অধ্যায় ১২
মানুষেরা হলো অস্থির ও বোকা এবং মন্দ কাজে দ্রুত—প্রভু তাঁর লোকদের শাস্তি দেন—মানুষের অসারতা; প্রভুর ক্ষমতার সাথে তুলনা করা হয়—বিচারের দিনে, মানুষেরা অনন্ত জীবন অথবা চিরস্থায়ী নরকযাতনা পাবে। প্রায় ৬ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এইভাবে আমরা দেখতে পাই যে মনুষ্য সন্তানদের হৃদয় কতটা মিথ্যা, এবং পরিবর্তনযোগ্যও; হ্যাঁ, আমরা দেখতে পাই যে প্রভু তাঁর মহা অসীম সদগুণে আশীর্বাদ এবং সমৃদ্ধি করেন যারা তাঁর উপর তাদের বিশ্বাস রাখে।
২ হ্যাঁ, এবং আমরা দেখতে পাই সুনির্দিষ্ট সময়ে যখন তিনি তাঁর লোকদের উন্নতি করেন, হ্যাঁ, তাদের ক্ষেত, মেষপাল ও পশুপাল, স্বর্ণ, রূপা, এবং সকল ধরনের বহুমূল্যবান জিনিস ও সকল প্রকারের দক্ষতা বৃদ্ধি করেন; তাদের জীবন রক্ষা করেন, এবং তাদের শত্রুদের হাত থেকে উদ্ধার করেন; তাদের শত্রুদের হৃদয় কোমল করেন যাতে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে; হ্যাঁ, এবং সংক্ষেপে, তাঁর লোকদের মঙ্গল এবং সুখের জন্য সমস্ত কিছু করেন; হ্যাঁ, পরে সেই সময়ে তারা তাদের হৃদয় কঠোর করে, এবং তাদের প্রভু ঈশ্বরকে ভুলে যায়, এবং তাদের পায়ের নিচে পবিত্রতমকে পিষ্ট করে—হ্যাঁ, এবং তাদের আরাম, এবং তাদের অত্যন্তভাবে মহা উন্নতির কারণে এটা হয়।
৩ এবং তাই আমরা দেখতে পাই যে যদি প্রভু তাঁর লোকদের অনেক কষ্ট দিয়ে শাস্তি না দেন, হ্যাঁ, যদি তিনি তাদের মৃত্যু ও ভয়, দুর্ভিক্ষ, এবং সব ধরণের মহামারী না দেন, তারা তাঁকে স্মরণে রাখবে না।
৪ ওহে কতোটা বোকা, কতোটা নিরর্থক, কতোটা মন্দ, কতোটা শয়তান এবং অন্যায় করতে কতোটা দ্রুত, এবং ভালো কাজ করতে কতোটা ধীর মনুষ্য সন্তানেরা; হ্যাঁ, কতোটা দ্রুত মন্দ জনের কথা শুনতে, এবং জগতের নিরর্থক জিনিসে তাদের হৃদয় স্থাপন করতে!
৫ হ্যাঁ, অহংকারে উপরে উন্নীত হতে কতোটা দ্রুত; হ্যাঁ দম্ভ করতে এবং সকল ধরনের অন্যায় করতে কতোটা দ্রুত; এবং তাদের প্রভু ঈশ্বরকে স্মরণ করতে এবং তাঁর উপদেশ শুনতে কতোটা ধীর তারা, হ্যাঁ, কতোটা ধীর তাঁর জ্ঞানের পথে হাঁটতে!
