ধর্মশাস্ত্র
হেলামান ৬


অধ্যায় ৬

ধার্মিক লামানীয়রা দুষ্ট নেফীয়দের কাছে প্রচার করে—শান্তি ও প্রাচুর্যের যুগে উভয় জাতিই সমৃদ্ধি লাভ করে—লুসিফার, পাপের সৃষ্টিকারী, দুষ্টদের এবং গাদিয়ানটন ডাকাতদলের হৃদয়কে হত্যা করতে এবং মন্দতায় উত্তেজিত করে তোলে—ডাকাতদল নেফীয় সরকারকে নিয়ন্ত্রণে নেয়। প্রায় ২৯–২৩ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে বিচারকদের রাজত্বকালের বাষট্টিতম বছর যখন সমাপ্ত হয়েছিলো, তখন এই সব কিছু ঘটেছিলো এবং লামানীয়দের বিশাল অংশ একটা ধার্মিক জাতিতে পরিণত হয়েছিলো, এতটাই যে বিশ্বাসে তাদের দৃঢ়তা এবং স্থিরতার কারণে তাদের ধার্মিকতা সেই নেফীয়দেরকে ছাড়িয়ে গিয়েছিলো।

কারণ দেখো, সেখানে অনেক নেফীয় ছিলো যারা কঠোর ও অনুশোচনাহীন এবং অত্যন্তভাবে মন্দ হয়ে উঠেছিলো, এতটাই যে তারা ঈশ্বরের বাক্য এবং সমস্ত প্রচার এবং ভবিষ্যদ্বাণী অগ্রাহ্য করেছিলো যা তাদের মধ্যে এসেছিলো।

তবুও, লামানীয়দের ধর্মান্তরের কারণে মণ্ডলীর লোকেদের মধ্যে মহা আনন্দ হয়েছিলো, হ্যাঁ, ঈশ্বরের মণ্ডলীর কারণে, যা তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো। এবং তারা একজন আরেকজনের সাহচর্য হয়েছিলো, এবং একজন আরেকজনের সাথে উল্লাস করেছিলো, এবং তাদের মহা আনন্দ ছিলো।

এবং এটা ঘটলো যে অনেক লামানীয়রা নিচে সেরহমলার ভূমিতে এসেছিলো, এবং নেফীয় লোকদের কাছে তাদের ধর্মান্তরের প্রক্রিয়া ঘোষণা করেছিলো, এবং বিশ্বাস ও অনুতাপ করতে তাদেরকে উৎসাহিত করেছিলো।

হ্যাঁ, এবং তাদের অনেককে নম্রতার গভীরে নিয়ে আসতে, ঈশ্বর এবং মেষশাবকের নম্র অনুসারী হতে, অনেকে অত্যন্ত মহান ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে প্রচার করেছিলো।

এবং এটা ঘটলো যে অনেক লামানীয়রা উত্তরদিকের ভূমিতে গিয়েছিলো; এবং নেফী এবং লেহীও জনগণের কাছে প্রচার করতে উত্তরদিকের ভূমিতে গিয়েছিলেন। এবং এইভাবে তেষট্টিতম বছর সমাপ্ত হয়েছিলো।

এবং দেখো, সেখানে সমস্ত ভূমিতে শান্তি ছিলো, এতোটাই যে নেফীয়রা ভূমির সেখানেই গিয়েছিলো যেখানে তারা যেতে চাইতো, হোক সেটা নেফীয় বা লামানীয়দের মধ্যে।

এবং এটা ঘটলো যে লামানীয়রাও যেখানে চাইতো তারা সেখানেই যেতো, হোক সেটা লামানীয়দের মধ্যে বা নেফীয়দের মধ্যে; এবং এই কারণে তাদের প্রত্যাশা অনুযায়ী, ক্রয় বিক্রয় করতে, এবং সম্পদ লাভ করতে, তারা একজন আরেকজনের সাথে স্বাধীনভাবে লেনদেন করেছিলো।

