ধর্মশাস্ত্র
যাকোব ১


যাকোবের পুস্তক
নেফীর ভাই

তাঁর ভাইদের কাছে তাঁর প্রচারের বাক্য। তিনি এমন একজন ব্যক্তিকে নিরুত্তর করেন যে খ্রীষ্টের উপদেশাবলীকে ধ্বংস করতে চায়। নেফীর লোকদের ইতিহাস সম্পর্কে কিছু বাক্য।

অধ্যায় ১

যাকোব ও যোষেফ মানুষদেরকে বোঝাতে চেষ্টা করেন খ্রীষ্টে বিশ্বাস করতে এবং তাঁর আজ্ঞা পালন করতে—নেফীর মৃত্যু হয়—নেফীয়দের মধ্যে মন্দতা বিস্তার হয়। প্রায় ৫৪৪–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে

কারণ দেখো, এটা ঘটলো যে, লেহী যিরূশালেম ত্যাগ করার সময় থেকে পঞ্চান্ন বছর অতিক্রান্ত হয়েছিলো; অতএব, নেফী আমাকে, অর্থাৎ যাকোবকে, ছোট ফলকগুলোর সম্পর্কে একটা আদেশ দিয়েছিলেন, যার উপরে এই জিনিসগুলো খোদাই করা আছে।

এবং তিনি আমাকে, অর্থাৎ যাকোবকে, একটা আজ্ঞা দিয়েছিলেন যে আমি এই ফলকগুলোতে এমন কয়েকটা বিষয় লিখবো যা আমি সবচেয়ে মূল্যবান বলে বিবেচনা করেছি; যে এই লোকেদের ইতিহাস সম্পর্কে, যাদেরকে নেফীর লোক বলা হয়, তা সংক্ষেপে লেখা ছাড়া আমি আর কিছু সম্পর্কে লিখছি না।

কারণ তিনি বলেছিলেন যে তাঁর লোকদের ইতিহাস তাঁর অন্যান্য ফলকগুলোতে খোদাই করা থাকবে, এবং যাতে আমি এই ফলকগুলো সংরক্ষণ করে রাখি এবং প্রজন্ম থেকে প্রজন্মে, আমার বংশধরদের হাতে তুলে দিই।

এবং যদি এমন কোনো প্রচারের বিষয় থেকে থাকে যা পবিত্র, অথবা দৈববানী যা গুরুত্বপূর্ণ, অথবা ভবিষ্যদ্বাণী, খ্রীষ্টের ব্যাপারে, এবং আমাদের জনগণের জন্য, সেগুলোর মূল বিষয়বস্তুগুলো আমি এই ফলকগুলোতে খোদাই করবো, এবং যতোটা সম্ভব সেগুলো সম্পর্কে লিখবো।

কারণ বিশ্বাস ও মহা উদ্বেগের ফলে, আমাদের জনগণের বিষয়ে আমাদের কাছে এটা সত্যিই প্রকাশিত হয়েছিলো যে, তাদের প্রতি কি ঘটবে।

এবং আমরা অনেক দৈববানী পেয়েছিলাম, এবং অনেক ভাববানীর আত্মাও; অতএব, আমরা খ্রীষ্ট এবং তাঁর রাজ্য সম্পর্কে জানতাম, যা আসবে।

সেইজন্য, আমরা আমাদের জনগণদের মধ্যে অধ্যবসায়ের সাথে পরিশ্রম করেছি, যাতে আমরা তাদের খ্রীষ্টের কাছে আসতে, এবং ঈশ্বরের সদগুণে অংশ গ্রহণ করার জন্য রাজি করাতে পারি, যাতে তারা তাঁর বিশ্রামে প্রবেশ করতে পারে, পাছে কোনো ভাবে তিনি তাঁর রাগে প্রতিজ্ঞা না করেন যে তারা প্রবেশ করতে পারবে না, যেমনটা বিদ্রোহস্থানে প্রলোভনের দিনে হয়েছিলো যখন ইস্রায়েলের সন্তানেরা প্রান্তরে ছিলো।

অতএব, আমরা ঈশ্বরের সাহায্য কামনা করি যেনো আমরা সমস্ত মানুষকে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ না করতে, ও তাঁকে রাগে উত্তেজিত না করার জন্য রাজি করাতে পারি, বরং যাতে সমস্ত মানুষ খ্রীষ্টে বিশ্বাস করে, এবং তাঁর মৃত্যুর উদ্দেশ্যকে বিবেচনা করে, এবং তাঁর ক্রুশের বোঝা ভাগ করে নেয় ও জগতের উপহাস সহ্য করে; অতএব, আমি, যাকোব, আমার ভাই নেফীর আজ্ঞা পূর্ণ করার দায়িত্ব আমার উপরে নিচ্ছি।

