মরমনের দ্বিতীয় চিঠি তাঁর পুত্র মরনীর কাছে।
৯ অধ্যায় নিয়ে গঠিত।
অধ্যায় ৯
নেফীয়রা এবং লামানীয়রা উভয়ই চরিত্রহীন এবং অধঃপতিত—তারা অত্যাচার করে এবং একে অপরকে হত্যা করে—মরমন প্রার্থনা করেন যেনো অনুগ্রহ এবং সদগুণ চিরকাল মরনীর উপর থাকে। প্রায় ৪০১ খ্রীষ্টপূর্বাব্দে।
১ আমার প্রিয় পুত্র, আমি আবার তোমার কাছে লিখছি যাতে তুমি জানো যে আমি এখনও বেঁচে আছি; কিন্তু আমি সেটার বিষয় কিছুটা লিখছি যা হলো দুঃখজনক।
২ কারণ দেখো, লামানীয়দের সাথে আমার একটা যন্ত্রনাদায়ক লড়াই হয়েছে, যেটাতে আমারা জয়ী হইনি; এবং আর্খিয়ানতাস তরবারি দ্বারা পতিত হয়েছে, লুরাম এবং এমরনও; হ্যাঁ, এবং আমরা আমাদের মনোনীত লোকদের একটা বিশাল সংখ্যা হারিয়েছি।
৩ এবং এখন দেখো, আমার পুত্র, আমি ভয় করছি যে লামানীয়রা এই মানুষদের ধ্বংস করে ফেলবে; কারণ তারা অনুতাপ করে না, এবং শয়তান ক্রমাগতভাবে এই লোকদের একজনের সাথে আরেকজনকে ক্রোধে উত্তেজিত করে।
৪ দেখো, আমি ক্রমাগতভাবে তাদের সাথে পরিশ্রম করছি; এবং যখন আমি প্রভুর বাক্য কঠোরতার সাথে বলি তারা কাঁপে এবং আমার বিরুদ্ধে রাগ করে; এবং যখন আমি কোনো কঠোরতা ব্যবহার না করি তারা তাদের হৃদয়কে এটার বিরুদ্ধে কঠোর করে তোলে; তাই, আমি ভয় করছি যে প্রভুর আত্মা তাদের সাথে কাজ করা বন্ধ করে দিয়েছে।
৫ কারণ তারা এতটাই প্রচন্ডভাবে রাগ করে যে এটা আমার কাছে মনে হয় যে তাদের মৃত্যুর কোন ভয় নেই; এবং তারা একে অন্যের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছে; এবং তারা ক্রমাগতভাবে রক্ত এবং প্রতিশোধে তৃষ্ণার্ত হয়েছে।
৬ এবং এখন, আমার প্রিয় পুত্র, তাদের কঠোরতা সত্ত্বেও, আমাদেরকে অধ্যবসায়ের সাথে কাজ করতে হবে; কারণ যদি আমরা কাজ করা বন্ধ করে দেই, আমাদেরকে দোষারোপের অধীনে নিয়ে আসা হবে; কারণ এই মাটির দেহে থাকাকালীন সময়ে আমাদের একটা কাজ করার আছে, যাতে আমরা ধার্মিকতার সকল শত্রুদের জয় করতে পারি, এবং আমাদের আত্মা ঈশ্বরের রাজ্যে বিশ্রামে রাখতে পারি।
৭ এবং এখন আমি এই মানুষদের কষ্টভোগের সম্পর্কে কিছুটা লিখছি। কারণ সেই বিবরণ অনুসারে যা আমি আমোরোনের থেকে পেয়েছি, দেখো, লামানীয়দের কাছে অনেক বন্দী আছে, যাদের তারা শেরীসাহর দুর্গ থেকে নিয়েছিলো; এবং সেখানে পুরুষ, নারী, এবং শিশুরা ছিলো।