এবং এটা ঘটলো যে লামানীয়রা এবং নেফীয়রা উভয়ই অত্যন্তভাবে ধনী হয়ে উঠেছিলো; এবং উত্তর ও দক্ষিণ উভয় ভূমিতেই তাদের প্রচুর পরিমাণে স্বর্ণ, এবং রূপা, এবং সব রকমের মূল্যবান ধাতু ছিলো।

১০ এখন দক্ষিণের ভূমিকে লেহী বলা হতো, এবং উত্তরের ভূমিকে মূলেক বলা হতো, যা সিদিকিয়ের পুত্রের নামে ছিলো; কারণ প্রভু মূলেককে উত্তরের ভূমিতে এবং লেহীকে দক্ষিণের ভূমিতে নিয়ে এসেছিলেন।

১১ এবং দেখো, সেখানে উভয় ভূমিগুলোতে সব রকমের স্বর্ণ, ও রূপা, এবং সব ধরনের মূল্যবান আকরিক ছিলো; এবং সেখানে নিখুঁত কারিগর ছিলো, যারা সব ধরণের আকরিকের কাজ করতো এবং সেগুলো পরিশোধন করতো; এবং এইভাবে তারা ধনী হয়ে উঠেছিলো।

১২ এবং তারা উত্তর ও দক্ষিণ উভয় ভূমিতেই প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করেছিলো; এবং তারা উত্তর এবং দক্ষিণ উভয় ভূমিতেই অত্যন্তভাবে উন্নতি লাভ করেছিলো। এবং তারা বৃদ্ধি পেয়েছিলো এবং সেই ভূমিতে অত্যন্তভাবে শক্তিশালী হয়ে উঠেছিলো। এবং তারা অনেক এবং পশুপাল, হ্যাঁ, অনেক পশুর শাবক পালন করেছিলো।

১৩ দেখো তাদের স্ত্রীরা পরিশ্রম করতো ও সুতা কাটতো, এবং তাদের নগ্নতা ঢাকতে, সূক্ষ্মভাবে পাকানো লিনেন বস্ত্রের সব রকমের কাপড় এবং সকল ধরণের কাপড় তৈরি করেছিলো। এবং এইভাবে চৌষট্টিতম বছর শান্তিতে অতিবাহিত হয়েছিলো।

১৪ এবং পঁয়ষট্টিতম বছরের সময়েও তাদের মহা আনন্দ এবং শান্তি ছিলো, হ্যাঁ, সেই সব আসন্ন বিষয় সম্পর্কে অনেক প্রচার এবং বহু ভবিষ্যদ্বাণী করা হয়েছিলো। এবং এইভাবে পঁয়ষট্টিতম বছর অতিবাহিত হয়েছিলো।

১৫ এবং এটা ঘটলো যে বিচারকদের রাজত্বকালের ছেষট্টিতম বছরের সময়, দেখো, সিজোরাম একজন অজানা ব্যক্তির হাতে হত্যা হন যখন তিনি বিচার-আসনে বসে ছিলেন। এবং এটা ঘটলো যে একই বছরে, তাঁর পুত্র, যে জনগণের দ্বারা তাঁর পরিবর্তে নিযুক্ত হয়েছিলো, সেও হত্যা হয়েছিলো। এবং এইভাবে ছেষট্টিতম বছর সমাপ্ত হয়েছিলো।

১৬ এবং সাতষট্টিতম বছরের শুরুতে জনগণ আবার অত্যন্তভাবে মন্দ হতে শুরু করেছিলো।

১৭ কারণ দেখো, প্রভু তাদেরকে জগতের সম্পদ দিয়ে এতদিন আশীর্বাদ করেছেন ফলে তারা যুদ্ধ করতে, কিংবা রক্তপাত করতে রাগে উত্তেজিত হয়নি; তাই তারা তাদের সম্পদের উপরে তাদের হৃদয় স্থাপন করেছিলো; হ্যাঁ, তারা সম্পদ লাভের চেষ্টা করতে শুরু করেছিলো যাতে তারা একজন আরেকজনের উপরে উঠতে পারে; তাই তারা গোপনে হত্যা, ও ডাকাতি এবং লুঠ করতে শুরু করেছিলো, যাতে তারা সম্পদ লাভ করতে পারে।