এখন নেফী বৃদ্ধ হতে শুরু করেছেন, এবং তিনি বুঝতে পেরেছেন যে তিনি শীঘ্রই মারা যাবেন; সেইজন্য, রাজাদের রাজত্বকাল অনুযায়ী, এখন তিনি একজন ব্যক্তিকে তাঁর লোকদের উপর একজন রাজা এবং একজন শাসক হিসেবে অভিষিক্ত করেছেন।

১০ জনগণেরা নেফীকে অত্যধিক ভালোবাসতো, কারণ তিনি তাদের জন্য একজন মহান রক্ষক ছিলেন, তাদের প্রতিরক্ষায় লাবানের তরবারি ব্যবহার করেছিলেন, এবং তিনি তাঁর সারা জীবন পরিশ্রম করেছিলেন তাদের কল্যাণের জন্য—

১১ অতএব, জনগণ তাঁর নাম স্মরণে রাখতে চেয়েছিলো। এবং যাকে তাঁর জায়গায় রাজত্ব করতে হবে, রাজাদের রাজত্বকাল অনুসারে জনগণ তাঁদেরকে দ্বিতীয় নেফী, তৃতীয় নেফী, এবং ইত্যাদি নামে ডেকেছিলো; এবং তাদের নাম যাই ছিলো না কেনো, এইভাবে তাঁদেরকে জনগণের দ্বারা ডাকা হয়েছিলো।

১২ এবং এটা ঘটলো যে, নেফী মারা গেলেন।

১৩ এখন যারা লামানীয় ছিলো না, তারা ছিলো নেফীয়; তবুও, তাদেরকে নেফীয়, যাকোবীয়, যোষেফীয়, সোরমীয়, লামানীয়, লেমুয়েলীয়, এবং ইশ্মায়েলীয় বলা হতো।

১৪ কিন্তু আমি, যাকোব, এরপর থেকে তাদের এই নামের দ্বারা আলাদা করবো না, তবে আমি তাদের লামানীয় বলবো যারা নেফীর লোকদের ধ্বংস করতে চায়, এবং যারা নেফীর প্রতি বন্ধুত্বপূর্ণ তাদের আমি নেফীয় বলে ডাকবো, বা রাজাদের রাজত্বকাল অনুসারে, তাদের আমি নেফীর লোক বলে ডাকবো।

১৫ এবং এখন এটা ঘটলো যে, নেফীর লোকেরা, দ্বিতীয় রাজার রাজত্বকালের সময়ে, তাদের হৃদয়ে কঠোর হতে শুরু করেছিলো, এবং নিজেদেরকে কিছুটা মন্দ অভ্যাসগুলোতে লিপ্ত করতে শুরু করেছিলো, যেমনটা অতীতে দায়ুদ এবং তাঁর পুত্র, শলোমনের মতো অনেক স্ত্রী এবং উপপত্নীর কামনা করেছিলো।

১৬ হ্যাঁ, এবং তারা আরও অনেক সোনা ও রূপা খুঁজতে শুরু করলো এবং অহংকারে কিছুটা উপরে উঠতে লাগলো।

১৭ অতএব আমি, যাকোব, আমি প্রভুর কাছ থেকে আমার প্রথম কার্যভার পাওয়ার পর, ধর্মধামে তাদেরকে শিক্ষা দেওয়ার সময় তাদের কাছে এই কথাগুলো ঘোষণা করেছিলাম।

১৮ কারণ আমি, যাকোব, ও আমার ভাই যোষেফকে, নেফীর হাতের দ্বারা, এই লোকেদের উপর যাজক ও শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিলো।

১৯ এবং আমাদের উপরে দায়িত্বভার নিয়ে, প্রভুর উদ্দেশ্যে আমরা আমাদের পদের গৌরব করেছি, যদি আমরা তাদেরকে সমস্ত অধ্যবসায়ের সাথে ঈশ্বরের বাক্য না শেখাই, তাহলে মানুষদের পাপ নিজেদের মাথায় নিয়ে তা জবাবদিহি করেছি; অতএব, আমরা আমাদের শক্তি দিয়ে পরিশ্রম করেছি যাতে তাদের পাপ ​​আমাদের বস্ত্রে দাগ লাগাতে না পারে; নতুবা তাদের পাপ ​​আমাদের বস্ত্রে দাগ দেবে, এবং শেষ দিনে আমরা দাগহীন হবো না।