অধ্যায় ২৫
সেরহমলায় মূলেকের বংশধরেরা নেফীয় হয়ে যায়—তারা আলমা এবং সেনিফের লোকদের সম্পর্কে জ্ঞান লাভ করে—আলমা লিমহী ও তাঁর সমস্ত লোকদেরকে বাপ্তিস্ম দেন—মশিয়াহ আলমাকে ঈশ্বরের মণ্ডলী সংগঠিত করার জন্য ক্ষমতা প্রদান করেন। প্রায় ১২০ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন রাজা মশিয়াহ সমস্ত লোককে একত্রিত হওয়ার নির্দেশ দিলেন।
২ এখন নেফীর সন্তানেরা, বা নেফীর বংশধরেরা, সেরহমলার জনগণদের মতো অসংখ্য ছিলো না, যারা মূলেকের বংশধর ছিলো এবং যারা তাঁর সাথে প্রান্তরে এসেছিলো।
৩ এবং নেফীর লোকেরা ও সেরহমলার জনগণেরা লামানীয়দের মতো অসংখ্য ছিলো না; হ্যাঁ, তারা তাদের সংখ্যার অর্ধেকও ছিলো না।
৪ এবং এখন নেফীর সমস্ত লোক ও সেরহমলার সকল জনগণ একত্রিত হয়েছিলো, এবং তারা দুটো দলে একত্রিত হয়েছিলো।
৫ এবং এটা ঘটলো যে মশিয়াহ সেনিফের নথি পড়েছিলেন এবং তাঁর লোকেদের কাছে পড়ে শোনাতে নির্দেশ পেয়েছিলেন; হ্যাঁ, তিনি সেনিফের লোকদের নথি পড়েছিলেন, তারা সেরহমলার ভূমি ছেড়ে যাওয়ার সময় থেকে তারা আবার ফিরে না আসা পর্যন্ত।
৬ এবং তিনি আলমা ও তাঁর ভাইদের, এবং তাদের সমস্ত কষ্টের লিখিত বিবরণও পড়েছিলেন, যখন তারা সেরহমলার ভূমি ছেড়েছিলো তখন থেকে তারা আবার ফিরে আসার সময় পর্যন্ত।
৭ এবং এখন, যখন মশিয়াহ নথিগুলো পড়া শেষ করেছিলেন, তখন তাঁর লোকেরা যারা ভূমিতে অবস্থান করেছিলো তারা বিস্ময়ে বিস্মিত এবং অবাক হয়েছিলো।
৮ কারণ তারা জানতো না কি ভাবতে হবে; কারণ যখন তারা তাদের দেখলো যাদের দাসত্ব থেকে উদ্ধার করা হয়েছে তারা অত্যন্ত আনন্দে পূর্ণ হয়েছিলো।
৯ এবং আবার, যখন তারা তাদের ভাইদের কথা স্মরণ করেছিলো যারা লামানীয়দের দ্বারা নিহত হয়েছিলো তারা দুঃখে পরিপূর্ণ হয়েছিলো, এবং এমনকি অনেক দুঃখের অশ্রুও ঝরিয়েছিলো।
১০ এবং আবার, যখন তারা ঈশ্বরের তাৎক্ষণিক সদগুণ, এবং আলমা ও তাঁর ভাইদের লামানীয়দের হাত থেকে ও দাসত্ব থেকে উদ্ধারে তাঁর ক্ষমতার কথা বিবেচনা করেছিলো, তখন তারা তাদের উচ্চস্বরে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলো।
১১ এবং আবার, যখন তারা লামানীয়দের পাপপূর্ণ এবং দূষিত অবস্থার কথা চিন্তা করেছিলো, যারা তাদের ভাই ছিলো, তারা তাদের আত্মার কল্যাণের জন্য যন্ত্রণায় এবং বেদনায় পূর্ণ হয়েছিলো।
১২ এবং এটা ঘটলো যে যারা আমূলন ও তার ভাইয়েদের বংশধর ছিলো, যারা লামানীয়দের কন্যাদের স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলো, তারা তাদের পূর্বপুরুষদের আচরণে অসন্তুষ্ট ছিলো, এবং তারা আর তাদের পূর্বপুরুষদের নামে সম্বোধিত হতে চায়নি, তাই তারা নিজেদের উপর নেফীর নাম গ্রহণ করেছিলো, যাতে তাদের নেফীর সন্তান বলা হয় ও যাদেরকে নেফীয় বলা হতো তাদের মধ্যে গণনা করা যায়।