৮ এবং সেই নারীদের স্বামী ও শিশুদের পিতাদের তারা হত্যা করেছে; এবং তারা নারীদেরকে তাদের স্বামীর মাংস, এবং শিশুদেরকে তাদের পিতার মাংস খাইয়েছে; এবং সামান্য কিছু ছাড়া তারা তাদের কোনো জল দেয়নি।
৯ এবং লামানীয়দের এই মহা জঘন্যতা সত্ত্বেও, এটা মোরিয়ানটামে আমাদের সেই লোকদেরকে ছাড়িয়ে যেতে পারেনি। কারণ দেখো, লামানীয়দের অনেক কন্যাদেরকে তারা বন্দী করে নিয়ে আসে; এবং তাদেরকে সেটা থেকে বঞ্চিত করার পর যা সবকিছুর ঊর্ধ্বে সবচেয়ে প্রিয় এবং মূল্যবান ছিলো, যা হলো বিশুদ্ধতা এবং সচ্চরিত্রতা—
১০ এবং তারা এই জিনিসটা করার পর, তারা তাদেরকে সবচেয়ে নিষ্ঠুর উপায়ে হত্যা করেছিলো, মৃত্যু অবধি তাদের দেহকে নির্যাতন করেছিলো; এবং তারা এটা করার পরে, তারা তাদের হৃদয়ের কঠোরতার কারণে তাদের মাংস ভক্ষণ করে; এবং তারা এটা সাহসিকতার একটা প্রতীক হিসেবে করে।
১১ হে আমার প্রিয় পুত্র, কিভাবে একজন মানুষ এইরকম হতে পারে, যারা হলো সভ্যতাহীন—
১২ (এবং মাত্র কিছু বছর অতিবাহিত হয়েছে, এবং তারা সভ্য এবং একটা আনন্দদায়ক জাতি ছিলো)
১৩ কিন্তু হে আমার পুত্র, কিভাবে একটা জাতি এইরকম হতে পারে, যাদের আনন্দ হলো এত জঘন্যতায়—
১৪ আমরা কিভাবে আশা করতে পারি যে বিচারে ঈশ্বর তাঁর হাত আমাদের বিরুদ্ধে আটকে রাখবেন?
১৫ দেখো, আমার হৃদয় কাঁদে: ধিক্ এই মানুষদেরকে। হে ঈশ্বর, বিচার করতে আসুন, এবং তাদের পাপ, এবং মন্দতা, এবং জঘন্যতা আপনার মুখের সামনে থেকে লুকিয়ে রাখুন!
১৬ এবং আবার, আমার পুত্র, সেখানে অনেক বিধবা এবং তাদের কন্যারা আছে যারা শেরীসাহতে থেকে যায়; খাদ্যের যোগানের সেই অংশটা যা লামানীয়রা নিয়ে যায়নি, দেখো, সেনেফীর সৈন্যরা সেটা নিয়ে গেছে, এবং যেখান থেকে পারে খাদ্য খোঁজার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিলো; এবং অনেক বৃদ্ধ নারী ভ্রমণকালে অজ্ঞান হয় এবং মারা যায়।
১৭ এবং সৈন্যদল যারা আমার সাথে আছে তারা হলো দুর্বল; এবং লামানীয়দের সৈন্যদল শেরীসাহ এবং আমার মধ্যে আছে; এবং যতজন পালিয়ে হারোণের সৈন্যদলের কাছে গিয়েছে তাদের ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছে।
১৮ হায় আমার লোকদের অধঃপতন! তারা শৃঙ্খলাহীন এবং করুণাহীন। দেখো, আমি শুধু একজন মানুষ, এবং আমার শুধু একজন মানুষের শক্তি আছে, আমি আর আমার আদেশ জারি করতে পারি না।