১৮ এবং এখন দেখো, সেই হত্যাকারীরা এবং লুণ্ঠনকারীরা কিসকুমেন এবং গাদিয়ানটনের দ্বারা গঠিত একটা ডাকাতদল ছিলো। এবং এখন এটা ঘটলো যে সেখানে বিশেষভাবে নেফীয়দের মধ্যে, গাদিয়ানটন ডাকাতদলের অনেকেই ছিলো। কিন্তু দেখো, লামানীয়দের আরও মন্দ অংশের মধ্যে তারা আরও বেশি ছিলো। এবং তাদেরকে গাদিয়ানটনের ডাকাত এবং হত্যাকারী ডাকা হতো।

১৯ এবং এটা তারাই ছিলো যারা প্রধান বিচারক সিজোরাম, এবং তাঁর পুত্রকে বিচার-আসনে থাকাকালীন সময়ে হত্যা করেছিলো; এবং দেখো, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।

২০ এবং এখন এটা ঘটলো যে লামানীয়রা যখন জানতে পারলো যে সেখানে তাদের মধ্যে ডাকাতরা আছে তারা অত্যন্তভাবে দুঃখিত হয়েছিলো; এবং তাদেরকে ভূমণ্ডল থেকে ধ্বংস করতে তারা তাদের ক্ষমতাতে সব পদ্ধতি অবলম্বন করেছিলো।

২১ কিন্ত দেখো, শয়তান নেফীয়দের বেশির ভাগ অংশের হৃদয়কে উত্তেজিত করেছিলো, এতটাই যে তারা সেই ডাকাতদলের ডাকাতদের সাথে যোগ দিয়েছিলো, এবং তাদের চুক্তি ও শপথে প্রবেশ করেছিলো, যে যেকোনো কঠিন পরিস্থিতিতে তাদের রাখা হোক না কেনো তারা একজন আরেকজনকে রক্ষা এবং সংরক্ষণ করবে, যাতে তাদের হত্যা, ও তাদের লুণ্ঠন, এবং তাদের চুরির জন্য তাদের কষ্টভোগ করতে না হয়।

২২ এবং এটা ঘটলো যে তাদের অনেক চিহ্ন ছিলো, হ্যাঁ, তাদের গোপন চিহ্ন, এবং তাদের গোপন কথা; এবং এটা ছিলো যাতে তারা একজন ভাইকে চিনতে পারে যে তাদের চুক্তিতে প্রবেশ করেছিলো, যে যেকোনো মন্দতা তার ভাই করুক না কেনো সে তার ভাইয়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হবে না, কিংবা তাদের দ্বারাও না যারা তার ডাকাতদলের অন্তর্ভুক্ত, যারা এই চুক্তি গ্রহণ করেছে।

২৩ এবং এইভাবে তারা দেশের আইন এবং তাদের ঈশ্বরের আইনের বিপরীতে হত্যা, এবং লুণ্ঠন, এবং চুরি, এবং ব্যাভিচার এবং সকল রকমের মন্দতা করতে পারে।

২৪ এবং যে কেউ যারা তাদের ডাকাতদলের অন্তর্গত ছিলো, জগতের কাছে তাদের মন্দতা এবং তাদের জঘন্যতা সম্পর্কে প্রকাশ করতো, তাদের বিচারে আনা হতো, তাদের দেশের আইন অনুসারে নয়, বরং তাদের মন্দতার আইন অনুসারে, যা গাদিয়ানটন এবং কিসকুমেনের দ্বারা দেওয়া হয়েছিলো।