৬ দেখো, তারা চায় না যে তাদের প্রভু ঈশ্বর, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের উপর শাসন এবং রাজত্ব করুন; তাদের প্রতি তাঁর মহা সদগুণ এবং করুণা থাকা সত্ত্বেও, তারা তাঁর উপদেশগুলো অবজ্ঞা করেছিলো, এবং তারা চায় না যে তিনি তাদের পথপ্রদর্শক হন।
৭ ওহে কতোটা বিশাল মনুষ্য সন্তানদের অসারতা; হ্যাঁ, এমনকি তারা পৃথিবীর ধূলিকণার চেয়েও নগণ্য।
৮ কারণ দেখো, পৃথিবীর ধূলিকণা আমাদের মহান এবং চিরস্থায়ী ঈশ্বরের আদেশে এদিক থেকে ওদিকে যায় এবং বিভক্ত হয়।
৯ হ্যাঁ, দেখো তাঁর কণ্ঠস্বরে পাহাড় এবং পর্বতমালা কম্পিত হয়।
১০ এবং তাঁর কণ্ঠস্বরের ক্ষমতায় সেগুলো ভেঙ্গে যায়, এবং মসৃণ হয়, হ্যাঁ, এমনকি একটা উপত্যকার মতো।
১১ হ্যাঁ, এমনকি তাঁর কণ্ঠস্বরের ক্ষমতায় সমস্ত পৃথিবী কেঁপে ওঠে;
১২ হ্যাঁ, তাঁর কণ্ঠস্বরের ক্ষমতায় এমনকি একেবারে কেন্দ্র পর্যন্ত ভিত্তিগুলো কেঁপে উঠে।
১৩ হ্যাঁ, যদি তিনি পৃথিবীকে বলেন—সরে যাও—এটা সরে যায়।
১৪ হ্যাঁ, যদি তিনি পৃথিবীকে বলেন—তুমি পিছনে যাও, যাতে এটা বহু ঘণ্টার জন্য দিনকে দীর্ঘায়িত করে—এটা হবে;
১৫ এবং এইজন্য, তাঁর বাক্য অনুসারে পৃথিবী পিছনে যায়, এবং মানুষের কাছে এটা মনে হয় যে সূর্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে; হ্যাঁ, এবং দেখো, এইভাবে এটা হয়; কারণ সত্যই এটা হলো পৃথিবী যা পিছনে যায় এবং সূর্য যায় না।
১৬ এবং দেখো, যদি তিনি মহা গভীরের জলকেও বলেন—তুমি শুকিয়ে যাও—এটাই হবে।
১৭ দেখো, যদি তিনি এই পর্বতকে বলেন—তুমি ওঠো, এবং সেই শহরে এসে পতিত হও, যাতে এটা সমাহিত হয়—দেখো এটাই হবে।
১৮ এবং দেখো, যদি একজন মানুষ ভূমিতে কোনো গুপ্তধন লুকিয়ে রাখে, এবং প্রভু বলবেন—যে এটা লুকিয়ে রেখেছে তার অন্যায়ের কারণে এটা অভিশপ্ত হোক—দেখো, এটা অভিশপ্ত হবে।
১৯ এবং যদি তিনি বলেন—তুমি অভিশপ্ত হও, যাতে কোনো মানুষ এই সময় থেকে এবং চিরকালের জন্য তোমাকে না পায়—দেখো, কোনো মানুষ এখন থেকে এবং চিরকালের জন্য এটা পাবে না।
২০ এবং দেখো, যদি প্রভু একজন মানুষকে বলেন—তোমার অন্যায়ের কারণে, তুমি চিরকালের জন্য অভিশপ্ত হবে—এটাই হবে।
২১ এবং যদি প্রভু বলেন—তোমার অন্যায়ের কারণে তোমাকে আমার উপস্থিতি থেকে ছিন্ন করা হবে—তিনি এটাই করবেন।
২২ এবং ধিক্ তাকে যাকে তিনি এটা বলবেন, কারণ এটা তাকেই বলা হবে যে অন্যায় করবে, এবং তাকে রক্ষা করা যাবে না; তাই, এই কারণে অনুতাপ ঘোষণা করা হয়েছিলো যাতে মানুষদেরকে রক্ষা করা যায়।
২৩ অতএব, ধন্য তারা যারা অনুতাপ করবে এবং তাদের প্রভু ঈশ্বরের কণ্ঠস্বরের প্রতি কর্ণপাত করবে; কারণ এরাই হলো তারা যাদের রক্ষা করা হবে।
২৪ এবং ঈশ্বর যেনো তাঁর মহান পরিপূর্ণতায় মেনে নেন, যেনো মানুষদেরকে অনুতাপ এবং ভালো কাজে নিয়ে আসা যায়, যাতে তারা তাদের কাজ অনুযায়ী অনুগ্রহের উপর অনুগ্রহ ফিরিয়ে আনতে পারে।
২৫ আর আমি চাই যেনো সমস্ত মানুষ রক্ষা পায়। কিন্তু আমরা পড়েছি যে সেখানে কয়েকজন আছে যাদেরকে সেই মহান এবং শেষ দিনে বিতাড়িত করা হবে, হ্যাঁ, যাদেরকে প্রভুর উপস্থিতি থেকে বিতাড়িত করা হবে;
২৬ হ্যাঁ, যাদেরকে অন্তহীন দুর্দশার একটা অবস্থাতে প্রেরণ করা হবে, সেই বাক্যগুলো পূরণ করতে যা বলে: তারা যারা ভালো কাজ করেছে অনন্ত জীবন পাবে; এবং তারা যারা মন্দ কাজ করেছে চিরস্থায়ী নরকযাতনা পাবে। এবং এভাবেই এটা হয়। আমেন।