেই ঈশ্বরেই, যিনি ইস্রায়েল-সন্তানদেরকে মিশর ভূমি থেকে বের করে এনেছিলেন, এবং শুষ্ক মাটিতে লোহিত সাগরের মধ্যে দিয়ে হেঁটে যেতে সম্ভব করেছিলেন, এবং প্রান্তরে যাতে তারা ধ্বংস না হয় সেজন্য তাদের মান্না খাওয়ালেন; এবং তিনি তাদের জন্য আরও অনেক কিছু করেছিলেন।
২০ এবং আবার, সেই একই ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের যিরূশালেমের ভূমি থেকে বের করে এনেছেন, এবং এখনও পর্যন্ত তাঁর লোকদের নিরাপদে রেখেছেন এবং রক্ষা করেছেন; এবং দেখো, আমাদের দুষ্টতা ও জঘন্যতার জন্যই তিনি আমাদের দাসত্বে নিয়ে এসেছেন।
২১ এবং আজ তোমরা সকলেই সাক্ষী, যে সেনিফ, যাকে এই জনগণদের রাজা করা হয়েছিলো, তিনি তাঁর পিতৃপুরুষদের ভূমির উত্তরাধিকারী হওয়ার জন্য অতিরিক্ত আগ্রহী ছিলেন, তাই রাজা লামানের চতুরতা এবং ধূর্ততার দ্বারা প্রতারিত হয়েছিলেন, যিনি রাজা সেনিফের সাথে একটা চুক্তিতে প্রবেশ করেছিলেন, এবং তাঁর হাতে জমির একটা অংশের সম্পত্তি ছেড়ে দিয়েছিলেন, এবং এমনকি লেহী-নেফীর শহর, এবং শীলোমের শহর; এবং চারপাশের ভূমি—
২২ এবং এই সমস্ত জনগণদের অধীনে বা দাসত্বের মধ্যে আনার একমাত্র উদ্দেশ্যের জন্য তিনি এই সব করেছিলেন। এবং দেখো, আমরা এই সময়ে লামানীয়দের রাজাকে খাজনা দিই, আমাদের ভুট্টার অর্ধেক পরিমাণ, আমাদের যব, এবং এমনকি আমাদের সমস্ত ধরণের শস্য, এবং আমাদের মেষপালের বৃদ্ধির এবং আমাদের পশুপালের অর্ধেক; এবং এমনকি আমাদের সমস্ত কিছুর অর্ধেক যা আমাদের কাছে বা অধীনে আছে লামানীয়দের রাজা সেগুলোর দাবি করেন, নয়তো তিনি আমাদের জীবন দাবি করবেন।
২৩ এবং এখন, এটা কি বহন করা কষ্টকর নয়? এবং এটা কি আমাদের জন্য বিশাল কষ্ট নয়? এখন দেখো, আমাদের শোক করার কতো বড়ো কারণ আছে।
২৪ হ্যাঁ, আমি তোমাদের বলছি, আমাদের শোক করার কারণগুলো বড়ো; কারণ দেখো, আমাদের কতো ভাইদেরকে হত্যা করা হয়েছে, এবং তাদের রক্ত বৃথাই ঝরেছে, এবং সবই অন্যায়ের জন্য।
২৫ কারণ যদি এই লোকেরা অপরাধে পতিত না হতো তবে প্রভু এই মহা মন্দতা তাদের উপর আসার অনুমতি দিতেন না। কিন্তু দেখো, তারা তাঁর কথা শোনেনি; কিন্তু তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছিলো, এমনকি এতোটাই যে তারা নিজেদের মধ্যে রক্তপাত করেছিলো।
২৬ এবং প্রভুর একজন ভাববাদীকে তারা হত্যা করেছে; হ্যাঁ, ঈশ্বরের একজন মনোনীত ব্যক্তিকে, যে তাদেরকে তাদের মন্দ এবং জঘন্য কাজের সম্পর্কে বলেছিলেন, এবং অনেক কিছুর ভবিষ্যদ্বাণী করেছিলেন যা আসতে চলেছে, হ্যাঁ, এমনকি খ্রীষ্টের আগমনেরও।
২৭ এবং কারণ তিনি তাদের বলেছিলেন যে খ্রীষ্ট হলেন ঈশ্বর, সমস্ত কিছুর পিতা, এবং বলেছিলেন যে তিনি তাঁর উপর মানুষের প্রতিমূর্তি গ্রহণ করবেন, এবং সেটা সেই প্রতিমূর্তির মতো হবে যেভাবে মানুষকে শুরু থেকে সৃষ্টি করা হয়েছিলো; বা অন্য অর্থে, তিনি বলেছিলেন যে মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তি অনুসারে সৃষ্টি করা হয়েছিলো, এবং ঈশ্বর মনুষ্য সন্তানদের মধ্যে নেমে আসবেন, এবং তিনি তাঁর উপর মাংস ও রক্ত গ্রহণ করবেন, এবং ভূমণ্ডলের উপর দিয়ে সামনে এগিয়ে যাবেন—
২৮ এবং এখন, তাঁর এই কথা বলার কারণে, তারা তাঁকে হত্যা করেছে; এবং আরও অনেক কিছু তারা করেছিলো যা তাদের উপর ঈশ্বরের ক্রোধ নামিয়েছিলো। অতএব, কে অবাক হয় যে তারা দাসত্বে আছে, এবং তারা যন্ত্রণাদায়ক কষ্টের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে?
২৯ কেননা দেখো, প্রভু বলেছেন: আমি আমার লোকদের সাহায্য করবো না তাদের অপরাধের দিনে; কিন্তু আমি তাদের পথে বাঁধা দেবো যাতে তারা সফল না হয়; এবং তাদের কর্ম তাদের সামনে হোঁচট খাওয়ার মতো হবে।
৩০ এবং আবার, তিনি বলেছেন: আমার লোকেরা যদি নোংরামোর বীজ বপন করে তবে তারা ঝঞ্ঝায় তাদের অব্যবহার্য শস্য কাটবে; এবং এর প্রভাব হলো বিষ।
৩১ এবং আবার তিনি বলেছেন: আমার লোকেরা যদি নোংরামোর বীজ বপন করে তবে পূর্ব বায়ুতে তারা শস্য কাটবে, যা অবিলম্বে তাদের ধ্বংস নিয়ে আসে।
৩২ এবং এখন, দেখো, প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, এবং তোমরা আঘাতপ্রাপ্ত ও পীড়িত।
৩৩ কিন্তু তোমরা যদি হৃদয়ের সম্পূর্ণ উদ্দেশ্য নিয়ে প্রভুর দিকে ফিরে যাও, এবং তাঁর উপর তোমাদের আস্থা রাখো, এবং মনের সমস্ত অধ্যবসায়ের সাথে তাঁর সেবা করো, যদি তোমরা এটা করো, তবে তিনি, তাঁর নিজের ইচ্ছা ও খুশি অনুসারে, তোমাদেরকে দাসত্ব থেকে মুক্ত করবেন।