২৫ এখন দেখো, এটাই সেই শপথগুলো এবং চুক্তিগুলো যা আলমা তাঁর পুত্রকে জগতের কাছে প্রকাশ করতে নিষেধ করেছিলেন, যাতে পাছে এগুলো তাদের জনগণের ধ্বংসের একটা প্রক্রিয়া হয়ে ওঠে।

২৬ এখন দেখো, সেই গোপন শপথগুলো এবং চুক্তিগুলো সেই নথি থেকে গাদিয়ানটনের কাছে আসেনি যা হেলামানকে দেওয়া হয়েছিলো; কিন্তু দেখো, সেগুলো গাদিয়ানটনের হৃদয়ে সেই একই ব্যক্তি স্থাপন করেছিলো যে আমাদের প্রথম পিতা-মাতাকে নিষিদ্ধ ফল খেতে প্রলোভিত করেছিলো—

২৭ হ্যাঁ, সেই একই ব্যক্তি যে কয়িনের সাথে চক্রান্ত করেছিলো, যে যদি সে তার ভাই হেবলকে হত্যা করে এটা জগতের কাছে প্রকাশিত হবে না। এবং সে কয়িন এবং তার অনুসারীদের সাথে সেই সময় থেকে এখন পর্যন্ত চক্রান্ত করেছিলো।

২৮ এবং এটা সেই একই ব্যক্তি যে একটা পর্যাপ্তভাবে উঁচু দুর্গ নির্মাণ করতে এটা জনগণের হৃদয়ে স্থাপন করেছিলো যে তারা স্বর্গে যেতে পারবে। এবং এটা ছিলো সেই একই ব্যক্তি যে জনগণকে বিভ্রান্ত করেছিলো যারা সেই দুর্গ থেকে এই ভূমিতে এসেছিলো; যে ব্যক্তি সমস্ত ভূমণ্ডলে অন্ধকারের কার্যকলাপ এবং জঘন্যতা ছড়িয়েছিলো, যতক্ষণ না পর্যন্ত সে জনগণকে একটা সম্পূর্ণ ধ্বংস, এবং একটা চিরস্থায়ী নরকের দিকে টেনে নিয়ে যায়।

২৯ হ্যাঁ, এটা সেই একই ব্যক্তি যে অন্ধকারের কার্যকলাপ এবং গোপন হত্যা চালিয়ে যেতে গাদিয়ানটনের হৃদয়ে এটা স্থাপন করেছিলো; এবং সে এটা মানবজাতির শুরুর থেকে এই সময় পর্যন্ত বয়ে নিয়ে এসেছে।

৩০ এবং দেখো, এই হলো সে যে সকল পাপের সৃষ্টিকারী। এবং দেখো, সে তার অন্ধকারের কার্যকলাপ এবং গোপন হত্যাকার্য চালিয়ে যাচ্ছে, এবং তাদের চক্রান্তগুলো, এবং তাদের শপথগুলো, এবং তাদের চুক্তিগুলো, এবং তাদের ভয়ংকর মন্দতার পরিকল্পনাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তর করে সে যতটা সম্ভব মনুষ্য সন্তানদের হৃদয় ধারণ করে চলেছে।

৩১ এবং এখন দেখো, সে দৃঢ়ভাবে নেফীয়দের হৃদয় ধরে রেখেছিলো; হ্যাঁ, এতটাই যে তারা অত্যন্তভাবে মন্দে পরিণত হয়েছিলো; হ্যাঁ, তাদের বেশির ভাগ অংশই ধার্মিকতার পথ থেকে সরে গিয়েছিলো, এবং তাদের পায়ের নিচে ঈশ্বরের আজ্ঞাগুলোকে পদদলিত করেছিলো, এবং তাদের নিজেদের পথে গিয়েছিলো, এবং তাদের স্বর্ণ এবং তাদের রূপার থেকে নিজেদের জন্য প্রতিমা নির্মাণ করেছিলো।

