অধ্যায় ৬
প্রভু শেষ কালে ইস্রায়েলদের একত্রিত করবেন—জগত আগুন দিয়ে পোড়ানো হবে—মানুষদের আগুন ও গন্ধক হ্রদ এড়াতে অবশ্যই খ্রীষ্টকে অনুসরণ করতে হবে। প্রায় ৫৪৪–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন, দেখো, আমার ভাইয়েরা, যেহেতু আমি তোমাদের কাছে বলেছিলাম যে আমি ভবিষ্যদ্বাণী করবো, দেখো এটা হলো আমার ভবিষ্যদ্বাণী—এটা সেই বিষয়গুলো যা ভাববাদী সেনোস বলেছিলেন, ইস্রায়েলের বংশধরদের সম্পর্কে, যেখানে তিনি তাদেরকে চাষকৃত জলপাই গাছের সাথে তুলনা করেছিলেন, তা অবশ্যই ঘটবে।
২ এবং সেই দিন তিনি তাঁর হাত দিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর লোকদের একত্রিত করা শুরু করবেন, হ্যাঁ, সেই দিন, তথা শেষ সময়, যখন প্রভুর দাসেরা তাঁর ক্ষমতায় সামনে এগিয়ে যাবে, তাঁর আঙ্গুর-ক্ষেত পরিপুষ্ট এবং ছাঁটাই করতে; এবং এটার পরেই শীঘ্রই শেষ আসবে।
৩ এবং কতই না আশীর্বাদপ্রাপ্ত তারা যারা তাঁর আঙ্গুর-ক্ষেতে অধ্যবসায়ের সাথে কাজ করেছিলো; এবং কতই না অভিশপ্ত তারা যাদেরকে তাদের উপযুক্ত স্থানে নিক্ষেপ করা হবে! এবং জগৎ আগুন দিয়ে পোড়ানো হবে।
৪ এবং আমাদের ঈশ্বর আমাদের প্রতি কতই না করুনাময়, কারণ তিনি ইস্রায়েলের বংশধরদের শিকড়গুলো এবং শাখাগুলো উভয়ই মনে রেখেছেন; এবং তিনি তাদের প্রতি তাঁর হাত সমস্ত দিন ধরে প্রসারিত করে রাখেন; কিন্তু তারা হলো জেদী এবং বিরোধিতা করা মানুষ; কিন্তু যতজন তাদের হৃদয়কে কঠোর করবে না, তাদেরকে ঈশ্বরের রাজ্যে রক্ষা করা হবে।
৫ অতএব, প্রিয় ভাইয়েরা আমার, আমি তোমাদের কাছে বিনীত বাক্যে অনুনয় করছি যে, তোমরা অনুতাপ করবে এবং হৃদয়ের পূর্ণ উদ্দেশ্য নিয়ে আসবে, এবং ঈশ্বরের প্রতি বিশস্ত থাকো যেমনটা তিনি তোমাদের প্রতি বিশস্ত আছেন। এবং তোমাদের হৃদয় কঠোর করো না, যখন তিনি তাঁর করুণার বাহু সেই দিনের আলোতে তোমাদের দিকে প্রসারিত করেন।
৬ হ্যাঁ, আজকে, তোমরা তোমাদের হৃদয় কঠোর করো না যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও; কেনো তুমি মরবে?
৭ কারণ দেখো, সমস্ত দিন ঈশ্বরের ভালো বাক্য দ্বারা তোমাদের পরিপুষ্ট করার পরেও, তোমরা কি মন্দ ফল উৎপন্ন করবে, যাতে তোমাদের অবশ্যই কেটে ফেলা হয় এবং আগুনে নিক্ষেপ করা হয়?
৮ দেখো, তোমরা কি এই বাক্যগুলো অস্বীকার করবে? তোমরা কি ভাববাদীদের বাক্যগুলো অস্বীকার করবে; এবং অনেকজন তাঁর সম্পর্কে বলার পরেও তোমরা কি সেই সমস্ত বাক্যগুলো যা খ্রীষ্টের সম্পর্কে বলা হয়েছিলো সেগুলো অস্বীকার করবে; এবং খ্রীষ্টের ভালো বাক্যগুলো, ঈশ্বরের ক্ষমতা, এবং পবিত্র আত্মার উপহার কি অগ্রাহ্য করবে, এবং পবিত্র আত্মার অনুপ্রেরণা ধ্বংস করবে এবং মুক্তির সেই মহান পরিকল্পনা যা তোমাদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে তা কি তোমরা উপহাস করবে?
৯ তোমরা কি জানো না যে, যদি তোমরা এই জিনিসগুলো করো, তবে খ্রীষ্টের মধ্যে যে মুক্তি এবং পুনরুত্থানের ক্ষমতা রয়েছে, তা তোমাদেরকে লজ্জা এবং ভয়াবহ অন্যায়ের সাথে ঈশ্বরের সামনে কাঁঠগড়ায় দাঁড় করাবে?
১০ এবং বিচারের ক্ষমতা অনুসারে, কারণ বিচারকে অগ্রাহ্য করা যায় না, তোমাদের অবশ্যই সেই আগুন ও গন্ধকের হ্রদে যেতে হবে, যেটার অগ্নিশিখা অনির্বাপনীয়, এবং যেটার ধোঁয়া চিরকাল এবং সদা উদিয়মান, যে আগুন ও গন্ধকের হ্রদ হলো অবিরাম যন্ত্রণা।
১১ অতএব, হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা অনুতাপ করো, এবং সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, এবং সেই সরু পথে চলতে থাকো, যতক্ষণ না তোমরা অনন্ত জীবন পাও।
১২ হে তোমরা জ্ঞানী হও; আমি আর কি বলতে পারি?
১৩ পরিশেষে, আমি তোমাদের বিদায় জানাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সাথে আমার ঈশ্বরের সেই আনন্দদায়ক কাঠগড়ার সামনে সাক্ষাৎ হবে, যে কাঠগড়া দুষ্টদেরকে ভয়াবহ শঙ্কা এবং ভয় নিয়ে আশ্চর্যান্বিত করে। আমেন।