১৯ এবং তারা তাদের বিকৃতিতে শক্তিশালী হয়েছে; এবং একইভাবে তারা নিষ্ঠুর হয়েছে, কাউকে রেহাই দেয় না, না বৃদ্ধ না তরুণ; এবং তারা যা ভালো সেটা ছাড়া সবকিছুতে আনন্দ করে; এবং এই ভূমণ্ডলে আমাদের নারীদের এবং শিশুদের কষ্টভোগ সবকিছুকে ছাড়িয়ে গেছে; হ্যাঁ, জিহ্বা বলতে পারবে না, কিংবা এটা লেখাও যাবে না।
২০ এবং এখন আমার পুত্র, আমি এই ভয়ানক দৃশ্যের সম্পর্কে আর বলবো না। দেখো, তুমি এই মানুষদের মন্দতা সম্পর্কে জানো; তুমি জানো যে তারা নীতিহীন, এবং অনুভূতিহীন; এবং তাদের মন্দতা সেই লামানীয়দেরকে ছাড়িয়ে গিয়েছে।
২১ দেখো, আমার পুত্র, আমি তাদেরকে ঈশ্বরের কাছে সুপারিশ করতে পারি না ভয়ের জন্য যে তিনি আমাকে আঘাত করবেন।
২২ কিন্তু দেখো, আমার পুত্র, আমি তোমাকে ঈশ্বরের কাছে সুপারিশ করি, এবং আমি খ্রীষ্টে বিশ্বাস করি যে তোমাকে রক্ষা করা হবে; এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেনো তিনি তোমার জীবন রক্ষা করেন, তাঁর লোকদের তাঁর দিকে ফিরে আসা, অথবা সম্পূর্ণ ধ্বংস হওয়ার সাক্ষী হতে; কারণ আমি জানি যে তারা অনুতাপ করা এবং তাঁর কাছে ফিরে আসা ছাড়া অবশ্যই ধ্বংস হবে।
২৩ এবং যদি তারা ধ্বংস হয়ে যায় এটা হবে সেই যেরদীয়দের মতো, তাদের হৃদয়ের স্বেচ্ছাচারিতা, রক্ত ও প্রতিশোধের অন্বেষণের কারণে।
২৪ এবং যদি এটা হয় যে তারা ধ্বংস হয়, আমরা জানি যে আমাদের অনেক ভাইয়েরা লামানীয়দের সাথে যোগদান করেছে এবং আরো অনেকে যোগদান করবে; অতএব, যদি তুমি রক্ষা পাও এবং আমি ধ্বংস হয়ে যাই এবং তোমাকে দেখতে না পাই, কিছু জিনিস লিখো; কিন্তু আমি বিশ্বাস করি যে আমি তোমাকে শীঘ্রই দেখতে পাবো; কারণ আমার কাছে পবিত্র নথি আছে যা আমি তোমাকে প্রদান করবো।
২৫ আমার পুত্র, খ্রীষ্টে বিশ্বাসী হও; এবং আমি যা লিখেছি সেই জিনিসগুলো নিয়ে দুঃখ পেয়ো না, যেটাতে তুমি ভারাক্রান্ত হয়ে মৃত্যুর দিকে যাও; কিন্তু খ্রীষ্ট যেনো তোমাকে উপরে তোলেন, এবং তাঁর কষ্টভোগ এবং মৃত্যু, এবং আমাদের পূর্বপুরুষদের কাছে তাঁর দেহ প্রকাশ, এবং তাঁর করুণা এবং দীর্ঘ-সহিষ্ণুতা, এবং তাঁর মহিমার আশা এবং অনন্ত জীবন, চিরকাল যেনো তোমার মনে থাকে।
২৬ এবং সেই পিতা ঈশ্বরের অনুগ্রহ, স্বর্গে যার সিংহাসন উচ্চে, এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্ট, যিনি তাঁর ক্ষমতার ডান পাশে বসে আছেন, যতক্ষণ না পর্যন্ত সকল কিছু তাঁর অধীনস্ত হয়, বিরাজমান, এবং চিরকাল তোমার সঙ্গে থাকুক। আমেন।