৩২ এবং এটা ঘটলো যে এই সকল অন্যায়গুলো তাদের কাছে খুব কম বছরের মধ্যেই এসে পড়েছিলো, এতটাই যে এটার বেশির ভাগ অংশ নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের সাতষট্টিতম বছরের সময় তাদের কাছে এসেছিলো।

৩৩ এবং ধার্মিকদেরকে মহা শোক এবং বিলাপ করাতে, আটষট্টিতম বছরেও তারা তাদের অন্যায়ে বৃদ্ধি পেয়েছিলো।

৩৪ এবং এইভাবে আমরা দেখি যে নেফীয়রা অবিশ্বাসে হ্রাস পেতে, এবং মন্দতা ও জঘন্যতায় বৃদ্ধি পেতে শুরু করেছিলো, যেখানে লামানীয়রা তাদের ঈশ্বরের জ্ঞানে অত্যন্তভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিলো; হ্যাঁ, তারা তাঁর আইন এবং আজ্ঞাগুলো পালন করতে, এবং তাঁর সামনে সত্য ও ন্যায়পরায়ণতায় চলতে শুরু করেছিলো।

৩৫ এবং এইভাবে আমরা দেখি যে তাদের মন্দতা এবং তাদের হৃদয়ের কঠোরতার কারণে, প্রভুর আত্মা নেফীয়দের থেকে সরে যেতে শুরু করেছিলো।

৩৬ এবং এইভাবে আমরা দেখি যে তাদের সরলতা এবং তাঁর বাক্যে বিশ্বাস করার ইচ্ছার কারণে, প্রভু লামানীয়দের উপর তাঁর আত্মা ঢেলে দিতে শুরু করেছিলেন।

৩৭ এবং এটা ঘটলো যে লামানীয়রা গাদিয়ানটনের ডাকাতদলের ডাকাতদেরকে খুঁজে বের করেছিলো; এবং তারা তাদের বেশির ভাগ মন্দ অংশের মধ্যে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলো, এতোটাই যে এই ডাকাতদলের ডাকাতরা লামানীয়দের মধ্যে থেকে সম্পূর্ণভাবে অস্তিত্বহীন হয়ে গিয়েছিলো।

৩৮ এবং এটা ঘটলো যে অন্যদিকে নেফীয়রা, তাদেরকে বৃদ্ধি করেছিলো এবং সহযোগিতা করেছিলো, তাদের বেশি মন্দ অংশ থেকে শুরু করে, যতক্ষণ না তারা নেফীয়দের সমস্ত ভূমির উপরে ছড়িয়ে যায়, এবং ধার্মিকদের বেশির ভাগ অংশকে প্রলোভিত করে যতক্ষন না তারা তাদের কাজের মাধ্যমে বিশ্বাসে অবনত হয় এবং তাদের লুঠের কাজে অংশ নেয়, এবং তাদের সাথে তাদের গোপন হত্যা এবং গুপ্ত সংঘে যুক্ত হয়।

৩৯ এবং এইভাবে তারা সরকারের স্বতন্ত্র ব্যবস্থাপনা অর্জন করেছিলো, এতোটাই যে তারা গরীব, এবং নম্র এবং ঈশ্বরের নম্র অনুসারীদেরকে পদলিত করেছিলো, ও আঘাত করেছিলো এবং দুর্দশাগ্রস্ত করেছিলো এবং তাদের থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছিলো।

৪০ এবং এইভাবে আমরা দেখি যে তারা একটা ভয়ঙ্কর অবস্থায় ছিলো, এবং একটা চিরস্থায়ী ধ্বংসের জন্য প্রস্তুত হচ্ছিলো।

৪১ এবং এটা ঘটলো যে এইভাবে নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের আটষট্টিতম বছর সমাপ্ত হয়েছিলো।