১৩ এবং এখন সেরহমলার সকল জনগণকে নেফীয়দের মধ্যে গণনা করা হয়েছিলো, এবং এর কারণ এই রাজ্যটা নেফীর বংশধরদের ছাড়া আর কাউকে দেওয়া হয়নি।
১৪ এবং এখন এটা ঘটলো যে মশিয়াহ যখন লোকেদের সাথে কথা বলা এবং পড়া শেষ করেছিলেন, তখন তিনি চেয়েছিলেন যে আলমাও লোকেদের সাথে কথা বলুক।
১৫ এবং আলমা তাদের সাথে কথা বলেছিলেন, যখন তারা বড়ো দলে একত্রিত হয়েছিলো, এবং তিনি এক দল থেকে অন্য দলে গিয়েছিলেন, লোকেদের কাছে অনুতাপ এবং প্রভুর প্রতি বিশ্বাসের প্রচার করেছিলেন।
১৬ এবং তিনি লিমহীর লোকেদেরকে ও তাঁর ভাইদেরকে, যারা দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলো, তাদেরকে উৎসাহিত করেছিলেন যে, তাদেরকে মনে রাখতে হবে যে প্রভুই তাদের উদ্ধার করেছিলেন।
১৭ এবং এটা ঘটলো যে আলমা লোকদের অনেক কিছু শেখানোর পরে, এবং তাদের সাথে কথা বলা শেষ করার পরে, রাজা লিমহী বাপ্তিস্ম নিতে চেয়েছিলেন; এবং তাঁর সকল লোকেরাও বাপ্তিস্ম নিতে চেয়েছিলো।
১৮ তাই, আলমা জলে গিয়েছিলেন ও তাদের বাপ্তিস্ম দিয়েছিলেন; হ্যাঁ, তিনি মরমনের জলে তাঁর ভাইদের মতো করে তাদের বাপ্তিস্ম দিয়েছিলেন; হ্যাঁ, এবং তিনি যতজনকে বাপ্তিস্ম দিয়েছিলেন তারা ঈশ্বরের মন্ডলীর অন্তর্গত হয়েছিলো; এবং আলমার কথায় তাদের বিশ্বাসের কারণে এটা ঘটেছিলো।
১৯ এবং এটা ঘটলো যে রাজা মশিয়াহ আলমাকে অনুমতি দিয়েছিলেন যে তিনি সেরহমলার সমস্ত ভূমিতে মণ্ডলী স্থাপন করতে পারবেন; এবং তাঁকে প্রত্যেক মণ্ডলীর জন্য যাজক ও শিক্ষক নিয়োগের ক্ষমতা দিয়েছিলেন।
২০ এখন এটা করা হয়েছিলো কারণ সেখানে অনেক লোক ছিলো যে তাদের সকলকে একজন শিক্ষক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারা যেতো না; কিংবা তারা সকলেই এক সমাবেশে ঈশ্বরের বাক্য শুনতে পারতো না;
২১ তাই তারা নিজেদেরকে ভিন্ন দলে একত্রিত করেছিলো, যেগুলোকে মণ্ডলী বলা হতো; প্রতিটা মণ্ডলীর নিজস্ব যাজক ও শিক্ষক ছিলো, এবং প্রত্যেকজন যাজক আলমার মুখের মাধ্যমে আসা বাক্য অনুসারে প্রচার করতো।
২২ এবং এইভাবে, অনেক মণ্ডলী থাকা সত্ত্বেও তারা সকলেই এক মণ্ডলীর ছিলো, হ্যাঁ, এমনকি ঈশ্বরের মন্ডলীর; কারণ সকল মন্ডলীতে অনুতাপ ও ঈশ্বরের উপর বিশ্বাস ছাড়া কিছুই প্রচার করা হতো না।
২৩ এবং এখন সেরহমলার ভূমিতে সাতটা মণ্ডলী ছিলো। এবং এটা ঘটলো যে যারাই তাদের উপর খ্রীষ্টের বা ঈশ্বরের নাম নিতে চেয়েছিলো, তারা ঈশ্বরের মন্ডলীতে যোগদান করেছিলো;
২৪ এবং তাদের ঈশ্বরের লোক বলা হতো। এবং প্রভু তাদের উপর তাঁর আত্মা ঢেলে দিয়েছিলেন, এবং তারা আশীর্বাদীত হয়েছিলো, এবং ভূমিতে উন্নতি লাভ করেছিলো।